পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ জুলাই প্রথম আলোর আয়োজনে ‘পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো

আলোচনায় সুপারিশ

*   কিশোরী মায়েদের পরিবার পরিকল্পনাব্যবস্থা গ্রহণের অপূর্ণ চাহিদা মেটাতে হবে

*   অনগ্রসর এলাকাগুলোয় জন্মনিয়ন্ত্রণপদ্ধতির ব্যবহার বাড়াতে পৃথক কর্মসূচি গ্রহণ করতে হবে

*   নাটক–সিনেমার মাধ্যমে সচেতনতার বার্তা প্রচার করতে হবে

*   প্রচার-প্রচারণায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কাজে লাগাতে হবে

*   তরুণ-তরুণীদের জন্য পরিবার পরিকল্পনার তথ্য সহজলভ্য করতে হবে

*   অনগ্রসর অঞ্চলে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের বাড়ি বাড়ি পরিদর্শন বাড়াতে হবে

 আলোচনা

আব্দুল কাইয়ুম: ১১ জুলাই বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস আর সে উপলক্ষে প্রথম আলো ও ইউএনএফপিএর যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে আজকের এই গোলটেবিল আলোচনা।

আমাদের অনেক সমস্যার মধ্যে, বলা চলে এক নম্বর সমস্যা হলো জনসংখ্যার সমস্যা। একটি জরিপে দেখা গেছে, আমাদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না হলে ২০৩১ সালের মধ্যে জনসংখ্যা বেড়ে প্রায় ২০ কোটি হয়ে যেতে পারে।

বর্তমানে আমাদের জন্মনিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকটা স্থবির অবস্থায় রয়েছে। এই কার্যক্রমকে কী করে আবার গতিশীল করা যায় এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়, সে বিষয়ে আলোচনার জন্যই আজকের এই আলোচনা।

হোসেন জিল্লুর রহমান
হোসেন জিল্লুর রহমান

হোসেন জিল্লুর রহমান: বাংলাদেশ স্বাধীনতার ৪৫ বছরে সামাজিক, অর্থনৈতিক ও জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছে। আমাদের এই অগ্রগতির পেছনে পরিবার পরিকল্পনার যে গুরুত্ব ও অবদান, তা আমি তিনটি বিষয় উল্লেখ করার মাধ্যমে তুলে ধরতে চাই।

প্রথম বিষয়টি হলো নারীর ক্ষমতায়ন। আমাদের পরিবার পরিকল্পনা কর্মসূচি নারীর ক্ষমতায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সত্তরের দশকে আমাদের দেশে একজন নারীকে তাঁর জীবদ্দশায় প্রায় সাতজন সন্তানের বোঝা বইতে হতো; কিন্তু চার দশক পরে এখন তা প্রায় ২ দশমিক ৩ জন সন্তানে নেমে এসেছে। ফলে নারীরা আমাদের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখতে পারছেন।

দ্বিতীয় বিষয়টি হলো, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পরিবার পরিকল্পনা একটি বড় অবদান রাখছে। সত্তর ও আশির দশকে আমাদের মাথাপিছু অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ২ শতাংশ, যা নব্বইয়ের দশকের দিকে এসে বেড়ে দাঁড়িয়েছিল ৩ দশমিক ৩ শতাংশ। এই প্রবৃদ্ধিতে তিন-চতুর্থাংশ অবদান ছিল আমাদের আয় বৃদ্ধির এবং এক-চতুর্থাংশ অবদান ছিল জনসংখ্যা বৃদ্ধির হার কমার।
তৃতীয় বিষয়টি হলো, সামাজিক প্রচারণা কার্যক্রম। আমরা বাড়ি বাড়ি গিয়ে জন্মনিয়ন্ত্রণের বিষয়ে প্রচার-প্রচারণা চালিয়েছি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিবার পরিকল্পনাকে যেন মানুষ নেতিবাচকভাবে না নেয়, সে জন্য আমরা মসজিদের ইমামদের মাধ্যমেও প্রচারণা চালিয়েছি।

