পশ্চিমবঙ্গে ভোট: নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে এবার যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তাতে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। ৪ এপ্রিল শুরু হয়ে মোট ছয় দফায় বিধানসভার ভোট পর্ব চলবে ৫ মে পর্যন্ত, তারপর ১৯ মে ভোটের ফল প্রকাশ হবে। এই গোটা ভোট পর্ব নির্বাচন কমিশন কীভাবে পরিচালনা করে, সে দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গসহ গোটা দেশের মানুষ।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এই যে বাড়তি কৌতূহল, তার কারণ ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা সমালোচনার ঊর্ধ্বে ছিল না। সেবারও ভোটের আগে নির্বাচন কমিশনের কাছে হাজার হাজার অভিযোগ জমা পড়েছিল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পেশিশক্তি প্রদর্শন ও রাজ্য প্রশাসনের, বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণ নিয়ে। কিন্তু নির্বাচন কমিশন তা ঠেকাতে কোনো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। এমনকি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে ভোটে নিরাপত্তার দায়িত্ব দিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হলেও তাদের ভোটের সময় রাস্তায় নামতে দেখা যায়নি। ভোটকেন্দ্র বা পোলিং বুথের ভেতরে তো নয়ই, বুথের বাইরেও তাদের দেখা যায়নি।
ফলে রাজ্য পুলিশের উপস্থিতিতে ক্ষমতাসীন দলের আশ্রিত সশস্ত্র গুন্ডাবাহিনী সেবার বহু এলাকায় পোলিং বুথ থেকে বিরোধী দলের এজেন্টদের তাড়িয়ে দিয়ে বুথ দখল করে নির্বাচনকে প্রহসনে পরিণত করে। এসব কর্মকাণ্ডের মধ্যে মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ নির্বাচন পরিদর্শকের ভূমিকায়। সুধীর রাকেশ নামের ওই পরিদর্শক গোটা পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ার ওপর নজরদারি করতে এসেই হুংকার দিয়েছিলেন, কী করে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করা যায় তা তিনি জানেন। পশ্চিমবঙ্গে বুথ দখল, ভোটদাতাদের ভয় দেখানো ইত্যাদির যে পূর্ব ইতিহাস আছে, তা তিনি অবগত। বুথ দখল ঠেকাতে এবং ভোটদাতাদের অবাধে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে তাঁর নেতৃত্বে নির্বাচন কমিশন সক্রিয় ভূমিকা নেবে।
কিন্তু কদিন পরেই শাসক দলের অন্যতম নেতা এবং ভোট পরিচালনার কান্ডারি মুকুল রায়ের সঙ্গে একান্তে বৈঠকের পরই তিনি অদ্ভুত আচরণ করতে শুরু করেন। প্রথমত, তিনি হঠাৎই কাউকে না জানিয়ে ট্রেনে চেপে বিহারের রাজধানী পাটনায় চলে যান এবং এক দিন পরে ফিরে আসেন। ওই অফিসারের বাড়ি পাটনায়। ফিরে এসে তিনি জানান, জরুরি কাজে তিনি বাড়ি গিয়েছিলেন। কিন্তু জরুরি কাজে যেতে হলে বিমানে না গিয়ে ট্রেনে গেলেন কেন, তার উত্তর মেলেনি। বিরোধী দলের নেতারা প্রকাশ্যেই বলাবলি করেন যে ট্রেনে চেপে পাটনা যাওয়ার একটাই ব্যাখ্যা হতে পারে, তিনি তৃণমূল কংগ্রেস থেকে নেওয়া ঘুষের টাকা রাখতে গিয়েছিলেন। যেহেতু বিমানে গেলে এটা ধরা পড়ে যাবে, তাই ট্রেনে যাওয়া।
এ নিয়ে একাধিক টিভি চ্যানেলে তখন আলোচনা হলেও সুধীর রাকেশ বা নির্বাচন কমিশন থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরপর ভোট পর্বের সময় দেখা গেল, সুধীর রাকেশ আর বিরোধীদের অভিযোগে মনোযোগ দিচ্ছেন না। কেন্দ্রীয় বাহিনীকে ব্যারাকে বসিয়ে রেখে রাজ্য পুলিশকে দিয়ে ভোট করানোর বিরুদ্ধে অভিযোগে বিরোধীরা সোচ্চার হলেও তিনি নীরব। বুথের ভেতরে ভোটের লুট দেখেও পোলিং অফিসাররা যে হাত গুটিয়ে বসে আছেন, তা সাধারণ ভোটদাতারা দেখছেন, বিরোধী দলের প্রার্থীরা দেখছেন, কিন্তু সুধীর রাকেশ দেখতে পাচ্ছেন না। শেষ পর্বের ভোট গ্রহণের দিন তিনি যা করলেন, তা সবকিছুকে ছাপিয়ে গেল।
দক্ষিণবঙ্গের ১৭টি লোকসভা কেন্দ্রে সেদিন ভোট ছিল। সকাল থেকেই শাসক দলের গুন্ডাবাহিনী দাপিয়ে বেড়াল, ভোটকেন্দ্র থেকে বিরোধী প্রার্থীদের এজেন্টদের বের করে দিল, গুলি চালিয়ে ভোটদাতাদের গ্রামের মধ্যেই আটকে রাখল, কিন্তু সুধীর রাকেশের সঙ্গে যোগাযোগই করা গেল না। তাঁর ফোন বন্ধ, তিনি কোথায়, কেউ জানেন না। শেষ পর্যন্ত বেলা দুইটা নাগাদ তাঁকে আবিষ্কার করা গেল দক্ষিণ কলকাতার একটি গেস্টহাউসে, সেখানে তিনি দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলেন। বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী ও অন্য প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে চাইলে তিনি তা শুনতে অস্বীকার করেন। জানিয়ে দেন, নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তিনি শুনবেন। এভাবে ভোটের বেশির ভাগ সময়ই কাটিয়ে দিয়ে তিনি অফিসে হাজির হন, ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে।
ভোট পর্ব পরিচালনার ক্ষেত্রে ২০১৪ সালে নির্বাচন কমিশনের এই ভূমিকা পশ্চিমবঙ্গের মানুষ এখনো মনে রেখেছে। সম্ভবত নির্বাচন কমিশনও সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেছে। তাই এবার নির্বাচন কমিশন অনেক আগে থেকে আসরে নেমেছে। ভোটের দিন ঘোষণা করার কিছুদিন আগে থেকেই পশ্চিমবঙ্গের বুকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এসে গেছে। তারা জেলায় জেলায়, গ্রামে ও শহরে ফ্ল্যাগ মার্চ করছে। মোট ৭০০ কোম্পানি আধা সামরিক বাহিনীকে এবারের ভোটে পশ্চিমবঙ্গে নামানো হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি ও কমিশনের অপর দুই সদস্য ইতিমধ্যে দুবার ঘুরে গেছেন পশ্চিমবঙ্গ। কমিশনের নির্দেশে ইতিমধ্যে ৩১টি থানার ওসি, চারটি জেলার পুলিশ সুপার ও কয়েকজন জেলা শাসককে নির্বাচনের কাজ থেকে সরিয়ে দিতে হয়েছে। কমিশনের বক্তব্য, এঁরা সবাই শাসক দলের হয়ে কাজ করছেন। কিন্তু বারবার বলা সত্ত্বেও কমিশন এখনো রাজ্যের দাগি অপরাধীদের ধরার জন্য রাজ্য প্রশাসনকে সক্রিয় করে তুলতে পারেনি। এখনো অন্তত ২৫ হাজার দাগি অপরাধী বাইরে ঘুরে বেড়াচ্ছে। যাদের ধরা হচ্ছে, তাদের বিরুদ্ধে জামিন-অযোগ্য ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তারা সহজেই জামিন পেয়ে যাচ্ছে। আগের ভোটগুলোতে এরাই শাসক দলের হয়ে বুথ দখলে সক্রিয় ছিল। বেআইনি অস্ত্র উদ্ধারও নামমাত্র হচ্ছে। জাইদি অবশ্য আশ্বাস দিয়েছেন যে ভোটের সময় ভোট গ্রহণ কেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতেই থাকবে।
নির্বাচন কমিশনের এসব উদ্যোগকে বিরোধীরা স্বাগত জানালেও মুখ্যমন্ত্রী তথা শাসক দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মোটেই তা ভালোভাবে নেননি। তিনি কমিশনের সমালোচনায় সোচ্চার। তিনি একের পর এক নির্বাচনী জনসভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া মন্তব্য করছেন। সেই সঙ্গে যেসব অফিসারকে সরানো হয়েছে, তাঁদের আশ্বাস দিচ্ছেন যে কমিশন যা-ই বলুক, ভোটের পরেই তাঁদের আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। মমতা একই কাজ ২০১৪ সালেও করেছিলেন। মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, সে জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চায় বলার পরে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘কেন্দ্রীয় বাহিনী তো ভোটের পরে চলে যাবে, তারপরে তো আমরাই থাকব। নিরাপত্তার জন্য তো তখন সেই রাজ্য পুলিশই লাগবে।’ মমতার কথার মধ্যে যে হুমকি প্রচ্ছন্ন, সেটা তাঁর দলীয় নেতারা সোজাসাপ্টাই বলছেন। বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল ভোটারদের সতর্ক করে দিচ্ছেন এই বলে যে ভোটদাতারা যেন মনে রাখেন যে কেন্দ্রীয় বাহিনী ভোটের পরেই চলে যাবে। একই কথা বলছেন দক্ষিণ ২৪ পরগণার তৃণমূল কংগ্রেস নেতা রেজ্জাক মোল্লা।
এসব দেখেই রাজ্যের মানুষের মনে কিছুটা সংশয় রয়েছে। ভোটের সময় নির্বাচন কমিশন সত্যিই কী শক্ত হাতে গুন্ডাগিরি ও বুথ দখল ঠেকাতে পারবে? নাকি ২০১৪ সালের পুনরাবৃত্তি হবে? টিভি ও সংবাদপত্রের পাতায় নির্ভয়ে ভোট দিতে মানুষকে আহ্বান জানিয়ে বিজ্ঞাপন দিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু মানুষের আস্থা অর্জনের জন্য তা যথেষ্ট নয়। মানুষের আস্থা পুরোপুরি অর্জন করতে হলে নির্বাচন কমিশনকে তার দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতি পুরোপুরি পালন করতে হবে। এবারের ভোট তাই শুধু রাজনৈতিক দলগুলোর পরীক্ষাই নয়, নির্বাচন কমিশনেরও পরীক্ষা।
রজত রায়: ভারতীয় সাংবাদিক।