পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার
৭ জুলাই ২০১৮, প্রথম আলোর আয়োজনে ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় ‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।
আলোচনায় সুপারিশ
- পরিবার পরিকল্পনা সম্পর্কে গুণগত সেবা ও সুষ্ঠু তত্ত্বাবধান িনশ্চিত করা জরুরি
- সেবাগ্রহীতার পছন্দ অনুযায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলোর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে।
- নারী–পুরুষ উভয়কে বিয়ের আগে প্রাতিষ্ঠানিকভাবে প্রজননস্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে
- পরিবার পরিকল্পনা পদ্ধতির অপূরণীয় চাহিদা মেটাতে নববিবাহিত দম্পতি ও প্রসব–পরবর্তী নারীদের কাছে তথ্য ও সেবা প্রদান নিশ্চিত করতে হবে
- পরিবার পরিকল্পনা খাতে সরকারের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ জরুরি
- একটি সন্তান জন্মের পর কমপক্ষে দুই বছর বিরতির জন্য দীর্ঘমেয়াদি পদ্ধতি গ্রহণে উৎসাহিত করতে হবে।
আলোচনা
আব্দুল কাইয়ুম
পরিবার পরিকল্পনা মানবাধিকার হিসেবে গোটা বিশ্বে স্বীকৃত। পরিকল্পিত পরিবার গঠনের ক্ষেত্রে যে ধরনের সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন, তা প্রদান করতে হবে।
রাষ্ট্র সেবাসামগ্রী দেবে। গ্রহীতাকে হতে হবে সচেতন। পরিকল্পিত পরিবারের মাধ্যমে রাষ্ট্র কাঙ্ক্ষিত জনসংখ্যা লাভ করবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে পরিকল্পিত পরিবারের বিকল্প নেই। এ বিষয়ে এখন আলোচনা করবেন আবু সাইদ হাসান।
আবু সাইদ হাসান
এবার বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’। প্রায় ৫০ বছর আগে তেহরানে প্রথম আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে পরিবার পরিকল্পনার বিষয়টি মানবাধিকার হিসেবে ঘোষিত হয়।
পরিবারে সন্তান গ্রহণ, সন্তানধারণে বিরতি, পরিকল্পিতভাবে পরিবারের সদস্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ—এসব বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা মানবাধিকারের অন্তর্ভুক্ত। এটি নিশ্চিত করার ক্ষেত্রে যে পরিমাণ তথ্য ও অন্যান্য সহায়তা প্রয়োজন, তা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। সেবাগ্রহীতাকে তথ্য, পদ্ধতি ও সেবাসামগ্রী দিয়ে সহায়তা করতে হবে। একই সঙ্গে গ্রহণযোগ্য, মানসম্মত ও বৈষম্যহীন সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
স্বাধীনতার পর পরিবার পরিকল্পনায় যে সফলতা এসেছে, তা বিশ্বে প্রশংসিত। গত চার দশকে নারীদের পরিবার পরিকল্পনাপদ্ধতি গ্রহণের হার ৮ শতাংশ থেকে বেড়ে ৬২ শতাংশে উন্নীত হয়েছে। এর আগে প্রতি দম্পতির গড় সন্তানের সংখ্যা ছিল ৬ দশমিক ৩। বর্তমানে ২ দশমিক ৩।
অনাকাঙ্ক্ষিত সন্তানধারণ রোধ করা বাংলাদেশের একটি বড় চ্যালেঞ্জ। এ জন্য পরিবার পরিকল্পনাসেবা সহজলভ্য করতে হবে এবং যথাযথ তথ্য সরবরাহ করতে হবে। সন্তান জন্মের পর জন্মনিয়ন্ত্রণের কোনো পদ্ধতি অবলম্বন করতে হয় না—এটা একটি ভুল ধারণা।
বাংলাদেশে গুড নেচার ইনস্টিটিউট পরিচালিত ২০১৪ সালের এক পরিসংখ্যানে ৫৮ লাখ সন্তানসম্ভবা মায়ের মধ্যে ৪৮ শতাংশ প্রায় ২৭ লাখ মা অনিচ্ছা সত্ত্বেও সন্তানধারণ করেছেন। প্রতিবছর প্রায় ১৩ লাখ মা ইচ্ছাকৃত গর্ভপাতের আশ্রয় নিচ্ছেন। এটি কাম্য নয়।
পরিবার পরিকল্পনা সব ধরনের উন্নয়নের ভিত্তি। পরিবার পরিকল্পনা কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সব কটি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ জন্য পরিবার পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন দরকার। গবেষণা ও অন্যান্য পরিসংখ্যানের মাধ্যমে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করে সমাধানের উপায় খুঁজে বের করতে হবে।
