
২০১৫ সালের ২১ ডিসেম্বর মন্ত্রিসভায় গৃহকর্মী সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে গৃহকর্মকে ‘শ্রম’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’-এর খসড়া অনুমোদন করা হয়। জেনেভা কনভেনশনের ১৮৯ ধারায় স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ নীতি গ্রহণ করে। শ্রম আইনের আলোকে প্রণীত এই নীতিতে গৃহপরিচারিকাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁদের সুরক্ষা, কল্যাণ, অবকাশ, বিনোদন, ছুটিসহ তাঁদের সুষ্ঠু ও মর্যাদাসম্পন্ন কাজের পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। নতুন নীতিতে সার্বিক দিক বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি মনিটরিং সেল গঠন করার কথা বলা হয়েছে। এই নীতি ভঙ্গ বা কোনো নির্যাতনের শিকার হলে গৃহশ্রমিকেরা সরকারের মনিটরিং সেলে মৌখিক বা লিখিত অভিযোগ করতে পারবেন।
গৃহকর্মীদের জন্য এই নীতি প্রণয়ন নিঃসন্দেহে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। সবাই এই নীতি মেনে চললে গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি এই নীতি মানছেন? বা তাঁরা কি জানেন যে গৃহকর্মীদের জন্য এ রকম একটি নীতি রয়েছে? স্বয়ং গৃহকর্মীরাই কি জানেন যে তাঁদের জন্য সরকার এ রকম একটি নীতি প্রণয়ন করেছে?
কী আছে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিতে? মূলত গৃহকর্মী নির্যাতন বন্ধ, পেশার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও তাঁদের সার্বিক কল্যাণের লক্ষ্যে এই নীতি প্রণীত হয়েছে। নীতিতে বলা হয়েছে: হালকা কাজের জন্য গৃহপরিচারিকাদের ন্যূনতম বয়স ১৪ হতে হবে। কেবল ১৮ বছরের বেশি বয়সের গৃহপরিচারিকারা ভারী কাজের জন্য যোগ্য বিবেচিত হবেন। এ ছাড়া ১২ বছর বয়সের কাউকে গৃহকর্মী হিসেবে রাখতে হলে তার আইনানুগ অভিভাবকের সঙ্গে তৃতীয় কোনো পক্ষের উপস্থিতিতে নিয়োগকারীকে আলোচনা করতে হবে। বাড়ির মালিক ও পরিচারিকার মধ্যে পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে গৃহপরিচারিকার বেতন নির্ধারিত হবে। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।
চাকরি থেকে অপসারণের ক্ষেত্রে এক মাস আগে জানাতে হবে। না জানালে ৩০ দিনের মজুরি দিতে হবে। গৃহকর্মীও যদি চাকরি ছাড়তে চান, নিয়োগকারীকে তা এক মাস আগে জানাতে হবে। বেতন দেওয়া ছাড়াও মালিকপক্ষ গৃহকর্মীকে পোশাক-পরিচ্ছদ ও ভরণপোষণ দেবে। অসুস্থ হলে নিয়োগদাতা চিকিৎসার খরচ দেবেন। গৃহকর্মীকে মাতৃত্বকালীন ১৬ সপ্তাহ সবেতন ছুটি দিতে হবে। গৃহকর্মীর সঙ্গে সঙ্গে অসদাচরণ বা তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না। শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষেত্রে ফৌজদারি দণ্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনসহ বিদ্যমান আইনে বিচার হবে। কোনো গৃহকর্মী শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হলে তিনি সরকারি ব্যয়ে আইনি সহায়তা পাবেন।
গৃহকর্মীর ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং কর্মক্ষেত্রে তাঁর কোনো ক্ষতি হলে মালিক ক্ষতিপূরণ দেবেন।
এই নীতিতে মালিকপক্ষের জন্যও কিছু সুবিধা রাখা হয়েছে। সেগুলো হচ্ছে: নিয়োগকারীকে না জানিয়ে কোনো কর্মী চাকরি ছেড়ে দিলে বা বাড়ি থেকে বের হয়ে গেলে মালিক সংশ্লিষ্ট থানায় ডায়েরি করতে পারবেন। কর্মীর কর্মস্থল ত্যাগের সময় কোনো কিছু হারিয়ে গেলে বা মালামাল সঙ্গে নিয়ে গেলে দেশের প্রচলিত আইনে মামলা করা যাবে। গৃহকর্মী কোনোভাবেই কর্মরত পরিবারের সদস্য, বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি বা বৃদ্ধদের ওপর নির্যাতন, অবহেলা বা পীড়াদায়ক আচরণ করতে পারবেন না। এ রকম করলে মালিক তাঁর নিয়োগ বাতিল করতে পারবেন এবং আইনের আশ্রয় নিতে পারবেন।
আমাদের দেশে গৃহকর্মীর সংখ্যা কত, তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে লেবার ফোর্স সার্ভে ২০১০ অনুযায়ী, সংখ্যাটি প্রায় ১৪ লাখ। গৃহকর্মীদের অধিকাংশই নারী, উল্লেখযোগ্যসংখ্যক গৃহকর্মী শিশু।
অভাবের তাড়নায় অনেকটা নিরুপায় হয়ে মানুষ গৃহকর্মের পেশায় আসেন। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, গৃহকর্মীরা মৌখিক চুক্তির মাধ্যমে কাজ করেন। এর ফলে অনেক সময় দেখা যায়, তাঁরা নিয়মিত বেতন পান না বা যা বলা হয়েছে তার চেয়ে কম বেতন দেওয়া হচ্ছে। অনেক গৃহকর্মীর কাজ শুরু হয় ভোরে। চলে গভীর রাত পর্যন্ত। এর মধ্যে কোনো বিরতি নেই। এ ছাড়া তাঁরা সাপ্তাহিক কোনো ছুটি পান না। অনেক বাসায় গৃহকর্মীদের ঠিকমতো খাবার দেওয়া হয় না। কখনো কখনো বাসি খাবার খেতে দেওয়া হয়। এ ছাড়া শারীরিক নির্যাতন তো রয়েছেই। যৌন নির্যাতনেরও অভিযোগ পাওয়া যায়। কাজ করতে এসে খুনও হচ্ছেন গৃহকর্মীরা।
সম্প্রতি বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ’ (বিলস)–এর একটি প্রতিবেদনে দেখা গেছে, গত পাঁচ বছরে সারা দেশে ৩২৫ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ১৮২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪৩ জন।
আমরা শহুরে মানুষেরা গৃহকর্মীর ওপর অনেকখানি নির্ভরশীল। তাঁদের ছাড়া আমাদের একটি দিনও চলতে চায় না। গৃহকর্মীরা সংসারে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও নিপীড়নের শিকার হন। এ বিষয়ে আমরা যাঁরা ঘরের কাজ করার জন্য কর্মী নিযুক্ত করি, তঁাদের সচেতন হতে হবে। গৃহকর্মীরা যাতে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে সরকারের প্রণীত নীতিটি মানতে হবে। যাঁদের জন্য এই নীতি সেই গৃহকর্মীদের জানাতে হবে কী কী আছে এই নীতিতে। তবেই এই নীতি প্রণয়নের সুফল মিলবে।
রোকেয়া রহমান: সাংবাদিক।