কাশ্মীরিদের প্রতিবাদ কমবেশি শান্তিপূর্ণ হয়েছে, এর মধ্যে ইসলামি ভাবগাম্ভীর্য ছিল। কিন্তু মনে হচ্ছে, এটা একরকম প্রকাশভঙ্গির ব্যাপার, তার বিষয়বস্তু তেমন নয়। বিষয়টা হচ্ছে, কাশ্মীরি মানুষ নিজেদের ভূখণ্ড চায়। অধিকাংশ ভারতীয় মনে করে, স্বাধীন কাশ্মীর স্রেফ একটা জুজু। আসল ব্যাপার হলো, কাশ্মীরিরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায়।
কিন্তু আমি এই অনুমানের সঙ্গে একমত নই। স্বাধীনতার ব্যাপারটা মূলত স্বপ্ন বলেই মনে হয়, যে স্বপ্ন কাশ্মীরিদের ভাসিয়ে নিয়ে গেছে। এটা যদি কোনো দিন বাস্তব হয়, যেটা অসম্ভব, তাহলে পাকিস্তানের সঙ্গে মিলে যাওয়ার সবচেয়ে কট্টর সমর্থকেরাও এই দাবি ত্যাগ করে স্বাধীনতাকামীদের কাতারে যোগ দেবে।
কাশ্মীরের অনেক পরিবর্তন হয়েছে, তাকে এখন চেনা ভার। সর্বশেষ পাঁচ বছরেরও কম সময় আগে আমি শ্রীনগর সফর করেছিলাম, এর মধ্যে এই উপত্যকা পরিষ্কারভাবেই ভারতবিরোধী হয়ে পড়েছে। তার মানে আবার এই নয় যে তারা পাকিস্তানপন্থী হয়ে পড়েছে, যদিও শ্রীনগরের কিছু গহিন অঞ্চলে সবুজ পতাকা ওড়ে। প্রকৃত অর্থে এর মানে হচ্ছে, বিচ্ছিন্নতা—যেটা আগেও অনুভূত হতো—সেটা অসন্তোষে পরিণত হয়েছে।
আমি কাশ্মীরি সাংবাদিকদের এক আমন্ত্রণে শ্রীনগরে গিয়েছিলাম। দিল্লি থেকে আরও কয়েকজন সাংবাদিক তাতে যোগ দিয়েছিলেন। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, জম্মুর কোনো সাংবাদিক সেখানে ছিলেন না। অবশ্য তাঁদের কাউকে আমন্ত্রণই জানানো হয়নি।
ঘটনাপ্রবাহ দেখে আমার কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর চিন্তাধারার কথা মনে পড়ে যায়। তিনি আসলে পাকিস্তানের দাবি তুলে হিন্দু-অধ্যুষিত ভারতে মুসলমানদের জন্য সর্বোচ্চ ছাড় আদায়ের চেষ্টা করেছেন। যদিও তারপর মুসলমানদের তরফ থেকে প্রভূত সাড়া পাওয়ায় তিনি পাকিস্তানের দাবি প্রকৃত অর্থেই ধারণ করা শুরু করেন। প্রথম দিকে নিজের দাবিতে টলোমলো থাকলেও তিনিই একসময় পাকিস্তানের একমাত্র মুখপাত্রে পরিণত হন।
সে কারণে কাশ্মীরিদের প্রকৃত আকাঙ্ক্ষার ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত নয়। আমি যখন বক্তৃতায় বললাম, কাশ্মীরিদের স্বাধীনতার দাবি যদি কখনো মেনে নেওয়া হয়, তাহলে মুসলমানদের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে, তখন আমি তাদের ক্রুদ্ধ মুখ দেখেছি। হিন্দুরা তখন বলবে, ৭০ বছর একত্রে থাকার পরও যদি কাশ্মীরের মুসলমানরা স্বাধীনতা চায়, তাহলে ভারতের ১৬ কোটি মুসলমান যে রাষ্ট্রের প্রতি অনুগত, তার নিশ্চয়তা কোথায়?
