প্রায় এক শতক ধরে আমরা শুনে আসছি কাগজহীন অফিসের কথা। কিন্তু ওই শোনা পর্যন্তই। কেননা, এ রকম কোনো অফিস আজও বাস্তবতার মুখ দেখেনি। এই এক শতকে বরং কাগজের ব্যবহার আরও বেড়েছে। কাগজের এই অতিরিক্ত ব্যবহারের জন্য ফটোকপি মেশিন যেমন দায়ী, তেমনি দায়ী লেজার প্রিন্টারের উদ্ভাবনও। শেষমেশ ২০১৩ সালে এসে কমতে শুরু করল কাগজের ব্যবহার এবং এই ধারাবাহিকতায় এরপর থেকে প্রতিবছরই কাগজের ব্যবহার কমেছে। এমনটা কিন্তু আগে হয়নি; তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এবারের ব্যাপারটা একটু অন্য রকম?
ডিজিটাল যুগ কাগজকে অফিসের বাইরে পাঠাতে পারে, আবার না-ও পারে। কিন্তু এটা ঠিক যে ইন্টারনেট বা আন্তরজাল-ভিত্তিক ব্যবসার প্রসারের কারণে কাগজের প্যাকেট বা মোড়কের চাহিদা ও প্রয়োজনীয়তা অনেক বেড়েছে। হয়তো কাগজের এই ব্যবহারই যথার্থ, কেননা শুরুতে কাগজের উদ্ভাবন হয়েছিল বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের মোড়ক হিসেবে ব্যবহারের জন্য; এর ওপর লেখার জন্য নয়। আজকের পৃথিবীতে এই মোড়কের ব্যবহার অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।
এখানে লক্ষণীয় যে বিপুল জনগোষ্ঠীর ব্যবহার বা ভোগের জন্য কোনো কিছু উৎপাদনের যে সংস্কৃতি, তা মূলত কাগজেরও ব্যাপক উৎপাদন দাবি করে। তা ছাড়া, কাগজের ব্যবহারোপযোগিতা বেড়েছে অনেক—খাবার থেকে শুরু করে জুতা, ফোন, এয়ারকন্ডিশনার কাগজের মোড়কবন্দী হয়েই বাজারে আসে বা ক্রেতার কাছে পৌঁছায়। যেমন সাবানের বার বা সেলফোন আসে কার্ডবোর্ডের বাক্সে; অন্যদিকে বই বা পেনসিল আসে কাগজের বাক্সে; আবার শার্টের মধ্যে কাগজ ব্যবহার করা হয় শার্টের কলার সোজা করে ধরে রাখার জন্য। এই তালিকা আর দীর্ঘ করে লাভ নেই।
এ দেশে শেষবার কাগজের দাম অনেক বেড়ে গিয়েছিল স্বাধীনতার কিছুটা সময় পর। সে সময় দেশে কাগজের কারখানা ছিল চারটি, যার সব কটিই ছিল সরকারি। এই কারখানাগুলো থেকেই দেশের ৯৫ শতাংশ কাগজের মণ্ড আসত। তবে এতে করে প্রচুর গাছ কাটতে হয়েছিল আর কাঠ হয়ে পড়েছিল দুর্লভ বস্তু। এর ফলে চারটি মণ্ড কারখানার মধ্যে একটি ছাড়া বাকিগুলো বন্ধ হয়ে গিয়েছিল। আজকের দিনের বাস্তবতা হলো, অভ্যন্তরীণভাবে উৎপাদিত প্রায় সব কাগজের মণ্ডই বিদেশ থেকে আমদানি হয়ে আসে।
যত দিন যাবে এই আমদানির খরচ ও পরিমাণ তত বাড়তে থাকবে। তবে বাংলাদেশে কাগজের ব্যবহার ধনী ও উন্নত দেশের তুলনায় আনুপাতিকভাবে অনেক কম। আবার এটাও আশা করা যায় যে উত্তরোত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে কাগজের অভ্যন্তরীণ চাহিদাও আনুপাতিকভাবে বাড়বে। আর এর অর্থ হচ্ছে সম্ভাব্য উচ্চমূল্যে আরও বেশি বেশি কাগজের মণ্ড আমদানি।
এই পরিস্থিতিতে উচ্চমূল্যের আমদানি থেকে রক্ষা পাওয়ার জন্য বিকল্প ব্যবস্থার কথা ভাবা যেতে পারে। একটা বিকল্প হতে পারে ব্যবহৃত কাগজকে পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা। আরেকটি বিকল্প হতে পারে মণ্ড তৈরিতে ব্যবহৃত কাঠের সরবরাহ বাড়াতে বেশি করে গাছ লাগানো। আর তৃতীয় যে বিকল্পটি হতে পারে তা হলো কাঠের বিকল্প কিছু সন্ধান করা। ঢাকায় অবস্থিত বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) ল্যাবরেটরি কাঠের এ রকমই একটি বিকল্পের সন্ধান পেয়েছে, আর তা হলো কৃষিজ বর্জ্য।
