
মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞেস করত, নেপালের ভবিষ্যৎ কী? এর উত্তরে আমি সব সময় বলতাম, ‘আমি স্বল্প মেয়াদে একজন নিরাশাবাদী, কিন্তু দীর্ঘ মেয়াদে একজন আশাবাদী।’ হ্যাঁ, সবকিছু এলোমেলো হয়ে আছে, কিন্তু পরিস্থিতির উত্তরণ ঘটবে। সেটা হতেই হবে।
আট বছর অপেক্ষার পর নেপালের রাজনীতিকেরা শেষমেশ একটি নতুন সংবিধান প্রণয়ন করতে পেরেছেন। শেষ পর্যন্ত আশার আলো দেখা যাচ্ছে, এশিয়ার অন্যতম দরিদ্র দেশ নষ্ট হওয়া সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। দেশটির জনগণ দীর্ঘদিন ধরে নানা কারণে কষ্ট পাচ্ছে, এবার হয়তো দেশটি তার জনগণের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে।
গত ১০ বছরে নেপালে নাটকীয় রাজনৈতিক পরিবর্তন হয়েছে। ১০ বছরের ধ্বংসাত্মক দ্বন্দ্ব-সংঘাতের অবসান ঘটেছে। বেশ সভ্য কায়দায় আমাদের রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে উত্তরণ ঘটেছে। আমরা রাজপ্রাসাদে লুটপাট চালাইনি, বরং সেটাকে জাদুঘরে রূপান্তর করেছি। আমরা রাজাকে দাবড় দিয়ে নির্বাসনে পাঠাইনি। তবে নিশ্চিতভাবেই গত রোববারে ঘোষিত এই সংবিধানের ব্যাপারে সবাই খুশি নয়, বিশেষ করে মদেশি ও থারু গোষ্ঠী এর ব্যাপারে অখুশি। ভবিষ্যতের ফেডারেল রাজ্যগুলোর সীমানা নির্ধারণের বিরুদ্ধে সহিংস প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে, এতে গত কয়েক মাসে ৪৪ জন মানুষ মারা গেছে।
ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে দাবি ছিল, এই সংবিধান সেই দাবি পূরণ করতে পারেনি, এতে নানা খুঁত রয়েছে। তা সত্ত্বেও এই মুহূর্তে নেপালের রাজনীতিকেরা এর চেয়ে ভালো কিছু করতে পারতেন না। জোটভুক্ত দলগুলোর মধ্যকার চুক্তির কারণে নেপালি কংগ্রেসের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা আগামী সপ্তাহে পদত্যাগ করবেন, তাঁর জায়গায় আসবেন কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউনিফায়েড মার্ক্সিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) পার্টির কে পি ওলি।
ওলির প্রথম কাজ হলো আত্মাভিনন্দনের আত্মপ্রসাদে ডুগডুগি বাজানো বন্ধ করে যাঁরা সংবিধান প্রণয়ন-প্রক্রিয়ার বাইরে ছিলেন, তাঁদের এর মধ্যে টেনে নিয়ে আসা। পাহাড়ি ও সমতলের বাসিন্দাদের মধ্যে যে জাতিগত মেরুকরণ ঘটেছে, তাঁকে সেই বিভেদ দূর করতে হবে। তাঁর আরেকটি কাজ হচ্ছে, আপস-মীমাংসার মধ্য দিয়ে সংবিধানে সংশোধনী এনে দেশকে একত্র করা, বিশেষ করে ফেডারেল সীমানা নির্ধারণের ব্যাপারে তাঁকে আপসে আসতে হবে। ওলি সাবেক বিপ্লবী হলেও নেতা হিসেবে তিনি সিদ্ধান্ত নিতে পারেন, তিনি রাষ্ট্রনায়কের পরিচয় দিতে চান। তাঁকে এখন অবশ্যই অর্থনৈতিক বিপ্লবের ওপর কাজ করতে হবে।
আমাদের রাজনীতি যদি ঠিক থাকে, তাহলে সমৃদ্ধির জন্য নেপালে সবকিছুই আছে। দেশটির আয়তন মাঝারি, তার অবস্থান বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশের মাঝখানে। নেপালে জলবিদ্যুৎ ও পর্যটনের সমূহ সম্ভাবনা রয়েছে, আর নেপালিরা কঠোর পরিশ্রমী, তাদের আন্তর্জাতিক সুনামও আছে। দেশটির গণতন্ত্র বর্ধনশীল, তার গণমাধ্যম খুবই প্রাণবন্ত ও স্বাধীন, নির্বাচনে ৮০ শতাংশ মানুষ ভোট দেন।
নেপালে প্রতিবেশীরা দানবীয়—ভারত ও চীন। তাদের সঙ্গে তুলনা করলে দেশটিকে খুবই ছোট লাগে। তা ছাড়া, দেশটির জনসংখ্যা ২৮ মিলিয়ন, এই জনসংখ্যা নিয়ে সে পৃথিবীর ৪০তম জনবহুল দেশ। নেপালের অর্থনীতি বর্ধনশীল, তার অভ্যন্তরীণ ভোগ্যপণ্যের বাজারও বেশ শক্তিশালী, টিকে থাকার মতো সামর্থ্য তার আছে। ভারত ও চীনের মধ্যকার পণ্য পরিবহনের করিডর হিসেবে দেশটি লাভবান হতে পারে, আর সে এই দুই বিশাল দেশের বিনিয়োগ ও পর্যটকদের আকর্ষণ হতে পারে ।
এ বছরের এপ্রিলে নেপালে ভূমিকম্পের পর চীন ও ভারত অনেক সাহায্য দিয়েছে। আন্তর্জাতিক দাতা সম্মেলনে নেপাল যে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলারের সহায়তা চেয়েছিল, ভারত ও চীনই তার অর্ধেকের বেশি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে এ দুটি দেশই নেপালকে বেশি অর্থ সাহায্য দিয়েছে। নেপালের খুশির খবর হচ্ছে, বেইজিং ও নয়াদিল্লি কাঠমান্ডুতে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নামেনি। ভারত ও চীন উভয়ই তাদের মধ্যকার এই প্রাবর-রাষ্ট্রে (বাফার স্টেট) রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে।
প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক দিয়ে হিমালয়ের কোলে অবস্থিত নেপালের অবস্থান খাড়াখাড়ি, ফলে সে পানি ও জ্বালানির আঞ্চলিক গুদামঘর হিসেবে কাজ করতে পারে। দ্বন্দ্ব-সংঘাত ও সরকারের অব্যবস্থাপনার কারণে নেপালের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, ফলে দেশটি দৈনিক ১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকে, এতে দেশটি পঙ্গু হয়ে যাচ্ছে। বিদ্যুৎ ও পানি ভাগাভাগির জন্য ভারতের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুললে তা দুই দেশের জন্যই লাভজনক হবে। অতীতের পানিবণ্টন যুক্তিগুলো বৈষম্যমূলক ছিল বলে পানি নেপালে রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে। কিন্তু গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাঠমান্ডু সফরের পর কর্ণালি, অরুণ ও মহাকালী নদীতে যে তিনটি বড় প্রকল্প বহুদিন ধরে ঝুলে ছিল, সেগুলোর কাজ শুরু হয়ে গেছে।
এই অমসৃণ ও পাহাড়ি দেশটির ভবিষ্যৎ নির্ভর করবে দ্রুতগতির পরিবহনের ওপর। বিনিয়োগকারীরা স্রেফ সঠিক রাজনৈতিক পরিস্থিতির জন্য অপেক্ষা করছে, সংকেত পেলেই তারা মহাসড়ক, বিমানবন্দর ও রেলওয়ের অবকাঠামোর নির্মাণকাজ শুরু করে দেবে। পোখারা ও লুম্বিনীতে নতুন দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ চলছে। প্রস্তাবিত তৃতীয় বিমানবন্দরটি হয়ে গেলে কাঠমান্ডুর যানজট অনেকটাই কমে যাবে, আর বিকল্প অর্থনৈতিক কেন্দ্র গড়ে উঠবে।
সুযোগ-সুবিধার অভাব, অপর্যাপ্ত বিপণন ও নিরাপত্তাভীতির কারণে নেপালের পর্যটনশিল্প ঠিকমতো কাজ করতে পারছে না। পর্যটন ও অবকাঠামোর জন্য বড় পরিকল্পনা করা হলে অনেক চাকরি সৃষ্টি হবে, এতে নেপালিদের আর চাকরির জন্য দলে দলে ভারত, উপসাগরীয় দেশ ও মালয়েশিয়ায় যেতে হবে না। দেশটির ২৮ মিলিয়ন মানুষের ১৮ শতাংশই বিদেশে চাকরি করছেন, যদিও তাঁরা প্রতিবছর যে ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স হিসেবে পাঠান, সেটা অর্থনীতিকে চাঙা রাখছে। কথা হচ্ছে, ভূমিকম্প-পরবর্তী পুনর্নির্মাণ যজ্ঞে সেসব মানুষ কাজ করলে তাঁরা আরও উৎপাদনশীল হতে পারেন।
না, নেপালকে অপ্রয়োজনীয় কাজ করতে হবে না। সেই ১৯৯০-এর শুরুর দিকে দেশটি অর্থনীতিকে মুক্ত করে দিয়েছে, বিধিবিধান আরও উন্নত করেছে, জলবিদ্যুৎ, উৎপাদন ও পর্যটনে বিপুলসংখ্যক বিনিয়োগকারীকে আকৃষ্ট করেছে। সৃষ্টিশীল পদ্ধতিতে বিকেন্দ্রীকরণ ও স্বশাসন আইন প্রণীত হওয়ায় তৃণমূলের হাতে ক্ষমতা গেছে, সেটা উন্নয়নের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। নেপাল উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মাতৃত্বকালীন মৃত্যু ও শিশুমৃত্যু রোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই যুদ্ধ, অস্থিতিশীলতা ও দুর্নীতি না থাকলে দেশটি আরও এগিয়ে যেতে পারত।
নতুন সংবিধান নেপালের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সুযোগ এসেছে, এখন রাজনীতির গতিমুখ নির্ধারণ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে নজর দিতে হবে।
ইংরেজি থেকে অনুবাদ প্রতীক বর্ধন নেপালি টাইমসের ব্লগ থেকে নেওয়া।
কুণ্ড দীক্ষিত: নেপালি টাইমসের প্রকাশক।