নিয়োগে কেন এত কালক্ষেপণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো চাকরির জন্য আবেদন করতে কিছু নির্ধারিত যোগ্যতা থাকতে হয়। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) জন্য ন্যূনতম স্নাতক বা কোনো কোনো ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক। ডিগ্রি অর্জন করতে জীবনের একটি অংশ চলে যায়, অনেক টাকা ব্যয় হয়। চাকরিপ্রার্থীদের অধিকাংশই মধ্যবিত্ত, স্বল্প আয়ের পরিবারের সন্তান। মা-বাবার প্রত্যাশা থাকে সন্তান লেখাপড়া শেষ করে চাকরি পেয়ে স্বাবলম্বী হবে। ক্ষেত্রবিশেষে পরিবারকেও কিছু সহায়তা করবে। তাই পড়াশোনা শেষ করার পর সম্ভাব্য স্বল্পতম সময়ে চাকরি প্রয়োজন। তাদের মধ্যে যারা বিসিএসের পেছনে ছোটে, তাদের মোটামুটি ১ শতাংশ চূড়ান্তভাবে সফল হয়। ক্ষেত্রবিশেষে আরও কম।

৩৬তম বিসিএসে আবেদন করেছিল ২ লাখের বেশি। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সব আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন ক্যাডারে নিযুক্তির জন্য গত বছরের ১৬ অক্টোবর সুপারিশ করেছে ২ হাজার ৩২৩ জনকে। তবে তাদের সুপারিশের পরেও সরকারের কিছু আনুষ্ঠানিকতা থাকে। স্বাস্থ্য পরীক্ষা ও স্বভাবচরিত্র যাচাই করতে হয়। সেগুলো এখনো সম্পন্ন হয়নি। তাই নিয়োগ পর্ব থমকে আছে। নিশ্চয়ই হবে। কিন্তু কবে? এত বিলম্ব কেন? যেসব প্রক্রিয়া বাকি আছে, নিকট অতীতে সেগুলো দুই মাসে শেষ করার নজির জনপ্রশাসন মন্ত্রণালয়ের নথিতে আছে। তাহলে এবার এত বেশি সময় লাগছে কেন? এর মধ্যে পিএসসি ৩৭ তম বিসিএসের সুপারিশও গত ১২ জুন চূড়ান্ত করে পাঠিয়ে দিয়েছে। এদের নিয়োগ কবে হবে, তাও বোঝা যাচ্ছে না।

পুরো নিয়োগ প্রক্রিয়াটি ফিরে দেখা যাক। পিএসসি ৩৬তম বিসিএসের পরিপত্র জারি করেছিল ২০১৫ সালের ৩১ মে; অর্থাৎ প্রায় ৩৮ মাস আগে। প্রার্থীরা তখন ছাত্রজীবন শেষ করেছে। কেউবা স্নাতকোত্তর স্তরে অধ্যয়নরত ছিল। তারা প্রিলিমিনারি পরীক্ষা দেয় ২০১৬ সালের ৮ জানুয়ারি। সেখান থেকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয় ১৩ হাজার ৬৭৯ জন। লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি। উত্তীর্ণ হয় ৫ হাজার ৯৯০ জন। মৌখিক পরীক্ষা হয়। সবশেষে সাধারণ ক্যাডারে প্রায় ৫০০ এবং বিশেষায়িত ক্যাডারে অন্যরা নিয়োগের জন্য সুপারিশ পায়। দেখা যায়, পিএসসি সব মিলিয়ে সময় নিয়েছিল প্রায় ২৮ মাস। তারপর চলে যাচ্ছে আরও ১০টি মাস। একটু ভাবা দরকার, এ সময়টায় এই প্রার্থীরা কী করছে?

অনেকের অভিভাবক ছাত্রজীবনের পরের ব্যয়ভার মেটাতে পারেন না। সাময়িক ছোটখাটো চাকরি পাওয়াও সহজ নয়। কেউ কেউ গৃহশিক্ষকতা করে। অনেকেই রাজধানীর বাসিন্দা নয়। তবু খোঁজখবর রাখতে থাকতে হয় এখানেই। মেসের ভাড়া দেওয়ার সামর্থ্য নেই। অনেকে তাই ‘বড় ভাইদের’ ম্যানেজ করে বিশ্ববিদ্যালয়ের হলেই থাকে। কিন্তু এমন হওয়ার কথা ছিল না। স্বাভাবিক নিয়মে চাকরির বিজ্ঞপ্তি থেকে নিয়োগপর্ব পর্যন্ত এক বছর সময় লাগার কথা। সে হিসাবে এরা তো ২০১৬ সালের জুনে সরকারি চাকরিতে যোগ দিত। দুই বছর শিক্ষানবিশ শেষে এত দিনে হয়ে যেত স্থায়ী চাকুরে। ভারত ও পাকিস্তানে তাই হয়। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বিশেষ বিসিএস অতি দ্রুত সম্পন্ন হয়েছে। সেটা ছিল শুধু মৌখিক পরীক্ষা। এরপর সব বিসিএসেই লম্বা সময় নেওয়া হয়েছে। অতীত ঐতিহ্যটি মুখ থুবড়ে পড়েছে। একে আবার সঠিক পথে আনা প্রয়োজন।

এখন ৩৬তম বিসিএস আটকে আছে স্বভাবচরিত্র যাচাইপর্বে। সম্ভবত স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে। সেখানেও লম্বা সময় নেওয়া হয়েছে বলে জানা যায়। অথচ ঢাকায় ও ঢাকার বাইরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ভাগাভাগি করে তিন সপ্তাহে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা সম্ভব। আর স্বভাবচরিত্রগত তদন্ত সব সময় পুলিশই করে আসছে। ব্রিটিশ শাসনকালে আইসিএস নিয়োগ হতো পুলিশ প্রতিবেদনের মাধ্যমে। আমরা গত কয়েক বছরে একাধিক সংস্থাকে এ কাজে সংশ্লিষ্ট করে ফেলেছি। তারা অনেক সময় নিচ্ছে। প্রার্থীর স্বভাবচরিত্র ছাড়াও তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আনুগত্যসহ অনেক বিষয়ে তল্লাশি চালানো হচ্ছে। এটা অনাবশ্যক ও অসমীচীন।

পাকিস্তান শাসনকালে সরকারবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মেধাবী তরুণ উচ্চতর সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেয়েছেন। ক্ষেত্রবিশেষে সামান্য বাধা এলেও নিয়োগ কর্তারা তা করেছেন উপেক্ষা। চাকরিতে এলে সবাই সরকারের লোক হবে এবং যখন যে সরকার ক্ষমতায় থাকবে, তাদের নির্দেশনায় চলবে, এ তত্ত্বটির ওপর আমরা আস্থা শিথিল করে ফেলেছি। অবশ্য কোনো ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি বা জঙ্গিবাদে দীক্ষিত বলে সুপ্রমাণিত কাউকে পুলিশ প্রতিবেদন অনুসারেই বাদ দেওয়া যায়। এ প্রতিবেদন দিতে এত দীর্ঘ সময় ব্যয় অগ্রহণযোগ্য। তেমনি অগ্রহণযোগ্য সেগুলো যাচাই-বাছাই করতে মাসের পর মাস সময় নেওয়া।

পিএসসি যত দিন পর্যন্ত সাধারণ ও বিশেষায়িত ক্যাডারের জন্য পৃথক পরীক্ষার ব্যবস্থা না করবে, তত দিন তারা জটমুক্ত হতে পারবে না। এবার বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। আগেও হয়েছে। তাদের মান-মর্যাদা ও বেতন-ভাতাদি অন্য বিসিএস ক্যাডারদের মতোই হবে। তেমনি বিশেষায়িত ক্যাডারগুলোর জন্য পৃথক পরীক্ষা নিলে সময় ও ঝামেলা অনেক কমবে। এর জন্য প্রয়োজনে পিএসসির জনবল বাড়াতে হবে।

৩৬তম বিসিএসে সাধারণ ক্যাডারগুলোতে সুপারিশ পেয়েছে প্রায় ৫০০ জন। ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এ ক্ষেত্রে প্রিলিমিনারি থেকে খালি পদের ১০ গুণকে লিখিত পরীক্ষায় ডাকত; অর্থাৎ এ ক্ষেত্রে ৫ হাজার। তেমনি লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে খালি পদের দ্বিগুণসংখ্যক ডাকা হয়। এখানে ডাকতে হতো ১ হাজার প্রার্থীকে। অনেক কম সময়ে ব্যাপারটা চূড়ান্ত হতো। বাংলাদেশে এমন কিছু করা না হলে বিসিএসের নিয়োগপর্ব যথাসময়ে সম্পন্ন হবে না। এভাবে তারুণদের জীবনের শ্রেষ্ঠ সময়ের একটি উল্লেখযোগ্য অংশ নষ্ট হচ্ছে। অথচ আমরা এর সমাধান ভেবে চুপ করে আছি।

বলা প্রয়োজন, এ বিষয়টির সঙ্গে তেমন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সংশ্লিষ্ট নয়। পিএসসি ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পুরো বিষয়টি নিয়ে ভাবা প্রয়োজন। প্রয়োজনে পিএসসি এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা খতিয়ে দেখতে পারে। একই প্রশাসনিক সংস্কৃতির অংশ হিসেবে সেটা পর্যবেক্ষণ ও আমাদের চাহিদার নিরিখে তা সাজিয়ে নেওয়া যেতে পারে। এটা ছাড়াও সংশ্লিষ্টরা নতুন ধ্যানধারণা নিয়ে সমস্যাটির মোকাবিলার প্রচেষ্টা চালাতে পারেন। লক্ষ্য থাকবে এ ধরনের পরীক্ষায় রেওয়াজ অনুসারে এক বছরের মধ্যেই সব কার্যক্রম শেষ করা।

এই আলোচনা মূলত ৩৬তম বিসিএস নিয়ে। পরিপত্রটি ৩৮ মাস আগে জারি হলেও অনেকেই প্রস্তুতি নিচ্ছিল আগে থেকে। ধাপের পর ধাপ সাফল্যের সঙ্গে যারা পাড়ি দিতে থাকল, তাদের সামনে সোনালি স্বপ্ন। একই স্বপ্ন অভিভাবকদেরও। পিএসসি যখন চূড়ান্ত সুপারিশ করে, তখন আর তেমন বাধা থাকার কথা আগে কখনো জানা যায়নি। এ বয়সে ছেলেমেয়েদের স্বাস্থ্য ভালোই থাকে। এতে বিরল ক্ষেত্র ব্যতীত কেউ স্বাস্থ্য পরীক্ষায় আটকায় না। তেমনি অপরাধী ছাড়া পুলিশি কিংবা অন্য সংস্থার তদন্তেও কাউকে বাদ দেওয়ার কথা নয়। যা-ই হোক, বিষয়টি নিষ্পত্তি করতে এত সময় নেওয়া উচিত নয়। ব্যাধিটি একেবারে হালের নয়। বেশ কিছুদিন ধরে এমনটা ঘটে চলেছে। এভাবে যোগ্য প্রার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। সবাই চায় দ্রুত এ অবস্থার অবসান ঘটুক।

আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব
[email protected]