ন্যায্যমূল্যের দোকান আবার চালু করতে সমস্যা কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিসিবির ট্রাক থেকে নায্যমূল্যে পন্য কিনতে মানুষের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। ৬ মার্চ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তোলা।
ছবি: দীপু মালাকার

গরিব মানুষ কেজি পাঁচেক চাল, এক পোঁটলা ডাল, এক বোতল সয়াবিন তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়ে তামা তামা হচ্ছেন। বৃষ্টিতে কাকভেজা হয়ে জ্বরজারি বাধাচ্ছেন।

দিনের পর দিন, মাসের পর মাস পৃথিবীর ‘আজব শহর ঢাকা’য় এবং এ দেশের অন্যান্য শহরে অভিন্ন এই দৃশ্যের মঞ্চায়ন হয়ে চলেছে। আমরা অতি নিরীহ সাধারণ নাগরিকেরা তাকিয়ে দেখছি, মূল্যবান গাড়িতে বসে চলাচলের সময় দেশপ্রেমিক মন্ত্রী মহোদয়েরা আড়চোখে দেখছেন, স্যুটেড-বুটেড মহাশক্তিধর আমলারা দেখছেন, নিরাসক্ত চোখে।

আমাদের আঙুল নাচানো ডানপন্থী, বামপন্থী ও মধ্যপন্থী রাজনীতিবিদ, জ্ঞানীগুণী অধ্যাপক ও অর্থনীতিবিদ, সেমিনারপ্রিয় এনজিওরাজেরা দেখছেন ও ভাবছেন। কিন্তু বিশিষ্ট মানুষের মনে ও মননে ময়লা বস্ত্র গায়ে জড়ানো গরিব মানুষের কষ্ট বিশেষ কোনো রেখাপাত করছে না।

যার ফলাফল সেই একই ‘ক্লিশে ছোটগল্প’—ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা, পণ্যবাহী বহু আকাঙ্ক্ষিত টিসিবির সেই ট্রাকের খোঁজে একবার এখানে, আরেকবার ওখানে পড়িমরি করে ছুট, কখনো খালি থলে হাতে, রিক্ত-নিঃস্ব হয়ে ঘরে ফিরে যাওয়া। কারণ ‘মাল’ শেষ। এর বাইরে গালিগালাজ, তুইতোকারি, হুড়োহুড়ি, চ্যাপটাচেপটি, গরিব মানুষের জন্য সমাজের পক্ষ থেকে ‘ইন বিল্ট’ এসব উপহার তো রয়েছেই।

টিসিবির ট্রাক থেকে নায্যমূল্যে পন্য কিনতে মানুষের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। ৬ মার্চ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তোলা।
ছবি: দীপু মালাকার

যখন সাশ্রয়ী মূল্যে সামান্য কিছু পণ্য নেওয়ার জন্য মানুষের এই অপেক্ষা দেখি, তখন বছর দুই আগে পড়া একটি বইয়ের কয়েকটি লাইন চোখের সামনে ভেসে ওঠে। বইটির নাম ‘আমার দেখা নয়াচীন’। লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যখন চীন সফর করেছিলেন, সেই ১৯৫২ সালে, তখন একেবারেই তরুণ এক নেতা তিনি। গিয়েছিলেন এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে, পাকিস্তানের একজন প্রতিনিধি হয়ে।

সেই সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধু মনের তাগিদেই ঘুরে দেখেছিলেন তৎকালীন পিকিং মহানগরীর গলি থেকে রাজপথ। সাধারণ মানুষের ভালো-মন্দ, সুবিধা-অসুবিধা বোঝার চেষ্টা করেছিলেন গভীর থেকে। ৫০ নম্বর পৃষ্ঠায় বঙ্গবন্ধু লিখেছেন, ‘আমরা প্রায়ই বাজারে মালপত্র কিনতে যাইতাম।

জিনিসপত্রের দাম স্বাভাবিক। খুব বেশিও না, খুব কমও না। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই জিনিসের দাম। একজোড়া জুতা কিনলাম, আমাদের দেশের দামের চেয়ে কিছু কম হবে, কিন্তু খুব টেকসই। কোনো দোকানেই আপনার দাম করতে হবে না। যাবেন, দাম লেখা রয়েছে, যেটা পছন্দ হবে, দামটা দিয়ে নিয়ে আসবেন।’

এর পরেই সেই মূল্যবান কথা লিখেছেন বঙ্গবন্ধু, ‘সকলের চেয়ে চমৎকার জিনিস হলো সরকারি স্টোর নামের দোকানগুলি। প্রত্যেক বড় বড় শহরে চারটা পাঁচটা, বেশি ছোট শহরে একটা বা দুইটা, প্রত্যেক মহকুমায় একটা, এমনি করে সরকারের দোকান। যাবতীয় মালপত্র সেখানে পাওয়া যায়।’

আরও পড়ুন

এ-ই হচ্ছে প্রকৃত কথা ও বাস্তব ধারণা, যা আমরা গ্রহণ করতে পারি। কারণ, প্রতিটি মানুষেরই সময়ের দাম আছে। সঠিক সময়ে সভায় যোগ দেওয়া একজন আমলার কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সকাল নয়টার মধ্যেই চায়ের টংদোকানটি খোলা কারওয়ান বাজারের সিরাজ মামার কাছে একই রকম গুরুত্ব বহন করে।

যে পোশাককন্যা তিন ঘণ্টার জন্য লাইনে দাঁড়াচ্ছেন, সেই সময়টা ছুটি মঞ্জুরের জন্য তাঁকে লাইন ম্যানেজারের বক্রদৃষ্টি ও কটু কথা হজম করতে হচ্ছে। আবার কতক্ষণ অপেক্ষা করতে হবে, তাও অনিশ্চিত। বোরকায় মুখ ঢেকে অনভ্যস্ত যে নারী প্রথমবারের মতো লাইনে দাঁড়িয়েছেন, ঘরে হয়তো তাঁর অসুস্থ স্বামী যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁকে পণ্য নিতে হবে, আবার তাড়াতাড়ি ঘরেও ফিরতে হবে।

মধ্যবয়সী এক নারী চারটি বাড়িতে ‘ছুটা বুয়া’র কাজ করেন, স্বামী চালান রিকশা। যতই বিপদ হোক, ছুটা বুয়াকে তো ঠিক সময়ে কাজে যেতেই হবে, নইলে চাকরি নট। অগত্যা এক বেলা রিকশা গ্যারেজে রেখে স্বামীই দাঁড়ালেন লাইনে। আবার যে নারী সকালে নাশতা না খেয়ে তিন দিন লাইনে দাঁড়িয়েও একটু সয়াবিন তেল পেলেন না, রাষ্ট্র তাঁকে কী জবাব দেবে? তিনিও তো এ দেশেরই একজন নাগরিক।

আচ্ছা, আমরা কি গরিব মানুষের সময়ের আর্থিক মূল্য হিসাব করেছি? কোনো গবেষণা কি হয়েছে এ বিষয়ে? যে ‘সাশ্রয়ী মূল্যে’ এই মানুষগুলো পণ্য পাচ্ছেন, এর সঙ্গে যদি দীর্ঘ অপেক্ষার আর্থিক মূল্য যোগ করা হয়, তবে তাকে কি আর সাশ্রয়ী মূল্যের পণ্য বলা যায়?

আরও পড়ুন

২.

বছর দুই আগে যখন করোনা আসি আসি করছে, তখন টিসিবি অনলাইনে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছিল। তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ অনেক এগিয়েছে সন্দেহ নেই, কিন্তু দরিদ্র মানুষ অনলাইনে পণ্য কিনতে যাবে না, এটা একবাক্যেই বলে দেওয়া যায়। তাই অনলাইনে পণ্য বিক্রির উদ্যোগ নিয়ে লম্বা লাইন, ভিড়ভাট্টা কমানো যাবে না।

অতি সম্প্রতি আরেকটি উদ্যোগের কথা শোনা যাচ্ছে। সরকার এক কোটি মানুষকে সহায়তার কার্ড দিতে যাচ্ছে। এই কার্ডপ্রাপ্তরাই টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এতে একই ব্যক্তির একই দিনে একাধিকবার পণ্য নেওয়া ঠেকানো যাবে। একটা অভিযোগ দীর্ঘদিন ধরে আছে, অনেকেই এখান থেকে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল নিয়ে বাজারে বিক্রি করে নাকি দেদার লাভবান হচ্ছেন। যদি এমন অভিযোগ সত্য হয়, তবে তা ঠেকানো দরকার, কারণ আমাদের সম্পদ সীমিত, কিন্তু মুখের সংখ্যা বেশি, পুরান ঢাকার ভাষায় ‘খাওইন্যা লোক’ বেশি। সেই হিসাবে কার্ড–ব্যবস্থা মন্দ নয়, যদি এতে ‘ছন্দ’ থাকে।

কার্ড–ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম এস এম নাজের হোসাইনের সঙ্গে, শনিবার রাতে, তিনি ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সহসভাপতি। কে বা কারা কার্ড পাবেন, সে তালিকা করবেন গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শহরে কাউন্সিলররা। নাজের হোসাইনের আশঙ্কা, নিরপেক্ষভাবে যদি তালিকা তৈরি করা না হয়, তাহলে পুরো উদ্যোগের যে ইতিবাচক উদ্দেশ্য, তা ব্যাহত হতে পারে। রাজনৈতিক বিবেচনায় তালিকা করতে দেওয়া যাবে না কোনোভাবেই। তাঁর মতে, এ কাজে অতি অবশ্যই নাগরিক সংগঠনের প্রতিনিধিদের যুক্ত করতে হবে।

নাজের হোসাইনের এ কথায় যুক্তি রয়েছে। কারণ, এর আগে সরকারের বিভিন্ন সহায়তার উপকারভোগীর তালিকা তৈরিতে জনপ্রতিনিধিদের অনেকেই বিতর্কিত হয়েছেন। এ-বিষয়ক একাধিক মোকদ্দমা এখনো ঝুলছে।

তবে পণ্যের পরিমাণ ও ট্রাকের সংখ্যা যতই বাড়ানো হোক, যতই অনলাইনে বিক্রি বাড়ানোর চেষ্টা করি না কেন, দরিদ্র মানুষের ভোগান্তি লাঘব হবে বলে মনে হয় না। সাশ্রয়ী মূল্যের স্থায়ী দোকান-ব্যবস্থাই এ ক্ষেত্রে সমাধান হতে পারে। এর আগে একটি বাহিনীর হাতে সীমিত আকারে ন্যায্যমূল্যের দোকানের ভার দেওয়া হয়েছিল। কিন্তু তা সফলতার মুখ দেখেনি বিভিন্ন কারণে। সে অধ্যায়কে পেছনে ফেলে নতুন করে আবার ভাবতে হবে। কারণ, দরিদ্র মানুষকে সেবা দেওয়ার জন্য একটা স্থায়ী কাঠামো কেন তৈরি করা হবে না, সে প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। ন্যায্যমূল্যের দোকান আবার চালু করতে সমস্য কী ?

দেশের একজন সাধারণ নাগরিক ও গণমাধ্যমকর্মী হিসেবে ন্যায্যমূল্যের দোকান চালু করার পক্ষে আমার ভোট থাকবে। এ বিষয়ে মাথায় যা আসছে, তা এ রকম:

১. টিসিবির ডিলাররা ট্রাকে পণ্য বিক্রি করবেন না। তাঁরা তাঁদের নির্দিষ্ট দোকানে পণ্য বিক্রি করবেন।
২. কার্ডধারী ব্যক্তি ছাড়া অন্য কেউ এসব দোকান থেকে পণ্য কিনতে পারবেন না।
৩. একটি কার্ডে সপ্তাহে একবারই পণ্য কেনা যাবে এবং তা একটি নির্দিষ্ট পরিমাণের বেশি নয়।
৪. সপ্তাহে তিন দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই দোকান চালু থাকবে।
৫. এই দোকান ভাড়া নেওয়ার ক্ষেত্রে সরকার ডিলারদের প্রয়োজনে ভর্তুকি দেবে।
কোন শহরে কতটি দোকানের প্রয়োজন হবে, তা স্থানীয় চাহিদার ভিত্তিতে নিরূপণ করাই উত্তম হবে।

সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও বৈষম্য দূর করা সরকারের দায়িত্ব। সামাজিকভাবে ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। টিসিবি বা বাণিজ্য মন্ত্রণালয় যদি পরীক্ষা-নিরীক্ষা করে, বাস্তবতাকে প্রাধান্য দিয়ে এমন উদ্যোগ নিতে পারে, তবে যুগ যুগ ধরে বৈষম্যের শিকার হওয়া মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটবে।

কাজী আলিম উজ জামান প্রথম আলোর উপবার্তা সম্পাদক।
ই-মেইল: [email protected]