১৯৮৯ সালে শুরু দৃকের পথচলা। তখন পর্যন্ত বিশ্বের কাছে বাংলাদেশ মানে তলাবিহীন ঝুড়ি, বন্যা, খরা আর দুর্যোগ। এই বিষয়গুলোই প্রচার হতো বিশ্বের গণমাধ্যমগুলোতে। তখন থেকে ভাবতে শুরু করলেন কয়েকজন লেখক ও আলোকচিত্রী। এর বাইরেও অনেক বিষয় আছে আমাদের দেশে, যা বিশ্বকে জানানো দরকার। তখন থেকে কেউ ছবি তুলে, কেউ লিখে বিশ্বকে জানাতে শুরু করলেন অন্য এক বাংলাদেশকে। কাজ করতে গিয়ে দেখা গেল ভালো ফটোগ্রাফারের অভাব। এই ভাবনা থেকে ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হলো ফটোগ্রাফি প্রতিষ্ঠান ‘পাঠশালা’। সেই থেকে দক্ষ আলোকচিত্রীদের দল ভারী হতে লাগল। ভারী হতে থাকে সংগ্রহশালা। এই ছবিগুলো বিক্রি করার জন্য দৃক প্রতিষ্ঠা করে মেজরিটি ওয়ার্ল্ড, যেখানে বিক্রি হয় বিশ্বের বিভিন্ন আলোকচিত্রীর ছবি। দৃক এখন ২৩ বছর বয়সী যুবক। গ্রামপর্যায়ে ১০ জন সাংবাদিককে দেওয়া হয় মাল্টিমিডিয়া সাংবাদিকতার প্রশিক্ষণ। এখানে বর্তমানে কাজ করেন ৩০ জন সাংবাদিক। প্রত্যেককে দেওয়া হয়েছে স্মার্টফোন। এই মোবাইল ব্যবহার করে সাংবাদিকেরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা করছেন। ২০১৫ সালে সব জেলায় প্রতিনিধি দেওয়ার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির। বর্তমানে ভিজুয়াল জগৎ অনেক জনপ্রিয় হয়ে উঠছে। তাই দৃক আরও প্রতিষ্ঠা করে দৃক নিউজ ফটো এজেন্সি, যার মাধ্যমে সবাই সবকিছু দেখবে মোবাইলে।প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি ছিলেন ন্যাশনাল জিওগ্রাফির আলোকচিত্রী রেজা দেঘাতি। তিনি তাঁর পেশাদার আলোকচিত্রী হয়ে ওঠার গল্প বলেন সবাইকে। এ ছাড়া বক্তব্য দেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান। তিনি আলোকচিত্রের সঙ্গে সমকালীন মূলধারার অন্য মাধ্যমগুলোর সেতুবন্ধ নিয়ে কথা বলেন। দৃকের পরিচালক শহীদুল আলম জানান, ‘আমরা চেষ্টা করছি সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের সমতা এখনো হয়নি। অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের।’প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৃক গ্যালারিতে ৪ সেপ্টেম্বর শুরু হয়েছে প্রদর্শনী। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এখানে রয়েছে দুর্লভ ১২টি ছবি, যার অনেকগুলো ছবির দ্বিতীয়টি আর হবে না। এর কোনো কোনোটির নেগেটিভও হারিয়ে গেছে। প্রদর্শনীতে স্থান পেয়েছে রশিদ তালুকদার, মনজুরুল আলম বেগ, বিজন সরকার, মো. আমিন, শহীদুল আলমসহ আরও কয়েকজন আলোকচিত্রীর ছবি। এ ছাড়া মেজরিটি ওয়ার্ল্ড গ্যালারিতে রয়েছে বিশ্বের ১৪টি দেশের ১৭ জন আলোকচিত্রীর ছবি। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে দৃকের নিয়মিত আয়োজন আন্তর্জাতিক ফটো প্রদর্শনী ‘ছবি মেলা’ অনুষ্ঠিত হবে। খালেদ সরকার