পটিয়ার ঘৃণাস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা কিংবা শ্রদ্ধা নয়, চট্টগ্রামের পটিয়ায় এবার ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাতে নির্মিত হলো স্তম্ভ। একাত্তরের গৌরবগাথার স্মৃতি তুলে ধরতে জাতীয় স্মৃতিসৌধ, শিখা অনির্বাণ থেকে শুরু করে নানা নান্দনিক স্থাপনা তৈরি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু সেই সময়ের শোষণ, বঞ্চনা ও নানা নিপীড়নের হোতাদের প্রতি আমাদের যে ঘৃণা, তারও তো একটা চিহ্ন থাকা চাই। একাত্তরে পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের দ্বারা হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ নানা বর্বরতার কথা বাঙালি কখনো বিস্মৃত হতে পারবে না। একাত্তরের গৌরব যেমন আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে বেড়াব, তেমনি রাজাকার-আলবদরদের প্রতি আমাদের ঘৃণাও থাকবে চিরকাল। আর সেই ঘৃণাই যেন মূর্ত হয়ে ফুটে উঠেছে এই ঘৃণাস্তম্ভে।চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া-আসার সময় মহাসড়কের পাশে প্রতিদিন হাজার হাজার মানুষের চোখে পড়ে এই স্তম্ভ। একাত্তরকে যাঁরা নিজ চোখে দেখেছেন, তাঁদের স্মৃতিতে চলতি পথে হঠাৎ করে উঁকি দিয়ে যায় রূঢ়, নির্মম, বীভৎস সেই বাস্তবতা। আর যারা দেখেনি, সেই নতুন প্রজন্মের সন্তানেরা দেশের অতীতকে খুঁজে বেড়ানোর প্রয়াস পায়। এভাবেই ইতিহাসকে জীবন্ত করে রাখবে এই ঘৃণাস্তম্ভ—এ রকমই মনে করছেন এর উদ্যোক্তারা।মহাসড়কের পাশে পটিয়া পৌরসভা এলাকায় পল্লী উন্নয়ন বিভাগের দপ্তরের সামনে প্রায় তিন শতক এলাকায় গড়ে উঠেছে এই স্তম্ভ। পটিয়া পৌর কর্তৃপক্ষ এটি তত্ত্বাবধান করবে। ঘৃণাস্তম্ভের ৫০০ গজের ভেতরে উপজেলা কমপ্লেক্সের মধ্যে জাতীয় স্মৃতিসৌধের আদলে একটি স্মৃতিসৌধও তৈরি হচ্ছে। পটিয়া উপজেলা পরিষদ স্মৃতিসৌধটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে। দুটি স্থাপনাই এবারের বিজয় দিবসের প্রথম প্রহরে উদ্বোধন করা হবে। পটিয়া থেকে নির্বাচিত সাংসদ সামশুল হক চৌধুরী পৃষ্ঠপোষকতা করেছেন এ উদ্যোগে। তিনি প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাথা যেমন আমাদের স্মৃতিতে ধরে রাখতে হবে, তেমনি একাত্তরে যারা মা-বোনদের ইজ্জত লুণ্ঠন থেকে শুরু করে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে এবং বাঙালি জাতির অস্তিত্বকে ধ্বংস করতে চেয়েছিল, তাদেরও ভুলে গেলে চলবে না। তাদের প্রতি ঘৃণাটা যেন আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখি। এ জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।ঘৃণাস্তম্ভটির নকশা করেছেন শিল্পী শুভাশীষ দাশ। তিনি জানান, ১৪ ফুট উঁচু এই স্তম্ভের শীর্ষে একটি মুখ রয়েছে। ১৯৭১ সালে পটুয়া কামরুল হাসানের আঁকা ‘এই সব জানোয়ারদের হত্যা করতে হবে’ শীর্ষক চিত্রকর্মের মুখের মতোই স্তম্ভের মুখটি। একাত্তরের সেই স্মৃতির কথা সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্যই পটুয়া কামরুল হাসানের আঁকা মুখটি ব্যবহার করা হয়েছে। স্তম্ভের পেছনের দেয়ালে থাকবে হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্যাতনের নানা ছবিসংবলিত ম্যুরাল। কাজটি এখনো বাকি আছে।পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমদ বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে এই ঘৃণাস্তম্ভ। এর মাধ্যমে স্বাধীনতাবিরোধী চক্রের প্রতি আনুষ্ঠানিক ধিক্কার জানানোর সুযোগও সৃষ্টি হলো।দেশের প্রথম ঘৃণাস্তম্ভের কাজ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে। মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন। এখন পেছনের দেয়াল ছাড়া সব কাজ শেষ। অপেক্ষা শুধু মহান বিজয় দিবসের প্রথম প্রহরের। সেদিন পটিয়াবাসী নতুন উদ্দীপনায় নতুন নির্মিত স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের মহান মুক্তিযোদ্ধা আর শহীদদের শ্রদ্ধা জানাবে আর ঘৃণাস্তম্ভে গিয়ে থুতু ছিটাবে।ওমর কায়সার, চট্টগ্রাম