পরিবেশ আইন প্রয়োগ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদন অনুসারে, বায়ুদূষণের কারণে অকালমৃত্যুর দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ডব্লিউএইচওর এই গবেষণায় দেখা গেছে, এই তালিকায় সবার ওপরে রয়েছে চীন। তবে বায়ুদূষণের ক্ষতির মাত্রা স্রেফ মৃত্যুর সংখ্যা দিয়ে বোঝা যাবে না। কারণ, এর ফলে যত মানুষ মারা যায়, তার চেয়ে অনেক বেশি মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বায়ুদূষণের কারণে মানুষ হাঁপানি ও নিউমোনিয়ার মতো রোগে ভোগে। আর বয়স বিবেচনা করলে শিশু ও বৃদ্ধরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়।
বায়ুদূষণ মূলত দুই প্রকার, একটি হচ্ছে ইনডোর বা অভ্যন্তরীণ বায়ুদূষণ, আরেকটি হচ্ছে আউটডোর বা বাহ্যিক বায়ুদূষণ। দেশে এখনো বিপুল পরিমাণ মানুষ লাকড়ি পুড়িয়ে রান্না করে। এই লাকড়ি থেকে প্রচুর ধোঁয়া বের হয়। ফলে যারা চুলার কাছে থাকে, তারা মারাত্মকভাবে আক্রান্ত হয়। আর রান্নাঘরে বেশি বাতাস ঢোকে না, ফলে ধোঁয়া সেখানে আটকে থাকে। এতে ক্ষতি আরও বেশি হয়। আবার মানুষ ধূমপানের কারণেও ক্ষতিগ্রস্ত হয়। ঘরের ভেতরে ধূমপান করলে ধূমপায়ীর পাশে যারা থাকে, তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বাংলাদেশে এই অভ্যন্তরীণ বায়ুদূষণের ব্যাপারটা তেমন আলোচিত হয় না। বাংলাদেশে অভ্যন্তরীণ দূষণের মাত্রা অনেক বেশি। এটা নির্ভর করে ঘরের ভেতরে বায়ুপ্রবাহের ওপর। এর সমাধান হিসেবে উন্নত চুলার ব্যবহার করা যায়। প্রথমত, এই চুলায় প্রথাগত চুলার চেয়ে অর্ধেক লাকড়িতে রান্না করা সম্ভব। আর এই চুলার সঙ্গে একটি চিমনি লাগানো থাকায় ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। ফলে দুদিক থেকেই লাভ। বর্তমানে দেশের নীতিপ্রণেতা ও এনজিওগুলোর পক্ষ থেকে এই উন্নত চুলার ব্যবহারে মানুষকে উৎসাহিত করা হচ্ছে। তবে যত দ্রুতগতিতে এই চুলার ব্যবহার শুরু করা উচিত ছিল, তত দ্রুতগতিতে সেটা হচ্ছে না।
বায়ুদূষণের আরেকটি দিক হচ্ছে আউটডোর বা বাহ্যিক বায়ুদূষণ। এর আবার দুটি দিক রয়েছে। প্রথমত, গ্রামীণ অঞ্চলের বাহ্যিক বায়ুদূষণ, দ্বিতীয়ত শহরাঞ্চলের বায়ুদূষণ। গ্রামাঞ্চলে দেখা যায়, ফসল কাটার পর খেতে যা অবশিষ্ট থাকে সেটা পুড়িয়ে ফেলা হয়। আবার শীতের সময় গ্রামের মানুষেরা খড় পুড়িয়ে থাকে। এতে মানুষের শ্বাস-প্রশ্বাস-ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, তবে সেটা অভ্যন্তরীণ দূষণের মতো অতটা তীব্র নয়।