সরকারকে বাজেট বাড়াতে হবে এবং সব ধরনের সেবাসামগ্রী সরবরাহ করতে হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের সচেতন মানুষ একসঙ্গে কাজ করলে এ বিষয়ে সফলতা অর্জন করা সম্ভব।
ওয়াসিকা আয়শা খান
উন্নয়নশীল দেশে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে। পরিবার পরিকল্পনা অন্য চ্যালেঞ্জগুলোকে প্রভাবিত করে।
অপরিকল্পনা সমস্যাকে আরও কঠিন করে তোলে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ গৃহীত হয়েছে। সমস্যা সমাধানের লক্ষে্য অব্যাহতভাবে কাজ করা হচ্ছে।
বাংলাদেশে ১৯ বছরের আগেই একটি মেয়ে মা হয়ে যায়। এ বয়সী মায়ের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। এর পেছনের কারণগুলো খুঁজে বের করতে হবে।
বৈষম্যহীনভাবে সবার জন্য তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা প্রয়োজন। তথ্য না থাকলে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন অসম্ভব। অন্যদিকে, সরকারের দপ্তরগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি, সুশাসন সংহতকরণ ও বাস্তবায়ন করতে হবে। সেবা প্রদানে স্বাস্থ্যকর্মীদের আন্তরিক হয়ে সেবাগ্রহীতার আস্থা অর্জন করা উচিত।
সেবাগ্রহীতাদের নিয়ে উপজেলা পর্যায়ে কর্মশালার আয়োজন করা যেতে পারে। পোশাক কারখানায় কর্মজীবী নারীকে বিভিন্ন তথ্য ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান করা জরুরি। নারীর স্বাস্থ্য ও পরিকল্পিত পরিবারের জন্য উপজেলা পর্যায়ে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালার আয়োজন করা। সমাজে বিভিন্ন ধরনের ভুল–বোঝাবুঝি সমাধানের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বিশেষ সেবা সপ্তাহ আয়োজন করে মায়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। গণমাধ্যমকে হতে হবে দায়িত্বশীল। সরকারের গৃহীত পদক্ষেপগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ তত্ত্বাবধান করা দরকার।
ফজিলাতুন নেসা বাপ্পি
পরিকল্পিত পরিবার গঠন একজন মানুষের মৌলিক মানবাধিকার। একটি দম্পতি সন্তান গ্রহণ ও বিরতিকালীন সময় সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটি মানবাধিকারের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ পরিবার পরিকল্পনাসেবা প্রদানে চমৎকার সাফল্য অর্জন করেছে। শিশু ও মাতৃমৃত্যুর হার রোধ করতে সক্ষম হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার কমে এসেছে। বর্তমানে ৬২ শতাংশ নারী পরিবার পরিকল্পনাপদ্ধতি গ্রহণ করছেন।
পরিবার পরিকল্পনাসেবা নারী-পুরুষ উভয়কে গ্রহণ করতে হবে। এটি কেবল নারীর বিষয় নয়, পুরুষকেও এগিয়ে আসতে হবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সব ধরনের সেবা প্রদান ও সুষ্ঠু তত্ত্বাবধান প্রয়োজন।
ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ১৪টি জেলায় মা ও শিশুকেন্দ্র এবং ১৮৯টি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এ সেবা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। হাওর-বাঁওড়, পাহাড়ি ও দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করা প্রয়োজন।
জাতীয়ভাবে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সচেতনতা সৃষ্টিতে সামাজিক যোগাযোগমাধ্যমকেও কাজে লাগাতে হবে।
নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। দিতে হবে প্রাপ্য সম্মান। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিজেরা সচেতন না হলে সমাজ কখনো পরিশুদ্ধ হবে না।
আবু জামিল ফয়সাল
পরিবার পরিকল্পনার ক্ষেত্রে প্রকৃতপক্ষে অধিকার ১০টি। এর মধ্যে ৭টি অধিকার সংরক্ষণের দায়িত্ব সরকারের। অবশিষ্ট ৩টি অধিকার সংরক্ষণ করবে ব্যক্তি নিজে। এ জন্য ব্যক্তিকে তার িনজ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।
পরিবার পরিকল্পনার ক্ষেত্রে বাংলাদেশে বেশ উন্নতি হয়েছে। িকন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি। হাসপাতালে সেবাসামগ্রীর অপর্যাপ্ততা দেখা যাচ্ছে। এ বিষয়টি নিয়ে সরকারের কাজ করা উচিত।
পরিবার পরিকল্পনার প্রয়োজনীয় সেবাসামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে হবে। সেবা প্রদানের ক্ষেত্রে সেবার পর্যাপ্ততা, সহজলভ্যতা ও গ্রহণযোগ্যতার বিষয়টি সরকারকে মনে রাখতে হবে।
সেবাসামগ্রী গ্রহীতার কাছে পৌঁছানো পর্যন্ত যথাযথ তত্ত্বাবধান করা উচিত। এসব সেবাসামগ্রী দেশে উৎপাদনের জন্য সরকারকে পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন মানুষকে এগিয়ে আসা প্রয়োজন। উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তাহলে সমস্যা সমাধানের পথ প্রসারিত হবে।
সাথিয়া দোরাইস্বামী
পরিবার পরিকল্পনা বাংলাদেশে নতুন বিষয় নয়। অনেক দিন ধরেই এ নিয়ে আলোচনা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে, যা বিশ্বে পরিবার পরিকল্পনার আদর্শ হিসেবে কাজ করছে। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি।
পরিবার পরিকল্পনা নিশ্চিত করতে হলে সব সুযোগ-সুবিধার পর্যাপ্ততা িনশ্চিত করা প্রয়োজন। নারীর ক্ষমতায়নে জোর দেওয়া দরকার। নারীদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তার পছন্দ ও মতপ্রকাশের স্বাধীনতা িনশ্চিত করা জরুরি।
সেবাগ্রহীতাকে পরিবার পরিকল্পনার কেন্দ্রবিন্দু হিসেবে প্রয়োজনীয় সেবা প্রদান করা উচিত। তাদের পছন্দের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ বিষয়ে গবেষণার মাধ্যমে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে হবে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীকে বন্ধুসুলভ আচরণ করতে হবে।
নারীর ক্ষমতায়ন একটি মৌলিক মানবাধিকার। এটি নিয়ে আমাদের কাজ করতে হবে। শিক্ষিত ও আত্মনির্ভরশীল নারীরা পরিবার পরিকল্পনাসেবা গ্রহণ করছেন। নারী স্বাস্থ্য সম্পর্কে সচেতন হচ্ছেন। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন।
জনগণের চাহিদার ওপর ভিত্তি করে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নীতিকে আরও সময়োপযোগী করতে হবে। বিভিন্ন পদ্ধতি অবলম্বনে উৎসাহ প্রদান করা দরকার। ইউনিয়ন স্বাস্থ্যকল্যাণ কেন্দ্রের মাধ্যমে গুণগত সেবা নিশ্চিত করতে হবে।
দেশে মিডওয়াইফের সংখ্যা বাড়ছে। আগামী বছরগুলোতে মিডওয়াইফের মাধ্যমে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা সম্ভব হবে। সরকারকে এ বিষয়ে আরও সুনজর দিতে হবে। শহরের যেসব অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি, সেসব অঞ্চলে আমাদের কাজ করতে হবে।
পরিবার পরিকল্পনা এমন একটি সরকারি খাত, যা অন্য বেসরকারি খাতগুলোর ওপর প্রভাব বিস্তার করে। এটি নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানগুলোকে যৌথ উদ্যোগ গ্রহণ করা উচিত।
আসমা আকতার
সাধারণভাবে পরিবার পরিকল্পনা বলতে কেবল জন্মনিয়ন্ত্রণকে বোঝায়। কিন্তু ব্যাপক অর্থে পরিবারের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে সচেতনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তাকে পরিবার পরিকল্পনা বলা হয়।
পরিকল্পিত পরিবার গঠনে মিডওয়াইফের গুরুত্ব অনস্বীকার্য। তাঁরা পরিবারের খুব কাছাকাছি থেকে সেবা প্রদান করেন। একজন মিডওয়াইফ কোনো সময় পরিবার পরিকল্পনাকারী, কখনো পরামর্শদাতা, আবার কখনো যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেন।
মিডওয়াইফরা নবদম্পতিকে প্রজননস্বাস্থ্য ও সন্তান প্রসব-পরবর্তী সময়ে মাকে পরিবার পরিকল্পনা ও এর গুরুত্ব সম্পর্কে ধারণা প্রদান করেন।
গ্রামে অনেক নারী তাঁর ইচ্ছা প্রকাশ করতে পারেন না। প্রথম সন্তানধারণের সময় মায়ের িবভিন্ন ধরনের ভয়ভীতি কাজ করে। এ জন্য প্রয়োজন পারিবারিক সহযোগিতা। আবার কখন সন্তানধারণ করবেন এবং কয়টি সন্তান গ্রহণ করবেন, তাতেও মায়ের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় না।
একজন মিডওয়াইফ পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা পালন করেন। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় মিডওয়াইফরা প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। দেশে ও বিদেশে এটা প্রশংসিত হচ্ছে।
বর্তমানে ৩৮টি নার্সিং প্রতিষ্ঠানে ৯৭৫টি আসনে মিডওয়াইফারি িশক্ষা চালু রয়েছে। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি দপ্তর সেবার গুণগত মান নিশ্চিত ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকে।
শিক্ষাজীবন শেষ করার পর একজন মিডওয়াইফের জন্য সেবা প্রদানের পরিবেশ সৃষ্টি করা উচিত। যেন সেবা প্রদানের মাধ্যমে মায়ের স্বাস্থ্য সুরক্ষায় সুষ্ঠু ভূমিকা পালন করতে পারেন।
আরিফা জামান মৌসুমী
পরিবার পরিকল্পনাপদ্ধতি গ্রহণ না করার ফলে যেসব মায়ের দুর্ঘটনা ঘটে, তাঁদের ৫০ শতাংশ বাল্যবিবাহের শিকার। ২০ থেকে ২১ বছর বয়সের মধ্যে তিন থেকে চারজন সন্তান জন্ম দেন।
এ ধরনের কিশোরীদের বিয়ে এবং সন্তানধারণে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।
তরুণেরা আবেগের বশবর্তী হয়ে না বুঝেই ঝুঁকিপূর্ণ জীবনের দিকে ধাবিত হচ্ছেন। অপরিণত বয়সে গর্ভধারণ মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। তাদের যথাযথ তত্ত্বাবধানে রাখতে হবে। তবে তরুণেরা যেন বিপদে না পড়েন, সে জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে।
কয়েকটি সংগঠনের সহায়তায় এ বিষয়ে কাজ করা হচ্ছে। চলমান ধারা অনুযায়ী আগামী কয়েক বছর পর জনসংখ্যা দ্বিগুণ আকার ধারণ করলে ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চয়তার দিকে ধাবিত হবে।
এ সমস্যার মূলে রয়েছে নারীর স্বাধীনতায় পুরুষের হস্তক্ষেপ। মানবাধিকারের বিষয়গুলো কাগজ-কলমে লেখা থাকলেও বাস্তব জীবনে তার প্রয়োগ নেই বললেই চলে।
এ জন্য নারীর ক্ষমতায়নের মাধ্যমে প্রাপ্য সম্মান ও স্বাধীনতা প্রদান করতে হবে।
এ বিষয়ে সচেতনতামূলক নাটক, সিনেমা তৈরি ও সামাজিক অনুষ্ঠান করা যেতে পারে। এতে সাধারণ মানুষ পরিকল্পিত পরিবার গঠনে আকৃষ্ট হবে।
বিয়ের আগে সরকারিভাবে প্রজননস্বাস্থ্য সম্পর্কে নবদম্পতিকে প্রাতিষ্ঠানিকভাবে অবগত করতে হবে। প্রয়োজনে এ বিষয়ে একটি সনদ প্রদানের ব্যবস্থা করতে হবে।
আশরাফুন্নেছা
মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। যে রাষ্ট্রে বা ভূখণ্ডে মানুষ বসবাস করবে, সেখানে জন্মগতভাবে এসব অধিকার ভোগ করবে। পরিবার পরিকল্পনা মানবাধিকারের অন্তর্ভুক্ত।
আর্থসামাজিক বিষয়গুলো মনে রেখে পরিবারের সদস্যসংখ্যা নির্ধারণ ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হলে তাকে পরিবার পরিকল্পনা বলা হবে।
