নোনাজলে ভাসা জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছই ছাড়া ছোট্ট একটা কাঠের নৌকা। দু-তিনটে ছেঁড়া কাঁথা আর তেল চিটচিটে একটা বালিশ। মাছ ধরার জন্য দুমুঠো জাল। এই হলো এককালে আমাদের পাশের গ্রামে বসবাসকারী ছোয়াব আলীর সংসার। দিনরাত নৌকায় বাস করা, পেটে টান পড়লেই শুধু এর বাড়ি ওর বাড়ি চেয়েচিন্তে ভাত এনে জলাশয়ে জাল পেতে পাওয়া চিংড়ি কিংবা পুঁটি মাছ কোনো প্রকার কাটাকুটি-রান্নাবান্না ছাড়াই ওই ভাতের সঙ্গে মিশিয়ে খেয়ে জীবন ধারণ। আমাদের পরিভাষায় ছোয়াব তো পাগলই।
ছোয়াব পাগলা কবেই মরে ভূত হলেও এই কদিনের পত্রপত্রিকা আর টিভি সংবাদ ছোয়াব ও তাঁর নৌকাজীবন মনে করিয়ে দিচ্ছে। অবৈধ অভিবাসী হিসেবে যেসব বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা মালয়েশিয়া যেতে গিয়ে ভেসে বেড়াচ্ছে সাগরে সাগরে, ছোয়াব পাগলার ভাসমান জীবনের সঙ্গে তাঁদের জীবনও যে মিলে যায়! ছোয়াব যেমন পচাগলা মাছ আর পান্তাভাত খেয়ে জীবন ধারণ করতেন, তাঁদেরও কেউ কেউ নিজেদের মূত্র পর্যন্ত পান করে জীবনরক্ষার শেষ চেষ্টা চালাচ্ছেন। পার্থক্য শুধু একটি জায়গায়—ছোয়াব লোকালয়ে নৌকা ভিড়িয়ে বাসি ভাত আনতে পারত, আর ওদিকে মানবাধিকার সংগঠন এমনকি জাতিসংঘ মহাসচিবের অনুনয় সত্ত্বেও ভাগ্যান্বেষী হাজারো ভুখানাঙ্গা মানুষবাহী কাঠের নৌকা কিছুতেই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ তাদের উপকূলে ভিড়তে দিচ্ছে না।
পুরাণে দেখি, কানা মনসা চাঁদবণিকের প্রাণপ্রিয় পুত্র লখিন্দরের লোহার বাসরে সুতানলি সাপ ঢুকিয়ে তাঁকে দংশন করায়। কিন্তু কবীর সুমনের গানে সত্যটাই গীত হচ্ছে এভাবে—‘বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি’। পুরাণের বেহুলা ঠিকই তাঁর স্বামীকে নিয়ে ফিরে আসেন শ্বশুরকুলের চম্পকনগরে। কিন্তু হায়, আমাদের চম্পকনগরগুলোতে এখন শুধুই অশ্রুপাত। কারণ, বাংলার রীতি যে পাল্টে গেছে—বৈধব্যই যেন এখানকার বেহুলাদের নিয়তি। সংখলায় যে কঙ্কালগুলো পাওয়া যাচ্ছে তাতে কোনোভাবেই যেমন প্রাণের সঞ্চার হবে না। তেমনি আরও এক চরম আফসোস, রক্তমাংসের মানুষগুলো জানতেই পারল না আসলে কে বা কারা ছিল কালের কানা মনসা।
লেখক: কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক।