নেতা-নেত্রীদের ছবি ও তোরণপ্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের শেষে নির্বাচন কমিশনের নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এমন কিছু কথা বলেছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেকোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী লিখিত ভাষণ পাঠ করে থাকেন। কিন্তু ওই দিন রাষ্ট্রপতি লিখিত ভাষণের বাইরেও অনেক কথা বলেছেন।

বিশেষ করে রাস্তাজুড়ে বিভিন্ন দলের নেতা-নেত্রী-কর্মীদের ছবিসংবলিত পোস্টার-ফেস্টুন টাঙানোর যে অসুস্থ প্রতিযোগিতা চলছে, তা বন্ধ করার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, ‘ছবির সংস্কৃতি একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কঠোর হওয়া উচিত। ছবি লাগানোই যাবে না—এমন ব্যবস্থা করা দরকার।’

নেতাদের এলাকায় যাওয়া উপলক্ষে যে তোরণ বানানোর প্রতিযোগিতা হয়, সেটিও রাষ্ট্রপতির দৃষ্টি এড়ায়নি। কোনো কোনো নেতা নাকি কয়টি তোরণ বানানো হয়েছে, তা-ও গুনে গুনে দেখেন। অর্থাৎ, এসব তোরণ বানানোর জন্য টাকা দেওয়া হয়। আর তোরণ গুনে গুনে সেই টাকার হিসাব নিতেও কসুর করেন না নেতারা।

আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে কতটা পতন ঘটেছে, তোরণ নির্মাণ ও ছবিসংবলিত পোস্টার ও ফেস্টুন টাঙানোর অসুস্থ প্রতিযোগিতা থেকে তার একটি চিত্র পাওয়া যায়। অনেকের বক্তৃতা-বিবৃতিও অন্তঃসারশূন্য, কারও কারওটা তো গরলমিশ্রিত। ‘ডিজিটাল বাংলাদেশ’-এর স্লোগানের সফলতা নিয়ে অন্য ক্ষেত্রে তর্ক-বিতর্ক থাকলেও এই একটি ক্ষেত্রে তা শতভাগ সফল। আগে সাধারণত দলীয় সভা-সমাবেশ সামনে রেখে শহরে দলপ্রধানের ছবিসংবলিত পোস্টার লাগানো হতো। এখন আর সমাবেশের প্রয়োজন পড়ে না। সারা বছরই শহরের প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত নেতা-নেত্রীদের ছবির স্থায়ী প্রদর্শনী হচ্ছে। আর এসব পোস্টার-ফেস্টুনে অনিবার্যভাবে দলপ্রধানের চেয়ে স্থানীয় নেতা ও সহযোগী সংগঠনের নেতার ছবির আকার বড় থাকে। যে যত ছোট নেতা, তাঁর ছবির আকার তত বড়।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও একবার এসব পোস্টার, ব্যানার ও ফেস্টুন টাঙানো বন্ধ করার কথা বলেছিলেন। কিন্তু দলের অতি বিশ্বস্ত ও অনুগত নেতা-কর্মীরা তাঁর কথা আমলেই নেননি। বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরেকবার উদ্যোগ নিয়ে দেখতে পারেন। দেখা যাক, এসব নেতা দলের নীতি-আদর্শের প্রতি বেশি বিশ্বস্ত, না আত্মমহিমা প্রচারের দিকে?

বিশাল আকারের এসব ব্যানার-ফেস্টুন কেবল নগরীর সৌন্দর্যই হরণ করে না, অনেক সময় যান চলাচলেও সমস্যা তৈরি করে। খারাপ প্রবণতাটি হলো, কোনো উপলক্ষ পেলেই একশ্রেণির নেতা-কর্মী শহরজুড়ে তোরণ নির্মাণের উৎসবে মেতে ওঠেন। নেতা-কর্মীরা নিজের গাঁটের পয়সা খরচ করে যে এসব নির্মাণ করেন, তা-ও ভাবার কারণ নেই। তোরণ যত বড়, পাড়ায় পাড়ায় চাঁদার পরিমাণও তত বেশি। ফেস্টুন-তোরণের এই অপসংস্কৃতি আগে বড় বড় শহরে সীমিত থাকলেও সংক্রামক ব্যাধির মতো এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। নেতা-নেত্রীর আগমন উপলক্ষে তোরণ বানানোর জন্য রীতিমতো প্রতিযোগিতা চলে। কর্মীরা নীতি-আদর্শ দিয়ে নয়, তোরণ বানিয়ে নেতাদের (এবং নেত্রীরও) কাছে যেতে চান। কিন্তু এসব কীর্তিকলাপের মধ্য দিয়ে তাঁরা যে মানুষের কাছ থেকে আরও দূরে সরে যাচ্ছেন, সেটি একবারও ভেবে দেখেন না।

রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে ছবির বিষয়ে কঠোর হওয়ার কথা বলেছেন। কিন্তু কমিশন তো নির্বাচনসংশ্লিষ্ট বিষয়েই নির্দেশনা দিতে পারে। এর বাইরে ছবি-ফেস্টুন নিয়ে তারা নিজেরা কী করবে? এ ব্যাপারে বরং করার আছে রাজনৈতিক দলগুলোর।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন উপলক্ষে বেশ কয়েকবার সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। সাইনবোর্ড এলাকা পার হলেই সড়কের দুই পাশে অসংখ্য পোস্টার ও ফেস্টুন ঝুলতে দেখা যেত এবং অনিবার্যভাবে সেই সব পোস্টারে স্থানীয় এক সাংসদের বড় আকারের ছবি শোভা পেত, যিনি নিজেকে আল্লাওয়ালা মানুষ বলে দাবি করেন। আল্লাওয়ালা মানুষের তো ছবি দিয়ে জনগণকে চেনানোর প্রয়োজন পড়ে না।

রাষ্ট্রপতি বলেছেন, এমন ব্যবস্থা করা দরকার, যাতে ছবিই লাগানো না যায়। সেই কাজ করার দায়িত্ব সরকারের। সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি। ঢাকার দুই সিটি করপোরেশনের দুই মেয়রই নির্বাচনের সময় নগরীকে পরিচ্ছন্ন করার ওয়াদা করেছিলেন। শহরজুড়ে যত্রতত্র পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড সরিয়ে ফেলার কথা বললেও কার্যকর কোনো পদক্ষেপ কি নিতে পেরেছেন? দক্ষিণের সিটি মেয়র ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা করেছিলেন, কাজে তার কোনো প্রমাণই পাওয়া যায় না।

এ ব্যাপারে রাজনৈতিক দলের শীর্ষ নেতা-নেত্রীদেরও দায়িত্ব আছে। তাঁরা চাইলে তাঁদের কর্মী বা অধস্তন নেতারা ছবি নিয়ে আত্মপ্রচারের এই কুৎসিত প্রতিযোগিতায় নামতে পারতেন না। রাজনৈতিক নেতারা আর কত ছবি লাগাবেন, আর কত তোরণ বানাবেন?

ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন গঠন নিয়ে যে আশাবাদ ব্যক্ত করেছেন, তাতে দেশবাসীর আকাঙ্ক্ষাই প্রতিধ্বনিত হয়েছে। তিনি বলেছেন, গণতন্ত্রের প্রধান আকর্ষণ হচ্ছে এর নির্বাচন। তবে গণতন্ত্রের চর্চা ও বিকাশের জন্য শুধু নির্বাচন অনুষ্ঠানই যথেষ্ট নয়; সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের অন্যতম পূর্বশর্ত হলো গণতান্ত্রিক পন্থায় পরিচালিত রাজনৈতিক দলের অংশগ্রহণ। নির্বাচন-প্রক্রিয়া ব্যাহত হলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে, স্বৈরশাসনের উত্থান ঘটে।

রাষ্ট্রপতি আবদুল হামিদের মধ্যে সব সময়ই হাস্যরসের মাধ্যমে সত্য কথা বলার প্রবণতা রয়েছে। কিন্তু শনিবারের অনুষ্ঠানে তিনি যেসব কথা বলেছেন, তাতে হাস্যরসের চেয়ে উষ্মা ও বেদনার ছাপ বেশি। জাতীয় সংসদের স্পিকার থাকাকালেও তৃণমূল থেকে উঠে আসা এই নেতা সাংসদদের অসংযত ও অভব্য ভাষা ব্যবহার নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। সেবারে তাঁর উষ্মা সাংসদদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে পারেনি। এবারের সদুপদেশ রাজনৈতিক নেতৃত্বের চৈতন্যোদয় ঘটাতে পারে কি না, সেটি দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।