পাকিস্তান সৃষ্টির পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল সাত্তারকে বলেছিলাম, ভারতের মুসলমানরা পাকিস্তান সৃষ্টির খেসারত দিচ্ছে, সে সময় পাকিস্তানের চেয়ে ভারতের মুসলমানের সংখ্যাই বেশি ছিল। তিনি বলেছিলেন, পাকিস্তান রাষ্ট্রের সংহতির জন্য ভারতীয় মুসলমানদের ‘ছাড়’ দিতে হবে।
>ভারতের রাজনৈতিক দলগুলো রাজনীতিকে ধর্ম ও গোত্রভিত্তিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। মানুষের উচিত হবে, উদার দল ও নেতাদের মাধ্যমে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, যাতে ধর্ম ও গোত্রের বিষ বেশি না ছড়ায়
আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছি মানুষের কট্টর অবস্থান দেখে। সেখানে হিন্দু ও মুসলমানদের মধ্যকার সামাজিক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। একটা ব্যক্তিগত প্রসঙ্গ টানব, তার জন্য দুঃখ প্রকাশ করছি। একটা সময় ছিল যখন আমি কাশ্মীর গেলে ইয়াসিন মালিক আমাকে তাঁর বাড়িতে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ জানাতেন, আর অাঁকাবাঁকা রাস্তা দিয়ে তাঁর বাসায় নিয়ে যেতেন। এটা সত্য যে, তিনি এখন ‘বিচ্ছিন্নতাবাদী’ হয়ে গেছেন, কিন্তু তাঁর কাছ থেকে একটি কথা শোনার জন্য আমি শুধু শুধু অপেক্ষা করেছি। আমি বিশ্বাস করি না, আমার শ্রীনগর সফরের কথা তিনি জানতেন না। তাঁর নেতৃত্বাধীন জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বিমানবন্দরে লোক লাগিয়ে রেখেছে, ভারত থেকে কখন, কারা আসে, কারা যায়, তা নজরদারি করার জন্য। ইয়াসিন মালিক ‘বিচ্ছিন্নতাবাদী’ ফিডব্যাক পেয়েছেন।
ইয়াসিনের আমরণ অনশন ভাঙিয়েছিলাম এই শর্তে যে আমি ব্যক্তিগতভাবে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তদন্ত করব। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বদলে আমার তত্ত্বাবধান শ্রেয় মনে করেছিলেন। আমরা যে প্রতিবেদন দাখিল করেছিলাম, তাতে দেখা গেল, ইয়াসিনের সিংহভাগ অভিযোগই সত্য। পাকিস্তান এই প্রতিবেদন ব্যাপক হারে উদ্ধৃত করে ভারত সরকারকে অস্বস্তিতে ফেলেছে।
সত্য, ইয়াসিন এ কথা বলতেন যে তিনি ভারতীয় নন। কিন্তু আমাদের সম্পর্ক জাতীয়তার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি। তিক্ততা কি ব্যক্তিগত সম্পর্কেও চিড় ধরাতে পারে? আমাকে কি বিনা বিচারে মেনে নিতে হবে যে আমি অনেক কিছুই ভুলভাবে ধরে নিয়েছিলাম? সন্দেহ নেই, কাশ্মীরের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। বিশেষ করে, যারা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভারতের ধারণায় বিশ্বাস করে, তাদের। যতই বাধা আসুক, তাদের নিজেদের অঙ্গীকার থেকে সরা চলবে না। তারা যদি বদলায়, তাহলে বুঝতে হবে, তারা আগে মুখোশ পরে ছিল।
এটা সারা ভারতের জন্যই ভালো। আমরা এমন এক সময়ে আছি, যখন মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর চিন্তাধারা চ্যালেঞ্জের মুখে পড়েছে, যাঁরা আমাদের জন্য স্বাধীনতা জয় করে এনেছিলেন। কেউ কেউ মহাত্মার খুনি নাথুরাম গডসের চিন্তাধারা সমর্থন করতে শুরু করেছে, এটা সত্যিই আমাকে বেদনাহত করে। একজন কাশ্মীরি মুসলমান প্রকৌশলী, যিনি আমাকে বিমানবন্দরে ছেড়ে এসেছিলেন, আমাকে বলেছিলেন, কীভাবে বেঙ্গালুরুর মতো উদার জায়গায় পুলিশ তাঁকে হয়রানি করেছিল।
ভারতের রাজনৈতিক দলগুলো রাজনীতিকে ধর্ম ও গোত্রভিত্তিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। মানুষের উচিত হবে, উদার দল ও নেতাদের মাধ্যমে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, যাতে ধর্ম ও গোত্রের বিষ বেশি না ছড়ায়। জাতি ব্যর্থ হলে কাশ্মীরসহ ভারতের অনেক স্থানই হয়তো ধর্মের কাদাজলে হোঁচট খাবে। আমাদের দেশ এখন এক পরীক্ষার মুখে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
কুলদীপ নায়ার: ভারতের সাংবাদিক।