পদায়ন-বদলি: পদে পদে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাডার সার্ভিসের বিধি মোতাবেক প্রত্যেক কর্মকর্তা তিন বছর পরপর বদলি হবেন, এটাই স্বাভাবিক। তবে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে এই নিয়ম অনুসরণ করা হয় না। ফলে বদলি ও পদায়ন নিয়ে রয়েছে নানা অনিয়ম, বঞ্চনা, ক্ষোভ ও দুঃখ। এ ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা না থাকায় শিক্ষা ক্যাডারে দিন দিন তৈরি হচ্ছে নানা অনিয়ম আর দুর্নীতি। এমন অনেক কর্মকর্তা আছেন, যাঁরা চাকরিজীবনের পুরো সময়টা একই কলেজে কাটিয়ে দিচ্ছেন। এর ফলে ওই কর্মকর্তারা হয়ে ওঠেন ওই কলেজের নিয়ন্ত্রক বা ত্রাণকর্তা, আর সেটা যদি হয় তাঁর নিজের এলাকার কলেজ, তা হলে তো কথাই নেই। এ ধরনের কর্মকর্তাদের মধ্যে এমন মানসিকতা তৈরি হয় যে, ওই কলেজ তাঁদের নিজস্ব সম্পদ। কাজেই তাঁদের খেয়ালখুশিমতো কলেজ চলবে, এটাই নিয়ম। তাঁদের দিয়ে ত্রিমাত্রিক একটি চক্র তৈরি হয়। এক. শিক্ষকদের নিয়ে নানা দল-উপদল তৈরি করে নিজের পাল্লা ভারী করে কলেজের প্রশাসনকে চাপে রাখা। দুই. ছাত্রনেতাদের ব্যবহার করে ওই একই উদ্দেশ্য সাধন করা। তিন. স্থানীয় লোকজন বা স্থানীয় ছাত্রদের ব্যবহার করে নিজের শক্তি প্রদর্শন করা। ফলে কলেজের যেকোনো কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততাই অতিমাত্রায় লক্ষ করা যায়। এমন অনেক কলেজ আছে বা এমন অনেক শিক্ষক আছেন, যাঁদের কাজ হচ্ছে অযাচিতভাবে অধ্যক্ষ মহোদয়ের পাশে বসে নানা সলাপরামর্শ প্রদান করা বা এর মাধ্যমে কলেজ পরিচালনা করা বা ক্লাস মনিটর করা।আরেক শ্রেণীর শিক্ষক আছেন, যাঁদের বাসা ঢাকায় কিন্তু পোস্টিং ঢাকার বাইরে। ঢাকায় পোস্টিং না পাওয়ায় তাঁরা চেষ্টা করেন ঢাকার আশপাশের কলেজে পোস্টিং নিতে। কলেজটির দূরত্ব যদি ঢাকা থেকে প্রতিদিন যাওয়া-আসা করার মতো হয়, তা হলে তাঁরা প্রতিদিন যাওয়া-আসা করেন। আর যদি দূরত্ব বেশি হয়, তা হলে তাঁরা কলেজে থেকে সপ্তাহ শেষে ঢাকায় পরিবার-পরিজনের কাছে চলে আসেন। সপ্তাহের শুরুতে আবার চলে যান। এই শ্রেণীর শিক্ষকেরা সপ্তাহের সব কদিন কলেজে থাকেন না। এ ক্ষেত্রে তাঁদের সময়সূচির ক্লাস কয়েক দিনের মধ্যে শেষ করে তাঁরা ঢাকায় চলে আসেন। বিভাগ ও প্রশাসনকে প্রভাবিত করে তাঁরা কাজটি করে থাকেন। এই শিক্ষকদের দাবি হচ্ছে, ঢাকায় পোস্টিং হলে পুরো সপ্তাহ, এমনকি শুক্রবারেও তাঁরা কাজ করতে রাজি।তৃতীয় শ্রেণীতে যাঁরা আছেন, তাঁদের অনেকে ‘ব্রাহ্মণ’ বলেও অভিহিত করে থাকেন। কারণ, তাঁরা কম-বেশি সারাজীবন ঢাকাতেই চাকরি করে থাকেন। অনেকের মতে, এঁরা সোনার চামচ মুখে দিয়ে এই চাকরিতে যোগদান করেছেন এবং ঢাকায় পোস্টিং তাঁরা স্থায়ী করে নিয়েছেন। তাঁরা ছাড়া অন্যদের ঢাকায় পোস্টিং যেন বেমানান। এখানে উল্লেখ করা প্রয়োজন, অনেকে শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী পাওয়া বা জীবনে প্রথম শ্রেণীর মুখ কোনো দিন দেখেননি, এমন যোগ্যতা নিয়েও বছরের পর বছর ঢাকার বিভিন্ন কলেজে বা অফিসে চাকরি করে যাচ্ছেন। এ ক্ষেত্রে পেশাগত যোগ্যতা বা একাডেমিক