পরিবেশ ধ্বংসও এখন মানবতার বিরুদ্ধে অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি, ঘটনা এমনই দাঁড়াচ্ছে। বন ধ্বংস করবেন, নদী নষ্ট করবেন, কৃষিজমিকে বদলে ফেলবেন—আর বলবেন উন্নয়ন হচ্ছে, সেটি আর হচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এখন পরিবেশ ধ্বংসকেও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখা শুরু করেছে। পরিবেশ ধ্বংস ও ভূমি দখলের হোতাদের বিচারের জন্য নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এই আদালতের দরজা এখন খোলা।কাজেই স্যুট পরা কথিত ‘ভালো’ লোকদেরও মানবতার বিরুদ্ধে অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। প্রথমবারের মতো পৃথিবীর সর্বোচ্চ অপরাধ আদালত প্রকৃতি ধ্বংস ও ভূমি দখলকে মানবতার বিরুদ্ধে অপরাধের তালিকাভুক্ত করছে (নিউইয়র্ক টাইমস, ২৯ সেপ্টেম্বর, ২০১৬)।

এ​ই সে​েপ্টম্বরে আইসিসির প্রসিকিউটরের দপ্তর থেকে প্রকাশিত কৌশলপত্রে বিষয়টা পরিষ্কার করা হয়েছে। কৌশলপত্রের ‘মামলা বাছাই ও অগ্রাধিকারকরণ’ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাষ্ট্র চাইলে আন্তর্জাতিক আইনের অধীনে প্রাকৃতিক সম্পদের বেআইনি আত্মসাৎ, ভূমি দখল অথবা পরিবেশ ধ্বংসের বিচারে আইসিসি সহযোগিতা দেবে। (http://preview.tinyurl.com/h6usdfu)।

আইসিসির এই সিদ্ধান্তের পেছনেও গণ–আন্দোলনের ইতিহাস আছে। কম্বোডিয়ার কিছু মানুষ আইসিসিতে একটি মামলা দায়ের করেন। তাঁদের অভিযোগ, ২০০২ সাল থেকে কম্বোডিয়ার সরকার, সামরিক বাহিনী, পুলিশ এবং আদালত সেখানকার ৩ লাখেরও বেশি মানুষকে বলপূর্বক উচ্ছেদ করে আসছে।

অনুরূপ ঘটনা বাংলাদেশেও ঘটতে যাচ্ছিল ২০০৬ সালে। দিনাজপুরের ফুলবাড়ীতে একটি বিদেশি কোম্পানির মাধ্যমে বিপজ্জনক উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি করার জন্য প্রায় ২ লাখ মানুষ উচ্ছেদের শিকার হতে যাচ্ছিল। অবশ্য স্থানীয়দের রক্তক্ষয়ী আন্দোলন তৎকালীন বিএনপি সরকারকে পিছু হটতে বাধ্য করে।

