পরীক্ষা পিছিয়েই গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত সময় মতো শুরু হলো না এসএসসি পরীক্ষা
শেষ পর্যন্ত সময় মতো শুরু হলো না এসএসসি পরীক্ষা

শেষমেশ এসএসসি পরীক্ষা গতকাল ২ ফেব্রুয়ারি থেকে শুরু হলো না। এ নিয়ে গত কয়েক দিন অনেক জল্পনা-কল্পনা ছিল। আমরা ছিলাম উৎকণ্ঠায়, আমাদের অভিভাবকেরা ছিলেন উদ্বিগ্ন। এসএসসি শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ পরীক্ষার ফলাফলের ওপর শিক্ষাজীবনের অনেক কিছু নির্ভর করে। অথচ এ পরীক্ষার সময় আমাদের এভাবে হেনস্তা হতে হবে, তা আমরা ভাবিনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা পেছালে এক কথা। কিন্তু এমন মনুষ্যসৃষ্ট কারণে পরীক্ষা পেছানো সমীচীন নয়।
সেই নবম শ্রেণিতেই শুরু হয়ে যায় এসএসসির প্রস্তুতি। দীর্ঘ দুই বছর ধরে অনেক ঘাম ঝরিয়ে আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। শুধু আমরাই নই, আমাদের অভিভাবকদেরও অনেক কষ্ট করতে হয়েছে। স্কুলে-কোচিংয়ে যাওয়া-আসার সময় আমাদের মা-বাবারাও সঙ্গে গেছেন। বিশেষ করে, আমাদের মায়েরা যে কষ্ট করেছেন, তার তুলনা নেই। এমনকি আমাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে পরিবারেরও কিছু পরিকল্পনা থাকে। ফলে পরীক্ষা পিছিয়ে গেলে সবারই কষ্ট হয়। সেটা নিশ্চয়ই আমাদের কারও কাম্য নয়।
এসব কিছুর পর আমাদের পরীক্ষা যখন রাজনৈতিক কর্মসূচির কারণে পিছিয়ে যায়, তখন তা খুবই দুঃখজনক। কারণ, আমরা প্রস্তুত ছিলাম, ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। আমাদের মনও সেভাবে প্রস্তুত ছিল। এখন এই ছন্দপতনের কারণে একদিকে যেমন আমাদের উদ্বেগ বাড়ছে, তেমনি এই বর্ধিত সময়ে অন্যান্য সমস্যাও হতে পারে। আবার কলেজে ভর্তি হওয়ার সময়টাও পিছিয়ে যাবে। সেটা হলে পরবর্তীকালে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিও বিলম্বিত হবে। অর্থাৎ আমরা সবদিক দিয়েই পিছিয়ে যাব। আর এ পরীক্ষা কবে শেষ হবে, সেটাও আমরা জানি না। এমন অনিশ্চয়তার মধ্যে পরীক্ষা দেওয়া খুব কষ্টকর। এ রকম অস্থির অবস্থায় আমরা পরীক্ষা দিতে চাই না। আমরা সুস্থির পরিবেশ চাই।
আমরা শুনেছি, রাজনীতির লক্ষ্য মানুষের কল্যাণ। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা পিছিয়ে দিয়ে এই রাজনীতি আমাদের জীবনে কোন কল্যাণ বয়ে আনবে, তা আমাদের বোধগম্য নয়। এটা দেশের জন্যও ভালো নয়। শিক্ষামন্ত্রী পরীক্ষার সময় অবরোধ–হরতাল তুলে নেওয়ার দাবি করেছিলেন। তাতে আমরা আশাবাদীও হয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। তাই আমাদের দাবি, শিক্ষাকে রাজনীতির আওতার বাইরে রাখুন। আমাদের ১৫ লাখ শিক্ষার্থীসহ অভিভাবকদের উদ্বেগ দূর করুন। সবার উদ্দেশেই বলছি, আমরা এভাবে অবরুদ্ধ হয়ে থাকতে চাই না।
লেখক: এসএসসি পরীক্ষার্থী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।