নেপালের বামশক্তির জয়ের জবাব

নেপালের নির্বাচনে বামপন্থী জোট ক্ষমতায় যাওয়ার পথে। অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হলে মাওবাদীদের সঙ্গে নেপাল কমিউনিস্ট পার্টির জোটই সরকার গঠন করবে। নেপালের ঐতিহ্যবাহী দল কংগ্রেসের ভরাডুবি ঘটেছে। অবশ্য পূর্ণাঙ্গ ফলাফল পেতে মধ্য ডিসেম্বর নাগাদ অপেক্ষা করতে হবে। দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রেক্ষাপটে বলা যায়, নেপালের নির্বাচন শুধু নিছক একটি দেশের ক্ষমতাবদলের নির্বাচন না; অভ্যন্তরীণ ক্ষমতার বদল ছাড়াও আঞ্চলিক রাজনীতি বা দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য এই নির্বাচন খুবই অর্থবহ ইঙ্গিত করে। এখানে শুরুতেই বলে রাখা ভালো, বামপন্থীদের জোটকে বলা হচ্ছে চীনঘেঁষা। আর কংগ্রেস অনেকটাই ভারতপন্থী। সেই হিসাবে সরলীকরণ করে বলে যায়, নেপালের নির্বাচনে ভারতপন্থীদের পরাজয় ও চীনঘেঁষা রাজনৈতিকর দলের উত্থান ঘটেছে।
নেপালের নির্বাচনী ফলাফলের বেশ কিছু অন্তর্নিহিত বার্তা রয়েছে। আঞ্চলিক রাজনীতি ও অভ্যন্তরীণ রাজনীতি—দুটোর জন্যই নেপালের নির্বাচন কিছু বার্তা দিয়ে যায়। এবং এগুলো শুধু নেপালের জন্যই প্রযোজ্য নয়। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্যও যথেষ্ট গুরুত্ববহ ও অনুকরণীয় এই নির্বাচন।
অভ্যন্তরীণ রাজনীতির আবার দুটো দিক নির্দেশ করে এই নির্বাচন। প্রথমেই হচ্ছে নেপালের নতুন সংবিধান বাস্তবায়ন। নেপালের পরবর্তী সরকার নতুন সংবিধানকে সামনের দিকে নিয়ে যাবে। আশা করা হচ্ছে, এই নতুন সংবিধানের মাধ্যমে নেপাল একটি ধর্মনিরপেক্ষ, জনমুখী রাষ্ট্রে পরিণত হবে। ফেডারেল ব্যবস্থায় নেপাল পরিচালিত হবে। তবে এই সংবিধান প্রণয়ন করা নিয়ে ভারতের সঙ্গে জল অনেক ঘোলা হয়েছে। নেপালের রাজনীতিতে ভারতের ভূমিকা, প্রভাব ছিল সুস্পষ্ট। মাওবাদীদের লড়াই অবসানে ভারত ২০০৪ সালে ১২ দফা চুক্তি করতে সহায়তা করেছিল নেপাল সরকারকে। তবে ২০০৮ সালের সংবিধান প্রণয়নের নির্বাচনের পর পরই নেপালের রাজনীতিতে ভারতের প্রভাব খর্ব হতে শুরু করে। কারণ, নেপালিদের বড় অংশই মনে করে, ভারত তার নিজস্ব নিরাপত্তা, ব্যবসা ও আধিপত্য বিস্তারের জন্য নেপালের রাজনীতিতে অযাচিতভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এবারের নির্বাচনে জনসাধারণের সেই মনোভাবেরই প্রতিফলন ঘটেছে।
এখানে উল্লেখ করা প্রয়োজন, নেপালের নতুন সংবিধান প্রণয়নে কিছু কিছু বিষয়কে ভারত ইতিবাচকভাবে নেয়নি। ভারত প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করেছে কয়েকবার। কারণ, ভারত মনে করে, সংবিধান প্রণয়নে সব জাতিকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে ভারতের সীমান্তসংলগ্ন মাধেসিদের অধিকার সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। ভারতের পক্ষে অভিযোগ ছিল, নেপালের রাজনীতিবিদেরা বরাবরই সমতলের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। ভারতের তরফে শঙ্কার কারণ হিসেবে বলা হয়েছিল, মাধেসির কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করলে এর প্রভাব ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও পড়বে। এ কারণেই নেপালের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। স্থলসীমান্তবেষ্টিত আমদানি বিশেষ করে জ্বালানি তেল আমদানির জন্য পুরোপুরিই ভারতের স্থলভাগের ওপর নির্ভরশীল নেপাল। সেই অবরোধে ভুগে নেপালের জনমত ভারতের বিরুদ্ধে চলে গিয়েছিল আরও বেশি।
ভারতের সঙ্গে মনোমালিন্যসহ অভ্যন্তরীণ নানা বিতর্কের মধ্য দিয়েই নেপালের নতুন সংবিধান প্রণীত হয়েছে। শতাধিক জাতিসত্তা নিজেদের পৃথক অধিকার দাবি করেছিল। কেন কোনো জাতি আবার নতুন ফেডারেল ব্যবস্থায় নিজেদের জন্য পৃথক প্রদেশের দাবিও জানিয়েছিল। তাই সংবিধান বাস্তবায়নের জন্য এই নির্বাচন নেপালের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। নির্বাচনের রায়কে নতুন সংবিধান বাস্তবায়নের পক্ষেই বিবেচনা করা হচ্ছে।
নেপালের নির্বাচনের আরেকটি বিশেষ দিকে হচ্ছে মাওবাদী ও নেপালি মার্কসবাদী-লেনিনপন্থীদের ঐক্য। জাতীয় প্রয়োজনেই নেপালের বামদলগুলো ঐক্য করেছে। এর সুফলও পেয়েছে। এ ক্ষেত্রে তারা নিজস্ব রাজনৈতিক মতভিন্নতাকে অতিক্রম করে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের বিষয়গুলোকেই অধিক গুরুত্ব দিয়েছে। আমার কিছু নেপালি বন্ধুর কাছে প্রশ্ন রেখেছিলাম নেপালে বামপন্থীদের উত্থানের কারণ সম্পর্কে। উত্তরে কমবেশি সবাই যেটা বলেছেন, নেপালের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ, নেপালি কংগ্রেসের ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা, বামদলগুলো জনগণের দাবি মনযোগ দিয়ে শোনা, জনগণের কাছে যাওয়া, বাস্তবিকভিত্তিক রাজনীতি ও কর্মসূচির প্রতিশ্রুতিই এই নির্বাচনে বামদের সাফল্যের কারণ। এ নির্বাচন রাতারাতি নেপালের সবকিছু বদলে দেবে না। তবে বলা হচ্ছে, দীর্ঘদিনের রাজতন্ত্র, গৃহযুদ্ধ—এসব কিছুর পর এই নির্বাচন নেপালের নতুন দিনের সূচনা করতে পারে। অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি দুই´ক্ষেত্রেই। নেপালের ভোটাররা নতুন দিনের সূচনার দিকেই রায় দিলেন।
আর আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে ভারতের মতো একটি প্রভাবশালী বড় প্রতিবেশীর প্রভাববলয়ের বাইরে এসে সংবিধান প্রণয়ন করা এবং অপেক্ষাকৃত চীনপন্থী দলের জয়লাভ নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করল। এতে করে সার্ক অঞ্চলের চীনের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। কয়েক বছর ধরেই নেপাল সরকার চীনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছিল। ইতিমধ্যেই গত বছরের মার্চ মাসে নেপাল চীনের সঙ্গে ১০টি চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে নেপাল-চীনের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে নেপাল ও চীনের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ স্থাপন করার বিষয়গুলোও আছে। আন্তসীমান্ত বাণিজ্য বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু বাণিজ্যিক সম্পর্কই না, সংবিধান বাস্তবায়নেও চীন নেপালকে সহায়তা করবে।
স্পষ্টতই বোঝা যাচ্ছে, নেপাল ভারতের বলয় থেকে বেরিয়ে গিয়ে বিকল্পের অনুসন্ধান করছে। আঞ্চলিক শক্তি হিসেবে ভারত আত্মপ্রকাশের চেষ্টা করছে বটে, তবে এই অঞ্চলে ভারতবিরোধী মনোভাবও প্রবল হচ্ছে। তাই ভারতকে তার নীতির পরিবর্তন করে বিশেষ কোনো দলকে সমর্থন না দিয়ে বরং এই অঞ্চলের বিশালসংখ্যক জনসাধারণের মনোভাব অনুধাবন করে আঞ্চলিক শক্তি হওয়ার পথে এগিয়ে যেতে হবে। তবে নেপালে চীনঘেঁষা জোটের জয়লাভ নেপাল-চীন সম্পর্কের ভিত্তিকে ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। এতে করে ভারতের ওপর নেপালের নির্ভরশীলতা ক্রমেই কমে আসবে। নেপাল-চীনের সম্পর্কের এই নতুন মাত্রা কোনোভাবেই ভারতের কাছে গ্রহণযোগ্য হবে না। ভারত কোনোভাবেই চাইবে না চীন ক্রমাগত ঘাড়ের ওপর নিশ্বাস ফেলুক।
এই নির্বাচনের আরেকটি দিক হচ্ছে মার্কসবাদী রাজনীতির উত্থান। নির্বাচনের ফল পরিষ্কারভাবে জানিয়ে দিল, পশ্চিমা ধারণাপ্রসূত হয়ে বিশেষ করে যাঁরা বলার চেষ্টা করেন মার্কসবাদ ব্যর্থ হয়েছে বা এই যুগে মার্কসবাদী রাজনীতি আর চলে না, তাঁদের ধারণা ঠিক নয়। তাঁদের জন্য এই নির্বাচনের জবাব হচ্ছে জাতীয় নিরাপত্তা, জাতীয় বিষয়গুলোকে ধরে যদি কোনো রাজনৈতিক দল জনগণের কাছে যায়, অন্য দলের লেজুড়বৃত্তি না করে জনসাধারণের মনোভাব বোঝার চেষ্টা করে, তবে সেই দল বা বিশেষ কোনো রাজনৈতিক আদর্শ সাফল্য পাবেই। এ ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করতে হবে, সেই মতবাদের রাজনৈতিক কর্মীরা আদৌ সেই মতবাদ বা দর্শনকে যথাযথভাবে ধারণ করছেন কি না। প্রকৃতভাবে অনুসরণ করেছেন কি না। রাজনৈতিক কর্মীদের নেতৃত্বের লোভ, বুদ্ধিবৃত্তিক স্থূলতা—এই বিষয়গুলো বিবেচনা না করে হুটহাট কোনো মতবাদকে ব্যর্থ বা বাতিল করে দেওয়া সমীচীন নয়; সেটা মার্কবাদ বা অন্য যেকোনো বাদই হোক না কেন। নেপালের নির্বাচনই এর সঠিক জবাব।
ড. মারুফ মল্লিক, রিসার্চ ফেলো, সেন্টার ফর কনটেমপোরারি কনসার্নস, জার্মানি