পরিবর্তনশীল বিশ্বে তরুণদের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৈশোর ও তারুণ্য নানা অভিজ্ঞতায় জমজমাট ও বৈচিত্র্যপূর্ণ। এ সময়ের অভিজ্ঞতা জীবনের গতিরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৈশোরে শরীরে নানা পরিবর্তন দৃশ্যমান হয়ে ওঠে, মানসিক গঠনেও নানা পরিবর্তন দেখা দেয়। বয়ঃসন্ধি থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বাস্তব জীবনে অনেক পরিবর্তন ঘটে। যুক্ত হয় নতুন মানুষ, নতুন সম্পর্ক এবং নতুন নতুন চ্যালেঞ্জ। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ প্রতিবছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’। আজ এই দিবসে আমরা কিশোর–তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করতে চাই।

বিশ্ব দ্রুত পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান–প্রযুক্তির দ্রুত বিকাশের মধ্য দিয়ে পরিবর্তনগুলো ঘটছে বস্তুজগতে, সেসব পরিবর্তনের অভিঘাত পড়ছে মনোজগতে এবং দৈনন্দিন জীবনযাপন, ইচ্ছা-অনিচ্ছা ও ব্যক্তিগত সম্পর্ক কাঠামোতেও। ঘরে–বাইরে অস্থিরতা আছে, সহিংসতা আছে, প্রতিযোগিতা আছে। ইন্টারনেটের প্রভাব জীবনের সব ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে। বিশেষত কিশোর ও তরুণদের দিনরাত্রির একটা বড় সময় কাটছে ইন্টারনেটের ভার্চুযয়াল জগতে। সাইবার মাধ্যমে নানা অপরাধও ঘটছে, তারা সেগুলোর শিকার হচ্ছে বা সেগুলোতে অংশ নিচ্ছে।

সাইবার মাধ্যমে উত্ত্যক্ত করা বা সাইবার বুলিং একটি জটিল সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। সহিংস ভিডিও গেম ছড়িয়ে গেছে, এগুলোর নেতিবাচক মানসিক প্রভাব সামান্য নয়। মাদকাসক্তি, আত্মহত্যার প্রবণতা বাড়ছে। সামাজিক মেলামেশা, খেলাধুলোর মধ্য দিয়ে যে নিরাপত্তাবোধ নিয়ে আমাদের সন্তানদের বেড়ে ওঠার কথা, তা যথাযথভাবে হচ্ছে না। আত্মকেন্দ্রিকতা এবং বিচ্ছিন্নতাবোধ দেখা দিচ্ছে না। তরুণদের মানসিক রোগের ঝুঁকি সব সময়ই কমবেশি থাকে। কিন্তু পরিবর্তনশীল বিশ্বের এসব উপাদান ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সব ধরনের মানসিক রোগের ৫০ শতাংশ শুরু হয় ১৪ বছর বয়সের মধ্যে, তিন-চতুর্থাংশ ২৫ বছরের মধ্যে। বিশ্বে ১০-২০ শতাংশ শিশু-কিশোর মানসিক রোগে ভুগে থাকে। ঠিকমতো চিকিৎসা না পেলে তাদের বিকাশ, শিক্ষাগত সাফল্য, জীবনের গুণগত মান বা পরিতৃপ্ত ও পরিপূর্ণতা নিয়ে বেঁচে থাকার সম্ভাবনা নানাভাবে ব্যাহত করে। আত্মহত্যা ১৫-২৯ বছর বয়সীদের মধ্যে দ্বিতীয় প্রধান কারণ এবং বিষণ্নতা অন্যতম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালিত জরিপ অনুযায়ী বাংলাদেশে ১৮ বছরের শিশু-কিশোরদের প্রায় ১৮ শতাংশ মানসিক রোগে ভুগছে। এর মধ্যে শূন্য দশমিক ৮ শতাংশ মাদকাসক্ত। মস্তিষ্কের দ্রুত বৃদ্ধি, ত্রুটিপূর্ণ জেনেটিক বৈশিষ্ট্য, আর্থসামাজিক পরিবেশ ইত্যাদির জটিল মিথস্ক্রিয়া এর জন্য দায়ী। কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক সময়কাল যেহেতু যেকোনো মানসিক রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়, কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ মানসিক রোগের তীব্রতা হ্রাস করা বা প্রতিরোধে সাহায্য করতে পারে।

১. স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়েই কিশোর–তরুণদের প্রতি লক্ষ রাখা, তাদের আচরণে মানসিক সমস্যার লক্ষণ প্রকাশ পেলে শিক্ষক ও অভিভাবকদের তা আমলে নেওয়া। বিষয়টি অবহেলা না করে মানসিক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সমস্যা শনাক্ত করা ও চিকিৎসার প্রয়োজন হলে তা নিশ্চিত করা। ২. মানসিক রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে জনসাধারণকে সচেতন করা। এ ক্ষেত্রে বিশেষভাবে সচেতন করতে হবে শিক্ষক, মসজিদের ইমাম, স্বাস্থ্যকর্মী, শিশুরোগ বিশেষজ্ঞ, স্থানীয় বা পারিবারিক চিকিৎসকদের—যাঁদের কাছে অনেক সময় তরুণেরা তাঁদের মানসিক সমস্যার কথা বলেন। ৩. ইতিবাচক অভিভাবকত্ব ও মানসিক স্বাস্থ্য বিষয়ে মা–বাবা ও শিক্ষকদের জন্য ওয়ার্কশপ। ৪. স্কুল-কলেজের পাঠ্যসূচিতে ‘স্কুল মেন্টাল হেলথ’ আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত করা। ৫. অপরাধপ্রবণ এলাকা, বস্তি, শরণার্থী শিবির ইত্যাদি এলাকায় মাদকবিরোধী ও মানসিক স্বাস্থ্য–সম্পর্কিত কার্যক্রম বাড়ানো। ৬. সামাজিক মেলামেশা, খেলাধুলা ও বন্ধুবান্ধব বাড়ানোর ওপর গুরুত্বারোপ।

শিশুদের লাইফ স্কিল বা জীবনদক্ষতা শেখাতে হবে। জীবনদক্ষতা শুধু স্কুলে ও বাসায় ছোটখাটো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে শেখায় না, বরং জীবনের বাস্তবতায় প্রবেশের পর ব্যক্তিকে নানা ধরনের অনভিপ্রেত ঘটনা, কষ্ট ও বাধা ভালোভাবে সামলে উঠতে সাহায্য করে। জীবনদক্ষতা কিশোর–তরুণদের সার্বিক স্বাস্থ্যের সহায়ক, এর সুবিধা পাবে আমাদের অর্থনীতি ও সমাজ।

তরুণসমাজ ভবিষ্যতের মূল চালিকাশক্তি, অভিভাবক, নেতা ও দেশের নীতিনির্ধারক। আগামী দিনে আমাদের পরিবার, সমাজ বা রাষ্ট্র কতটা সুশৃঙ্খলভাবে চলবে, সেটা অনেকাংশেই নির্ভর করবে বর্তমান তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী, কর্মচাঞ্চল্যে ভরপুর ও স্বপ্নদর্শী হওয়ার জন্য প্রয়োজনীয় সুযোগ কতটা করে দিচ্ছি তার ওপর।

পরিবর্তনশীল বিশ্বে বয়ঃসন্ধিকাল থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা তরুণ প্রজন্মের জীবনের নানা সমস্যা ও ঝুঁকি স্বচ্ছন্দে মোকাবিলা করার শক্তি জোগাবে।

মেখলা সরকার: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি)
[email protected]