উন্নয়নের পথে এগিয়ে যেতে পরিবার পরিকল্পনায় বিনিয়োগ করা আমাদের জন্য ‘বেস্ট বাই’। দেখা গেছে, পরিবার পরিকল্পনায় প্রতি ১ ডলার বিনিয়োগ আমাদের ১৪ ডলার সাশ্রয় করে, মাতৃমৃত্যু কমায় ৩০ শতাংশ, নবজাতকের মৃত্যু কমায় ২০ শতাংশ, ৬৬ শতাংশের বেশি অবাঞ্ছিত গর্ভাবস্থা কমায় এবং অনিরাপদ গর্ভপাত কমায় ৪০ শতাংশ। জনসংখ্যা বাড়লে আমাদের কর্মসংস্থানের ওপর অতিরিক্ত চাপ পড়বে। ফলে বেকারত্বের হার বেড়ে যাবে। জনসংখ্যা বাড়লে আমাদের জমির পরিমাণ কমে যাবে। আর এসব সমস্যা একসঙ্গে আমাদের যে স্বপ্ন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া, তা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবে।

আবু সাইদ হাসান
আবু সাইদ হাসান

আবু সাইদ হাসান: সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) আটটি লক্ষ্যের মধ্যে চতুর্থ লক্ষ্যটি আমরা পূরণ করতে পেরেছি অর্থাৎ আমরা শিশুমৃত্যুর হার কমিয়ে আনতে পেরেছি। কিন্তু পঞ্চম লক্ষ্য, মাতৃস্বাস্থে্যর উন্নতি, সেটি পূরণ করতে পারিনি। এর অন্যতম কারণ কয়েক বছর ধরে আমাদের প্রজনন হার একটি স্থিতাবস্থার মধ্যে রয়েছে।

১৯৯৪ থেকে ২০১১ সাল পর্যন্ত আমাদের দেশে পরিবার পরিকল্পনা গ্রহণের হার ৪৫ শতাংশ থেকে বেড়ে ৬১ শতাংশে উন্নীত হয়েছে। এই বছরগুলোতে এ হার প্রতিবছর ১ দশমিক ৮ শতাংশ হারে বেড়েছিল। কিন্তু ২০১১ থেকে ২০১৪ সালে এই হার ১ শতাংশেরও কম হারে বেড়েছে। আমরা যদি ২০২১ সালের মধ্যে আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে সামনের বছরগুলোতে প্রতিবছর ২ দশিমক ৭ শতাংশ হারে পরিবার পরিকল্পনা গ্রহণের হার বাড়াতে হবে।

বিবাহিত কিশোরীদের ক্ষেত্রে পরিবার পরিকল্পনাপদ্ধতির অপূর্ণ চাহিদার হারে একটি স্থিতাবস্থা বিদ্যমান। এই হার ২০১১ সালে ১৭ শতাংশ ছিল, যা ২০১৪ সালেও একই রকম রয়ে গেছে। আর প্রসবোত্তর পরিবার পরিকল্পনা গ্রহণের হারেও তেমন কোনো পরিবর্তন হয়নি। ২৮ শতাংশ নারী প্রসবোত্তর পরিবার পরিকল্পনার কোনো পদ্ধতি গ্রহণ করছেন না।

বাংলাদেশে বর্তমানে ১২ শতাংশ হারে প্রায় ৩৮ লাখ নারী চাহিদা থাকা সত্ত্বেও পরিবার পরিকল্পনাসুবিধা গ্রহণ করতে পারছেন না। আমরা যদি এই চাহিদাগুলো পূরণ করতে পারি, তাহলেই আমরা আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারব।

সাইদ রুবায়েত
সাইদ রুবায়েত

সাইদ রুবায়েত: ১৯৯০ সালে আমাদের দেশে সন্তান ধারণে সক্ষম নারীদের মধ্যে প্রায় ৩০ শতাংশ দীর্ঘমেয়াদি জন্মবিরতিকরণব্যবস্থা গ্রহণ করেছিলেন। সেই হার এখন কমে প্রায় ৮ শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য, ২০২১ সালের মধ্যে এই হার ২০ শতাংশে উন্নীত করা।

