বাংলাদেশে যে দুর্নীতি হয় তা কে না জানে। ‘ভবিষ্যতে’ দুর্নীতি হতে পারে—এ রকম আশঙ্কা থেকে আজ বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণ আটকে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বব্যাংক টাকা না দিলে কি আমরা হায় হায় করে কপাল চাপড়ে মরব? পদ্মা সেতুর কি কোনো গতি হবে না? হবে, নিশ্চয়ই হবে, যদি আমরা একে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে, নিজেদের সম্পদ ও মেধা দিয়ে মোটামুটি দুর্নীতিমুক্তভাবে একটি পদ্মা সেতু বানিয়ে বিশ্বে মাথা উঁচু করে বলতে পারি, এই দেখো, আমরাও পারি! এই বিরল সুযোগ এখন আমাদের সামনে।তবে এ জন্য সর্বাগ্রে সেতু বাস্তবায়নে একটি কমিটি করতে হবে। দেশের ও প্রবাসীদের মধ্য থেকে সেরা বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদেরা থাকবেন এই কমিটিতে। তাঁরা হবেন সব বিতর্কের ঊর্ধ্বে। প্রধানমন্ত্রী যখন দুর্নীতির অভিযোগ গ্রহণের জন্য নিজের মুঠোফোন নম্বর দেশবাসীর কাছে উন্মুক্ত করেছেন, তখন এ রকম একটি কমিটি গঠন করে এগিয়ে যাওয়া খুবই সম্ভব। এই কমিটি কী করবে, সে কথায় পরে আসছি।এতে কোনো সন্দেহ নেই যে, দুর্নীতির অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাও অপরাধ। শুধু পদ্মা সেতু বলে না, বিশ্বাসযোগ্য কোনো অভিযোগ উঠলেই তার তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে সেটা যে একেবারেই হচ্ছে না, তা নয়। এ না হলে টিআইয়ের দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশ পর পর পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পর এখন অবস্থানের উন্নতি হচ্ছে কীভাবে। আরও এগিয়ে যেতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প কিছু নেই। সবচেয়ে ভালো উপায় হলো, ওপরতলা থেকে শাস্তি শুরু করা। হাতেগোনা কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে, তার বিশ্বাসযোগ্য তদন্ত করে দু-চারজন মন্ত্রীকে বরখাস্ত করলেই অবস্থা বদলাতে থাকবে। হয়তো আগামী দিনে টিআইয়ের সূচকে বাংলাদেশের অবস্থান আরও এগিয়ে যাবে। দুঃখের বিষয় হলো, সে রকম কোনো পদক্ষেপ এখনো সরকার নিচ্ছে না বা নিতে চাইছে না। এটা সরকারের ব্যাপার। সে যদি নিজের ভালো, দেশের ভালো বুঝতে না চায় বা না পারে, তাহলে আগামী নির্বাচনে তার খেসারত তাদের দিতে হবে। কিন্তু যদি সরকার দুর্নীতির বিরুদ্ধে সফল অভিযান শুরু করেও, তাহলেই কি বাংলাদেশ একেবারে সাফসুতরো হয়ে যাবে? না, সেটা হয় না। সময় লাগবে। কিন্তু একটা ব্যাপার হবে। মানুষের আস্থা অর্জন করা যাবে। মানুষ বুঝবে, বাংলাদেশে দুর্নীতি নিয়ন্ত্রণের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আপাতত এটাই দরকার। এটা কিন্তু কম কথা নয়। সরকার যে এত বড় বড় কথা বলছে, পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলে যে জোর গলায় দাবি করছে, তার আগে কিছু দুর্নীতিপরায়ণ নেতা-মন্ত্রীকে আইনের আওতায় আনে না কেন? এটা হলেই তো তাদের দাবির সপক্ষে জোরালো যুক্তি দাঁড়ায়। এ ধরনের দুর্নীতি ও তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আশপাশের প্রায় সব দেশেই চলছে। ভালোমন্দের মধ্য দিয়েই তারা এগিয়ে চলেছে। বাংলাদেশ তার ব্যতিক্রম হবে কেন?