নেপালের নির্বাচন পথ দেখাচ্ছে

বাংলাদেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন আছে কি না, এই দুই মানিকজোড় আগামী দিনে সুপ্রতিষ্ঠিত হবে কি না, তা নিয়ে গরম বিতর্ক এবং ঠান্ডা শত্রুতা আছে। তবে, নেপালে নির্বাচনও আছে, গণতন্ত্রও আছে। কিন্তু টেকে না কোনো সরকারই। গত ১০ বছরে নয়টি সরকার এসেছে আর গেছে।
২০১৭ সালে ১০ বছরের মাথায় ১০তম সরকার এবং তার একজন নির্বাচিত প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে নেপাল। কয়েক বছরে আগে হওয়া ভূমিকম্পে তছনছ হওয়া দেশে রাজনৈতিক ভূমিকম্পও চলে সমানতালে। কিন্তু এবারের নির্বাচনের পর নেপালের প্রধান সব দল, নির্বাচন কমিশন, সুশীল সমাজ এবং জনগণসহ সবার চাওয়া এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে: সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন এক স্থিতিশীল সরকার, যা তার মেয়াদ সম্পূর্ণ করবে। সরকার টেকসই না হলে, ভূমিকম্প থেকে বাঁচার মতো টেকসই অবকাঠামো ও আবাসন আসবে না। তা না হলে নেপালের অর্থনৈতিক দুর্দশা কাটবে না। তা না কাটলে ঘরের ছেলেমেয়েদের খুবই কম বেতনে বিভিন্ন দেশে কাজ খোঁজা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
২০১৭ সালটা ছিল নেপালের নির্বাচনময় বছর। প্রথমে নেপাল সংবিধান সভা নির্বাচন করেছে। তারপর সেই সংবিধানের শর্ত অনুসারে মে মাসে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করেছে। এরপর ২৬ নভেম্বরে অনুষ্ঠিত হলো জাতীয় প্রতিনিধি সভা তথা সংসদীয় নির্বাচনের প্রথম ধাপ। পাহাড়ি এলাকার ৩২ জেলায়, ৩৭টি কেন্দ্রীয় এবং ৭৪টি আঞ্চলিক আসনে ভোট হয়ে গেল। রাজধানী কাঠমান্ডুসহ বাকি অর্ধেক আসনে নির্বাচন ৭ ডিসেম্বর। সেই নির্বাচনে যাতে প্রভাব না পড়ে, সে জন্য এই নির্বাচনের (প্রথম দফা) ভোট গণনা ও ফল প্রকাশ ৭ ডিসেম্বরের পরেই শুরু হবে।
নেপালের নিকট অতীতে সরকার চালায় তিন প্রধান দল। এর মধ্যে নেপাল কমিউনিস্ট পার্টি মাওবাদী দল ঐক্য করেছে নেপাল কমিউনিস্ট পার্টির (ইউএমএল) সঙ্গে। স্থানীয় সরকার নির্বাচনে তারাই ছিল যথাক্রম তৃতীয় ও প্রথম দল। এদের পরিচয় বাম জোট নামে। আর মে মাসের ওই নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা সদ্যসাবেক কিন্তু বর্তমানে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেপালি কংগ্রেস ঐক্য গড়েছে ছোট কয়েকটি দলের সঙ্গে। এঁদের পরিচয় ‘গণতান্ত্রিক জোট’ নামে। জনমত এবং বিশ্লেষকদের হিসাবের পাল্লা বাম জোটের দিকেই হেলে আছে। বড় অস্বাভাবিকতা না দেখা গেলে বামরাই আসতে যাচ্ছে ক্ষমতায়।
সেটা ঠেকাতে কংগ্রেস অভিযোগ তুলেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বামেরা ক্ষমতায় এলে তাদের আর সরানো যাবে না। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া তো সরকার স্থিতিশীল হবে না। দেখা যাক, সমতলের নির্বাচনী এলাকা ভোটাররা ৭ ডিসেম্বরে কোন যুক্তিটা গ্রহণ করে।