এখানে লক্ষণীয় যে বাংলাদেশে একসময় যে পরিমাণ গাছ ছিল, এখন আর তা নেই। তবে মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর বেশি মানুষ মানেই বেশি বেশি কৃষিজ বর্জ্য, যেমন ধান ও গমের খড়, আখের ছোবড়া, ভুট্টা ও আলুর আগা।
বাংলাদেশের কৃষকেরা এসব জৈব বর্জ্য ব্যবহার করে থাকেন গবাদিপশুর খাবার ও রান্নার জ্বালানি হিসেবে। তেল যেমন পরিশোধনের মাধ্যমে জ্বালানি তেল ও প্লাস্টিকে রূপান্তর করা যায়, ঠিক তেমনি কৃষিজ বর্জ্যও পরিশোধনের মাধ্যমে রূপান্তর করা যায় তেল ও অন্যান্য প্রয়োজনীয় অনেক কিছুতেই। এই প্রক্রিয়াকে বলা যেতে পারে জৈব বর্জ্য পরিশোধন।
বিসিএসআইআরের পরীক্ষাগারে একটি জৈব পরিশোধনকারী প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে, যা রাসায়নিক পদ্ধতিতে কোষ থেকে জৈব পলিমার বা অ্যাসিড অপসারণ করে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য খড়, ধান ও গমগাছের আগা ও আখের ছোবড়াকে মণ্ডে পরিণত করা যেতে পারে, যা থেকেই উৎপাদিত হতে পারে ছাপাখানা-বান্ধব কাগজ।
তবে এ ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে, কাগজের মণ্ড উৎপাদনের উল্লিখিত রাসায়নিক পরিশোধনের প্রক্রিয়াটির পরিবেশ-বান্ধবতা
নিয়ে। এটির উত্তর আসতে হবে শিল্পপতি ও শিল্পোদ্যোক্তাদের কাছ থেকে। তবে মণ্ড আমদানির উচ্চ খরচের কথা ভাবলে চৌকস শিল্পোদ্যোক্তারা বিকল্প মণ্ড তৈরির এই প্রযুক্তির সম্ভাবনা খতিয়ে দেখবেন বলে আশা করা যায়।
এখানে মনে রাখা দরকার যে শুধু বিজ্ঞানী ও শিল্পপতিরাই জৈব বর্জ্য শোধনাগারের সঙ্গে জড়িত নন; এ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা প্রায় অপরিহার্য। কেননা, এই শোধনাগার বা শোধনাগারগুলোতে যথেষ্ট পরিমাণ কৃষিজ বর্জ্য জোগান দেওয়ার ক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে সরকার কৃষকের পরিচালনা বা অংশগ্রহণে সমবায় সমিতিগুলোকে উদ্বুদ্ধ করতে পারে। কেননা, এই সমিতিগুলো সারা বিশ্বে কৃষি-অর্থনীতির প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ বিষয়ে যথাযথ সরকারি পদক্ষেপ কৃষক ও কৃষিজ বর্জ্যকে বর্জ্য পরিশোধনাগারে বর্জ্য সরবরাহের প্রক্রিয়াটির সঙ্গে সুন্দরভাবে সম্পৃক্ত করতে পারে।
এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ধরনের পরিশোধনাগার শুধু যে বর্তমান শিল্প-কারখানাগুলোর উৎপাদন খরচই কমিয়ে আনতে পারে তা-ই নয়, এই প্রযুক্তির ব্যবহার নতুন শিল্পকারখানাও তৈরি করতে পারে। এই প্রযুক্তির সফল ব্যবহার জাতীয় কৃষিনীতির গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার যে লক্ষ্যমাত্রা, তা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরও একটা আশার কথা হলো পরিবেশের ওপর বড় কোনো ক্ষতিকর প্রভাব না ফেলেই এই সাফল্য অর্জন করা সম্ভব।
অতীতের পর্যবেক্ষণ থেকে আমরা দেখেছি যে বাংলাদেশিরা যা আছে তারই সর্বোচ্চ ব্যবহারে অত্যন্ত পারদর্শী। ফরাসিতে সম্পদের সম্ভাবনা সন্ধানের এই দক্ষতাকে বলা হয় ‘bricolage’। এর অর্থ হচ্ছে উপস্থিত কোনো কিছুকে নতুন কোনো কিছু উদ্ভাবনে কাজে লাগানো। সেটা হতে পারে হস্তশিল্প বা অন্য কোনো কিছু।
ড. সারোয়ার জাহান: চিফ সায়েন্টিফিক অফিসার ও ডিরেক্টর, বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাবরেটরিজ, ঢাকা।
ড. রেজোয়ান হোসেইন: বিসিএসআইআর ল্যাবরেটরিজ ও সহকারী অধ্যাপক, ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট (ইউল্যাব)।