প্রসবোত্তর পরিবার পরিকল্পনাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরকে এগিয়ে আসতে হবে। অধিদপ্তরের অনুগত মেডিকেল কলেজগুলোতে যদি প্রসবোত্তর পরিবার পরিকল্পনাসেবা দেওয়া না হয়, তাহলে চিকিৎসকেরা শিখতে পারবেন না।

একই কথা প্রযোজ্য জেলা ও উপজেলা হাসপাতালগুলোর ক্ষেত্রেও। একই সঙ্গে আমাদের দেশের প্রাইভেট হাসপাতালগুলোতেও এই সেবা যেন দেওয়া হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

মো. মঈনুদ্দীন আহমেদ: আমরা ২০২১ সালের মধ্যে দীর্ঘমেয়াদি ও স্থায়ী জন্মনিয়ন্ত্রণপদ্ধতি গ্রহণের হার ২০ শতাংশে উন্নীত করতে চাইছি। দীর্ঘমেয়াদি ও স্থায়ী জন্মনিয়ন্ত্রণপদ্ধতিকে আমরা বাড়াতে চাইছি এই কারণে যে একজন মা একবার যদি দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণপদ্ধতি গ্রহণ করেন, তাহলে তাঁর এটা ছেড়ে দেওয়ার হার খুবই কম।

মো. মঈনুদ্দীন আহমেদ
মো. মঈনুদ্দীন আহমেদ

অর্থাৎ এটি তিনি হয়তো তাঁর বাকি জীবন চালিয়ে যাবেন।
দীর্ঘমেয়াদি ও স্থায়ী জন্মনিয়ন্ত্রণপদ্ধতি স্বল্পমেয়াদি পদ্ধতিগুলোর চেয়ে অনেক বেশি কার্যকর ও নিরাপদ।

চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে আমরা আমাদের কাজকে বেশি কেন্দ্রীভূত করছি। কারণ, এই দুটি অঞ্চলে জন্মনিয়ন্ত্রণপদ্ধতির অপূর্ণ চাহিদা সবচেয়ে বেশি। আমরা চেষ্টা করছি এই অপূর্ণ চাহিদা যতটা সম্ভব কমিয়ে আনা যায়।

এ ছাড়া আমরা প্রাইভেট সেক্টরের সঙ্গে মিলে অনেকগুলো প্রকল্পের কাজ শুরু করেছি, যেখানে ইউএনএফপিএ, আইপাস, এসএমসি ও মেরি স্টোপস আমাদের অন্যতম পার্টনার

খিজির হায়াত খান
খিজির হায়াত খান

খিজির হায়াত খান: পরিবার পরিকল্পনার সঙ্গে আমাদের দেশে ধর্ম ও ধর্মীয় বিশ্বাস অনেক বেশি জড়িত। আগে পরিবার পরিকল্পনার কথা বলতে গেলেই তার সঙ্গে ধর্মীয় মূল্যবোধের বিষয়টি চলে আসত। পরিবার পরিকল্পনার ওপর ধর্মীয় প্রভাব কিন্তু আমরা অনেকটাই কমিয়ে আনতে পেরেছি।
এর কারণ হলো, আমাদের যে ইমামরা আছেন, তাঁদের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে পরিবার পরিকল্পনাপদ্ধতি গ্রহণে মানুষকে উৎসাহিত করার জন্য বলা হয়েছে। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে এখন এই কার্যক্রমগুলো চালু আছে।

আমরা ইমাম ট্রেনিং একাডেমির পাঠ্যসূচিতে ‘জনসংখ্যা ও পরিবারকল্যাণ’ নামে একটি বিষয় অন্তর্ভুক্ত করেছি। ফলে যেসব ইমাম এখানে
আসছেন এবং ৪৫ দিনের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, তাঁরা সবাই পরিবার পরিকল্পনা বিষয়ে জানছেন।

