নীরবে কাজ বনাম 'ঢাকঢোল পেটানো' অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ কীভাবে করবে, তা নিয়ে সমস্যায় পড়েছে বাংলাদেশের পুলিশ। ‘নীরবে’ করবে নাকি ‘ঢাকঢোল পিটিয়ে’ করবে? বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আক্ষেপ নিয়ে বলেছেন, যেভাবেই তাঁরা কাজ করুন না কেন, সেটা নিয়েই সমস্যায় পড়তে হচ্ছে। সমালোচনা হচ্ছে। হতাশ হয়ে তিনি প্রশ্ন করেছেন, ‘তা হলে আমরা যাব কোথায়?’ উভয়সংকট আর কাকে বলে!

বর্তমানে দেশজুড়ে পুলিশের যে জঙ্গিবিরোধী অভিযান চলছে, সেই প্রসঙ্গে এই হতাশা প্রকাশ করেছেন আইজিপি। কারণ, অনেক পত্রপত্রিকা এ অভিযানকে তার ভাষায় ‘নেতিবাচক’ভাবে দেখছে। আইজিপির এই অভিযোগ, আক্ষেপ ও হতাশার বিষয়টিকে আমরা বিবেচনায় নিতে চাই। আসলেই কি গণমাধ্যম সবকিছুতেই পুলিশের দোষ ধরতে চায়?
দেশজুড়ে পুলিশের ‘জঙ্গিবিরোধী’ অভিযান শুরু হওয়ার পর গণমাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে, তা হচ্ছে এ ধরনের অভিযানের সাফল্য নিয়ে সংশয় ও অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কিছু উদ্বেগ। দেশজুড়ে যে হারে টার্গেট খুনের ঘটনা ঘটছে, তা দেশবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করছে। ধর্মীয় সংখ্যালঘু, ভিন্নমতাবলম্বী ও ভিন্ন ধারার জীবনযাপনে আগ্রহী ও বিশ্বাসীরা একের পর এক এই টার্গেট হামলার শিকার হচ্ছিলেন। এরই মধ্যে নির্মমভাবে খুন হলেন একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী। জঙ্গিবিরোধী সাহসী অবস্থানের জন্য আলোচিত এই পুলিশ কর্মকর্তার স্ত্রীকে সেই চক্রই হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পেশাগত ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কারণে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীকে এভাবে টার্গেট করে হত্যার বিষয়টি দেশবাসীকে স্তম্ভিত ও মর্মাহত করেছে। আমরা দেখেছি, গণমাধ্যমে এই পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে সাহসী ভূমিকার বিষয়টি যথেষ্ট প্রশংসিত হয়েছে।
দেশবাসী চায় জঙ্গি বা সন্ত্রাসীদের যে চক্রই এসব ঘটনা ঘটাক না কেন, তারা চিহ্নিত ও বিচারের মুখোমুখি হোক। দেশের গণমাধ্যমও দেশবাসীর এই চাওয়ার সঙ্গে রয়েছে এবং এ কাজটি পুলিশকেই করতে হবে। গণমাধ্যমে যে প্রশ্ন তোলা হচ্ছে, তা হচ্ছে জঙ্গি দমনের কৌশল নিয়ে। এ ধরনের অভিযান আদৌ কোনো ফল দেবে কি না, সেই সংশয় প্রকাশ করা হচ্ছে। যারা এসব গুপ্তহত্যা ঘটাচ্ছে, তারা যে যথেষ্ট সংগঠিত তা স্পষ্ট। এ ধরনের গোপন নেটওয়ার্কের নাগাল পেতে ঢাকঢোল পেটানো অভিযানের যৌক্তিকতা নিয়ে তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক। একই সঙ্গে এ ধরনের অভিযানের বিপদের দিকও গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে। কারণ, আমরা অতীতে দেখেছি, এ ধরনের অভিযানের সময় গ্রেপ্তারের নামে বাণিজ্য চলে, অনেক নিরীহ–নিরপরাধ লোকজন আটক ও হয়রানির শিকার হন। গণমাধ্যমের তরফে সেই উদ্বেগই তুলে ধরা হচ্ছে। কোনো বিপদ, আশঙ্কা বা উদ্বেগের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের সামনে তুলে ধরা—এটাই তো গণমাধ্যমের কাজ।
পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের মধ্যে আসলে সরব বা নীরবের কোনো ব্যাপার নেই। কাজের হিসাব মেলে ফলে। এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হলে জনগণ বুঝবে যে পুলিশ যথাযথভাবে তাদের কাজ করছে, দায়িত্ব পালন করছে। যারা দীর্ঘ পরিকল্পনা করে একের পর এক এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে, তাঁদের যদি এ ধরনের অঘটনের প্রস্তুতিপর্বেই ধরে ফেলা যায়, তবে আমরা বুঝতে পারব যে আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট সক্রিয় ও তৎপর রয়েছে। এমনকি ঘটনা ঘটে যাওয়ার পরও যদি পুলিশ অপরাধী বা ঘটনার হোতাদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পারে, তা হলেও তা বড় সাফল্য হিসেবেই বিবেচিত হয়।
আমরা জঙ্গি বা সন্ত্রাসীদের বিরুদ্ধে ও যেকোনো অপরাধ দমনে পুলিশকে সফল হতে দেখতে চাই। আমরা ফল দেখতে চাই। পুলিশের কাজ নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন ওঠে যখন আমার দেখি যে পুলিশ তার প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছে না। আমরা দেখছি, টার্গেট করে একের পর এক খুনের ঘটনা ঘটছে, কিন্তু কোনো বিহিত হচ্ছে না এবং তা বন্ধও করা যাচ্ছে না। কারা এসব ঘটাচ্ছে, কারা পরিকল্পনা করছে, তাদের যদি চিহ্নিত ও বিচারের মুখোমুখি করা না যায়, তবে পুলিশের ভূমিকা নিয়ে গণমাধ্যমে প্রশ্ন উঠবেই। সরবে বা নীরবে যেভাবেই হোক, কাজটি হওয়াই আসল কথা। ফল মিলছে না বলেই জঙ্গিবিরোধী অভিযান এবং তা নিয়ে ‘ঢাকঢোল’ বাজানোর প্রশ্ন উঠছে।

এ কে এম জাকারিয়া : সাংবাদিক।
akmzakaria@gmail. com