নেপালে ভোটকে বলা হয় ‘মতদান’। এবং আশ্চর্য রকম নীরবতা, অতি সামান্য সহিংসতা নিয়ে ভোটাররা মতদান করলেন। রাজধানীর বড় সড়কে নেই কোনো পোস্টার-বিলবোর্ড-ব্যানার ও ফেস্টুন। তবে অলিগলিতে শোভা পাচ্ছে সুন্দর করে সাজানো দলীয় পতাকা এবং অল্প কিছু পোস্টার। রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের নোয়াকোটের দুর্গম পাহাড়ি গ্রামেও একই চিত্র। ভোটকেন্দ্রে নিয়ম কঠোরভাবে পালিত হয়েছে। বলা হয়েছে, সেনা-পুলিশ ও বিশেষ পুলিশের তিন স্তরের নিরাপত্তা জারি থাকবে। অথচ রাজধানীর রাস্তার ফুটপাত দিয়ে সার বেঁধে চলা নারী-পুরুষ মিলিয়ে ১০ জনের দলের মাত্র একজনের হাতেই বন্দুক দেখা যায়। গ্রামেও পুলিশ বা চৌকিদার লাঠি হাতে ভোটকেন্দ্র পাহারা দিচ্ছে। আন্তজেলা পাহাড়ি সড়কের নিরাপত্তাতল্লাশিতে চার-পাঁচজন মাত্র পুলিশ দায়িত্ব পালন করছে ওই একটি থ্রি নট থ্রি বন্দুকের ভরসায়। সেনা টহল ছিল খুবই বিরল।
যে দেশ কেবলই দীর্ঘ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধ কাটিয়ে উঠেছে, সেই দেশের রাজনীতিতে অস্ত্রের ঝনঝনানি, বারুদের হুমকি অতি সামান্য। চরম দরিদ্র ও অশিক্ষিত পাহাড়ি চাষিরা পর্যন্ত মাইলের পর মাইল হেঁটে সঠিকভাবেই ভোট দিয়ে আসছেন। মে মাসে তাই ভোট দেওয়ার হার ছিল ৭৫ শতাংশ। জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে সেই হার নেমেছে ৬৫-তে। প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করলাম, কেন ভোটের হার কমল? তিনি যুক্তি দিলেন, এখন শীত নেমেছে, পাহাড়ি এলাকায় এ সময় চলাচল খুবই কঠিন। তিন মাস আগে শীত এত ছিল না।

তবে আরেকটি কারণ প্রধান নির্বাচন কমিশনার উল্লেখ করেননি। স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের বিশেষত গ্রাম এলাকার ভোটারদের উৎসাহ বেশিই ছিল। নতুন প্রজাতান্ত্রিক সংবিধানে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে স্থানীয় সরকারগুলোকে। এর ওপরে থাকা প্রাদেশিক সরকারও নিজস্ব বাজেট, পরিকল্পনা ও ব্যবস্থাপনার ক্ষমতাধারী। স্থানীয় সরকারের হাতেই রাস্তাঘাট, শিক্ষা ইত্যাদির ভার অনেকটাও অর্পিত। এ কারণেই সম্ভবত স্থানীয় নির্বাচনের ভোটারসংখ্যা জাতীয় নির্বাচনের চেয়ে বেশি ছিল।