তাসনিম জারা
তাসনিম জারা

তাসনিম জারা: আলোচনায় উঠে এসেছে আমাদের দেশে কিশোরী মায়েরা জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার সুবিধা থেকে সবচেয়ে বেশি বঞ্চিত। আমাদের বুঝতে হবে, এখানে জানার অভাব রয়েছে। একটা ১৫ বছরের মেয়ে, সে এই ধারণা বা তথ্যগুলো কোথায় পাবে? আমাদের দেশে মা–বাবারা এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন না, স্কুল-কলেজে এই বিষয়গুলো নিয়ে তেমন পড়ানো হয় না। যতটুকু জানা যায়, তা বন্ধু-বান্ধবী বা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে। কিন্তু এই জ্ঞান বেশির ভাগ সময়ই ভুল বা ধারণানির্ভর হয়ে থাকে।

আরেকটা বিষয় হলো, এই সব সেবায় তরুণদের অভিগম্যতা কতটুকু। সরকারের অনেক ভালো উদ্যোগ আছে, জেলা, উপজেলা হাসপাতালে গেলে যে এই সেবাগুলো পাওয়া যায়, সেটা তরুণেরা কতটুকু জানেন? একটি হটলাইন সেবা অথবা একটা ফেসবুক পেজ থাকা দরকার, যেখান থেকে তরুণেরা জানতে পারবেন যে তিনি কোথায় গেলে এই সেবাগুলো পাবেন এবং কীভাবে পাবেন।

তসলিম উদ্দিন খান
তসলিম উদ্দিন খান

তসলিম উদ্দিন খান: নারীর ক্ষমতায়নে পরিবার পরিকল্পনা কিন্তু বিরাট অবদান রেখেছে। আজ একজন নারী তাঁর সন্তান গর্ভধারণকে নিয়ন্ত্রণ করতে পারেন বলেই আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পুরুষের সঙ্গে নারীরাও কাজ করতে পারছেন। পরিবার পরিকল্পনা তাঁদের সেই ক্ষমতা প্রদান করেছে।

অন্যদিকে এই জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা বাস্তবায়নে নারীর ভূমিকা ও অবদানকে আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সাতটি পরিবার পরিকল্পনাব্যবস্থার মধ্যে পাঁচটি কিন্তু নারীদের ব্যবহারের জন্য। এর মানে হলো পরিবার পরিকল্পনা কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে নারীর ক্ষমতায়নকে সমান গুরুত্ব দিতে হবে।

সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থায় এমন একটি প্রক্রিয়া তৈরি করেছে, যেখানে সরকারি, বেসরকারি, প্রাইভেট, এনজিও সংস্থাসহ বিভিন্ন পক্ষ একসঙ্গে সমানতালে কাজ করে যেতে পারে। এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

হালিদা হানুম আখতার
হালিদা হানুম আখতার

 হালিদা হানুম আখতার: আমাদের স্বাস্থ্যকেন্দ্রে এসে প্রসবের হার আগের তুলনায় অনেক বেড়েছে। কিন্তু এই হার এখনো ৩৭ শতাংশ। তার মানে এখনো প্রায় ৬৩ শতাংশ মায়ের প্রসব বাড়িতে হচ্ছে। আর এই ৬৩ শতাংশ, যাঁদের প্রসব বাড়িতে হচ্ছে তার একটা বড় অংশই কিন্তু গরিব।

যাঁর টাকা আছে, তিনি স্বাস্থ্যকেন্দ্রেই প্রসবের ব্যবস্থা করছেন কিন্তু যার সেই সামর্থ্য নেই, তিনি বাড়িতে প্রসবের ওপর নির্ভরশীল। এই ৬৩ শতাংশ মায়েদের উর্বরতার হারও (ফার্টিলিটি রেট) বেশি। তাই যেসব মায়ের প্রসব বাড়িতে হচ্ছে তাঁদের টার্গেট করতে হবে।