অন্যদিকে শহরাঞ্চলের বাহ্যিক দূষণের প্রধান কারণ হচ্ছে শিল্প–কলকারখানার ধোঁয়া। শহরের বায়ুদূষণের আরেকটি কারণ হচ্ছে ইটের ভাটা। ইটের ভাটা ও কারখানায় সাধারণ চিমনি থাকে। ধোঁয়া এই চিমনি দিয়ে বেরিয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ফলে সেটা যেমন সাধারণভাবেই মানুষকে ক্ষতিগ্রস্ত করে, তেমনি এর আরেকটি দিকও আছে। এই ধোঁয়া খেতের শস্যকেও আক্রান্ত করতে পারে। আর সেই শস্য যখন মানুষ খায়, তখন তারা আক্রান্ত হতে পারে। শহরাঞ্চলে দূষণের আরেকটি কারণ হচ্ছে অধিক যানবাহন ও ঘনবসতি। অর্থাৎ শহরে মানুষ থাকে বেশি, সে কারণে সেখানে যানবাহনও বেশি। আর আমাদের ঢাকা নগরে ট্রাফিক জ্যাম যে মারাত্মক আকার ধারণ করেছে, তাতে আরেক সমস্যা সৃষ্টি হয়েছে। অত্যধিক জ্যামের কারণে ঢাকার রাস্তায় গাড়ি চলার গতি খুব ধীর হলেও দীর্ঘক্ষণ ইঞ্জিন চালু রাখতে হচ্ছে। এই গাড়ি ও কারখানার ধোঁয়ায় এমন কিছু ক্ষতিকর উপাদান আছে, যেগুলোর আকার ৫ মাইক্রনের চেয়েও কম। আমরা জানি, মানুষের নাকে প্রাকৃতিক এক ফিল্টার আছে। ফলে বড় বড় কণা সাধারণত ফুসফুসে যেতে পারে না বা কফ ফেলার সঙ্গে সেগুলো বেরিয়ে যায়। কিন্তু এই পাঁচ মাইক্রনের চেয়ে ছোট কণাগুলো সেই ফিল্টার গলে সরাসরি ফুসফুসে চলে যায়, এটা খুব মারাত্মক ব্যাপার। এর ফলে শহরাঞ্চলে মানুষের হাঁপানির সমস্যা বেড়েছে। শহরাঞ্চলের বায়ুদূষণের আরেকটি উৎস হচ্ছে ট্যানারি। ট্যানারির দুর্গন্ধে মানুষের পক্ষে সে এলাকায় বসবাস করাই দায়।
আবার শহরাঞ্চলে দূষণের তীব্রতাও বাড়ছে। অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের কারণে মূলত সেটা হচ্ছে। কয়েক বছর আগের এক গবেষণায় দেখা গেছে, রাস্তার পাশের বস্তিতে যে শিশুরা জন্ম নিচ্ছে, তাদের রক্তে সহনীয় মাত্রার চেয়ে বেশি পরিমাণে সিসা পাওয়া যাচ্ছে। কিন্তু ১৫ বছর ধরে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের আন্দোলনের ফলে দেশে এখন সিসামুক্ত পেট্রল আনা হচ্ছে, ফলে সেই ভীতি অনেকটা কমেছে। কিন্তু অন্যান্য ক্ষতিকর উপাদান রয়েই গেছে। বস্তির মানুষের জীবনমান ও বসবাসের পরিবেশ উন্নত করা না গেলে এই সমস্যা রয়েই যাবে, ফলে সেটা থেকে শিগগির রেহাই পাওয়ার সম্ভাবনা কম।
বায়ুদূষণের একটি ব্যাপার হচ্ছে, এর কারণে মানুষের তৎক্ষণাৎ বা দ্রুত মৃত্যু হয় না। এটা একধরনের নীরব ঘাতকের মতো। এর কারণে মানুষ দীর্ঘ মেয়াদে নানা ধরনের রোগে ভোগে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শ্বাসকষ্টের প্রধান কারণই হচ্ছে এই বায়ুদূষণ। শেষ কথা হলো, আমাদের দেশে পরিবেশ আইন আছে। সরকারের উচিত হবে, শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সেই আইন মেনে চলতে বাধ্য করা। আর দূষণ কমানোর জন্য নানামুখী ব্যবস্থা তো নিতেই হবে, সে কথা বলাই বাহুল্য। আর ট্রাফিক জ্যামের কথা আগেও বলেছি। এর কারণে যেমন আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তেমনি স্বাস্থ্যগত ক্ষতিও হচ্ছে। ফলে আমাদের এই জ্যাম কমাতে হবে। এসব পদক্ষেপ নেওয়া হলে আমরা বায়ুদূষণের মারাত্মক প্রভাব থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারব, যদি পুরোপুরি সম্ভব না-ও হয়।
ড. এ আতিক রহমান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ।