
পরীমনি একটা দারুণ কাজ করেছেন। তিনি বিএফডিসির সহশিল্পীদের জন্য ঈদের দিন একটা গরু কোরবানি দিয়েছেন। সেটা সম্পন্ন হয়েছে এফডিসি চত্বরেই। বাংলাদেশে চলচ্চিত্রের নতুন নায়িকা পরীমনি আরও অনেকের মতো প্রথম আলোর বিনোদন পাতায় মনজুর কাদেরের লেখা খবরটা পড়েছিলেন। তথাকথিত এক্সট্রা, যাঁদের এখন বলা হয় সহশিল্পী, যাঁরা দিনভিত্তিক চুক্তিতে কাজ করেন সিনেমায়, তাঁরা এখন বেকার। কারণ, বিএফডিসিতে কাজ কমে গেছে। তাঁদের জীবনে তাই ঈদের আনন্দ নেই। প্রয়াত অভিনেতা সালমান শাহ বা রাজীব এই শিল্পীদের খোঁজখবর রাখতেন, এখন কেউ আর রাখেটাখে না। পরীমনি আপনার-আমার মতো খবরটা পড়েছেন, কিন্তু তিনি আমার মতো ‘মনজুর কাদের, দারুণ লিখেছ’ বলেই দায়িত্ব শেষ করেননি। তিনি গরু কিনে বিএফডিসিতে ঈদের দিন গিয়ে সেই গরু কোরবানি দিয়ে তার মাংস সহশিল্পী ও কলাকুশলীদের মধ্যে বিতরণ করেছেন। তাঁর এই সুন্দর উদ্যোগের প্রশংসা করতেই হবে।
জানি, এর সমালোচনাও হবে। এক দিন একটা গরু দিলেই ওই শিল্পীদের দুঃখ ঘুচবে না। ওই শিল্পীরা এক দিন মাংস চান না, তাঁরা কাজ চান। বাংলাদেশের ছবিকে বাঁচাতে হবে। বিএফডিসির স্বর্ণযুগ ফিরিয়ে আনতে হবে। তাহলে হলমালিক, শ্রমিক, চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার পরিবার বাঁচবে। সে প্রসঙ্গ ভিন্ন।
কিন্তু মানুষের সুন্দর ব্যবহার, সুন্দর মনোভাব প্রদর্শনেরও মূল্য আছে। সামান্য উদ্যোগে একজনের মুখে এক মুহূর্তের জন্য হাসি ফোটানোও খারাপ নয়। প্রথম আলোর নামে একটা চর আছে, কুড়িগ্রামে, ব্রহ্মপুত্র নদে। ওই চরে প্রথম আলোর কর্মীরা বন্যার সময় ত্রাণ নিয়ে হাজির হয়েছিলেন বলে এই নামকরণ। পরে ওখানে প্রথম আলো ট্রাস্ট স্কুল করে দিয়েছে। ওই চরে প্রথম আলো ঈদে গরু কোরবানি দিত। এর কারণ ওই গ্রামের শিশুরা সারা বছর একবারই মাংস খেতে পায়। এই আনন্দের উপলক্ষ থেকে ওদের বঞ্চিত করা ঠিক নয়। কাজেই প্রথম আলোর প্রতিনিধি সফি খান আমাদের লিখতেন, একটা গরু কি কোরবানি দেওয়া যায়? সেই উদ্যোগ নেওয়া হতো। যারা অতিরিক্ত খেয়ে হৃদ্রোগ, কোলস্টেরল, রক্তচাপ, ডায়াবেটিসে ভুগি, তাদের কথা আলাদা। কিন্তু যাঁরা একবেলা-দুবেলার খাবার কষ্ট করে জোগাড় করেন, তাঁদের জন্য মাংস একটা উত্তম খাদ্য, শরীরে আমিষ ও নানা ধরনের প্রয়োজনীয় উপাদান জোগায়। তবে ওই কথাটা নিশ্চয়ই আমরা মানি যে এক দিন গরু দান না করে চরগুলোতেও অভাব কমিয়ে আনাই সবচেয়ে ভালো কাজ। সেই কাজও হচ্ছে। সংবাদমাধ্যমের ব্যাপক প্রচারণার পরে দেশের মঙ্গাপীড়িত এলাকায় সরকার, এনজিও ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। দেশেরও অর্থনীতি চাঙা হয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে। চরের মানুষের হাতেও মোবাইল ফোন গেছে। মানুষ কাজের সন্ধানে গ্রামের বাইরে, জেলার বাইরে, দেশের বাইরে যায়। বিকল্প ফসল উৎপাদিত হচ্ছে। মঙ্গা এখন নেই বললেই চলে। এ বছরও সরকার ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার ব্যবস্থা করেছে। এখন আর প্রথম আলো চরে গরু কোরবানি দিতে যেতে হয় না।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বছর দুয়েক আগে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশে গরু ঢুকতে দেবেন না। তাতে বাংলাদেশে গরুর দাম বেড়ে যাবে। বাংলাদেশিরা গরু খাওয়া ভুলে যাবে। শুনে আমি হেসেছিলাম। প্রথম আলোয় ‘অরণ্যে রোদন’ লিখেছিলাম, দামের ভয়ে কোনো কিছু খাওয়া বা করা ছেড়ে দেবে, বাংলাদেশিরা সেই পাত্র নয়। যা হবে, তা হলো বাংলাদেশে কৃষকেরা গরুর খামার গড়ে তুলবেন, দুই বছরের মধ্যেই বাংলাদেশ গরুতে স্বয়ংসম্পূর্ণ হবে। ঠিক তাই হয়েছে। এবার ঈদের আগেই খবর বেরিয়েছে, যত গরু দরকার এই ঈদে, সে চাহিদা বাংলাদেশের গরু দিয়েই মেটানো যাবে। গেছে। কম ভারতীয় গরুই এবার ঢুকেছে দেশে।
ভারতীয় গরু বাংলাদেশে না ঢুকলে বহু সমস্যার সমাধান হবে। সীমান্তে গুলি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। তাতে দুই দেশের সম্পর্কের উন্নতি হবে বাস্তব ক্ষেত্রে। বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েই গেছে গরু উৎপাদনে। এটা আমাদের অর্থনীতিকে চাঙা করবে, কৃষকদের ঘরে সচ্ছলতা আনবে। কাজেই সরকার এখনই ঘোষণা দিতে পারে, গরু উৎপাদন করুন, ভারতীয় গরু সামনের ঈদে আর ঢুকতে দেওয়া হবে না।
আর আছে বাংলাদেশের চলচ্চিত্রের দীনতা। বহু বছর প্রোটেকশন দিয়ে তো লাভ হলো না। এখন একধরনের বিনিময় শুরু হয়েছে। তাতেও লাভের কোনো লক্ষণ নেই। কাউকে দোষ দেব না। আমাদেরই দোষ। আমরা ভালো ছবি বানাতে পারিনি এবং এখন আমাদের টেলিভিশনের অনুষ্ঠানও আর কেউ দেখেটেখে না। ভারতীয় বাংলা ও হিন্দি সিরিয়াল দেখে বাংলাদেশের মানুষেরা। পাখি পোশাকের জন্য আত্মহত্যা করে, কিরণমালা দেখার জন্য গ্রামে মারামারি হয়। ধরিত্রী, তুমি দ্বিধা হও, আমি মুখ লুকাইয়া বাঁচি।
এবার ঈদে আমার লেখা একটা নাটক বিটিভিতে বুধবারে প্রচারিত হলো। আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছেন। নাম মাটির প্রদীপ। সুবর্ণা মুস্তাফা অভিনয় করবেন, আমার জানা ছিল না। চরিত্রটা আসাদুজ্জামান নূরকেন্দ্রিক। আগে জানলে সুবর্ণা মুস্তাফাকেও অনেকটা জায়গা দেওয়া যেত। কিন্তু নাটকটা দেখতে গিয়ে আমার মনে নানা পুরোনো স্মৃতি এসে ঝড় তুলল। বিটিভির নাটক। বিটিভির স্টুডিওতে ঘরবাড়ি, হাসপাতাল বানিয়ে নির্মিত নাটক। সে সবের কৃত্রিমতা চোখে পড়ে। তারপরও শুধু ভালো অভিনয় দিয়ে আসাদুজ্জামান নূর আর সুবর্ণা মুস্তাফা নাটকটাকে দাঁড় করিয়ে দিলেন। আমার ফেসবুকে বার্তা এসেছে, শেষ ১০ মিনিট পুরো ঘরের সবাই কেঁদেছি। পুরো ঘরের সবাই মানে? সেই সব দিনের কথা মনে পড়ল। যখন আমরা পরিবারের সবাই বসে একসঙ্গে বিটিভিতে ঈদের নাটক দেখতাম। আমার প্রেম-ভালোবাসাহীন সাদাসিধে নাটকটা পরিবারের সবাই মিলে দেখেছেন কেউ কেউ। এবার ঈদে বিটিভির চেষ্টা ছিল নতুন কিছু করার। আফজাল হোসেনকে দিয়ে নাটক বানানো হয়েছে। বিটিভি প্রযোজিত নাটক বাইরের পরিচালক নির্মাণ করে দিয়েছেন।
যা করার বোধ হয় বিটিভিকেই করতে হবে। ভালো নাটক, ভালো অনুষ্ঠান, ভালো প্রামাণ্যচিত্র, ভালো আলোচনা। তথ্যমন্ত্রী কি ব্যাপারটায় নজর দেবেন? বাংলাদেশের মানুষ চাইলে পারে না এমন কিছু নেই। বাংলাদেশের মেয়েরা ভারতের মেয়েদের ফুটবলে ৪-০ গোলে হারিয়েছে। বাংলাদেশের কৃষকেরা দেশটাকে খাদ্যে, মাছে, ফলে স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছেন। বাংলাদেশের নির্মাতা, শিল্পী, কলাকুশলীরা টেলিভিশন অনুষ্ঠানও ভালো বানাতে পারবেন। শুধু মুনাফার কাছে আমরা পরাজিত হচ্ছি। আবুল হায়াত দুঃখ করে বলেছেন, নাটক চলে গেছে বেনিয়াদের হাতে। এত চ্যানেলেরও আসলে দরকার ছিল না। সেই জায়গায় পথিকৃতের ভূমিকা পালন করুক বিটিভি। সরকার ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে নিক।
একই কথা চলচ্চিত্রের ব্যাপারেও। আসলে দরকার ভালো চলচ্চিত্র, যে চলচ্চিত্র দর্শক টানবে হলে। ভালো চলচ্চিত্র সমাজকে পরিশুদ্ধ করতে পারে। এবার ঈদে বসে বসে একটা সাদা-কালো সিনেমা দেখছিলাম, হারানো মানিক বোধ হয় নাম। ববিতা, বুলবুল আহমেদ আর আলমগীর অভিনয় করেছেন ছবিটাতে। পরিচ্ছন্ন গল্প, আর গল্পটাকে ঠিকভাবে বলার চেষ্টা। আমার বেশ ভালো লাগল। আমাদের সেই সব গল্পওয়ালা ছবি বানানোর চেষ্টা কি করা উচিত না? যে ছবি সুপার হিট হবে। আমি কিন্তু বেদের মেয়ে জোছনারও পক্ষে। কারণ আমাদের কৃষিজীবী, শ্রমজীবী মানুষেরও বিনোদনের অধিকার আছে। তাঁদের যা ভালো লাগে, রুচি ও শ্লীলতা বজায় রেখে তা নির্মাণ করতে পারলে মহৎ কাজই করা হবে।
পরিশেষে ধন্যবাদ দিতে হবে সরকার আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এবারের ঈদে ওই বিপথগামী উগ্রবাদীরা কিছু করতে পারেনি, শান্তিতে ঈদ করেছি আমরা। তবে শান্তিনগরের রাস্তায় লাল নদী বইতে দেখে মনে হচ্ছে, এই কাজটা কি এতই কঠিন? আমাদের প্রকৌশলীরা কি শান্তিনগরের জলাবদ্ধতা দূর করতে পারবেনই না? একটা উদ্যোগ কি নেবেন, মাননীয় সরকার বাহাদুর?
আরেকটা কথা। পৃথিবীর খুব কম দেশেই নিজের বাড়ির সামনের রাস্তায় কোরবানি হয়। এটা আরব দেশগুলোতে হয় না, পশ্চিমা দেশগুলোতেও হয় না। আমরা মধ্য আয়ের দেশ হচ্ছি, নাগরিক ভব্যতা আমাদের অর্জন করতে হবে। নির্ধারিত স্থানে কোরবানির ব্যবস্থা সিটি করপোরেশনগুলোকে করতে পারতে হবে। আর আমাদের, মানে নাগরিকদের, তা মেনে নিতে হবে।
সবাই সুন্দরভাবে ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসুন। সবার প্রতিটা দিন ভালো যাক।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।