যোগ্যতার চেয়ে নিম্নোক্ত চার ধরনের যেকোনো একটি যোগ্যতাই ঢাকায় পোস্টিংয়ের জন্য জরুরি। এক. রাজনৈতিক মামা-খালু থাকা। দুই. আমলা আত্মীয়স্বজন থাকা। তিন. বিসিএস শিক্ষা সমিতির তোষামোদি করা। চার. প্রশাসনের অদৃশ্য শক্তি খুঁজে বের করা এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া। এর মধ্যে যেকোনো একটি যোগ্যতা থাকলে ঢাকায় পোস্টিং খুব সহজ হয়। এসব যোগ্যতাবলে সরকারের নীতি ও আদর্শ পরিপন্থী অনেক কর্মকর্তাই বহাল তবিয়তে ঢাকায় বসে আছেন। যদিও প্রায়ই সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ উত্থাপিত হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন।উপর্যুক্ত বিভিন্ন শ্রেণীর কারণে সরকারি কলেজগুলোতে নানা রকম সমস্যার উদ্ভব হচ্ছে এবং বদলি ও পদায়নের ক্ষেত্রে অসমতা বিরাজ করছে। এসব সমস্যা সমাধানকল্পে কিছু সুপারিশ তুলে ধরা হলো: ১. বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কোনো কর্মকর্তাকে নিজ জেলায় পদায়ন না করা। ২. বাংলাদেশ চাকরি বিধানাবলি মোতাবেক প্রত্যেক কর্মকর্তাকে তিন বছর পর পর অন্য কর্মস্থলে বদলি করা। ৩. পদায়ন ও বদলির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা এবং তা অনুসরণ করা। ৪. কলেজগুলোকে এ, বি, সি, ডি ক্যাটাগরিতে ভাগ করে একাডেমিক যোগ্যতা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অনুযায়ী পদায়ন ও বদলি করা। ৫. কর্মকর্তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী (সম্ভবমতো) পদায়ন ও বদলি করা। ৬. ঢাকায় পোস্টিংয়ের ক্ষেত্রে প্রয়োজনে পরীক্ষার ব্যবস্থা নেওয়া এবং প্রাক-যোগ্যতা নির্ধারণ করা। ৭. চাকরিজীবনের মোট কত সময় ঢাকায় থাকা যাবে, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা তৈরি করা। ৮. কেউ চাইলে চাকরিজীবনের শেষ বছর নিজ জেলায় পদায়ন করা।ছোট্ট একটা বাস্তব গল্প দিয়ে লেখাটি শেষ করতে চাচ্ছি। আমার এক পরিচিত ঘনিষ্ঠজন ২৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে যোগদান করেছেন। তিনি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন এবং শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় শ্রেণী/ বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তদবির-বলে প্রথম পোস্টিং ঢাকা কলেজে। যখন পোস্টিং নিশ্চিত হয়েছে, তখন বাসার সবাই উদ্বিগ্ন। কারণ, ওই কর্মকর্তা নিজের দৌড় সম্পর্কে অবগত আছেন। কাজেই ঢাকা কলেজে কী পড়াবেন, কী করবেন এমন উদ্বিগ্ন অবস্থায় যোগদান করলেন এবং এখনো বহাল তবিয়তে সেখানে আছেন। এমন অনেক উদাহরণ আশপাশে খুঁজলেই পাওয়া যাবে। আর এসব বাস্তবতার কারণেই হয়তো ঢাকার সরকারি নামীদামি কলেজগুলো তাদের পুরোনো ঐতিহ্য হারাতে বসেছে। অভিভাবকেরা সরকারি কলেজ রেখে বেসরকারি কলেজগুলোর (ইতিমধ্যে ঢাকায় যাঁরা নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন) দিকে ঝুঁকছেন। সরকারি কলেজগুলোর হূত গৌরব ফিরিয়ে আনতে উপর্যুক্ত সুপারিশগুলো বাস্তবায়ন করা জরুরি। মো. সেলিম রেজা: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য।