পরিবারতন্ত্রের অবসান হলো কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ

নওয়াজ শরিফের অপমানজনক প্রস্থান পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক বংশের জন্য মারাত্মক আঘাত। সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ শুধু প্রধানমন্ত্রীকে সারা জীবনের জন্য অযোগ্যই ঘোষণা করেননি, তাঁর পরিবারের সব সদস্যের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন, যাঁরা গত তিন দশক দেশটির রাজনৈতিক পরিসরে প্রভাব বিস্তার করেছেন। কিন্তু এটা নিশ্চিত নয় যে এই পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার শেষ হলো কি না। কারণ, নওয়াজের জায়গায় তাঁর ভাই শাহবাজ ক্ষমতায় বসবেন, সেটা একরকম নিশ্চিত।

বস্তুত, একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালতের এই রায় দেশটির গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এটিকে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি ধাপ হিসেবে চিহ্নিত করা যায়। লোকে এই রায়কে বিপ্লবী আখ্যা দিচ্ছে, যা নিয়ে নানা সন্দেহ ছিল, তা সত্ত্বেও এই রায় কিন্তু ব্যবস্থার ভেতর থেকেই এসেছে। সাংবিধানিক কাঠামোর বাইরে এই রায় হয়নি। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার পথেও এটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যে বিচার বিভাগ নির্বাহী বিভাগের কাছে মাথা নত করে না। যদিও লোকের ধারণা, এই রায় কিছুটা কর্কশ, যা নিয়ে সঠিকভাবেই তর্ক-বিতর্ক করা যায়।

নিশ্চিতভাবেই বলা যায়, এই রায়ে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হবে, একটা পরিবর্তন সূচিত হবে। যে রাজনৈতিক পরিবারের ভিত্তি অনেক গভীরে প্রোথিত, সেই পরিবার এলোমেলো হয়ে গেলে এটা হতে বাধ্য। এটাও দেখা যাচ্ছে, এই রায়ে দেশটির রাজনৈতিক মেরুকরণ গভীরতর হয়েছে। কিন্তু শরিফের সমর্থকেরা যেটা ধারণা করছেন, অর্থাৎ এতে দেশটির রাজনৈতিক প্রক্রিয়া হুমকির মুখে পড়বে, তা হয়তো ঠিক নয়।

মূল কথা হলো, এই রায় দেশটির পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য বড় আঘাত। এই পরিবারতান্ত্রিক রাজনীতি পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মূল্যবোধের পথে সবচেয়ে বড় বাধা। এর মধ্য দিয়ে আরেকটি বিস্তৃত ধারণার অবসান ঘটল যে পাঞ্জাবি নেতা হওয়ার কারণে শরিফের গায়ে টোকা দেওয়া যায় না, যেখানে সিন্ধুসহ অন্যান্য ছোট প্রদেশের নেতাদের সহজেই বিতাড়িত করা যায়।

তাই শরিফের এই পতন ও এই ঘটনাকে পাকিস্তানের গণতন্ত্রের জন্য ধাক্কা হিসেবে আখ্যা দেওয়াটা বোধগম্য নয়। এই মামলা পুরোপুরি বিচারিক প্রক্রিয়া মেনেই পরিচালনা করা হয়েছে। একে ষড়যন্ত্র ও বিচার বিভাগীয় অভ্যুত্থান হিসেবে আখ্যা দেওয়া যায় না।

এটা পরিষ্কারই ছিল যে জেআইটি প্রতিবেদন বেরোনোর পর প্রধানমন্ত্রী ভালো রকম ঝামেলাতেই পড়েছিলেন। ব্যাপারটা শুধু লন্ডনের সম্পদের হদিস দেখানোর ব্যর্থতার মধ্যেই সীমিত ছিল না, এতে শপথভঙ্গ ও আরও কিছু বিদেশি সম্পদ প্রদর্শন না করার ব্যাপার ছিল। কিন্তু পুরো পরিবারের বিরুদ্ধে এই চূড়ান্ত রায় ও মতৈক্য শুধু সরকারের জন্য নয়, বাইরের মানুষের জন্যও ধাক্কা।

