জেনেভায় সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে যে বৈঠক হয়েছে তার অর্জন অতি সামান্য।
ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ন্যাটো জোটকে আরও বড় করার চলমান প্রক্রিয়া স্থগিত করাসহ বেশ কয়েকটি দাবি সেখানে রাশিয়ার পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল এবং এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি লিখিত জবাব চাওয়া হয়েছিল। এ বিষয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র লিখিত জবাব দিয়েও দিয়েছে। সেখানে তারা রাশিয়ার আবদার মানার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
রাশিয়া ইউক্রেনের সীমান্তঘেঁষা এলাকায় এক লাখের বেশি সেনা মোতায়েন করে ফেলেছে। রুশ বাহিনী যেকোনো সময় ইউক্রেনে ঢুকে পড়তে পারে—এমন আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের বাহিনী ইউক্রেনে অবস্থান নিয়েছে এবং রাশিয়ার দিক থেকে হামলা হলে পাল্টা হামলা করতে যুক্তরাষ্ট্র ইউক্রেনে তিনটি চালানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, এ বছরের প্রথম ভাগেই রাশিয়া ইউক্রেনে অভিযান চালাতে পারে এবং সেটি করা হলে রাশিয়াকে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদেশগুলো জবাব দেবে। জো বাইডেন বলেছেন, রাশিয়া হামলা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর তাঁরা নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। তবে রাশিয়া বলে আসছে, কোথাও কোনো হামলা চালানোর ইচ্ছা তাদের নেই। এরপরও ইউরোপীয় দেশগুলো মনে করছে, ইউক্রেনে রাশিয়া হামলা চালিয়ে বসতেও পারে। আর সেটি হলে ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে রাশিয়ার গ্রাজপ্রোম কোম্পানির যে পাইপলাইন গেছে, তা রাশিয়া বন্ধ করে দিতে পারে এবং তাতে ইউরোপ জ্বালানি–সংকটে পড়ে যেতে পারে।
এসব নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চাপা উত্তেজনা ও অচলাবস্থা চলছে।
এটি স্পষ্ট যে পুতিন ইউক্রেনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিপজ্জনক খেলা খেলছেন। ইতিমধ্যেই তিনি ইউক্রেনের সুরক্ষায় ন্যাটোর দেওয়া প্রতিশ্রুতির শক্তিকে প্রশ্নবিদ্ধ করতে সফল হয়েছেন; ন্যাটো জোটের অভ্যন্তরীণ বিভাজনকে তুলে ধরতে পেরেছেন এবং বিশ্বকে রাশিয়ার শক্তির প্রতি আরও বেশি মনোযোগ দিতে বাধ্য করেছেন। তবে তিনি নিজেকে ইউক্রেনে সামরিক ও রাজনৈতিকভাবে ব্যয়বহুল আগ্রাসন অভিযান শুরু করার ঝুঁকিতে ফেলে দিয়েছেন।
এক দশক ধরে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ করা ক্রেমলিনের প্রধান পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলোর মধ্যে একটি। কিন্তু পুতিনের নেওয়া ব্যবস্থায় তাতে ফল এসেছে সামান্যই।২০১৪ সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন অভিযান ইউক্রেন এবং জর্জিয়ায় ন্যাটোর সদস্যপদকে আরও আকর্ষণীয় করে তুলেছে। শুধু তা–ই নয়, রাশিয়ার আগ্রাসী পদক্ষেপগুলো ন্যাটোর সদস্যপদ চাওয়া ছোট দেশগুলোকেও জোটে যোগ দেওয়া থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে। যেমন রাশিয়ার হুমকি সত্ত্বেও মন্টেনেগ্রো এবং উত্তর মেসিডোনিয়া যথাক্রমে ২০১৭ এবং ২০২০ সালে ন্যাটোতে যোগ দিয়েছে।
ন্যাটো রাশিয়ার জন্য হুমকিস্বরূপ—পুতিন বারবার এমনটি দাবি করে আসছেন। তা সত্ত্বেও পুতিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে রাশিয়ার চলমান কূটনৈতিক স্থবিরতাকে ইউক্রেন এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোকে এটি দেখাতে চান যে তাদের সুরক্ষা দিতে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা আসলে বেশ দুর্বল।
আরও খারাপ বিষয় হলো, পুতিনের যুদ্ধবিগ্রহধর্মী পররাষ্ট্রনীতি সুইডেন এবং ফিনল্যান্ডের মতো নিরপেক্ষ দেশগুলোর মূলধারার রাজনীতিবিদদেরও ন্যাটোর সদস্যপদ নেওয়ার বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দিকে ঠেলে দিয়েছে।
ইউক্রেন নিয়ে উত্তেজনা বাড়ার ঘটনা পুতিনের জন্য অনেক অভ্যন্তরীণ ঝুঁকিও নিয়ে এসেছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখল করে নেওয়ার পর রাশিয়ায় পুতিনের জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু এখন পূর্ব ইউক্রেনে পুতিন যদি অভিযান চালান, তাহলে তাতে তাঁর একই ধরনের রাজনৈতিক লাভ হওয়ার সুযোগ কম। কারণ, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইউক্রেনে পুতিনের অভিযান চালানোর ধারণার প্রতি রাশিয়ার খুব কম মানুষেরই সমর্থন আছে।
এক জরিপে দেখা গেছে, মাত্র চার ভাগের এক ভাগ রুশ নাগরিক ডনবাস প্রদেশকে অন্তর্ভুক্ত করার ধারণাকে সমর্থন করে।
রাশিয়ার এই ধরনের অভিযানের আজকের সম্ভাব্য খরচ হবে ২০১৪ সালের তুলনায় অনেক বেশি। ইউক্রেন নিয়ে লড়াই হলে যে পরিমাণ সেনা নিহত হবেন ও যে পরিমাণ আর্থিক ব্যয় হবে, তার বিপরীতে ইউক্রেন অভিযানকে বেশির ভাগ রুশ নাগরিকই সমর্থন দেবে না। এর বাইরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করবে, তার মাশুল রুশ নাগরিকদেরই গুনতে হবে। ফলে পুতিন জনসমর্থন হারাবেন।
তাহলে এই রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির মধ্যে নিজেকে কোণঠাসা করে পুতিন আপাতদৃষ্টে কি লাভের আশা করতে পারেন?
ন্যাটো রাশিয়ার জন্য হুমকিস্বরূপ—পুতিন বারবার এমনটি দাবি করে আসছেন। তা সত্ত্বেও পুতিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে রাশিয়ার চলমান কূটনৈতিক স্থবিরতাকে ইউক্রেন এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোকে এটি দেখাতে চান যে তাদের সুরক্ষা দিতে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা আসলে বেশ দুর্বল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৯ জানুয়ারি সংবাদ সম্মেলনে যা বলেছেন, তা সেই ধারণাকেই পোক্ত করে। সেখানে বাইডেন বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার ‘ছোট অনুপ্রবেশ’ ঘটতে পারে এবং সেটি ঘটলে রাশিয়ার বিরুদ্ধে পূর্ণমাত্রার আক্রমণ না করে পশ্চিমারা অপেক্ষাকৃত মৃদু প্রতিক্রিয়া দেখাবে। অবশ্য বাইডেন ও তাঁর অন্য প্রশাসনিক কর্মকর্তারা পরে এই বক্তব্যের দুর্বলতা ঢাকতে অনেক শক্ত শক্ত মন্তব্য করেছেন।
রাশিয়া এই ধরনের গাফিলতি থেকে বরাবরই উপকৃত হয়। কারণ, ক্রেমলিন স্পষ্টতই ন্যাটো সদস্যদের মধ্যে বিরোধের বীজ বপন করতে এবং তাঁদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়। যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি পূর্ব ইউরোপীয় দেশ ন্যাটোয় ইউক্রেনের যোগদানের আগ্রহকে সমর্থন করলেও রাশিয়ার সঙ্গে ন্যাটোর কিছু সদস্যের ভিন্নতর অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক সম্পর্ক থাকায় জোটটিতে দীর্ঘদিন ধরে এই ইস্যুতে বিভক্ত ছিল।
২০০৮ সালে বুখারেস্টে ন্যাটোর সম্মেলনের সময় ইউক্রেন ন্যাটোর সদস্যপদ চেয়ে আবেদন করেছিল এবং সেই আবেদনে তারা জার্মানি ও ফ্রান্সের অনুসমর্থন চেয়েছিল। কিন্তু ফ্রান্সের তৎকালীন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কো ফিলোন ন্যাটোয় ইউক্রেনের সদস্য হওয়ার বিরোধিতা করেছিলেন। জার্মানির দিক থেকেও একই প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। অর্থাৎ ইউক্রেনকে জোটে নেওয়া হবে কি হবে না, তা নিয়ে জোটের মধ্যেই দুই ভাগ আছে। বাইডেনের সর্বশেষ বক্তব্যেও বিষয়টির ইঙ্গিত মিলেছে।
চীনের উত্থান সামলানো এবং মহামারি মোকাবিলা করা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন বেসামাল অবস্থায় আছে। এ অবস্থায় রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়ার ঝুঁকি নিতে তারা যাবে না বলে পুতিন হয়তো মনে করছেন। সে কারণেই তিনি ইউক্রেন ইস্যুতে অনেকটা বেপরোয়া হয়ে গেছেন। তবে এই খেলায় পুতিন শেষ পর্যন্ত জিতবেন কি হারবেন, তা ফয়সালা হওয়ার আগে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে। সেটি হলো, ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার বিষয়ে এত দিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জোর গলায় যে প্রতিশ্রুতি দিয়ে আসছে, তা আসলে ততটা জোরালো নয়।
সত্ত্ব: প্রজেক্ট সিন্ডিকেট; অনুবাদ: সারফুদ্দিন আহমেদ
হিলারি অ্যাপল ক্ল্যারেমন্ট ম্যাককেনা কলেজের স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক
জেনিফার টো ক্ল্যারেমন্ট ম্যাককেনা কলেজের স্ট্র্যাটেজিক স্টাডিজের সহযোগী অধ্যাপক