মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার না হওয়ায় আহাজারিতে যখন ভারী হয়ে আছে পুরো এলাকা, তখন নৌমন্ত্রী শাজাহান খান শ্রমিকনেতার ভূমিকায় তোবা গ্রুপের সমস্যা সমাধানে গতকাল বৃহস্পতিবার সারা দিন ব্যস্ত সময় কাটিয়েছেন। তাও আবার একটি পাঁচতারা হোটেলে।
নৌপরিবহন মন্ত্রণালয় নির্বিঘ্নে ঘরে ফেরার সামান্যতম ব্যবস্থাও করতে পারেনি। সবাই যাতে নিরাপদে ফিরতে পারেন, এ নিয়ে অনেক বক্তৃতা দিয়েও একটি কাজও করেননি নৌমন্ত্রী। এসব না করলেও অন্যের কাজ নিয়ে তিনি সর্বদা ব্যস্ত। নিজ মন্ত্রণালয় নয়, আগে তাঁর যাবতীয় উৎসাহ ছিল যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে। কারণ, তিনি পরিবহনশ্রমিকদের নেতা। আর ইদানীং তিনি ব্যস্ত থাকেন পোশাক খাত নিয়ে। কারণ, তিনি নতুন করে পোশাকশ্রমিকদেরও নেতা হয়েছেন।
শাজাহান খান গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক। ২০১২ সালে তৈরি এই পরিষদ আবার ইদানীং পরিচিতি পেয়েছে পোশাক–মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি বা বিজিএমইএপন্থী হিসেবে। আর গতকাল বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে তাঁদের বৈঠক হয়েছে বহুল আলোচিত তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে নিয়ে।
গতকাল বেলা দুইটার পর থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সোনারগাঁও হোটেলের বৈঠকে আরও ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি রিয়াজ-বিন-মাহমুদ, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সদস্যসচিব বদরুদোজ্জা নিজাম প্রমুখ। বৈঠক শেষে পৌনে পাঁচটার দিকে সোনারগাঁও হোটেল থেকে বের হন সবাই। তবে তার আগেই দেলোয়ার চলে যান।
জানা গেছে, হোটেলের লবিতে সাংবাদিক উপস্থিত আছেন শুনে নৌমন্ত্রী চলে যেতে চেয়েছিলেন। তবে বিজিএমইএর নেতারা অনুরোধ করলে তিনি প্রেস ব্রিফিংয়ে আসেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রেস ব্রিফিংয়ে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, সম্পদ বিক্রি করে হলেও ১০ আগস্ট শ্রমিকদের জুলাই মাসের বকেয়া বেতন দিতে হবে।
এই বৈঠকে তিনি কেন—এ প্রশ্নে নিজে থেকেই শাজাহান খান বলেন, ‘গার্মেন্টস খাত আমার মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত না। তবে আমি ব্যক্তিগতভাবে শ্রমিক আন্দোলন করার কারণেই আমার সম্পৃক্ততা।’
প্রেস ব্রিফিং শেষে শাজাহান খান বিজিএমইএর পরিচালকদের কক্ষে তাঁর অনুসারী বেশ কয়েকজন শ্রমিকনেতাকে নিয়ে আবার একান্তে আলাপ-আলোচনা করেন। রাতে তিনি একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নেন। এখানে অবশ্য তিনি নিজের মন্ত্রণালয় নিয়ে কথা বলেন। সারা দিনে নিজ মন্ত্রণালয়ে এটাই ছিল তাঁর একমাত্র কর্মকাণ্ড।
গতকালের এই বৈঠকের দুই দিন আগে জামিন পেয়ে, গত মঙ্গলবার রাতে জেল থেকে বের হন দেলোয়ার। মূলত শ্রমিকদের বেতন-বোনাস জিম্মি করেই মুক্ত হন তিনি। দেলোয়ার হোসেন এ জন্য অবশ্যই কৃতজ্ঞ থাকবেন প্রথমত বিজিএমইএর ওপর। কারণ, ২০১২ সালের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে আগুন লেগে ১১১ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই বিজিএমইএ এই মালিককে রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করেছে। শেষ পর্যন্ত আদালতে দুই নাগরিকের করা একটি রিটের পর দেলোয়ার গ্রেপ্তার হয়ে জেলে যেতে বাধ্য হন।