আমাদের দেশে সামাজিক নানা কারণে মেয়েদের খুব কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এবং বিয়ের কিছুদিনের মধ্যেই তারা গর্ভবতী হয়ে যাচ্ছে। আমরা যদি প্রথম গর্ভধারণটাকে একটু বিলম্ব করতে পারি, তাহলে আমাদের একটা বড় অংশ পরিবার পরিকল্পনার আওতায় চলে আসবে।

আসলে পরিবার পরিকল্পনা একটি জীবন রক্ষাকারী ব্যবস্থা। এর মাধ্যমে মা ও শিশু দুজনেরই জীবন রক্ষা পাচ্ছে—এ বার্তাটি আমাদের আরও ছড়িয়ে দিতে হবে।

পিয়া জান্নাত
পিয়া জান্নাত

পিয়া জান্নাত: গ্রামে বসবাসকারী নারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনাসেবা প্রদানের কর্মসূচিটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে এসে পরিবার পরিকল্পনাসেবা গ্রহণ করতে আগ্রহী নন। তাই তাঁদের কাছে এই সেবা নিয়ে যেতে হবে।

আমাদের এই প্রজন্মের তরুণদের কাছেও এ বার্তা পৌঁছে দিতে হবে। এর জন্য আমাদের কর্মপন্থায় পরিবর্তন আনতে হবে। আমাদের তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বেশি যুক্ত। এই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সচেতন করা যেতে পারে। তরুণ প্রজন্মকে কলেজে ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানোর মাধ্যমে পরিবার পরিকল্পনার বিষয়ে সচেতন করে তোলা সম্ভব।

আমাদের দেশে টেলিভিশন এখনো একটি প্রধান বিনোদন মাধ্যম। গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেলিভিশনই একমাত্র বিনোদনের মাধ্যম। আমরা যদি এই টেলিভিশনকে কাজে লাগিয়ে বিভিন্ন নাটক, সিনেমা ও বিজ্ঞাপনের মাধ্যমে পরিবার পরিকল্পনার বিষয়টি তাদের কাছে নিয়ে যাই, তাহলে তারা আরও দ্রুত এটিকে গ্রহণ করবে। গ্রামের একজন নারী আমাদের এই গম্ভীর আলোচনা শুনবেন না কিন্তু একটি নাটক খুব আগ্রহ নিয়ে দেখবেন। তাই মিডিয়াকে কাজে লাগিয়ে এই পরিবার পরিকল্পনার বিষয়টি আমরা সবার কাছে নিয়ে যেতে পারি।

আমিনুল হক
আমিনুল হক

আমিনুল হক: পরিবার পরিকল্পনা কথাটি শুধু একটি দম্পতি কয়টি বাচ্চা নেবেন আর কত দিন পরপর নেবেন, তার মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবার পরিকল্পনা বলতে একটি পরিবারে কয়টি বাচ্চা থাকবে, তার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাদের কীভাবে বড় করা হবে, কোথায় পড়ানো হবে, কীভাবে তাদের পুষ্টির বিধান করা হবে—এসব বিষয়ও যুক্ত।

এই সব বিষয়ের সমন্বয় করে যদি একটি পরিবার পরিকল্পনা করা হয়, তাহলেই আমি সেটিকে টেকসই পরিবার পরিকল্পনা বলব।

বাংলাদেশে অনেক পরিবার আছে, যেখানে কোনো দিন কোনো পরিবার পরিকল্পনাকর্মী যাননি বা তাঁদের কখনো পরিবার পরিকল্পনা নিয়ে কোনো রকম পরামর্শ দেওয়া হয়নি, তারপরও তাঁদের পরিবার পরিকল্পিত।

তার মানে হচ্ছে আমাদের দেশে শুধু জন্মনিয়ন্ত্রণপদ্ধতির সহজপ্রাপ্যতা ছাড়াও অনেক বিষয় কাজ করে পরিবারটিকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে।

