পথচারীবৈরী ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজনীতিকেরা প্রায়ই নিজেদের সুবিধা হয়, এমনভাবে ইতিহাস ব্যবহার করে থাকেন। নিজেদের যেসব কর্মকাণ্ড নিন্দনীয় অথবা বিব্রতকর, সেগুলো তাঁরা আড়াল করার চেষ্টা করেন। আর যেসব ঘটনা তাঁদের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে, সেগুলো বারবার বড় করে দেখানোর চেষ্টায় তাঁরা অভ্যস্ত। ইংরেজিতে একে সিলেক্টিভ অ্যামনেশিয়া বলে বর্ণনা করা হয়ে থাকে। একইভাবে আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব যাঁদের, সেসব প্রতিষ্ঠানের শীর্ষে থাকা ব্যক্তিদের খামখেয়ালিপনার পরিণতিতে আইন প্রয়োগে যে তারতম্য ঘটে থাকে, তাকে ইংরেজিতে বলা হয় সিলেক্টিভ অ্যাপ্লিকেশন অব ল। আমাদের দেশে এই দুটো আচার-আচরণে যে আমরা কতটা অভ্যস্ত হয়ে পড়েছি, তার একটি সর্বসাম্প্রতিক দৃষ্টান্ত হলো ঢাকার রাস্তায় মাত্র তিন-চার কিলোমিটারের মধ্যেই পথচারীদের বে–নজির হয়রানি ও দুর্ভোগ। 
নাগরিকদের চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপের নমুনা আমরা মাঝেমধ্যে যে দেখি না, তা নয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচলের সময় রাস্তাগুলোতে পথচারীদের পারাপার বন্ধ করার অভিজ্ঞতা রাজধানীবাসীর নতুন নয়। মাঝেমধ্যে অবশ্য পুলিশের বড়কর্তাদের জন্যও একইভাবে রাস্তায় পথচারী পারাপার বন্ধ করা হয়। তবে সেগুলো সাময়িক। কিন্তু গত সপ্তাহে ঘোষণা দিয়ে তিন কিলোমিটার রাস্তায় গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে যে পাঁচ শতাধিক নাগরিকের নাম অপরাধীর তালিকায় লিপিবদ্ধ করা হলো, তা নজিরবিহীন। গত বৃহস্পতিবার মাত্র ১৫ মিনিটের ব্যবধানে ঘটা কারওয়ান বাজারের সোনারগাঁওয়ের মোড়ের দুটো ঘটনার চিত্র এখানে তুলে ধরা প্রয়োজন মনে করছি। সন্ধ্যা পৌনে ছয়টায় এক তরুণীকে পুলিশ ধরে এনে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করলে তরুণীটি ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘সন্ধ্যার পর একা আন্ডারপাসে ঢুকব, আপনি সেখানকার অবস্থা জানেন? আগে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করুন’ (প্রথম আলো, ২৮ নভেম্বর, ২০১৪)। প্রকাশিত খবর অনুযায়ী, ওই তরুণীকে ম্যাজিস্ট্রেট ৫০ টাকা জরিমানা করেন। অথচ, ঠিক ১৫ মিনিট পর সন্ধ্যা ছয়টায় ওই একই এলাকার একটি ছবিতে দেখা যাচ্ছে, ম্যাজিস্ট্রেট উঠে যাওয়ার পর বেশুমার পথচারী রাস্তা পার হচ্ছেন, কেউ তাঁদের বাধা দিচ্ছে না (নিউ এজ, ২৮ নভেম্বর, ২০১৪)। আবার, ওই একই মোড়ে পান্থপথে পথচারীদের পারাপারে কোনো নিয়ন্ত্রণ নেই। অথচ সম্ভাব্য যানবাহনের চাপ বিবেচনা না করেই গড়ে তোলা ঢাকার অন্যতম এক বৃহদাকার বিপণিকেন্দ্রের কারণে ওই পান্থপথে যে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেখানে পথচারীদের নিরাপত্তার বিষয়ে কারও কোনো উদ্বেগের লেশমাত্র নেই। সোনারগাঁও হোটেলের সামনে যত অঘটন ঘটে তার অধিকাংশের জন্যই দায়ী হচ্ছে বাস-মিনিবাসের যাত্রী তোলার প্রতিযোগিতা এবং যেখানে-সেখানে থামানো। আবার হোটেলের সামনের রাস্তার অর্ধেকটাই দখল হয়ে আছে অঘোষিত পার্কিং হিসেবে।
মন্ত্রী-নিয়ন্ত্রিত পরিবহনশ্রমিকদের ইউনিয়নের দাপটের কাছে অসহায়, যাত্রীবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ব্যর্থ ঢাকার পুলিশ কমিশনার তাঁর বহুল প্রচারিত ‘নিয়মনীতি না-মানা পথচারীদের’ হাঁটাচলা শেখানোর যে অভিযান পরিচালনা করছেন, তার অন্যতম কারণ হিসেবে তিনি বলেছেন যে পথচারীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা জখম এড়ানোর জন্য তাঁদের এভাবে রাস্তা পারাপার বন্ধ করা প্রয়োজন। তিনি সে জন্য ঢাকায় ১০০-রও বেশি পথচারীর মৃত্যুর তথ্য তুলে ধরেছেন। তবে, যে তিন কিলোমিটার এলাকার মধ্যে তাঁর বাহিনী ইচ্ছেমতো আইন প্রয়োগ করছে, সেই অংশে দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যাগুলো তিনি আলাদা করে প্রকাশ করেননি। সেটা প্রকাশ করলে দেখা যাবে ঢাকার বিমানবন্দর থেকে বনানীর মধ্যকার এলাকা কিংবা শনির আখড়া থেকে সায়েদাবাদ অথবা মিরপুর এলাকায় হতাহতের সংখ্যা যত, তার ভগ্নাংশও এই তিন কিলোমিটারে ঘটেনি। তদুপরি, যে কয়টি দুর্ঘটনা ঘটেছে সেগুলো যতটা না পথচারীদের জন্য ঘটেছে, তার চেয়ে বেশি ঘটেছে পরিবহনশ্রমিকদের নৈরাজ্যের জন্য। পরিবহনশ্রমিকদের নৈরাজ্যের মধ্যে আছে চালকদের বেপরোয়া প্রতিযোগিতা, যেখান-সেখান থেকে যাত্রী ওঠানো ও নামানো।
বিশ্বজুড়েই রাস্তার নানা প্রকারভেদ আছে। আন্তজেলা সড়কগুলো সাধারণত দ্রুতগতির হয় বলে সেগুলো পথচারীদের জন্য নিষিদ্ধ। আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোর ভেতরের রাস্তাগুলোতে অগ্রাধিকার পথচারীদের। সে কারণে, জনবসতির রাস্তাগুলোতে সব ধরনের যানবাহনের গতিসীমা ঘণ্টায় ২০ থেকে ৩০ মাইলের বেশি হয় না। ব্রিটেন ও ইউরোপের অনেক দেশেই চালকদের অসাবধানতার কারণে প্রাণহানি ঘটার মাত্রা কমিয়ে আনতে এগুলোর গতিসীমা এখন ২০-এ নামিয়ে আনার হিড়িক লেগেছে। এমনকি, অনেক জায়গায় বাচ্চাদের স্কুলগুলোর আশপাশে তা ১৫-তেও নামিয়ে আনা হয়েছে। কারণ, গবেষণায় দেখা গেছে, গতিসীমা কম থাকলে গাড়ি ধাক্কা দিলেও জীবন বাঁচানো সম্ভব। লন্ডনের মতো বড় শহরগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের পরিকল্পনার অন্যতম প্রধান বিবেচ্য হচ্ছে যানবাহনের গতি নিয়ন্ত্রণ; পথচারী নিয়ন্ত্রণ নয়। ওসব শহরে পর্যটকদের আকৃষ্ট করে যেসব জনবহুল এলাকা কিংবা বাণিজ্যিক এলাকা, সেসব এলাকায় প্রায়ই দেখা যাবে চালকেরা গাড়ি থামিয়ে পথচারীদের রাস্তা পার হওয়ার সুযোগ করে দিচ্ছেন। যানবাহন নিয়ন্ত্রণের স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থা ছাড়াও, পথচারীদের পারাপারের নানা ধরনের ব্যবস্থা থাকা সত্ত্বেও পথচারীদের অগ্রাধিকার দেওয়ার চিত্র দেখা যাবে সব জায়গাতেই। ওই সব শহরে তাই কখনো কোনো পথচারীর রাস্তা পারাপারের জন্য জরিমানা দেওয়ার কথা শুনিনি। সম্ভবত ঢাকার পুলিশ এখন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিতে পারবে। বিশেষ করে, বিশ্ব রেকর্ডের প্রতি আমাদের আগ্রহ যখন এক নতুন মাত্রায় পৌঁছেছে।
