নৈতিকতার পরীক্ষায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ জোটে গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে গোষ্ঠীর ঘোষিত নীতিমালা কোনো সদস্য দেশ লঙ্ঘন করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যে মন্ত্রী পর্যায়ের কার্যকর কমিটির, সেই সিম্যাগ আজ (শুক্রবার) লন্ডনে এক বৈঠকে মিলিত হচ্ছে।আট সদস্যের এই গ্রুপের অন্যরা হলো অস্ট্রেলিয়া, কানাডা, জ্যামাইকা, মালদ্বীপ, সিয়েরা লিওন, তানজানিয়া, ত্রিনিদাদ এবং টোব্যাগো ও ভানুয়াতু। আজকের বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কমনওয়েলথ সচিবালয় থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে কমনওয়েলথ নীতিমালার গুরুতর লঙ্ঘনের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের চাপ সত্ত্বেও বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হয়নি। মঙ্গলবার ২৩ এপ্রিল ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালেস্টার বার্ট জানান, শ্রীলঙ্কার বিষয়টি আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে না থাকলেও তাঁরা আশা করছেন যে সভায় কোনো এক পর্যায়ে বিষয়টি আলোচিত হবে এবং যুক্তরাজ্য এ ধরনের আলোচনাকে সমর্থন করে। তিনি জানান যে যুক্তরাজ্য সিম্যাগের সদস্য না হলেও ওই গ্রুপের সদস্যদের সঙ্গে দ্বিপক্ষীয় ভিত্তিতে নিয়মিত আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে।হাউস অব কমন্সে এদিন ক্ষমতাসীন দলের অন্যতম প্রবীণ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্যার ম্যালকম রিফকিন্ড আরও এক ধাপ এগিয়ে বলেন যে শ্রীলঙ্কার মর্মান্তিক মানবাধিকার রেকর্ডের বিষয়টি শুধু সিম্যাগের বৈঠকে আলোচনা নয়, প্রয়োজনে কমনওয়েলথ সরকারপ্রধানদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী শীর্ষ সম্মেলন কলম্বো থেকে বিকল্প কোনো জায়গায় সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্যের এখনই উদ্যোগ নেওয়া উচিত।মন্ত্রীদের এই গ্রুপের বৈঠক উপলক্ষে পাঁচটি আন্তর্জাতিক এনজিওর পক্ষ থেকে বৃহস্পতিবার যৌথভাবে একটি স্মারকলিপি দিয়ে বলা হয় যে ব্যাপকভাবে সমালোচিত শ্রীলঙ্কার অতীত ও বর্তমানের অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর জন্য দেশটি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দুবার নিন্দিত হয়েছে। কিন্তু, তার পরও দেশটির সরকার বেপরোয়া মনোভাব দেখিয়ে চলেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করছে না। নাগরিক গোষ্ঠীর জোট সিভিকাস, কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ, আইএমএডিআর, ফোরাম এশিয়া এবং শ্রীলঙ্কা ক্যাম্পেইন ফর জাস্টিসের এই যৌথ বিবৃতিতে বলা হয় যে এমনকি জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব গৃহীত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে মুসলিম জনগোষ্ঠী হামলার শিকার হয়েছে। তাঁরা দাবি করেছেন, এসব হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তা এসব ঘটনায় সরকারের যোগসাজশের ইঙ্গিত বহন করে। প্রধান বিচারপতিকে বিতর্কিত পন্থায় অপসারণ এবং সংবাদপত্রের ওপর হামলার সাম্প্রতিক ঘটনাগুলোর দৃষ্টান্ত তুলে ধরে নাগরিক গোষ্ঠীগুলোর জোটের পক্ষ থেকে বলা হয় যে এ রকম মানবাধিকার পরিস্থিতির উদ্বেগজনক অবনতি আন্তর্জাতিক পরিসরে প্রমাণিত হওয়ার পরও যদি সিম্যাগ এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে এই সিম্যাগ প্রতিষ্ঠার উদ্দেশ্যই ভূলুণ্ঠিত হবে।মাত্র মাস খানেক আগে শ্রীলঙ্কার মানবাধিকার রেকর্ডের সমালোচনা করে জাতিসংঘ মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব অনুমোদিত হয়, যাতে ২০০৯ সালে বিচ্ছিন্নতাবাদী তামিল বিদ্রোহ দমনের সময় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের যেসব অভিযোগ ওঠে, সেগুলোর নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের জন্য শ্রীলঙ্কা সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ওই সময় কমপক্ষে ৪০ হাজার ব্যক্তির প্রাণহানি ঘটে। এ ছাড়া, আলাদা করে জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনারের এক রিপোর্টে শ্রীলঙ্কার গৃহযুদ্ধকালীন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর বিষয়ে একটি আন্তর্জাতিক তদন্তের জন্য পুনরায় আহ্বান জানানো হয়। রিপোর্টটিতে বলা হয় যে শ্রীলঙ্কা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।এদিকে, ২৩ এপ্রিল মঙ্গলবার কলম্বোয় বাংলাদেশের পররাষ্ট্রসচিব তাঁর প্রতিপক্ষের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। ওই বৈঠকের খবর ঢাকার যেসব কাগজে বুধবার প্রকাশিত হয়েছে (ডেইলি স্টার, প্রথম আলোসহ), তাতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ ও সমঝোতার কথা বলা হয়েছে। কিন্তু, রাজনৈতিক প্রসঙ্গের বিন্দুমাত্র উল্লেখ এসব রিপোর্টে নেই। কলম্বোর সংবাদমাধ্যম অবশ্য রাজনৈতিক দিকটিকেই বেশি প্রাধান্য দিয়েছে। কলম্বো পেজ নামের একটি অনলাইন প্রকাশনায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ শহিদুল হক প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে দেখা করে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একে অন্যকে সমর্থন দেওয়ার কথা বলেছেন। মি. হক আগ বাড়িয়ে আরও বলেছেন যে ‘মানবাধিকারের বিষয়ে আমরা আমাদের শ্রীলঙ্কার ভাইদের পাশে দাঁড়াব।’ তিনি আরও বলেছেন, ‘এগুলো শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয় এবং আন্তর্জাতিক পরিসরে কোনো পর্যায়েই বিষয়গুলো টেনে আনা হোক তা আমরা দেখতে চাই না।’ পররাষ্ট্রসচিবের এই উদ্ধৃতি বিশ্বাস করা কঠিন। কারণ, পররাষ্ট্রসচিব হিসেবে তাঁর অন্তত জানা উচিত যে মানবাধিকার এখন আর কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নয়। তাঁর মন্ত্রী দীপু মনি যে লন্ডন থেকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভায় যোগ দিতে যাচ্ছেন, সেটা কোনো অবকাশ যাপনের জন্য নয়, তাঁকে সেখানে বাংলাদেশের মানবাধিকারের রেকর্ডের সাফাই দিতে হবে। মি. হক আরও বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করা হবে। তিনি সম্ভবত ভুলে গেছেন যে স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানের সহযোগী এই দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের আকার এতই নগণ্য [২০১১-১২ অর্থবছরে বাংলাদেশ সে দেশে রপ্তানি করেছে চার কোটি ডলার আর সেখান থেকে আমদানি করেছে তিন কোটি ডলারের মতো (ডেইলি স্টার, ১৪ মার্চ, ২০১৩)] যে বছর ঘুরে তা দ্বিগুণ বা তিন গুণ হলেও সাধারণের নজর কাড়তে ব্যর্থ হবে। সিম্যাগ—কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের বর্তমান সভাপতি হচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ২০১১ সালের অক্টোবরে যে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে দীপু মনি সিম্যাগের সভাপতি নির্বাচিত হন, সেই সভায় মন্ত্রিপর্যায়ের এই কমিটিকে বাড়তি ম্যান্ডেট দিয়ে বলা হয় যে কমনওয়েলথ নীতিমালার গুরুতর ও অব্যাহত লঙ্ঘনের ক্ষেত্রে শুধু প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেওয়ার পরির্বতে উদ্যোগী ভূমিকা নিতে হবে।সুতরাং, আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকার দিকে। স্বদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার করার রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের জন্য যাঁর সরকার আন্তর্জাতিক পরিসরে কিছুটা বিরূপ সমালোচনার মুখোমুখি, সেখানে সেই একই ধরনের মানবতাবিরোধী অপরাধের জন্য বিশ্বসভায় অভিযুক্ত শ্রীলঙ্কার সরকারকে রক্ষায় ভূমিকা নিলে তার নৈতিক অবস্থানটি কোথায় দাঁড়াবে? এ কথা ঠিক যে শীর্ষসম্মেলনের স্থান হিসেবে কলম্বো বেছে নেওয়ার সর্বসম্মত সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার পার্থে ২০১১ সালে অনুষ্ঠিত রাষ্ট্রপ্রধানদের বৈঠকে। কিন্তু, এর আগে ২০০৯ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সভায় কলম্বো প্রথম যখন আয়োজক দেশ হওয়ার প্রস্তাব দেয়, তখন শ্রীলঙ্কাকে সেই সুযোগটি দেওয়া হয়নি। কথা হয় যে জাতীয় সমঝোতা ও পুনর্গঠন প্রক্রিয়ার পাশাপাশি মানবাধিকার বিষয়ে পরিস্থিতির উন্নয়ন ঘটলে পরবর্তী সময়ে তারা এই সুযোগ পাবে। দুর্ভাগ্যজনকভাবে গত দুই বছরে পরিস্থিতির উন্নতি তো দূরের কথা, তার আরও নাটকীয় অবনতি ঘটেছে। কমনওয়েলথে শ্রীলঙ্কার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার দেশ হলো কানাডা, যারা ইতিমধ্যে ঘোষণা করেছে যে এই শীর্ষ সম্মেলন স্থানান্তর করা না হলে তারা কলম্বোর সভা বর্জন করবে। সুতরাং, কলম্বোকে একটা কঠোর বার্তা পাঠানোর জন্য উদ্যোগী হলে সমর্থন পাওয়াটা একেবারে দুরূহ হবে না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ একটা নৈতিক অবস্থান ঘোষণা করতে পারবে।কামাল আহমেদ: কলাম লেখক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি, লন্ডন।