শরীফ মো. ইসমাইল
শরীফ মো. ইসমাইল

শরীফ মো. ইসমাইল: আমাদের আলোচনায় আসছে যে দেশে অঞ্চলভেদে টিএফআর (টোটাল ফার্টিলিটি রেট) কমবেশি হচ্ছে। যেমন চট্টগ্রাম ও সিলেটে এই হার বেশি আবার রংপুর ও রাজশাহীতে কিন্তু এই হার ১ দশমিক ৯ শতাংশে চলে এসেছে। তার মানে এই অঞ্চলগুলোতে আমাদের পরিবার পরিকল্পনার কর্মসূচি সফলতার সঙ্গে কাজ করেছে।

আমরা কিন্তু এসব অঞ্চলে আমাদের কর্মসূচির কোন কোন বিষয় সফল হয়েছে, সেগুলো চিহ্নিত করার জন্য এখনো কোনো রিসার্চ করিনি।

আমরা এসব অঞ্চলের সফল কর্মপন্থাগুলো গবেষণার মাধ্যমে চিহ্নিত করে কম অগ্রসর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ব্যবহার করতে পারি। তাই বর্তমান সামাজিক অবস্থা ও জনমিতিক পরিবর্তনকে মাথায় রেখে আমাদের পরিবার পরিকল্পনা কর্মসূচিকে ঢেলে সাজানোর সময় চলে এসেছে।

 কাজী মোস্তফা সারোয়ার: বলা হচ্ছে আমাদের পরিবার পরিকল্পনা কর্মসূচি স্থবির হয়ে পড়েছে। আমরা যে দেশের বর্তমান অবস্থায় টিএফআরকে ২ দশমিক ৩ শতাংশে ধরে রেখেছি, এটাও একটা চ্যালেঞ্জের বিষয়। আগে আমাদের মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনা নিয়ে কথা বলতেন। ফলে তখন আমাদের কাজগুলো দৃশ্যমান ছিল; কিন্তু এখন কাজগুলো আগের মতো দৃশ্যমান না হলেও আমাদের মাঠকর্মীরা কাজ করে যাচ্ছেন।

কাজী মোস্তফা সারোয়ার
কাজী মোস্তফা সারোয়ার

রংপুরে টিএফআর রেট কম হওয়ার পেছনে কিছু ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ রয়েছে। রংপুর অঞ্চলের মানুষ দারিদ্র্যপীড়িত হওয়ার কারণে কিছু টাকা পাবে বলে দীর্ঘস্থায়ী জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া এসব অঞ্চলে ধর্মীয় আবেগটা একটু কম বলে আমাদের কাজ করতে সুবিধা হয়েছে।

কিন্তু চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মানুষের আর্থিক সক্ষমতাটা একটু বেশি। ফলে তাদের টাকার বিনিময়ে এই কর্মসূচির আওতায় আনা যাচ্ছে না। এই দুই অঞ্চলে এমন এলাকা রয়েছে, যেখানে আমাদের মাঠকর্মীরা নিয়মিত যেতে পারেন না। ফলে এ কাজটা সেখানে কিছুটা মন্থর। তবে আমরা এই দুই অঞ্চলের পরিস্থিতির উন্নতির জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

কিশোরী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে আমাদের সব স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা প্রসবসেবা প্রদানের ব্যবস্থা করেছি। এ ছাড়া আমাদের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কৈশোরবান্ধব স্বাস্থ্য কর্নার চালু করেছি। এখানে একজন কিশোরী তার স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো তথ্য পাবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে আমরা যে সাতটি কর্মসূচি হাতে নিয়েছি, সেগুলো সময়মতো বাস্তবায়িত হলে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেই আমি মনে করি।

ফজিলাতুন্নেসা বাপ্পি
ফজিলাতুন্নেসা বাপ্পি

ফজিলাতুন্নেসা বাপ্পি: বর্তমানে আমাদের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ এবং প্রতিবছর এর সঙ্গে প্রায় ১৮ থেকে ২০ লাখ নতুন জনসংখ্যা যুক্ত হচ্ছে। এর মধ্যে প্রায় ৪ কোটিরও বেশি কর্মক্ষম যুবক রয়েছেন। এই যে বিপুলসংখ্যক সম্ভাবনাময় জনসংখ্যা রয়েছে, তাদের জন্য আমাদের একটি সুন্দর আগামী গড়ে তুলতে হবে। আর এর জন্য আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই।

