
তর্ক ও কুতর্ক যেমন এক নয়, তেমনি গালাগালও রাজনীতি নয়। অথচ আমাদের নেতা-নেত্রীরা সমানে একে অপরকে গালাগাল করে চলেছেন। কেউ জিহ্বা সংযত করতে বলছেন। কেউ মুখ সামলানোর কথা বলছেন। কেউ বা জিহ্বা ছিঁড়ে নেওয়ার হুমকি দিচ্ছেন।
আমরা কী ভয়ংকর রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলেছি, যেখানে প্রায় প্রত্যহ এক দল অপর দলকে, এক নেতা অপর নেতাকে অত্যন্ত নোংরা ভাষায় আক্রমণ করে চলেছেন। তাঁদের হাবভাব দেখে মনে হবে, গলাবাজি ও গালাগালি ছাড়া রাজনীতিকদের কোনো কাজ নেই।
রাজনীতিতে তর্ক-বিতর্ক, পাল্টাপাল্টি যুক্তি থাকবে। এক পক্ষ অপর পক্ষের নীতি ও কর্মসূচির সমালোচনা করবে। নিজের কর্মসূচি ও পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে। জনমতকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে। কিন্তু সেসব বক্তব্য কোনোভাবেই শালীনতার সীমা লঙ্ঘন করতে পারে না। রুচিবিরুদ্ধ হতে পারে না। হলে সেটি রাজনীতি থাকে না। খিস্তিখেউড় হয়ে যায়। গণতন্ত্রের জায়গা দখল করে গলাতন্ত্র। গালাগালি। রাজনীতি যখন নীতি-আদর্শবর্জিত হয়ে পড়ে, তখনই এই গালাগালি প্রাধান্য পায়।
আওয়ামী লীগ দেশের প্রধান ও অন্যতম প্রাচীন রাজনৈতিক দল। এই দলের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, ছিলেন শেখ মুজিবুর রহমান, ছিলেন হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ও তাজউদ্দীন আহমদের মতো নেতা। এই দলটি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে নেতৃত্ব দিয়েছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। দলের প্রধান শেখ হাসিনা তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন।
বিএনপিও দেশের অন্যতম প্রধান দল। স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। দলের প্রধান খালেদা জিয়াও তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের অধিকাংশ মানুষ দুই নেত্রীর দিকেই তাকিয়ে আছে। তারা মনে করছে, বিকল্প নেতৃত্ব গড়ে না ওঠা পর্যন্ত শেখ হাসিনা ও খালেদা জিয়ার ওপরই দেশের ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে। কিন্তু জনগণের এই আকাঙ্ক্ষার জবাবে তাঁরা দেশবাসীকে কী উপহার দিচ্ছেন?
প্রায় প্রত্যহ টিভি খুললে একে অপরের প্রতি ঘৃণামিশ্রিত বাক্য উচ্চারিত হতে শুনি। একজন যদি অপরজনকে লাল দালানে পাঠানোর হুমকি দেন, অন্যজন দেশছাড়া করার হংকার তোলেন। আরও উদ্বেগের বিষয় হলো এই বাগ্যুদ্ধে তাঁরা বারবার মহান মুক্তিযুদ্ধকে টেনে আনেন। বিতর্কের বিষয় করেন।
একাত্তরে কার কী ভূমিকা ছিল, তা বিশ্ববাসী জানে। দেশের মানুষ জানে। দেশে–বিদেশে আর্কাইভে এখনো তথ্য-প্রমাণ মজুত আছে। কিন্তু কেউ যদি ইচ্ছে করে স্বাধীনতার প্রধান নেতাকে পাকবন্ধু বা রাজাকার আখ্যায়িত করেন, বুঝতে হবে তার পেছনে বদ মতলব আছে। সেই অর্বাচীনের জবাব দিতে কেন দলের পুরো নেতৃত্ব ঝাঁপিয়ে পড়বে? স্বাধীনতার নেতাকে বিতর্কিত করা মানে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা। আবার যদি আরেকজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারকে পাকিস্তানি চর বানানোর চেষ্টা করেন, সেটিও মুক্তিযুদ্ধের প্রতি চরম অবমাননা বলে মনে করি। ইতিহাসে যঁার যা ভূমিকা তা স্বীকার করে নিতে হবে। সেটি না করলে আমরা অকৃতজ্ঞ থাকব। তাই, নেতা-নেত্রীদের প্রতি সনির্বন্ধ অনুরোধ, আর নিচে নামবেন না। ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে অযথা বিতর্ক তুলবেন না। আপনাদের ক্ষমতার লড়াইয়ে একাত্তরকে টেনে আনবেন না। এসব বিতর্কে সত্যিকার রাজাকাররা আশকারা পায়। স্বাধীনতার নেতাকে কিংবা সেক্টর কমান্ডারকে বিচার করতে হবে একাত্তরের ভূমিকা দিয়ে। তাঁদের পরের ভূমিকা দিয়ে নয়।
রাজনীতির পথ ও মত নিয়ে যত পারুন ঝগড়া করুন। বাহাস হোক। ব্যক্তিগত আক্রমণ করবেন না। কেউ অন্যায় করলে, আইন ভঙ্গ করলে প্রচলিত আইনেই তঁার বিচার হবে। বিচারের জন্য আদালত আছে। বিবাদী সেই আদালতের রায়কে অন্যায্য মনে করলে আপিলের সুযোগ নেবেন। কিন্তু প্রতিদিনই বিচার নিয়ে পক্ষে–বিপক্ষে বিষোদ্গার কেন? একে অপরকে দেখে নেওয়ার হুমকি কেন? মনে রাখবেন, এই দেশটি কোনো দলের নয়, সবার। পাকিস্তান আমলে বাঙালি ও পাঞ্জাবিদের মধ্যে যে বৈরিতা ছিল, আওয়ামী লীগ ও বিএনপিকে সেই অবস্থায় নিয়ে যাবেন না। রাজনীতিতে পথ ও মতের ফারাক থাকবে। নীতি ও কর্মসূচির পার্থক্য থাকবে। কিন্তু গালাগাল, কুৎসা-হিংসা থাকতে পারেন না।
রাজনীতিকেরাই মানুষকে পথ দেখাবেন। দেশকে সঠিক পথে চালিত করবেন। রাজনীতিকেরা হবেন সমাজের, দেশের সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে প্রাজ্ঞ এবং সবচেয়ে পরিশীলিত মানুষ। ব্যক্তিগত আলাপে, আচরণে তাঁরা মানুষকে মুগ্ধ করবেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ করবেন। মানুষ তাদের শ্রদ্ধা ও সমীহ করবে। ভয়ের চোখে তাকাবে না। আমাদের পূর্বসূরি রাজনীতিকেরা সেটি করেছেন বলেই আজও স্মরণীয় হয়ে আছেন। তাঁরা ভিন্ন ভিন্ন দল করলেও ব্যক্তিগত সৌহার্দ্য রেখে চলতেন। বিপদে–আপদে একে অপরের পাশে দাঁড়াতেন।
মওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের কথা ভাবুন। প্রথমে তাঁরা এক দল করলেও পরবর্তী সময়ে ভিন্ন দল করেন। এমনকি ছয় দফা ঘোষণার পর ভাসানীর দলের লোকজন একে সিআইএর দলিল বলে অভিহিত করেছিলেন। কিন্তু তাঁদের রাজনৈতিক ঝগড়া ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরাতে পারেনি। আটষট্টিতে কারাগারে থেকেই মুজিব ভাসানীকে বার্তা পাঠান যে তিনি (ভাসানী) যেন তাঁকে ছাড়িয়ে নিতে আন্দোলন করেন। ভাসানী তাঁর অনুরোধ রক্ষা করেছিলেন। স্বাধীনতার পর ভাসানী মুজিব সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন করলেও দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক অটুট ছিল। প্রতি ঈদে মুজিব ভাসানীর জন্য লুঙ্গি, পাঞ্জাবি ও টুপি পাঠাতেন।
কিন্তু অধুনা আমাদের গণতান্ত্রিক নেতা-নেত্রীরা কী নজির রাখছেন? আগে বছরের একটি দিন সশস্ত্র বাহিনী দিবসে দুই নেত্রীর দেখা হতো। এখন সেটিও হয় না। সেখানে একজন গেলে অন্যজন যান না। দুই দলের অন্য নেতারাও এখন নেত্রীদের সুরে কথা বলছেন। নেতারা দাবি করেন, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে তাঁরা রাজনীতি করেন। জনগণের স্বার্থ দেখাই তাঁদের কাজ। ইতিহাসের মীমাংসিত বিষয়কে বিতর্কিত করা নয়।
আমাদের নেতা-নেত্রীরা কি কখনো ভেবে দেখেছেন, সভা–সমাবেশে কী ভাষা তাঁরা ব্যবহার করছেন? ছোট ছোট শিশু-কিশোরেরা টিভির সামনে বসে কী সব শব্দ শুনছে তাঁদের মুখ থেকে? কী সব ভাবভঙ্গি অবলোকন করছে। রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে যে একজন ঢিল ছুড়লে আরেকজন তার জবাবে ক্ষেপণাস্ত্র ছোড়েন। প্রতিদিন তাঁদের উচ্চারিত শব্দবোমায় কেবল দেশের রাজনীতি নয়, বাতাসও দূষিত হচ্ছে।
একটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, তার অর্থনৈতিক নীতি কী হবে, সামাজিক নীতি কী হবে, সাংস্কৃতিক নীতি কী হবে, আশু ও দূরবর্তী পরিকল্পনা কী হবে, সেসব নিয়ে বিতর্কই হলো সুস্থ রাজনীতি। গণতান্ত্রিক রাজনীতি। জনকল্যাণকামী রাজনীতি। কিন্তু সংসদের ভেতরে কিংবা বাইরে আমরা সেই বিতর্ক দেখি না। সংসদ এখন অংশীদারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সংসদের বাইরেও আমরা সুন্দরবন রক্ষা নিয়ে কোনো বিতর্ক দেখি না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে কোনো আলোচনা শুনি না। রাজনৈতিক দলকে কৃষিপণ্যের দাম পাওয়া নিয়ে আন্দোলন করতে দেখি না। নেতারা ঢাকা শহরের যানজট সমস্যা নিয়ে কথা বলেন না। ব্যাংকের টাকা লুট হওয়া কিংবা শেয়ারবাজার কেলেঙ্কারির বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলেন না। কোথায় কোন অর্বাচীন কী উক্তি করেছেন, সে নিয়ে সরকারি দলকে তোলপাড় করতে দেখি। কার বিরুদ্ধে কোথায় মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তা নিয়ে বিরোধী দলকে শোরগোল তুলতে দেখি।
বাংলাদেশের সমস্যার অন্ত নেই। আমাদের শিক্ষিত যুবকদের বড় অংশ বেকার। চাকরি না পেয়ে জাহাজে করে বিদেশে যেতে গিয়ে সাগরে ডুবে মারা যাচ্ছেন। আমাদের তরুণেরা মাদকে আসক্ত হয়ে পড়ছেন, নারী নেতৃত্বে দেশ পরিচালিত হলেও নারীরা ঘরে ও বাইরে লাঞ্ছনার শিকার হচ্ছেন। দেশের প্রায় অর্ধেক শিশু অপুষ্টিতে ভুগছে। অনেকেই রাস্তায়, ফুটপাতে, বস্তিতে মানবেতর জীবনযাপন করছে। সেসব নিয়ে রাজনৈতিক নেতা–নেত্রীদের কোনো মাথাব্যথা নেই। তাঁরা কেবল অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে পছন্দ করেন।
আমাদের নেতা–নেত্রীদের এই বাগ্যুদ্ধ ও ব্যক্তিগত হিংসা–বিদ্বেষে ভরা বাক্য শুনতে শুনতে ইতিহাসের একটি ঘটনা মনে পড়ল। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একাত্তরে পাকিস্তান প্রশ্নে বিরোধের একপর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘ডাইনি’ বলে অভিহিত করেছিলেন। নিক্সন মারা গেছেন অনেক আগেই। কিন্তু তিনি যে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছিলেন ভারতের নেত্রীর বিরুদ্ধে, তার জন্য ৪০ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রকে দুঃখ প্রকাশ করতে হয়েছে।
অতএব, আমাদের সম্মানিত নেতা-নেত্রীদের প্রতি করজোড়ে মিনতি করব, এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না, যার জন্য আপনাদেরও ভবিষ্যৎ প্রজন্মের কাছে দুঃখ প্রকাশ করতে হয়।
দয়া করে আপনারা বাগ্যুদ্ধ ও জিহ্বার ধার পরীক্ষা বন্ধ করুন।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।