মানবতার বিরুদ্ধে অপরাধী বলতে এত দিন আমরা যুদ্ধাপরাধ, গণহত্যা, মানব ও মাদক পাচারকারীদের বুঝতাম। এগুলো চিহ্নিত অপরাধ। এগুলোর পক্ষে সাফাই গাওয়াও কঠিন। কিন্তু যাঁদের হাতে রক্তের দাগ নেই, যাঁরা নিজ হাতে একটি টিকটিকিও হয়তো হত্যা করেননি, তাঁদের অপরাধ ধরা কঠিন। যুদ্ধে নিরীহ মানুষকে হত্যা কিংবা যুদ্ধের নিয়ম ভঙ্গ করাকে যুদ্ধাপরাধ বলে। কিন্তু করপোরেট কোম্পানির প্রধান নির্বাহী অথবা সরকারি ক্ষমতার অধিকারীদের কলমের এক খোঁচায় পৃথিবীর ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে। ক্ষতি হয়ে যেতে পারে জনগণের এবং পরিবেশের অস্তিত্বের। প্রায়ই এমন ব্যক্তিরা বিচারের ঊর্ধ্বে থেকে তো যানই, উল্টো তাঁদের উন্নয়নের বীরও বলা হয়। তাঁরা ভোগ করেন ভিভিআইপি, সিআইপির মর্যাদা। কোনো বড় কোম্পানির সিইও অথবা সরকারের কোনো সচিব বা মন্ত্রী এমন সিদ্ধান্ত নিলেন, যার ফলে বড় আকারের পরিবেশ ধ্বংস হলো। কিংবা ভূমি থেকে উচ্ছেদ হলো অনেক মানুষ। এসব কর্মকাণ্ডকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলার আইনি রাস্তা আগে ছিল না। আইসিসি তার পথ দেখাল। আইসিসির প্রসিকিউটর ফাতু বেনসোদা জানাচ্ছেন, ‘আমরা শুধু অপরাধের প্রতি নজরপাতের এলাকা বড় করছি, আমরা দেখতে চাইছি বৃহত্তর প্রেক্ষিত থেকে।’ (নিউইয়র্ক টাইমস, ২৯ সেপ্টেম্বর, ২০১৬)। উল্লেখ্য, ব্যক্তি থেকে সরকার, সবাই এই বিচারের আওতায় পড়বেন।

ইতিমধ্যে পেরুর সাবেক প্রেসিডে​ন্ট ফুজিমোরিকে পরিবেশ ধ্বংসের দায়ে আইসি​সিতে নেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু তাঁর অপকর্ম আইসিসি প্রতিষ্ঠার (২০০২) আগের হওয়ায় আপাতত তা সম্ভব হচ্ছে না। তবে ইকুয়েডরের বন ধ্বংসের বিচারের আরজি ইতিমধ্যে আইসিসির কাছে অাছে।

অনেক দেশের আইনেই পরিবেশ ধ্বংস কিংবা মানুষকে তঁার জমি-বসতি থেকে উচ্ছেদ করার পথ কৌশলে খোলা রাখা হয়। রাজনীতিবিদেরা উন্নয়নের ভুল চিন্তা থেকে কিংবা নিরেট দুর্নীতির বশে এমন কাজ করে ফেলেন, যার দায় প্রজন্ম থেকে প্রজন্মকে শুধতে হয়। আইসিসির নতুন সিদ্ধান্তের পর কোম্পানির নির্বাহী, বিনিয়োগকারী অথবা সরকারগুলোর প্রতি হুঁশিয়ারি গেল, পরিবেশ নিয়ে লীলাখেলা করায় বিপদ আছে। তবে এখনই আইসিসি পরিবেশ অথবা ভূমি দখলের হোতাদের ধরে ধরে বিচার করতে যাচ্ছে না। কোনো দেশ যদি চায়, তাহলে তারা এমন অপরাধের বিচারে সহযোগিতা করবে। কোনো দেশ না চাইলে কিংবা অপারগ হলেও কথা থাকবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অথবা কোনো সদস্যরাষ্ট্রের অনুরোধে আইসিসি এসব অপরাধের তদন্ত করতে পারবে। এর অর্থ, দেশীয় আইনে বিচার সম্ভব না হলেও ১৯৯৯ সালের রোম স্ট্যাটিউটে স্বাক্ষরকারী দেশগুলোর ওপর আইসিসির শর্ত বর্তাবে। বাংলাদেশ রোম ঘোষণায় স্বাক্ষরকারী প্রথম দেশগুলোর একটি। ২০০৩ সালে জাতীয় সংসদের মাধ্যমে তা অনুস্বাক্ষরিত বা র‍্যাটিফাইও করা হয়েছে। সুতরাং বাংলাদেশ সরকার বা এ
দেশের কোনো ব্যক্তি আন্তর্জাতিক আদালতে বাংলাদেশে সংঘটিত এ ধরনের অপরাধের বিচার দাবি করতে পারবেন। ভারত, চীন ও ইন্দোনেশিয়া এখনো এই ঘোষণায় স্বাক্ষর করেনি।

শুধু পরিবেশ ও ভূমি দখল নয়, সাংস্কৃতিক ঐতিহ্য ও বিশ্ব ঐতিহ্য হিসেবে চিহ্নিত প্রত্নসম্পদের ক্ষতিও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেই দেখছে আইসিসি। ইতিমধ্যে একজনের বিচারও হয়েছে এই অপরাধে। ২০১২ সালে মালের জঙ্গিনেতা আহমাদ আল-মাহদি জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য-ঘোষিত টিমবাকটুর ঐতিহাসিক সৌধগুলো ধ্বংস করে বেশ গর্ব করেছিলেন। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁকে যুদ্ধাপরাধী হিসেবে সাব্যস্ত করলেন। (দেখুন: http://tinyurl.com/hysqxsn) তাঁর নয় বছরের কারাদণ্ড হয়।

আইসিসিকে বলা যায় জাতিসংঘের আদালত। জাতিসংঘের সমর্থনের ওপরই নির্ভর করছে এর কার্যকারিতা। জাতিসংঘের সংস্থা ইউনেসকো সম্প্রতি বিশ্ব ঐতিহ্য-ঘোষিত সুন্দরবনের কোল ঘেঁষে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আপত্তি জানিয়েছে। ইউনেসকোসহ বাংলাদেশের বিশেষজ্ঞ ও নাগরিকদের বড় অংশই মনে করে, এই বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের অস্তি​েত্বর জন্য মারাত্মক হুমকি। তাই প্রত্নতাত্ত্বিক বিশ্ব ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যের ক্ষতির প্রশ্নটি নতুন করে ভাবা দরকার।

ইতিমধ্যে পাকিস্তানের লাহোরের প্রস্তাবিত মেট্রোলাইন নির্মাণ আটকে দিয়েছেন সে দেশের আদালত। কারণ হিসেবে বলা হয়, শালিমার গার্ডেন ইউনেসকোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যের অংশ। এর ২০০ ফুটের মধ্যে মেট্রোরেল হলে শালিমার গার্ডেনসহ মোগল আমলের ১১টি স্থাপনার ক্ষতি হবে। ভারত সরকারও সম্প্রতি ৩০০ কোটি ডলারের একটি হীরক উত্তোলন প্রকল্প সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে। উদ্দেশ্য, বনের বাঘের চলাচলের পথ অবাধ রাখা ও পরিবেশ রক্ষা। আপাতভাবে বেঁচে যায় ভারতের মধ্যপ্রদেশের ছাত্তারপুর বনাঞ্চলের ৯৭১ হেক্টর এলাকার মোট ৪ লাখ ৯২ হাজার গাছ।

বাংলাদেশের সুন্দরবনও বিশ্ব ঐতিহ্যের অংশ। আমাদের চীনের প্রাচীরের মতো কিছু নেই। আমাদের আছে সুন্দরবনের মতো প্রাকৃতিক রক্ষাপ্রাচীর। সুন্দরবন অফুরান সম্ভাবনাময় প্রাণসম্পদের ভান্ডার। এর জন্য নিশ্চিতভাবে ক্ষতিকর রামপাল প্রকল্প নিয়ে এগোনোর
আগে তাই পুনরায় ভাবা উচিত। সুন্দরবনের কোনো বিকল্প নেই।

বৈশ্বিক আইনব্যবস্থার দর্শন দিনকে দিন গভীর ও ব্যাপক হচ্ছে। মানুষ, সমাজ ও প্রকৃতির পক্ষে নতুন নতুন আইন প্রণীত হচ্ছে। আইন থাকলে আজ বা কাল অপরাধীকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর সম্ভাবনা থাকে। সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।