নেতাদের দুশ্চিন্তা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-এর প্রথম আলোর জরিপের বিস্তারিত পরিসংখ্যান কোনো দলের নেতাদের দুশ্চিন্তা কমাবে তো না, বরং বাড়াবে। কারণ, জরিপে অংশগ্রহণকারী উত্তরদাতা প্রায় সব প্রশ্নেরই নেতিবাচক উত্তর দিয়েছে। সরকার ও সরকারি দল নিয়ে জরিপে অংশগ্রহণকারীরা অসন্তুষ্ট। অবশ্য এর অর্থ এই নয় যে তারা বিরোধী দলের দিকে ঝুঁকছে।জরিপের বিস্তারিত ফলাফল বা প্রশ্নের পক্ষে ও বিপক্ষের শতকরা হিসাব পাঠকেরা দেখবেন এবং নিজেরাই অনেক উপসংহার টানবেন। মনস্থির করবেন। অথবা এ মুহূর্তে মনস্থির না করারই সিদ্ধান্ত নেবেন। হয়তো ভাববেন, আরেকটু দেখি।তবে গত চার বছরের অর্থাৎ ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত প্রথম আলোর চারটি জরিপে প্রদত্ত ফলাফলের ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে আরেকটু দেখতে গেলে অর্থাৎ গত চার বছরে দেখতে দেখতে সরকারি দলের জনপ্রিয়তা কমছে, সেভাবে আরও বছর খানেক কমলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সঙ্গী-সাথি দল নিয়েও সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে হয় না।তবে জরিপে অংশগ্রহণকারীরা এটাও বলছে না যে তাঁরা বিএনপিকে ভোট দেবে। গত চার বছরে বিএনপির জনপ্রিয়তা আলবৎ বেড়েছে। কিন্তু বিএনপির কার্যকলাপে যেমন সংসদে না যাওয়া, প্রায় ৮০ শতাংশ উত্তরদাতাই সংসদে না যাওয়া সমর্থন করেনি। প্রায় একইভাবে সংসদের বাইরেও বিএনপির ভূমিকা ও কার্যকলাপ উত্তরদাতাদের সন্তুষ্ট করতে পারেনি। সার্বিকভাবে বিএনপির জনপ্রিয়তা ২০১০ সালে ৩৯ শতাংশ থেকে ২০১২-তে বেড়ে দাঁড়িয়েছে ৪৪ শতাংশ, অর্থাৎ তিন বছরে বেড়েছে ৫ শতাংশ। কিন্তু ওই তিন বছরে আওয়ামী লীগের জনপ্রিয়তা নেমেছে ৪৬ থেকে ৩৫ শতাংশে, অর্থাৎ কমেছে ১১ শতাংশ।আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে, কিন্তু কিছুটা বাড়লেও বিএনপির জনপ্রিয়তা তুলনামূলকভাবে বাড়েনি।একইভাবে শেখ হাসিনা ভালো কাজ করছেন—এমন মনে করা উত্তরদাতার সংখ্যা ৬৫ শতাংশ, যা ২০০৯ সালের ৭৬ শতাংশ থেকে কম, কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য এ সংখ্যাটা গত বছর (২০১১ সালে) ছিল ৭৩ শতাংশ, যা এ বছর কমে দাঁড়িয়েছে ৬৪ শতাংশে।অর্থাৎ, সহজ কথায় বা এক বাক্যের কোনো উত্তর নেই। জনপ্রিয়তা কারও বাড়েনি। আওয়ামী লীগের তুলনায় বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধির একটা ধারা লক্ষ করা যায়, কিন্তু একই সঙ্গে উত্তরদাতারা বিএনপির কাজে খুশি নয়। বেগম খালেদা জিয়াকে নিয়েও উচ্ছ্বসিত না।তবে অন্য একজনের ব্যাপারে উত্তরদাতাদের বিরাট—এবং তা প্রায় শতভাগের কাছাকাছি, যেটা জরিপের ফলাফলের ক্ষেত্রে খুবই ব্যতিক্রমধর্মী—অংশ সন্তুষ্ট। মন্ত্রী হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাজে সন্তুষ্ট ৯৫ শতাংশ উত্তরদাতা আর তাঁর শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপারেও সন্তুষ্টির হার ৯৩ শতাংশ। তাঁর নিকটতম সাফল্য লাভ করা মন্ত্রী ওবায়দুল কাদের (৬০ শতাংশ)। আর কম জনপ্রিয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে অর্থমন্ত্রী আর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী (৩১ শতাংশ হারে)। নতুন আরেকটি জরিপের জন্য আরও ছয় মাস অপেক্ষা না করেই বলা যায়, অর্থমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর জনপ্রিয়তা বাড়ার সম্ভাবনা খুবই কম। কথা তাঁরা বলবেনই—আর সম্ভবত যত বলবেন, তাঁদের গ্রহণযোগ্যতা তত কমবে। সচিবালয়ের দক্ষতা সচরাচর রাজনীতির মাঠে কাজে লাগে না। লাগলে এত আমলা-উপদেষ্টা পরিবেষ্টিত সরকারের জনপ্রিয়তা প্রতিবছরই ক্রমান্বয়ে কমত না। ২.ক্ষুধা বা দারিদ্র্য থেকে বা প্রবৃদ্ধির হার কম হলে দেশে অরাজকতা ও অশান্তি হয় না। সিরিয়ায় প্রতি সপ্তাহে শত শত লোক মারা পড়ছে ক্ষুধা ও দারিদ্র্যের কারণে নয়। কারণ, তাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে। আইন আর নিয়মকানুনের বদলে, সব নিয়ন্ত্রিত হচ্ছে ব্যক্তি ও দলের ইচ্ছায়। ২০০৯ সালে বিচারব্যবস্থার উন্নতি হচ্ছে কি না, এ প্রশ্নের উত্তরে ইতিবাচকের হার ছিল ৫২ শতাংশ। ২০১২-তে সেটা নেমে দাঁড়িয়েছে ৩৯ শতাংশে। অর্থাৎ, এক-তৃতীয়াংশের কিছু বেশি উত্তরদাতা মাত্র বিচারব্যবস্থায় উন্নতি দেখছে। যারা অবনতি দেখছে, তাদের হার বেড়েছে আড়াই গুণ, ২০০৯ সালের ১৬ শতাংশ থেকে ২০১২ সালের ৪০ শতাংশ। যখন দেশের ৪০ শতাংশ লোক মনে করে যে বিচারব্যবস্থার অবনতি হয়েছে, তখন আতঙ্কিত না হয়ে কি থাকা যায়?অবশ্য এর সব দায়দায়িত্ব নিশ্চয়ই সরকার বা সরকারি দলের নয়। কারণ, বিচার বিভাগ এখন পৃথক। দায়দায়িত্বের অনেকটাই বিচারক, আইনজীবী—সবার।জনগণ যে আইনের শাসন চায়, সেটা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতি সমর্থনহীনতায়ও প্রতিফলিত হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন না করার হার এ বছরের জরিপে ৮৪ শতাংশ। আমার ধারণা, এখন যদি সাংসদদের মধ্যে জরিপ করা হয় তাহলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিপক্ষে ভোট বা উত্তর ৮৪ শতাংশের কম হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এসব হত্যাকাণ্ডের প্রয়োজনীয়তা আমলে নিয়ে হয়তো প্রায় অর্ধেক সাংসদই এখনো এটাকে সমর্থন করে বসতে পারেন। সংসদে তো এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তেমন বিশদ আলোচনা হয়েছে বলে মনে পড়ছে না।আইন, ন্যায়বিচার, মানবাধিকার ইত্যাদি বিষয়ে সচেতনা অনেক বেড়েছে। শঙ্কা হয়, রাজনীতিবিদেরা পেছনে পড়ে যাচ্ছেন।উত্তরদাতাদের অধিকাংশ (৫৯ শতাংশ) তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো সমঝোতার ব্যাপারে আশাবাদী নয়। অন্যদিকে তিন-চতুর্থাংশ উত্তরদাতা (৭৬ শতাংশ) মনে করে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকার উভয় বড় দলের মধ্যে সমঝোতা ছাড়া হবে না। কিন্তু সমঝোতা হবে, বেশির ভাগ উত্তরদাতাই আশাবাদী নয়। একই সঙ্গে অন্য এক প্রশ্নের উত্তরে অর্ধেকের কম উত্তরদাতা মনে করে, নির্বাচন কমিশন বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে পারবে। নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল উত্তরদাতাদের হার কমেছে। ৩. তাহলে দাঁড়াচ্ছে কী? সরকার সমর্থন হারাচ্ছে। সরকারি দলের অন্ধ সমর্থক ছাড়া আর কেউ এতে অবাক হবেন না। বিএনপির সমর্থন বাড়ছে। কিন্তু বিএনপি কাজেকর্মে বিশেষত সংসদে না যাওয়ায় উত্তরদাতারা অখুশি। বেগম খালেদা জিয়ারও জনপ্রিয়তা বাড়ছে না। সরাসরি প্রশ্নটা ছিল না, কিন্তু বিশ্লেষণে যেটা বেরিয়ে এসেছে সেটা হলো, জনগণ দুই দলের ব্যাপারেই অখুশি। সমঝোতা আশা করে না, আর তাই নির্বাচনও সুষ্ঠু হবে না। সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব।বিএনপিকে সংসদে আসতে হবে। সরকারকে নমনীয় হতে হবে। আরও হতে হবে এই জন্যই যে আগামী কয়েক মাসে সরকার আরও কয়েকজন নুরুল ইসলাম নাহিদ পাবে না। পেলে হয়তো শিক্ষার মতো অন্যান্য ক্ষেত্রেও সরকারের কাজকর্মের প্রতি জনসমর্থন বাড়ত। ভদ্র, কর্মদক্ষ ও সৎ নেতৃত্ব চাইলেই পাওয়া যায় না।তবু আশা থাকবে, উভয় বড় দলের নেতারা মনোযোগ দিয়ে পড়বেন। জন-ইচ্ছা বুঝতে না পারলে সবচেয়ে বেশি খেসারত দেবেন তাঁরাই। খেয়াল করবেন, জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা চার বছরে বেড়েছে চার গুণ (৩ থেকে ১২ শতাংশ)। দুই বড় দলের ব্যাপারে অসন্তোষের কারণে তৃতীয় কোনো রাজনৈতিক দল না হলেও কোনো মোর্চা, ফ্রন্ট বা আন্দোলন রাতারাতি রাজনীতিতে বড় খেলোয়াড় হলেও হয়ে যেতে পারে। সেটা যাতে না হয়, তার জন্য বড় দুটি দলকে তাদের নিজেদের স্বার্থেই সংসদে বসে সমঝোতায় আসতে হবে। অন্যথায় দেশ এগিয়ে যাবে, আপনারা পেছনে পড়ে যাবেন। কারণ, জরিপ বলছে, জনগণ আপনাদের ওপর অসন্তুষ্ট। ড. শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট।