নয় মাসই মুক্ত ছিল তেঁতুলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের যে চারটি থানা মুক্তিযুদ্ধকালে মুক্তাঞ্চল হিসেবে পরিচিত ছিল, তেঁতুলিয়া তার একটি। ৭৪ বর্গমাইলের এই থানার সমগ্র এলাকা ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর আগ্রাসনমুক্ত। তেঁতুলিয়া হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশের মডেল।মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া মুক্তাঞ্চল হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করে। আর এ কারণেই যুদ্ধকালীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক কর্মকাণ্ডের তীর্থভূমিতে পরিণত হয় তেঁতুলিয়া। এখান থেকে উত্তরাঞ্চলের মুিক্তযোদ্ধাদের সার্বিক কর্মকাণ্ড পরিচালনাসহ রিক্রুটিং, প্রশিক্ষণ, অস্ত্রের জোগান দেওয়া ইত্যাদি কর্মকাণ্ড পরিচালিত হয়।মুক্তিযুদ্ধের পুরো সময় তেঁতুলিয়া মুক্তাঞ্চল হিসেবে পরিচিতি লাভ করায় তেঁতুলিয়াবাসী যেমন গর্ববোধ করে, নিজেদের অহংকারী মনে করে, তেমনি দুঃখ করে এই বলে যে, আজও সরকারিভাবে তেঁতুলিয়া মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি লাভ করেনি।সে সময় তেঁতুলিয়ার মানুষের জীবন-জীবিকা কেমন ছিল, এমন তথ্য জানতে গিয়ে বেরিয়ে আসে চমকপ্রদ সব তথ্য।মুক্তিযুদ্ধকালে তেঁতুলিয়া থেকে ভজনপুর পর্যন্ত একটি বাস চলাচল করত। যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেলে ভজনপুর পর্যন্ত বাস চলাচল বন্ধ করে তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা পর্যন্ত চালু করা হয়। মুক্তাঞ্চল হিসেবে এখানকার জীবনযাত্রা ছিল স্বাভাবিক। বিয়ে, খতনা, আকিকাসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান পালন করেছে তেঁতুলিয়ার মানুষ। হাটবাজারে কেনাকাটা হয়েছে। সে সময় শালবাগানে বড় হাট বসত। দুই দেশের মুদ্রাতেই কেনাকাটা চলত।ভুতিপুকুরী এলাকার একরামুল হক বলেন, তখন আমি নবম শ্রেণীর ছাত্র ছিলাম। মাঝেমধ্যে বোমার শব্দ শুনতে পেতাম। রেডিওতে শুনেছি, দেশে যুদ্ধ চলছে। মুক্তিযোদ্ধারা যেতেন-আসতেন। মুক্তিযোদ্ধাদের গাড়ি যাতায়াত করতে দেখেছি। ভারত-বাংলাদেশ যাতায়াতে কোনো সমস্যা ছিল না। ভুতিপুকুরী এলাকার জমিলা খাতুন (৯৪) বলেন, মুক্তিযোদ্ধাদের যাওয়া-আসা করতে দেখতাম। খানসেনারা অনেক লোককে মেরে ফেলেছে। অনেকের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।তেঁতুলিয়ার খুনিয়াভিটা এলাকার সে সময়ের যুবক বাসিরউদ্দিন (৬০) বলেন, যুদ্ধের সময় তেঁতুলিয়ার মানুষের মনে কোনো ভয়ভীতি ছিল না। তিনি নিজেও আওয়ামী লীগের নেতাদের নির্দেশে বিভিন্ন হাটবাজার থেকে ট্যাক্স আদায় করে মুক্তিযুদ্ধের তহবিলে তুলে দিতেন। কিন্তু মুক্তিযোদ্ধার তালিকায় তাঁর নাম না থাকায় তিনি দুঃখ প্রকাশ করেন। তেঁতুলিয়ার ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম বলেন, তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র। মনে হতো, একটা কিছু পরিবর্তন হচ্ছে। অনেকের সঙ্গে মিছিলে যেতাম, জয় বাংলার স্লোগান দিতাম।তেঁতুলিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক বলেন, তিনি সর্বদলীয় সংগ্রাম কমিটির সভাপতি ছিলেন। তেঁতুলিয়ায় পাকিস্তানি হানাদার বাহিনী আসতে পারেনি। এ জন্য তেঁতুলিয়ার অধিবাসী হিসেবে গর্ববোধ করি। তেঁতুলিয়ার ব্যবসায়ী মখলেছার রহমান বলেন, মুক্তাঞ্চলের জন্য আমরা গর্বিত। কিন্তু তেঁতুলিয়াকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়ায় দুঃখ হয়।তেঁতুলিয়া তখন ৬ নম্বর সেক্টরের অধীন ৬/ক সাব-সেক্টরের হেডকোয়ার্টার হিসেবে কার্যক্রম চলত। মুক্তিযুদ্ধের সময় এখানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান ও কর্নেল ওসমানী এসেছেন। যুদ্ধের প্রস্তুতি এবং মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন। সেক্টর কমান্ডার এম কে বাশার, সাব-সেক্টর কমান্ডার স্কোয়াড্রন লিডার সদরুদ্দীন, ক্যাপ্টেন নজরুল হক, ক্যাপ্টেন শাহরিয়ার, লে. মাসুদ ও লে. মতিন তেঁতুলিয়া থেকেই যুদ্ধ পরিচালনা করতেন।তেঁতুলিয়ার কাজীপাড়ার কাজী হবিবর রহমান (৭৫) ১৯৭১ সালে তেঁতুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সে সময়ের সার্কেল অফিসার (উন্নয়ন) মতিউর রহমান মুজিবনগর সরকারের আনুগত্য ও হলফনামা প্রদান করেন। মুজিবনগর সরকার থেকে তাঁকে নির্দেশ দেওয়া হয় স্থানীয় প্রশাসন চালিয়ে নিতে।মুক্তাঞ্চলের থানা তেঁতুলিয়া বিদেশি সংবাদমাধ্যমের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। ফলে বিপুলসংখ্যক বিদেশি গণমাধ্যমকর্মী তেঁতুলিয়ায় এসে ফ্রন্টে গিয়ে সরাসরি মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন। শরণার্থী ও মুক্তাঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। মার্ক টালি ও উইলিয়াম ক্রলি তেঁতুলিয়ার আওয়ামী লীগের নেতা আবদুল জব্বারের সঙ্গে কয়েক দিন ধরে ঘুরে ঘুরে দেখেন ভজনপুর এলাকার যুদ্ধক্ষেত্র। এখান থেকে এমদাদুল হকের সম্পাদনায় প্রকাশিত হতো সাপ্তাহিক সংগ্রামী বাংলা নামের একটি পত্রিকা।তেঁতুলিয়া থানার পাশে একটি লম্বা টিনের ঘরে মুক্তিযোদ্ধাদের জন্য স্থাপন করা হয় ফিল্ড হাসপাতাল। পঞ্চগড় থানা স্বাস্থ্যকেন্দ্র ও তেঁতুলিয়া থানার দাতব্য হাসপাতালের সীমিত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ১০টি শয্যা চালু করা হয়। পঞ্চগড় থানা স্বাস্থ্যকেন্দ্রের জিপ গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহূত হতো। পঞ্চগড় চিনিকলের চিকিৎসক আতিয়ার রহমানের তত্ত্বাবধানে বড় কোনো অপারেশন ছাড়া মুক্তিযোদ্ধাদের সব ধরনের চিকিৎসা হতো এখানে। এখানে সেবিকা হিসেবে রোকেয়া, সালমা, সহকারী তফিজ, চালক ইউনুস ও টেকনিশিয়ান সেলিম রেজা কাজ করতেন। একসময় এই হাসপাতালে যোগ দেন ইন্টার্নি ডা. হাসিনা বানু ও ডা. শামসুদ্দিন দম্পতি।মুক্তিযুদ্ধে তেঁতুলিয়ার অবদানের কথা স্মরণীয় করে রাখতে এখানকার ডাকবাংলো চত্বরে একটি চার কোনা বেদির ওপর উলম্ব স্মৃতিচিহ্ন নির্মিত হয়েছে। এর নামকরণ করা হয়েছে ‘স্বাধীনতার তীর্থভূমি তেঁতুলিয়া’। এই স্তম্ভে উৎকীর্ণ রয়েছে কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি।