অনেক জায়গায়, অনেক মানুষের জীবন স্বাভাবিক হয়ে এসেছে। এ সপ্তাহান্তে অনেক ব্রিটিশ হয়তো বারবিকিউ করেছেন, অনেকে হয়তো দেখেছেন এফএ কাপের চূড়ান্ত পর্বের খেলা, এমনকি ম্যানচেস্টারেও গ্রেট সিটি গেম অনুষ্ঠিত হয়েছে যথারীতি। কিন্তু যারা গত সোমবার রাতে (২২ মে) তাদের জীবনের স্বাভাবিকত্ব হারিয়েছে, যাদের ছেলেমেয়ে আকস্মিকভাবে মারা গেছে, তাদের ঘরে কী চলছে বা তাদের মনের ভেতরে কী চলছে, তা আমি চিন্তা করে উঠতে পারি না।
আমি কল্পনা করি এক ভাই তার ছোট বোনের দরজার সামনে দিয়ে যখন যাচ্ছে, তখন সেই রুমের নীরবতা সে সইতে পারছে না। আমি ভাবি, সেই বাবার কথা, যিনি ঘুম থেকে ওঠার পর নতুন করে উপলব্ধি করেন, ‘এটা সত্য, আমার মেয়েটি চলে গেছে।’
ব্রিটেনজুড়ে এখন তর্ক শুরু হয়েছে যে জঘন্য এই হামলার পেছনে কোন কারণটি কাজ করেছে। অনেকে বলছে, যে এই হামলা চালিয়েছে, সে পশ্চিমা মূল্যবোধকে ঘৃণা করে। চলাফেরার স্বাধীনতা, বিশেষ করে মেয়েদের স্বাধীন ও মুক্ত জীবনযাপনকে সে ঘৃণা করে। ঘৃণা থেকেই এই হামলার ঘটনা। আবার অনেকের মতে, পশ্চিমা বৈদেশিক নীতি এবং মুসলমান ভূখণ্ডে তাদের সশস্ত্র হস্তক্ষেপের রেকর্ডের কারণে এই হামলা চালানো হয়েছে।
এটা ঠিক যে এ ধরনের হামলার জন্য আমাদের পররাষ্ট্রনীতি সুস্পষ্টভাবে কিছু ভূমিকা পালন করছে। ম্যানচেস্টার হামলার মূল হোতার বোন জোমানা আবেদির সাক্ষ্য শুনুন, যিনি তাঁর ভাইয়ের কথা বলেছেন; ‘তিনি দেখেছেন সিরিয়ার শিশুদের ওপর আমেরিকা বোমা ফেলছে এবং তিনি এর প্রতিশোধ নিতে চেয়েছেন।’ মনে করুন, সেই ভিডিওর কথা, যেটা ৭/৭-এর বোমা হামলাকারীদের নেতা মোহম্মদ সিদ্দিক খান প্রকাশ করেছিলেন। সেই ভিডিওতে তিনি নিজেকে ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার প্রতিশোধ গ্রহণকারী হিসেবে অভিহিত করেন। মনে করুন ব্রিটেনের সিকিউরিটি সার্ভিসগুলোর সেই সতর্কবাণী, যারা আশঙ্কা করেছিল যে ইরাক যুদ্ধ মৌলবাদের বিস্তার ঘটাবে।
এসব ঘটনা আমাদের এই বোধের উপলব্ধি ঘটায় যে আমরা আমাদের পররাষ্ট্রনীতির পরিবর্তন ঘটিয়ে এ ধরনের হামলার ঘটনার অবসান ঘটাতে পারি। এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে ম্যানচেস্টারের মতো দুঃখজনক ঘটনা আর ঘটবে না। এটা এখন আমাদের ওপর নির্ভর করছে। তবে আমার মনে হয় না যে আমাদের পররাষ্ট্রনীতিই এসব হামলার একমাত্র কারণ। কথা বলুন তাদের সঙ্গে, যারা তাদের জীবন সহিংস জিহাদের পথে নিয়ে গেছে। পড়ুন আইএসের প্রচারণা এবং এর সদস্যদের সাক্ষাৎকার। দেখবেন ভিন্ন একটি চিত্র উঠে এসেছে।
একটা বিষয় লক্ষণীয়, আরব বিশ্বে অথবা আফ্রিকায় সহিংস জিহাদে যারা বলি হয়েছে, তাদের বেশির ভাগই মুসলমান। যখন তারা শিয়া মুসলমানদের হত্যা করছে বা পঙ্গু করছে, তখন তারা কিন্তু পশ্চিমাদের বৈদেশিক নীতিকে শাস্তি দিচ্ছে না।
যখন আইএস ইয়াজিদি সম্প্রদায়ের পুরুষদের হত্যা করেছে এবং ইয়াজিদি নারীদের ধর্ষণ করেছে, তখন তা মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের হস্তক্ষেপের প্রতিশোধ ছিল না। অদ্ভুতভাবে গোটা বিশ্ব এমন একটি সিদ্ধান্তে পৌঁছেছে যে পশ্চিমাদের কারণেই এসব হামলার ঘটনা ঘটছে। অনেকে ধারণা করেন, পশ্চিমাদের হস্তক্ষেপের কারণেই তরুণরা জিহাদিতে পরিণত করেছে, যারা কিনা কিশোরীদের হত্যা করতে প্রস্তুত।
কিন্তু আমি এই ধারণার বিরুদ্ধে। এ প্রসঙ্গে আমি একটা ঘটনার কথা মনে করিয়ে দিতে চাই। ১৯৯০-এর দশকে ছাত্রদের একটি সভায় আমি বক্তৃতা করছিলাম, যেটা কিনা চরমপন্থী আল মুহাজিরুন গ্রুপের সদস্যদের চিৎকারে বিঘ্নিত হয়েছিল। তারা একটি বিষয়ে খুব উদ্বিগ্ন ছিল, আর সেটা হচ্ছে বসনিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সামরিক পদক্ষেপের ব্যর্থতা। তারা ক্ষুব্ধ ছিল এ জন্য যে সেব্রেনিৎসার গণহত্যা রোধ করতে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র বোমা ফেলছে না। তারা বলেছিল, এতে প্রমাণিত হয় যে পশ্চিমারা মনে করে, মুসলমানদের জীবন খুব সস্তা। সিরিয়ার মুসলমানদের হত্যা করা থেকে বাশার আল–আসাদকে থামাতে ব্যর্থ হওয়ার জন্যও অনেকে পশ্চিমাদের ওপর ক্ষুব্ধ হয়েছে। আমার ধারণা, এসব ঘটনা আইএসের মতো জঙ্গিগোষ্ঠী সৃষ্টিতে সহায়তা করেছে।
আমি যেটা বলতে চাই, মুসলিম দেশগুলোতে পশ্চিমাদের হস্তক্ষেপের চেয়েও তাদের নিষ্ক্রিয় ভূমিকা অনেককে ক্ষুব্ধ করেছে। যখন আমি লন্ডনের কিংস কলেজের ছাত্র সিরাজ মাহেরের সঙ্গে কথা বলি, সে তখন আমাকে বলে, পশ্চিমাদের বৈদেশিক নীতি প্রায়ই একটি হুকের ভূমিকা পালন করে, যেখানে জিহাদিরা অপেক্ষাকৃত বড় মতাদর্শ, ধর্মতত্ত্ব ও উদ্দেশ্য ঝুলিয়ে রাখতে পারে। নিউ স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত তাঁর সর্বশেষ প্রবন্ধে মাহের একজন ব্রিটিশ আইএস সদস্যের কথা উল্লেখ করেন, যিনি কিনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা প্রথমে কাফের ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করি। আমাদের বিরুদ্ধে তাদের ড্রোন হচ্ছে দ্বিতীয় সমস্যা।’
তাই এটা স্পষ্ট নয় যে কী ধরনের বৈদেশিক নীতি গ্রহণ করতে হবে, যা জিহাদিদের উসকে না দিয়ে তাদের ক্ষোভের আগুনকে প্রশমিত করবে। অথবা এটি আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। মুসলিম দেশগুলোর ধারেকাছে না থাকাটাই সুস্পষ্ট উত্তর বলে মনে হতে পারে, তবে এটা কোনো নিশ্চয়তা দেয় না। এটা এই নিশ্চয়তা দেয় না যে ম্যানচেস্টার হামলার মতো আর কোনো ঘটনা কখনোই ঘটবে না। এটা এই নিশ্চয়তাও দেয় না যে আট বছরের মেয়ে ও তার বন্ধুদের যারা ‘ক্রুসেডার’ হিসেবে অভিহিত করে, তাদের ক্ষোভের আগুনকে প্রশমিত করবে।
অনুবাদ: রোকেয়া রহমান, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
জনাথন ফ্রিডল্যান্ড: দ্য গার্ডিয়ান পত্রিকার লেখক ও কলামিস্ট।