পঁচিশ থেকে ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোদ্ধা ও ছোট ভাই যখন লিখতে বলল, মনে হলো কাজটা খুব সহজ নয়। কারণ, যে সময়–গণ্ডি নিয়ে ভাবতে আর লিখতে হবে, তা হলো পঁচিশ বছর। তা-ও আবার এমন একটি অধ্যায়কে নিয়ে, যেখানে ব্যক্তি, সামষ্টিক আর জাতীয় জীবন দেখেছে অভাবনীয় চড়াই-উতরাই। যাকে বলে জীবন বদলানো অভিজ্ঞতা।
সেই পঁচিশ বছরের ফ্রেমের এক প্রান্তে আমি ২৫ ছুঁই–ছুঁই, একটু বাবরি, একটু ছিমছিমে এক তরুণ। সবে কমবেশি এক বছর আগে সামরিক স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদের পতনের উল্লাসের অংশীদার। এরশাদ ভ্যাকেশনের পর আবার পড়া ও স্নাতকোত্তর পরীক্ষার প্রস্তুতি। আরও অনেকের মতো নিপ্রা (নিবেদিতপ্রাণ) মঞ্চ-পথ নাট্যকর্মী। তরুণ হৃদয়ে একদিকে প্রেমের সুবাতাস বইছে, আরেক দিকে প্রেমের বিপক্ষ শক্তির টানাপোড়েনে হৃদয় জর্জরিত।
বাড়িতে মা সম্ভবত তখন সবে বাংলাদেশ টেলিভিশন আর বাংলাদেশ বেতারে নাটক করা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন কিছুটা স্বেচ্ছায়, কিছুটা অনিচ্ছায়। দুই চোখেই ছানির অস্ত্রোপচারে যে বিরতি হয়েছিল, টিভি-রেডিওর নিয়মিত চেনা পরিচালক-প্রযোজকেরা সেই গর্তে মায়ের নাটক করার কথা ভুলে যাচ্ছেন, আর ওই গর্ত ভরাট করে ফেলছেন মায়ের বয়সী অন্য শিল্পীরা।

>সময় এসেছে আমাদের শহীদ বাবা-মায়ের গৌরবগাথা আমাদের নিজেদের সন্তান থেকে সব বঙ্গসন্তানের কাছে তুলে ধরা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিষ্ঠার অংশ হিসেবে

এমন একসময় জীবনে প্রজন্ম ’৭১ আবির্ভূত। এ যেন ‘না চাহিতে যারে পাওয়া যায়’। ঢাকা বিশ্ববিদ্যালয়, তার আশপাশের এলাকার কয়েকজন, যাঁদের কাউকে কাউকে বেশি চেনা, কেউ কেউ কম চেনা কিন্তু অচেনা নয়, তাঁদের যোগাযোগ-বৈঠক-আলাপ-চা-গল্প। প্রথম ছয়জন থেকে বেড়ে কই চলে গেল, সংখ্যার বিচারে বলতে পারব না। কখনো হাসি, কখনো চোখের কোণে পানি চিকচিক, কখনো সম্ভাবনার আলোর ঝিলিক। আবার কখনো গুরুগম্ভীর আলাপ, মনোমালিন্য, অভিমান। আবার কিছু পরেই গলায়-গলায় ভাব, পাশাপাশি দৃপ্ত পদক্ষেপে চেতনার আন্দোলনের সহযোদ্ধা।
সেই শুরুর শূন্য আর শূন্যতা থেকে প্রজন্ম ’৭১ এখন ভরা যৌবনের ২৫। সেই পঁচিশের তরুণ আমি, এখন পক্বকেশী পঞ্চাশ ছুঁই–ছুঁই। আমার চারপাশের প্রজন্ম ’৭১-এর ভাইবোনদের ছেলেমেয়েরা এখন হয় কৈশোরে, নয় তারুণ্যে। তাদের কেউ কেউ কাছে থেকেও দূরে, কেউ স্বরূপ উন্মোচনের পর কাছে থেকে দূরে, আবার অনেকেই দূর থেকে অনেক কাছে। ঢাকার এক সীমান্তে রায়েরবাজার বধ্যভূমি চিহ্নিত করে স্মৃতিফলক স্থাপনের প্রতীকী শাবল বসানো শহীদ সন্তান রোকাইয়া হাসিনা (নিলি) আপার শিশুকন্যা অর্চি এখন মার্কিন বিশ্ববিদ্যালয়ে প্রবাসী বাংলাদেশি ছাত্রী।
আজ প্রজন্ম শব্দটি বাংলা ভাষার ব্যবহারে এক নতুন মর্যাদা এনে দিয়েছে। প্রজন্ম ’৭১ ঢাকায় একটি সাংগঠনিক রূপ দেয় কয়েকজন সেই ১৯৯১ সালে, সেখান থেকে পরবর্তী সময়ে বেশ কয়েকটি জেলায় শাখা গঠিত হয়। আবার দেশের বাইরেও আছে প্রজন্ম ’৭১। খোঁজ নিয়ে জানা গেছে, বিশেষ করে, প্রবাসের প্রজন্ম ’৭১-এর সদস্যদের সবাই শহীদ সন্তান নন, কিন্তু শহীদদের আদর্শ ধারণ করেন অনেকেই। অর্থাৎ, প্রজন্ম ’৭১ নামটির সঙ্গে আমরা যে ব্যাখ্যাটি ব্যবহার করি—‘মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান’, সেটি অনেকে ঊহ্য রাখেন সংগত কারণেই। আবার শেষাংশটিতে অনুপ্রাণিত