দুর্নীতি কোথায় হয় না? দুর্নীতি হলেই কি সে দেশ একেবারে পানিতে ভেসে যায়? এই তো সেদিন থাইল্যান্ডের সাবেক ও সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা শত শত কোটি ডলার পাচার ও ব্যাপক দুর্নীতির দায়ে আদালতে দণ্ডিত হয়ে দেশান্তরিত হয়েছেন। সেটা ২০০৬ সালের কথা। তারপর কত কিছু হয়ে গেল সে দেশে। দুই প্রধান রাজনৈতিক দলের লাল জার্সি আর বিপরীতে হলুদ জার্সি পরা নেতা-কর্মীদের মধ্যে কত সংঘাত, হানাহানি। অবরোধ। কতজন মারা গেল। এমনকি ব্যাংককের প্রধান বিমানবন্দরের সড়ক অবরোধ করে সবকিছু অচল করে রাখা হলো দিনের পর দিন। তারপর গত বছর নির্বাচনে সেই দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বে, সিনাওয়াত্রার সমর্থন ও আশীর্বাদপুষ্ট ফিউ থাই পার্টির বিজয় হলো। এখন সেই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে গলায় মালা দিয়ে দেশে ফিরিয়ে আনার পাকাপাকি ব্যবস্থা হচ্ছে। এত দুর্নীতির পরও থাইল্যান্ডের অর্থনীতি কি ধ্বংস হয়ে গেছে, না সারা বিশ্বে থাইল্যান্ডের নামে ছি ছি পড়ে গেছে? নাকি থাইল্যান্ডের মানুষ খুব গরিব হয়ে গেছে? সে রকম কিছুই হয়নি। যদি দুর্নীতি না হতো, তাহলে আরও উন্নতি হতো। কিন্তু দুর্ভাগ্য যে দুর্নীতির মধ্য দিয়ে তাদের চলতে হচ্ছে। উন্নতি কম হচ্ছে।বাংলাদেশের অবস্থা অনেকটা সে রকম, কম আর বেশি। দুর্নীতি ছিল, আছে, থাকবে। এটা মেনে নেওয়ার প্রশ্ন নয়। কিন্তু এটাই বাস্তব। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু তার মানে এই নয় যে, সবকিছু গেল। বিশ্বব্যাংক আমাদের ঋণ দেয়নি, এখন আমাদের বাঁচার আশা বুঝি শেষ!আরে বাবা, বিশ্বব্যাংক নিজেই কি এ ধরনের অভিযোগের ঊর্ধ্বে? তাদের বিরুদ্ধেও তো অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ফোর্বস ডট কম-এর ২৭-০৬-২০১২ সংখ্যায় এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ফোর্বস ম্যাগাজিনের ১৬ জুলাই সংখ্যায় এটা ছাপা হচ্ছে বলে এতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে http://www.forbes.com/sites/richardbehar/2012/06/27/world-bank-spins-out-of-control-corruption-dysfunction-await-new-president/ , ‘অব্যবস্থাপনার পাকে বিশ্বব্যাংক: নতুন প্রধানের সামনে তালগোল অবস্থা’ (World Bank Mired In Dysfunction: Mess Awaits New Head) । বিশ্বব্যাংক শুধু ঘুষের অভিযোগের কারণে আমাদের ঋণ বন্ধ করেছে, এটা ভাবলে ভুল হবে। আমরা ছোটমোটো দেশ বলে সমস্যাটা বেশি। কারণ, ঋণ গ্রহণ করি খুব কম। বিশ্বব্যাংকের খদ্দের হিসেবে আমাদের কদর কম। কিন্তু বিশ্বব্যাংকের চোটপাট চীনের মতো বড় খদ্দেরের বেলায় ততটা খাটে না। ওরা মেক্সিকোর পরই দ্বিতীয় বৃহত্তম ঋণগ্রহীতা দেশ। গত কয়েক দশকে তিন হাজার কোটি ডলার ঋণ নিয়েছে। ওরা ২০০৭ সালে যখন হুমকি দিয়ে বলল, বিশ্বব্যাংক যদি তাদের দুর্নীতিবিরোধী নতুন পরিকল্পনার সুর না নামায়, তাহলে চীন তাদের কাছ থেকে ঋণ নেওয়া বন্ধ করে দেবে, তখন বড় কর্তারা আতঙ্কগ্রস্ত হয়ে চুপ মেরে গেলেন। কারণ, বড় খদ্দেরদের মান্য করতে হবে! (সূত্র: পূর্বোক্ত)।আমরা গরিব দেশ, গরিবি হাল বজায় রেখেই চলতে হবে। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী থেকে শুরু করে সবাইকেই বিশ্বব্যাংকের ব্যাপারে যুক্তির ভাষায় কথা বলতে হবে। দুর্নীতির গন্ধ পেলেই বিশ্বব্যাংকের বাকি অন্যান্য প্রকল্পের ঋণ-সাহায্যের ওপর খড়্গ নেমে আসতে পারে।তাই এই মুহূর্তে দরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। সরকারের সামনে এটা বড় চ্যালেঞ্জ। যদি দেশবাসী দেখে যে সরকার বিশ্বাসযোগ্য তদন্ত ও ব্যবস্থা নিচ্ছে, তাহলে আস্থা ফিরে আসবে এবং এ রকম একটা অনুকূল পরিবেশে পদ্মা সেতু নির্মাণে সরকার একটি মর্যাদাসম্পন্ন পদক্ষেপ নিতে পারে।প্রথমে দেশের সেরা মেধাসম্পন্ন, জনগণের আস্থাশীল প্রকৌশলী-প্রযুক্তিবিদ, পরিকল্পনাবিদ, সেতু নির্মাণে অভিজ্ঞ কয়েকজন ব্যক্তির সমন্বয়ে একটি প্রকল্প কমিটি গঠন করে তাঁদের ওপর পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিন। দেশে ও প্রবাসীদের মধ্যে এ রকম মেধাসম্পন্ন ব্যক্তির অভাব নেই। কমিটির সদস্যরা হবেন সব রকম বিতর্কের ঊর্ধ্বে। এখানে দলীয় পরিচয় প্রাধান্য পাবে না। প্রধানমন্ত্রী এর তদারকি করবেন।এই কমিটি মূলত পদ্মা সেতু প্রকল্পে বৈদেশিক মুদ্রা (ডলার/পাউন্ড) বা তাঁদের মেধা বিনিয়োগের জন্য প্রবাসীদের কাছে আহ্বান জানাবে। বিনিয়োগকারীরা জাতীয় মর্যাদা ও গৌরবে ভূষিত হবেন এবং ন্যায্য হারে বেতন-ভাতা, সুদ পাবেন। কমিটি দেশীয় বিশেষজ্ঞ ও অর্থ বিনিয়োগকারীদের কাছেও উদাত্ত আহ্বান জানাবে। বিশ্বাসযোগ্য ব্যক্তিদের নিয়ে যদি কমিটি গঠন করা হয়, তাহলে এ রকম আহ্বানে সাড়া দেওয়ার মতো দেশি-প্রবাসী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অভাব হবে না। প্রবাসীদের বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের ওপর জোর দিতে হবে। তাহলে আমাদের বৈদেশিক মুদ্রাভান্ডারে চাপ পড়বে না। পাশাপাশি পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে।দুর্নীতি বা কোনো রকম প্রশ্ন ও বিতর্কের ঊর্ধ্বে এ রকম একটি পদ্মা সেতু প্রকল্প গঠন ও বাস্তবায়ন করে যদি বাংলাদেশ উদাহরণ স্থাপন করতে পারে, তাহলে বিশ্বব্যাংক নিশ্চয়ই আর মুখ ফিরিয়ে রাখবে না। তারাও এগিয়ে আসবে। কারণ, উন্নয়নশীল দেশগুলোকে আত্মনির্ভর দেশ হিসেবে দাঁড় করানোর জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়াই তো তাদের প্রধান কাজ।আব্দুল কাইয়ুম: সাংবাদিক।[email protected]