পদ্মার ভাঙন ও মরুময়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর ওপর সেতু নির্মিত হলে, সমুদ্রবন্দর মংলা বেশি ব্যবহারযোগ্যতা পাবে এবং দক্ষিণের সঙ্গে উত্তরবঙ্গের অর্থনৈতিক সম্পর্কের একটা মেলবন্ধন ঘটবে। সেই সঙ্গে উত্তর সীমান্তবর্তী দুটি দেশ নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ়তর হবে মংলা বন্দর এবং পদ্মা সেতুর মাধ্যমে। পদ্মার নাব্যতা আগের অবস্থায় ফিরিয়ে আনা গেলে, বৃহত্তর রাজশাহীর কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে আবার পূর্বের চাঙা অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। সেচ প্রকল্পগুলোতে পদ্মার পানি ব্যবহার করা গেলে ভূগর্ভস্থ পানির ক্রম নিম্নগামিতা রোধ করা যাবে।
অন্যদিকে পদ্মার বিস্তীর্ণ জলের অনেক অংশই
চরে পরিণত হয় শুষ্ক মৌসুমে। আর বর্ষা মৌসুমে নদীর অব্যাহত ভাঙনে মানুষের আশার জায়গাটি ক্রমেই বিলীন হতে থাকে। বাংলাদেশে গঙ্গার যে অংশটা পদ্মা নামে প্রবেশ করেছে, তার দৈর্ঘ্য প্রায় ২৫৮ কিলোমিটার, যার অধিকাংশ জায়গাতেই নদীশাসন বাঁধ নেই। বর্ষায় ভারতের অপ্রয়োজনীয় পানি যখন বাংলাদেশে প্রবেশ করে তখন কূল ছাপানো পানির তোড়ে ভাসতে থাকে জনপদ। সেই সঙ্গে অব্যাহত থাকে ভাঙন।
রাজশাহী শহরের সমান্তরাল পদ্মা নদীর অপর পাশে যে গ্রামগুলো রয়েছে, সেগুলো ভারতীয় সীমান্তের সঙ্গে। পদ্মার ভাঙনে গ্রামগুলো সংকীর্ণ হয়ে পড়ছে। ভাঙন অব্যাহত থাকলে রাজশাহী অঞ্চলে পদ্মার অপর পার আর বাংলাদেশের মধ্যে থাকবে না। সেখানকার মানুষ গৃহহীন এবং ভূমিহীন হয়ে পড়বে। বাংলাদেশ হারাবে নিজস্ব ভূমি।
পদ্মার তীরবর্তী মানুষ বারবার বিষয়টি সরকারের গোচরে আনার চেষ্টা করে যাচ্ছে, যেন বর্ষা মৌসুম শুরুর আগেই সঠিক পরিকল্পনার মাধ্যমে পদ্মা নদীকে সুশাসিত করা হয়। ভাঙনের মুখে প্রতিবার অস্থায়ী কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়, যা খড়কুটোর মতোই ভেসে যায়। সময়মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটাই আমাদের দাবি।
লেখক: সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী শাখার সহসভানেত্রী, রাজশাহী