বস্তুত, পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে অভিযোগ এবং তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোতে (এনএবি) পাঠানোর মধ্য দিয়ে এই পরিবারতন্ত্রের উত্তরাধিকার নির্বাচন–প্রক্রিয়া বিঘ্নিত হলো। মরিয়ম শরিফের বিরুদ্ধে ভুয়া নথি পেশের অভিযোগ ছিল, ফলে তাঁর বিরুদ্ধে রুলিং প্রত্যাশিতই ছিল। কিন্তু এতে শাহবাজ শরিফের অন্তর্ভুক্তি অপ্রত্যাশিত। এতে পিএমএল-এনের নেতৃত্ব নিয়ে ঝামেলা বেড়ে গেল।

কিন্তু এই দলের অনেকেই বিশ্বাস করেন, কনিষ্ঠ শরিফের বিরুদ্ধে এনএবিতে মামলা হলেও তিনি নেতৃত্ব দিতে পারবেন। দলটি নওয়াজ শরিফকে ‘রাজনৈতিক শহীদ’ আখ্যা দিয়ে তাঁর দুর্দশার প্রচারণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বর্তমান অবস্থায় তা কাজে আসবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। শরিফের রাজনৈতিক ও নৈতিক অবস্থান দুর্বল হয়ে যাওয়ায় দলে তাঁর প্রভাব কমে গেছে।

নওয়াজ ক্ষমতাকাঠামোরই মানুষ। ১৯৮০-এর দশকে জেনারেল জিয়া বেনজির ভুট্টোর প্রতিপক্ষ দাঁড় করানোর জন্য নওয়াজকে প্রতিষ্ঠিত করেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থেকে ১৯৯০-এর দশকে তিনি যে প্রধানমন্ত্রী হলেন, তার পেছনে সামরিক বাহিনী ও পাঞ্জাবের শক্তিশালী বেসামরিক মহলের সমর্থন ছিল। রাজনৈতিক ক্ষমতার সঙ্গে এই পরিবারের ব্যবসা-বাণিজ্যও ফুলে-ফেঁপে ওঠে। রাজনৈতিক জীবনের পুরোটা সময়ই তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ছিল, বিশেষ করে তিনি দেশের শীর্ষপদে আসীন হওয়ার পর।

রাজনৈতিক ক্ষমতার চূড়ায় উঠে তিনি সামরিক শক্তির প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। আগেরবার তো সেই সামরিক বাহিনী তাঁকে ক্ষমতাচ্যুত করে। ফলে এই তৃতীয় দফায় তাঁর সঙ্গে সামরিক বাহিনীর যে দ্বন্দ্ব লেগেই ছিল, তাতে বিস্ময়ের কিছু নেই। মুসলিম লীগ ঐতিহাসিকভাবে সামরিক বাহিনীর কাছের হলেও নওয়াজ দলটিকে জনভিত্তিসম্পন্ন দলে রূপান্তরিত করার চেষ্টা করেন। যদিও তিনি এতে তেমন একটা সফল হননি। তা সত্ত্বেও তিনি জনভিত্তি নির্মাণ করতে সক্ষম হন, যার কারণে রেকর্ড তৃতীয়বারের মতো তিনি ক্ষমতায় আসেন।

এখন বড় প্রশ্ন হচ্ছে, লজ্জিত নওয়াজ শরিফ কি দলকে একত্র রাখতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, পাঞ্জাবের ক্ষমতাকাঠামো কি শাহবাজের নেতৃত্বে মুসলিম লীগকে সমর্থন করবে। অতীতকালে বৈরী পরিস্থিতির পর ফাটল দেখা যেত। এর সবচেয়ে বড় নজির হলো, পারভেজ মোশাররফের অভ্যুত্থানের পর পিএমএল-কিউর গঠন। এটাই এখন দলটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পিপিপি ও পিটিআই পাঞ্জাবে কতটা ঢুকতে পারে, তার ওপরও অনেক কিছু নির্ভর করবে। পাঞ্জাবেই হবে মূল লড়াই। অন্যান্য প্রদেশে নওয়াজের পতনের প্রভাব পড়বে না।

তাঁর ক্ষমতায় প্রত্যাবর্তনের সম্ভাবনা তেমন একটা নেই, তবে তাঁর পরিবারের শাসন শেষ হলো কি না, তা নিশ্চিত নয়।

অনুবাদ: প্রতীক বর্ধন, পাকিস্তানি দৈনিক দ্য ডন থেকে নেওয়া।

জাহিদ হুসেন: পাকিস্তানি লেখক ও সাংবাদিক।