শহরের যানবাহন ও পথচারী চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা হতেই পারে। শাহবাগ থেকে ফার্মগেট—এই তিন কিলোমিটার এলাকা সে ধরনের নিরীক্ষার জন্য বেছে নেওয়ায়ও আপত্তির কিছু নেই। কিন্তু বিষয়টি যখন তার ভালো-মন্দ ও সম্ভাব্য প্রতিক্রিয়ার ক্ষতির পরিমাণটি বিবেচনায় না নিয়ে করা হয়, তখন তাকে তুঘলকি কাণ্ড ছাড়া আর কী-ই বা বলা যায়। একজন সাবেক সচিব ও কূটনীতিক লিখেছেন যে বয়সজনিত শারীরিক সামর্থ্য কমে আসায় সিঁড়ি ভেঙে পদচারী সেতু দিয়ে রাস্তা পার হওয়া তাঁর বা তাঁর স্ত্রীর পক্ষে সম্ভব নয়। সুতরাং তিনি লিখেছেন যে এবার বোধ হয় তাঁকে জেলে যেতেই হচ্ছে। তাঁকে যে জেলে যেতে হয়নি, সেটা আমি নিশ্চিত। কেননা, তাহলে তা সংবাদ শিরোনামে উঠে আসত। কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় এক পুলিশের হাত কামড়ে দেওয়ায় ২২ বছরের এক তরুণীকে জেলে যেতে হয়েছে। পথচারীদের জন্য পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না করে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তাতে করে জরিমানা গোনা শত শত মানুষকে মুহূর্তের মধ্যেই অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকারি চাকরির আবেদন করতে গেলে তাঁদের অনেকেই এখন অযোগ্য বিবেচিত হবেন, নয়তো তাঁদের মিথ্যার আশ্রয় নিতে হবে।
অথচ পথচারীদের রাস্তা পারাপারে নিয়ম না মানার জন্য দেশে কোনো আইনের অস্তিত্ব নেই। ২০১৩ সালের জাতীয় সমন্বিত পরিবহন নীতিমালায় পথচারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে (প্রথম আলো, ২৬ নভেম্বর, ২০১৪)। সেখানে প্রতি ৩০০ মিটার দূরত্বে জেব্রা ক্রসিং, পাতালপথ অথবা পদচারী সেতুর ব্যবস্থা করার কথা রয়েছে। ওই সব ব্যবস্থা থাকলে পথচারীকে সেগুলো অনুসরণ করতে হবে। কিন্তু অনুসরণ না করলে তাঁকে শাস্তি দেওয়ার কোনো বিধান ওই নীতিমালায় নেই। পথচারী নিয়ন্ত্রণে শাস্তির ব্যবস্থা না থাকলেও পুলিশকর্তাদের তাতে কিছু যায়-আসে বলে মনে হয় না। সে কারণে ভিন্ন আইনে তাঁদের শাস্তি দেওয়ার ব্যবস্থা হয়েছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো এই যে, আমাদের নাগরিক অধিকারবিষয়ক সংগঠনগুলো এতটাই বিদেশি তহবিলনির্ভর যে, এ ধরনের হয়রানির প্রতিকারে তারা কেউই ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে এগিয়ে আসেনি।
অর্থনৈতিক সমৃদ্ধির জন্য জীবনে গতিসঞ্চার করার প্রয়োজনীয়তা কেউই অস্বীকার করতে পারে না। কিন্তু তাই বলে যে নগরে ৩০ শতাংশ মানুষ দৈনন্দিন কাজ সারেন হেঁটে (তথ্যসূত্র: জাইকার সমীক্ষা), সেখানে দ্রুতগতির মোটরযানগুলোর জন্য পথচারীদের প্রতি অন্যায় বৈরিতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্বের বড় শহরগুলোর কেন্দ্রস্থলে ফুটপাতগুলোর দৈর্ঘ্য অনেক জায়গায় রাস্তার দৈর্ঘ্যের চেয়েও বেশি। তার পরও, তারা সেখানে যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। কেননা, তাঁরা চান তাঁদের শহর পথচারীবান্ধব হোক। ঢাকাকে আমরা হয়তো পথচারীবান্ধব করতে পারব না, কিন্তু সেটিকে পথচারীবিদ্বেষী বা পথচারীবৈরী নগরে রূপান্তর করা কি ঠিক হচ্ছে?
কামাল আহমেদ: সাংবাদিক।