মূলত দেলোয়ারকে মুক্ত করতেই ঈদের আগে বেতন-বোনাস দেওয়া বন্ধ করে তোবা গ্রুপ কর্তৃপক্ষ। অথচ ঈদের আগে ৩৯ কোটি টাকার কাজ করেছে তোবা গ্রুপের পাঁচটি কারখানা। এরপরে আন্দোলনে নামেন শ্রমিকেরা। প্রথম আলোর কাছে আন্দোলনরত একাধিক শ্রমিক স্বীকার করেছেন, আন্দোলনে নামতে তাঁদের উসকানি দিয়েছেন তোবা গ্রুপের একাধিক কর্মকর্তা ও বিজিএমইএর নেতারা।
বিজিএমইএ কখনোই চায়নি, পোশাক কারখানার দুর্ঘটনার কোনো মালিক জেলে থাকুক। বাংলাদেশে প্রথম পোশাকমালিকের জেলে যাওয়ার ঘটনা ছিল ২০০৫ সালে। সাভারের স্পেকট্রাম গার্মেন্টস ধসে ৬৪ শ্রমিকের মৃত্যুর পর এর মালিক শাহরিয়ার সাইদ হাসান এবং পরিচালক হাশেম ফকিরকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হয়। এক মাসের মধ্যেই অবশ্য তাঁরা জেল থেকে বের হয়ে আসেন। সেই মামলার আর কোনো নিষ্পত্তি হয়নি। বহাল তবিয়তে আছেন তাঁরা।
২০১৩ সালে রানা প্লাজার মতো বিশ্বের সবচেয়ে বড় শিল্প ভবন দুর্ঘটনার পর এই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার মালিকদের জেলে নেওয়া হয়। বিশ্বজুড়ে প্রবল সমালোচনা ও পোশাক রপ্তানি টিকিয়ে রাখতে সে সময় এ নিয়ে উচ্চবাচ্য করেনি বিজিএমইএ। তবে পাঁচ মালিকের একজন এরই মধ্যে জামিন পেয়েছেন। আর রানা প্লাজা নিয়ে এখনো চূড়ান্ত অভিযোগপত্র দেওয়া হয়নি। ফলে রানা প্লাজার বিচার কবে হবে, তা নিশ্চিত নয়।
শুরু হয়েছিল সেই ১৯৯০ সালে সারাকা গার্মেন্টস থেকে। সেখানে আগুনে মারা গিয়েছিলেন ৩০ জন পোশাকশ্রমিক। এর পর থেকে নিয়মিত বিরতিতে একের পর এক কারখানায় আগুন অথবা ভবনধসে মারা গেছেন দুই হাজারের বেশি শ্রমিক। এখন পর্যন্ত একটি ঘটনারও বিচার হয়নি। কেউ শাস্তিও পায়নি। বিচার না হলেও প্রায় প্রতিবারই বিজিএমইএর একই কৌশল দেখা গেছে। যেমন, যেকোনো ঘটনা ঘটার পর তাদের প্রথম কাজই হয় মালিককে রক্ষা করা। নানা কৌশল করে বিজিএমএই সব সময়ই অত্যন্ত সাফল্যের সঙ্গে বড় বড় ঘটনার দায়দায়িত্ব এড়িয়ে থেকেছে। সর্বশেষ উদাহরণ হলো মুক্ত দেলোয়ার হোসেন। আর সরকারপক্ষও আপিল করেনি। কেননা, সরকারও কখনো চায়নি প্রভাবশালী বিজিএমইএর বিপরীতে বাধ্য না হলে কিছু করতে।
এদিকে, জামিন আবেদনে দেলোয়ার হোসেনের পক্ষে তাঁর আইনজীবী আদালতে অঙ্গীকার করেছিলেন যে বেতন-ভাতার দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন আর মুক্ত হয়ে তিনি বেতন-ভাতা দেবেন। দেলোয়ার জামিন পান ২৪ জুলাই। তবে আদেশ বের হতে দেরি হওয়ায় তিনি মুক্তি পান গত মঙ্গলবার। ২৭ জুলাই থেকে শ্রমিকেরা অনশন করলেও বিজিএমইএ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তারা অপেক্ষা করেছে দেলোয়ারের মুক্তির জন্য। বিজিএমইএ সূত্রেই জানা গেছে, শ্রমিকদের বেতন দিতে তারা বিভিন্ন পোশাকমালিকদের কাছ থেকে সংগ্রহ করেছে দুই কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে তোবা গ্রুপ দিয়েছে মাত্র ২০ লাখ টাকা। সুতরাং দেলোয়ার হোসেন ছাড়াই বেতন দেওয়া বিজিএমইএর পক্ষে সম্ভব ছিল।
মূলত গত রোববার পর্যন্ত বেতন দিতে বিজিএমইএর কোনো কার্যকর উদ্যোগই ছিল না। ওই দিন বাণিজ্য ও নৌমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বিজিএমইএতে এসে বৈঠক করেন। বৈঠকে যেকোনোভাবে বেতন দেওয়ার উদ্যোগ নিতে মন্ত্রীরা তাগিদ দেন। তার পরই অর্থ সংগ্রহ শুরু করে বিজিএমইএ। এর আগে অবশ্য তারা এই অর্থ সরকারের কাছেই চেয়েছিল, কিন্তু সাড়া মেলেনি। সরকারি সূত্রগুলো বলছে, সরকারের ভয় ছিল, বিএনপি ঈদের পর সরকার পতনের আন্দোলন করবে বলে হুমকি দিয়ে আসছে। পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা অন্যদিকে মোড় নিতে পারে। এ কারণে সরকার চেয়েছে দ্রুত সমস্যার সমাধান। ফলে আপাতত, উদ্দেশ্য সফল হয়েছে বিজিএমইএর।