রাষ্ট্র মানুষের স্বাধীন সত্তাকে স্বীকৃতি দেবে। এ স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি পরিকল্পিতভাবে পরিবার গঠন করবে।
শিক্ষার মাধ্যমে মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। নিজের কল্যাণের মতো অন্যের কল্যাণে কাজ করা উচিত। নিজে যে ধরনের পদ্ধতি গ্রহণ করছি, অন্যকেও তা গ্রহণে উৎসাহিত করা দরকার।
সচেতন মানুষ নিজের ভালোমন্দ স্বেচ্ছায় পছন্দ করতে পারে। এ জন্য সামাজিক সচেতনতা বাড়াতে হবে। সঠিক তথ্য দিয়ে মানুষকে উৎসাহিত করতে হবে। বস্তুনিষ্ঠ তথ্য মানুষকে উপযুক্ত পরিকল্পনা গ্রহণে সহায়তা করবে।
পরিবার পরিকল্পনাকে কেন্দ্র করে রাষ্ট্রের অন্য পরিকল্পনাগুলো আবর্তিত হয়। সঠিক পরিকল্পনার অভাবে উন্নয়ন ব্যাহত হবে।
কিশোরীদের মধ্যে ৩১ শতাংশ বাল্যবিবাহের শিকার হচ্ছে। পরিকল্পনার বিষয়টি কিশোরী মায়ের কাছে অস্পষ্ট। এ জন্য মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্যকর্মীদের সাহায্যে কিশোরীদের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
সরকারের পাশাপাশি উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত। সমাজের প্রত্যেক সচেতন ও শিক্ষিত ব্যক্তিকে সচেতনতা সৃষ্টিতে অবদান রাখতে হবে। পরিকল্পিতভাবে সন্তানধারণ ও সুশৃঙ্খল জৈবিক জীবন গঠনে সব ধরনের সেবা প্রদান করা উচিত।
মো. আমিনুল হক
পরিকল্পিত পরিবার বলতে কেবল জন্মনিয়ন্ত্রণপদ্ধতি অবলম্বন নয়। বরং বিয়ে থেকে শুরু করে পরিবারের সদস্যসংখ্যা নির্ধারণ, সন্তানদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার বিষয়টি মাথায় রেখে পরিকল্পিতভাবে পরিবার গঠন করা পরিবার পরিকল্পনার আওতাভুক্ত।
আমরা পরিবার পরিকল্পনার ক্ষেত্রে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। নিজের কল্যাণের জন্য যা চিন্তা করি, অন্যের জন্য একই চিন্তা করা উচিত।
পরিবার পরিকল্পনার ক্ষেত্রে প্রধান অন্তরায়গুলো কাটিয়ে ওঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। জন্মের পর শিশুর মৌলিক চাহিদা নিশ্চিত করা রাষ্ট্র ও পরিবারের দায়িত্ব।
দারিদ্র্য িনরসনের লক্ষে্য সরকারকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা উচিত।
উপযুক্ত কর্মসূচি গ্রহণের পর তা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দিতে হবে। বর্তমান সরকার প্রতি ঘরে বিদ্যুৎ–সেবা পৌঁছাতে সাহায্য করেছে।
একইভাবে পরিবার পরিকল্পনাসেবাও মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সবাই এক সঙ্গে কাজ করলে পরিকল্পিত পরিবারের লক্ষ্য অর্জিত হবে।
জাহিদ মালেক
পরিবার পরিকল্পনাসেবা পাওয়া মানুষের অধিকার। দেশের সার্বিক উন্নয়নে পরিরার পরিকল্পনার বিকল্প নেই। একটি আদর্শ তরুণ প্রজন্ম গড়ে তুলতে চাইলে মাতৃস্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। নারীর পছন্দকে প্রাধান্য দিতে হবে।
বর্তমানে পরিবার পরিকল্পনাপদ্ধতি গ্রহণের হার বেড়েছে। পৃথিবীর অনেক দেশে জনসংখ্যা কমতে শুরু করেছে। আমরা জনসংখ্যাকে স্থির করতে চাই। শিশু ও মাতৃমৃত্যুর হার কমাতে হবে। কাজটি কঠিন। এ জন্য পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। বাড়াতে হবে সেবার গুণগত মান।
কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, মা ও শিশু সেবাকেন্দ্রের মাধ্যমে সেবা প্রদান করছি। নিয়মিতভাবে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। ১৫ হাজার নার্স ও ১০ হাজার চিকিৎসক নিয়োগ চলছে।
নারীর ক্ষমতায়নে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন সম্ভব। শিক্ষিত নারী তাঁর অধিকার ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন। নারীর ক্ষমতায়নের মাধ্যমে সব ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূল করতে হবে।
গণমাধ্যমকে হতে হবে দায়িত্বশীল। পরিবার পরিকল্পনাসেবাকে কেন্দ্র করে গোপালগঞ্জে একটি বড় কারখানা তৈরি করা হবে।
নারী-পুরুষ সবাইকে সেবা দেওয়ার মতো সব ধরনের পদ্ধতি সেখানে উৎপাদিত হবে। এর মাধ্যমে প্রয়োজনীয় সেবাসামগ্রী নিজেরা উৎপাদন করে গোটা দেশে সরবরাহ করা সম্ভব হবে।
মাতৃসেবা, বিশেষ করে সন্তান প্রসবের সময় মায়ের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে হবে। হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে সাধারণ মানুষের আস্থা অর্জন করা প্রয়োজন। বেকারত্ব সমাজের অন্য বিষয়গুলোকে প্রভাবিত করে। কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে জীবনমান উন্নত হবে। শিক্ষার বিস্তার ঘটবে এবং স্বাস্থ্যসচেতনতা বাড়বে।
তাসনিয়া আহমেদ
আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি। পরিবার পরিকল্পনাকে জাতীয়ভাবে বাস্তবায়ন করতে চাইলে পুরুষের স্বেচ্ছায় অংশগ্রহণ দরকার।
নারীদের নিয়ে কাজ শুরুর সময় বাবা বিরোধিতা করেছিলেন। নিজের পছন্দের বিষয়টি ধরে রাখতে আমাকে একরকম যুদ্ধ করতে হয়েছে। সমাজের প্রায় প্রতিটি স্তরে নারীকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
এ জন্য পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নতুবা নারীর পক্ষে এককভাবে পরিকল্পিত পরিবার গঠন করা অসম্ভব।
সচেতনতামূলক কাজে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তাঁদের অন্তর্ভুক্ত করতে না পারলে সমস্যা থেকে যাবে।
নারীদের নিয়ে কাজ শুরুর পর পরিবার পরিকল্পনা সেবাসামগ্রী সম্পর্কে জানতে আগ্রহী হই। একদিন একটি ওষুধের দোকানে পরিবার পরিকল্পনার একটি উপকরণ সম্পর্কে জানতে চাওয়ায় পাশে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ কর্মকর্তা কটাক্ষ করেন। এ ঘটনাটি আমাকে মর্মাহত করে। একজন মানুষ হিসেবে এসব বিষয় সম্পর্কে প্রত্যেকের জানার অধিকার রয়েছে।
এ–সম্পর্কিত বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে যে পরামর্শগুলো আসে, তা সঠিকভাবে বাস্তবায়ন করা উচিত। উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠান ছাড়াও সরকারকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মাসুমা বিল্লাহ
বাংলাদেশে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে আগের তুলনায় সচেতনতা বেড়েছে। তবু কিছু সমস্যা রয়েছে। সমস্যা সমাধানের জন্য নীতিনির্ধারকদের উপযুক্ত নীতি প্রণয়ন করা আবশ্যক।
সরকার এ খাতে বাজেটের পরিমাণ বাড়ালেও জনসংখ্যা অনুপাতে বাড়ানো হয়নি। সেবাগ্রহীতাকে সঠিক তথ্য সরবরাহ করা উচিত। কেবল সুযোগ-সুবিধা প্রদান করলে হবে না। প্রয়োজন সুষ্ঠু তত্ত্বাবধান।
সমাজে মেয়েরা সুরক্ষিত নয়। নিরাপত্তার অভাবে অনেক মেয়ে ঘরের বাইরে বের হতে ভয় পায়। এ জন্য শিক্ষার মাধ্যমে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা দরকার।মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যরা সমাজের চাপে, অভাবের মুখোমুখি হয়ে কম বয়সে মেয়ে বিয়ে দিতে বাধ্য হয়। এটি পরিকল্পিত পরিবার গঠনে অন্তরায়।
১৫ বছরের একটি বিবাহিত মেয়ের পরিকল্পিত জীবন সম্পর্কে ধারণা থাকে না। এ বয়সী বিবাহিত মেয়েদের নিয়ে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া উচিত। পরিবার পরিকল্পনা কেবল নারীর একার বিষয় নয়। পুরুষকেও সমান ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন পদ্ধতি গ্রহণে নারীকে সহায়তা করতে হবে।
সরকারকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার হাত প্রসারিত করা উচিত।
কাজী মোস্তফা সারোয়ার
পরিবার পরিকল্পনা হলো সুস্বাস্থ্য ও পারিবারিক কল্যাণের ভিত্তি। পরিবার পরিকল্পনার উদ্দেশ্য হলো, দম্পতি তাঁদের কাঙ্ক্ষিতসংখ্যক সন্তানের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মেধা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে।
দম্পতি সচেতনভাবে ও আর্থসামাজিক অবস্থার ওপর ভিত্তি করে সন্তান গ্রহণ, বিরতি ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে পরিকল্পনা গ্রহণ করবে।
পরিবার পরিকল্পনা কার্যক্রমে এখন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। অনেকে সন্তান গ্রহণ থেকে বিরতি দিতে চান। িকন্তু সেবাসামগ্রীর স্বল্পতার জন্য পারছেন না। বাল্যবিবাহ প্রকট আকার ধারণ করছে।
৩১ শতাংশ মেয়ে ১৯ বছর যেতে না যেতেই দুই থেকে তিনটি সন্তান জন্ম দিচ্ছে। এটি জাতীয় সাফল্যের অন্তরায়।
বর্তমানে জেলা পর্যায়ে ১৪টি মা ও শিশুকেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ২৩০টি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা হয়।
পরিবারের সদস্যদের সচেতন করা দরকার যেন বিয়ের পর তাড়াতাড়ি সন্তান গ্রহণে নারীকে চাপ প্রদানে বিরত থাকে। বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের রোধ আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ জন্য দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করতে হবে।
হাসপাতালে খালি পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে। দুর্গম অঞ্চলে স্বেচ্ছাসেবীর মাধ্যমে সেবা প্রদানের উদ্যোগ গৃহীত হয়েছে। সরকারের গৃহীত উদ্যোগ বাস্তবায়িত হলে আরও অনেক মানুষকে পরিবার পরিকল্পনার আওতায় আনা সম্ভব হবে।
গওহার নঈম ওয়ারা
আজকের আলোচনায় বাংলাদেশে পরিবার পরিকল্পনার বর্তমান অবস্থা ও কিছু পরামর্শ এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ িবষয়গুলো গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন।
সম্মিলিতভাবে কাজ করার কোনো িবকল্প নেই। আলোচনায় অংশগ্রহণের জন্য প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
যাঁরা অংশ নিলেন
জাহিদ মালেক: সাংসদ, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
ফজিলাতুন নেসা বাপ্পি: সাংসদ, বাংলাদেশ জাতীয় সংসদ
ওয়াসিকা আয়শা খান: সাংসদ, বাংলাদেশ জাতীয় সংসদ
কাজী মোস্তফা সারোয়ার: মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর
আশরাফুন্নেছা: পরিচালক, ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড মটিভেশন (আইইএম) পরিবার পরিকল্পনা অধিদপ্তর
মো. আমিনুল হক: সাবেক চেয়ারম্যান, পপুলেশন সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়
আবু জামিল ফয়সাল: সিভিল সোসাইটি ফোকল পয়েন্ট, এফপি২০২০
আরিফা জামান মৌসুমী: অভিনেত্রী
মাসুমা বিল্লাহ: কর্মসূচি ব্যবস্থাপক ও সমন্বয়ক, পপুলেশন কাউন্সিল
সাথিয়া দোরাইস্বামী: চিফ অব হেলথ, ইউএনএফপিএ
আবু সাইদ হাসান: টেকনিক্যাল অফিসার, ইউএনএফপিএ
তাসনিয়া আহমেদ: অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, সোশ্যাল ইকোনমিক রেজিলিয়েন্স কমিটি সেরাক, বাংলাদেশ
আসমা আকতার: মিডওয়াইফারি শিক্ষার্থী, তৃতীয় বর্ষ, ঢাকা নার্সিং কলেজ
সঞ্চালক
আব্দুল কাইয়ুম: সহযোগী সম্পাদক, প্রথম আলো
গওহার নঈম ওয়ারা: উপদেষ্টা, প্রথম আলো