হয়ে সংগঠন গড়ে উঠল ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। আমাদের সেই সময়ের স্মরণিকার নাম দিয়েছিলাম উত্তরসূরি, আজ সেই নামেও সংগঠন আছে। শুধু তা-ই নয়, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যেকোনো দাবি ও আন্দোলনে এই ২৫ বছর ধরে প্রজন্ম ’৭১ ক্যাটালিস্ট, নানা মত-অভিমানের মাঝে এক সুতো সেতুবন্ধ হিসেবে কাজ করে আসছে। এই গর্বের ভাগীদার ৩০ লাখ শহীদের স্বজনেরা। আমরা সারা দেশের ৩০ লাখ শহীদের সন্তানকে আক্ষরিক অর্থে এক জায়গায় আনতে পারিনি। কিন্তু আমাদের লোগোর মতো একটি সজীব ছায়াতল দিতে পেরেছি।
প্রজন্ম ’৭১ আজ যে বাংলাদেশের ইতিহাসে একটা অবস্থান তৈরি করে নিয়েছে, তা সব সময় সুমধুর ছিল না। আর দশটা সংগঠন এমনকি পরিবারের মতো আমাদেরও অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে, অনেক বন্ধু হারিয়েছি আবার কুবন্ধুও জুটেছে। প্রজন্ম ’৭১-এর জন্মই তো ১৯৯১-এর এক বৈরী পরিবেশে, যেখানে আমরা মাথা উঁচু করে শ্বাস নেওয়ার চেষ্টা করেছি। সরকারি গোয়েন্দা আর নিরাপত্তা বিভাগ শুধু আমাদের ওপর নজরদারি করেনি, আমাদের অর্থের প্রলোভনে, মিথ্যা আশ্বাসের ছলাকলায় বিভক্তি সৃষ্টির চেষ্টা করেছে। অভাবের সংসারে কেউ কেউ বিপথেও চলে গেছে। কিন্তু ব্যক্তির স্খলন প্রজন্ম ’৭১-কে স্খলনের পথে নিয়ে যেতে পারেনি।
সেই প্রাণোচ্ছল তারুণ্যের সময়ে আমরা যখন তিলে তিলে প্রজন্ম ’৭১ গড়ে তুলছি, আমাদের মায়েরা, অনেকের বড় ভাইবোনেরা তখনো জীবনসংগ্রামে লিপ্ত, আমাদেরই গড়ে তুলতে। ২৫ বছর পর সেই মায়েরা জীবনসায়াহ্নে, কেউ কেউ চলে গেছেন এই ধরাধাম থেকে। আর আমরা ৫০ ছোঁয়া বা পার করা শহীদ সন্তানেরা তুলে নিয়েছি আমাদের মায়েদের জীবনসংগ্রামের সেই রিলে রেসের ব্যাটন স্টিক। পাশাপাশি শাহরিয়ার কবির চাচা, জাহানারা ইমাম খালা, কর্নেল নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা আহাদ চৌধুরী, হাসান ইমাম, অধ্যাপক আনিসুজ্জামানসহ অনেকের শুরু করা ও চালিয়ে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়বিচার প্রতিষ্ঠার অকুতোভয় সংগ্রামে পাশাপাশি হেঁটে চলেছি তাঁদেরই দেখিয়ে দেওয়া পথে।
এখন কী, আরও আগেই সময় এসেছে প্রজন্ম ’৭১-এর আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বকালের জন্য সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার। সময় এসেছে আমাদের শহীদ বাবা-মায়ের গৌরবগাথা আমাদের নিজেদের সন্তান থেকে সব বঙ্গসন্তানের কাছে তুলে ধরা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিষ্ঠার অংশ হিসেবে। বেঁচে থাকা আমাদের মায়ের (এবং বাবার, যে ক্ষেত্রে মা শহীদ) জীবনসংগ্রামের সম্মান দেওয়া, কাছে থাকা, মন ও শরীরের কষ্ট লাঘবের চেষ্টা করা। সময় এসেছে সব শহীদের যোগ্য স্বীকৃতির দাবি আদায়ের, সব শহীদের অন্তিম বিরামস্থল—বধ্যভূমি চিহ্নিত করে নিশ্চিত করার। আরও কত কিছু। আর এসবের জন্য নিজেদের সুসংগঠিত করতেই হবে, থাকতেই হবে। এ আমাদের শহীদ বাবা-মায়ের, আমাদের সংগ্রাম করা মা-বাবার, বড় ভাইবোনদের রক্তের ঋণ। সারা জীবন প্রজন্ম ’৭১-এর আদর্শের সংগ্রাম করে গেলেও সেই ঋণ পুরো শোধ হওয়ার নয়।
শুভ জন্মদিন প্রাণপ্রিয় প্রজন্ম ’৭১। টোয়েন্টি ফাইভ নট আউট, অা হানড্রেড মাইলস টু গো। মে দ্য ফোর্স বি উইথ আস।
আসিফ মুনীর: শহীদ মুনীর চৌধুরীর সন্তান এবং আহ্বায়ক, রজতজয়ন্তী উদ্যাপন পরিষদ, প্রজন্ম ’৭১।