এই জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সুন্দর আগামী গড়ে তোলার কাজটি শুধু সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। এর জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

আমাদের মসজিদের ইমামদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের ইমামরা কিন্তু কিশোরীদের সঙ্গে কথা বলতে পারছেন না। ফলে এ ক্ষেত্রে আমাদের এনজিওগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এখানে যাঁরা আলোচনা করছেন, সবাই জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং পরিবার পরিকল্পনার ক্ষেত্রে নারীদের ভূমিকার প্রতি গুরুত্ব দিচ্ছেন এবং নারীদের বিভিন্ন ধরনের কর্মসূচির আওতায় আনার জন্য জোর দিচ্ছেন। কিন্তু আমি বলব, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে নারীর পাশাপাশি একজন পুরুষেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার পরিকল্পনার ব্যাপারে আমাদের পুরুষদেরও সচেতন করতে হবে।
তথ্যপ্রযুক্তিতে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। ১৩ কোটির বেশি মোবাইল ফোনের গ্রাহক রয়েছে, ৭ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। আমরা কেন এই প্রযুক্তি ব্যবহার করছি না? আমরা কেন সচেতনতা তৈরিতে ছোট ছোট খুদে বার্তা পাঠাচ্ছি না?

আমাদের দেশে কিশোরীদের মধ্যে গর্ভধারণের হার সবচেয়ে বেশি। এটি কমিয়ে আনার জন্য আমরা তাদের প্রথম গর্ভধারণটিকে কিছুটা বিলম্ব করতে পারি। এ জন্য আমাদের সবার সমন্বয়ে একটি কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। মসজিদের ইমাম, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা—সবাই মিলে এই বার্তাটি প্রচার করলে আমার মনে হয় এই কিশোরী গর্ভধারণ সমস্যাটি দূর করা সম্ভব হবে।

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

মোহাম্মদ নাসিম: স্বাধীনতার অব্যবহিত পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক আহ্বানের মধ্যে একটি আহ্বান করেছিলেন যে আমাদের পরিবারকে ছোট করতে হবে। তিনি বলেছিলেন, ‘যদি আমরা আমাদের পরিবারকে ছোট না করি তাহলে আমাদের চাষাবাদের জন্য জমি থাকবে না।’ তাঁর আহ্বানে সাড়া দিয়েই কিন্তু আজ আমরা এই সাফল্য অর্জন করেছি।

একটা সময় খুব জনপ্রিয় একটি স্লোগান ছিল, ‘ছোট পরিবার, সুখী পরিবার’। এই স্লোগানের বার্তাটি ছিল যে পরিবার নিয়ে সুখী হতে হলে পরিবারকে ছোট করতে হবে। এখানে আলোচনায় উঠে এসেছে, একজন ব্যক্তিকে নিজে পরিকল্পনা করতে হবে যে তার পরিবারটি কীভাবে থাকবে। কীভাবে আমার পরিবারকে আমি ছোট রাখব, কীভাবে আমার ছেলেমেয়েদের আমি লেখাপড়া করাব, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা কীভাবে হবে, তা কিন্তু আমাকে নিজেই চিন্তা করতে হবে। একজন ব্যক্তির ওপরই নির্ভর করে যে তার পরিবারটি কেমন হবে।

এখন গ্রামের অনেক মানুষও এ বিষয়টি বোঝেন যে আমার পরিবারটি ছোট হতে হবে। কিন্তু একটা সময় এমন ছিল যে গ্রামে পরিবার পরিকল্পনার কথা বলাই যেত না। সিলেট ও চট্টগ্রামে আমরা পিছিয়ে আছি। ফলে সেখানে আমাদের কর্মীদের কাজ করতে হবে।

আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর কাজ করে যাচ্ছে এই পরিস্থিতির উন্নতি করার জন্য। আমি নিজেও চিন্তা করেছি যাব ওখানে, গিয়ে তাদের সঙ্গে কথা বলব।

আমাদের তথ্যপ্রযুক্তিকে ইতিবাচক পন্থায় কাজে লাগাতে হবে। আমরা অনেক সময় দেখি নেতিবাচক খবরগুলো বেশি করে প্রচার করা হয়; কিন্তু ইতিবাচক খবর, আমাদের অর্জনের খবরগুলো তেমন ফলাও করে প্রচার করা হয় না।

যখন মানুষ দেখে যে বন্যা, ঝড়ের সঙ্গে লড়াই করে মানুষ টিকে আছে, তখন তারা অনুপ্রেরণা পায়, উৎসাহ পায়। নাটক-সিনেমার মাধ্যমে দেওয়া বার্তা মানুষ বেশি গ্রহণ করে। কিন্তু আমাদের এখনকার নাটক-সিনেমায় আমি সেই বার্তা দেখি না। এখানে আমাদের নাট্যকর্মী, লেখক ও নির্মাতাদের দায়িত্ব আছে।

জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা তৈরি করতে আমাদের সবাইকে এ বিষয়টি নিয়ে কথা বলতে হবে। মসজিদের ইমাম সাহেবকে বলতে হবে, ডাক্তারকে বলতে হবে, জনপ্রতিনিধিকে বলতে হবে, সংসদে এটি নিয়ে আলোচনা করতে হবে, সাংবাদিকদের এটি নিয়ে লিখতে হবে। তাহলেই সচেতনতা তৈরি হবে।

আরেকটি বিষয় হলো, আমাদের এই সভা, আলোচনা সব রাজধানীকেন্দ্রিক। আমাদের এখানে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে আলোচনা করলে হবে না। এই আলোচনাকে মফস্বলে নিয়ে যেতে হবে। যাদের জন্য আলোচনা, তাদের কাছাকাছি যেতে হবে।

আজকের আলোচনায় অনেক মূল্যবান পরামর্শ এসেছে—এগুলো আমরা আমাদের পরবর্তী কাজের সময় বিবেচনায় রাখব।

 আব্দুল কাইয়ুম: আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের আলোচনাগুলো সবার কাছে নিয়ে যেতে। দেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে ও মফস্বলে আমাদের আলোচনার কথাগুলো পৌঁছে দিতে হবে। আমরা শুধু ত্রুটিগুলো ফলাও করে তুলে না ধরে আমাদের যে সাফল্য ও অর্জনগুলো রয়েছে, সেগুলোও তুলে ধরার চেষ্টা করি এবং সামনেও করব।

প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

 যাঁরা অংশ নিলেন

মোহাম্মদ নাসিম              :  সাংসদ ও মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়

ফজিলাতুন্নেসা বাপ্পি         :  সাংসদ

কাজী মোস্তফা সারোয়ার  :  মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর

মো. মঈনুদ্দীন আহমেদ    :  লাইন ডিরেক্টর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ অধিদপ্তর

হোসেন জিল্লুর রহমান     :  নির্বাহী পরিচালক, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)

আমিনুল হক                   :  চেয়ারম্যান, পপুলেশন সায়েন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খিজির হায়াত খান          :  পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন

হালিদা হানুম আখতার     :  চিফ অব পার্টি (ইউএসএআইডি-ডিএফআইডি) এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট

শরীফ মো. ইসমাইল হোসেন     :          অ্যাসোসিয়েট, পপুলেশন কাউন্সিল

আবু সাইদ হাসান            :  টেকনিক্যাল অফিসার, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড এএসআরএইচ, ইউএনএফপিএ

সাইদ রুবায়েত               :  কান্ট্রি ম্যানেজার, আইপাস

তসলিম উদ্দিন খান          :  মহাব্যবস্থাপক, প্রোগ্রাম, সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)

তাসনিম জারা                 :  যুব প্রতিনিধি

পিয়া জান্নাত                    :  অভিনয়শিল্পী সঞ্চালক

আব্দুল কাইয়ুম         : সহযোগী সম্পাদক, প্রথম আলো