রাজধানী কাঠমান্ডু, কাছের শহর পাতান এবং দূরের এলাকা নোয়াকোটের পথঘাট ঘুরে দেখা গেল ধূলিধূসর নেপাল। এই ধূলি ভূমিকম্পের ধ্বংসস্তূপের, এই ধূলি দারিদ্র্যের ও রাস্তাঘাট নির্মাণ না করার, ভাঙা সড়কগুলো পুনর্নির্মাণ না করতে পারা যার একটি কারণ। এই ধূলি অস্থিতিশীলতারও। বারবার সরকার পরিবর্তনের কারণে জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন থমকে থেকেছে। এমনকি ২০১৫ সালের ভূমিকম্পের পর বিদেশ থেকে আসা পুনর্গঠন তহবিলও খরচ করা যায়নি। নেপালের শীর্ষ স্থানীয় চিন্তালয় (থিংক ট্যাংক) সিএসএএসের (Centre for South Asian Studies) প্রধান নিশ্চল পাণ্ডেও এর ওপরই জোর দিলেন, ‘অস্থিতিশীলতা ও দুর্নীতি সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিস্তার লাভ করেছে। পুলিশ বাহিনী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। অবকাঠামো নির্মাণে গতি না এলে গণতন্ত্র পরিহাসে পরিণত হবে।’
বর্তমান সিইসি সেই সংবিধানসভা নির্বাচন থেকে শুরু করে প্রেসিডেন্ট নির্বাচন, স্থানীয় সরকার, প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের এই নির্বাচন পর্যন্ত যে আস্থা ও দক্ষতা দেখিয়েছেন, তা সবার জন্যই দৃষ্টান্ত। নেপালের নির্বাচন কমিশন তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে। কিন্তু রাজনীতিবিদেরা কী করবেন? তাঁরা কি পারবেন স্থিতিশীল সরকার ও গতিশীল অর্থনীতি চালু করতে? নেপালে বারবার সরকার পরিবর্তনের অন্যতম কারণ ছিল, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দ্বন্দ্ব, সেনাবাহিনী বনাম নির্বাচিত সরকারের দ্বন্দ্ব এবং আঞ্চলিক আধিপত্যশীল রাষ্ট্রের ভূমিকা। আর সংসদের ভেতরে চলেছে ঘোড়া বিক্রির কায়দায় সদস্য কেনাবেচার খেলা। আগামী সরকার এসব থেকে নিজেকে কতটা মুক্ত রাখে, তা-ই এখন দেখার বিষয়।
প্রাদেশিক নির্বাচনের পরই সাতটি প্রদেশের অনেক নেতা নিজেকে মুখ্যমন্ত্রী এবং কোনো কোনো কেন্দ্রীয় নেতা নিজেকে প্রধানমন্ত্রী ভাবা শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে নেপালি গণমাধ্যমে। যে দেশের জনগণ এত দায়িত্বশীল, সেই দেশ তাদের নেতাদের কাছে আরও ভালো কিছু পাওয়ার যোগ্য।
কাঠমান্ডুর অভিজাত বাগিচা কায়সার লাইব্রেরি। ভেতরটা রাজকীয় হলেও বাইরের দেয়ালটা মলিন। জায়গায় জায়গায় ফাটল। পলেস্তারা খসা। সেই ফাটল আর পলেস্তারা খসে যাওয়া কাঠামো যেন নেপালের দারিদ্র্য, অস্থিতিশীলতা আর ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষতির প্রতীক। দেয়ালজুড়ে চিত্র এঁকে রেখেছে কোনো তরুণ। সেই গ্রাফিতি বা দেয়ালচিত্রে ভাঙন আছে, অপেক্ষার কথা আছে, শিশুর কান্না আছে। একটি জায়গায় দেওয়ার পলেস্তারা এমনভাবে খসে গেছে, যেন মনে হবে মাথাহীন এক দেহ। তার ওপর মাথা এঁকে এবং নিচে দেহটায় রং করে পাশে একটি কথা লিখে রেখেছে চিত্রকর। ইংরেজিতে লেখা ‘Lets, start construct'। বাংলায় বললে, ‘আস, নির্মাণ শুরু করি’। ওই একটি কথায় নেপালের জাতীয় আকাঙ্ক্ষা তুলে ধরা আছে। অনেক অনেক রাজনীতি, যুদ্ধ, ধ্বংস ও ভোটের পর এবারের ভোটে নেপাল তার মাথাটা স্পষ্ট ও উঁচু করতে চায়।