পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে জটিলতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাই মুখ্যমন্ত্রী যতই নাম বদলের প্রস্তাব দিন না কেন, তা পাস করানো কঠিন হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তবে বামফ্রন্টের শরিক সিপিআই এই প্রস্তাব সমর্থন করলেও অন্য শরিকেরা পক্ষে বা বিপক্ষে এখনো অবস্থান স্পষ্ট করেনি। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের বার্ষিক সম্মেলনে ৩ আগস্ট জানিয়ে দেওয়া হয়, তারা নাম পরিবর্তনের বিরোধী। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘এটা গিমিক ছাড়া কিছু নয়। সরকার যদি ভাবে, রাজ্যের মানুষ নাম পরিবর্তন চাইছে, তাহলে গণভোট করুক।’

এদিকে রাজ্য বিধানসভার স্পিকার ১৮ আগস্ট সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এই বৈঠকেই জানা যাবে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নাম বদল নিয়ে অবস্থান কী?

সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত রাজ্য পরিষদের এক বৈঠকে দিল্লিতে যোগ দিতে গিয়ে মমতা তাঁর বক্তব্য পেশ করার জন্য ডাক পেয়েছিলেন সবার শেষে। কারণ পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের নাম ছিল সবার শেষে। এরপরই তিনি ঠিক করেন যে আর শেষে নয়, এবার কেন্দ্রের কাছে দাবি জানাতে হবে নাম বদলের, যাতে করে রাজ্যের নাম আরও ওপরের দিকে চলে আসে। সেই লক্ষ্যেই ২ আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের নাম বদল করে ‘বাংলা’ বা ‘বঙ্গ’ রাখার প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি এই প্রসঙ্গও গৃহীত হয় যে ইংরেজিতেও এই রাজ্যের নাম হবে ‘বেঙ্গল’।

২০১১ সালের মে মাসে পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় প্রথম আসার পর মমতা আগস্ট মাসে এক সর্বদলীয় বৈঠক ডাকেন। তখন সেখানেই উঠে আসে ওয়েস্ট বেঙ্গলের নাম ইংরেজিতে পশ্চিমবঙ্গ লেখা হোক। বৈঠকে এই প্রস্তাব গৃহীত হওয়ার পর তা পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদনের জন্য। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও সংসদে আসেনি সেই নাম বদল করার বিল।

এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ অথবা ‘বঙ্গ’ রাখার প্রস্তাব অনুমোদিত হওয়ার পর রাজ্যজুড়ে বিতর্কও শুরু হয়েছে। কলকাতার কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনেরা বিষয়টি নিয়ে তাঁদের মতও প্রকাশ করেছেন। তবে অধিকাংশ ব্যক্তিই মত দিয়েছেন ‘বাংলা’র পক্ষে। কেউ অবশ্য ‘বঙ্গ’ নাম না রেখে বরং ‘বঙ্গপ্রদেশ’ রাখারও প্রস্তাব দিয়েছেন। কারও কারও মতে, ইংরেজিতে ‘বেঙ্গল’ হবে কেন? রাজ্যের নাম ‘বাংলা’ হলে ইংরেজিতেও ‘বেঙ্গল’-এর পরিবর্তে ‘বাংলা’ রাখা হোক। এটা হলে ভারতের সরকারি তালিকায় পশ্চিমবঙ্গের নাম অনেক ওপরে চলে আসবে।

যদিও এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের নাম পরিবর্তন হয়েছে। সংযুক্ত প্রদেশের নাম পরিবর্তন করে হয়েছে উত্তর প্রদেশ, হায়দরাবাদের পরিবর্তে হয়েছে অন্ধ্র প্রদেশ, মধ্য ভারতের নাম হয়েছে মধ্যপ্রদেশ, উত্তরাঞ্চলের পরিবর্তে হয়েছে উত্তরাখন্ড, উড়িষ্যার পরিবর্তে হয়েছে ওডিশা, ত্রিশঙ্কুর-কোচিনের পরিবর্তে কেরালা, মাদ্রাজের পরিবর্তে তামিলনাড়ু ও মহীশুরের পরিবর্তে হয়েছে কর্ণাটক রাজ্য। 

কবি নীরেন্দ্র নাথ চক্রবর্তী বলেছেন, ‘জরুরি প্রয়োজন ছাড়া কোনো কিছুর নাম পরিবর্তনের পক্ষপাতী আমি নই।’ কবি শঙ্খ ঘোষ বলেছেন, নাম বদল সমীচীন হয়েছে। বাংলা নামটাই ভালো হবে। সাহিত্যিক সমরেশ মজুমদার বলেছেন, ‘নাম পরিবর্তনের সিদ্ধান্ত সঠিক, আমি বাংলা নামটাই চাইছি।’ শিক্ষাবিদ পবিত্র সরকার বলেছেন, ‘তবে আমি চাইছি রাজ্যের নাম হোক বঙ্গ।’ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, পূর্ববঙ্গ বলে যখন কিছু নেই, তখন পশ্চিমবঙ্গ থাকবে কেন? তবে ‘বঙ্গভূমি’ হলে ভালো হয়। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় নাম পরিবর্তনের প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘বঙ্গভূমি’ হলে ভালো হয়। নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র চাইছেন, নাম হোক ‘বঙ্গদেশ’। চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বলেছেন, ‘বঙ্গ বা বাংলা হলে আমার আপত্তি নেই।’

২৬ আগস্ট রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনে নাম পরিবর্তনের বিল পেশ করা হবে। এর আগে স্পিকারের নেতৃত্বে এক সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে ১৮ আগস্ট। সেই বৈঠকে এই নাম পরিবর্তনের প্রস্তাব গৃহীত হলে তা পেশ করা হবে বিধানসভার অধিবেশনে। বিধানসভায় এই বিল পাস হলে তা পাঠানো হবে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায়। সেখানে নাম পরিবর্তনের প্রস্তাব গৃহীত হলে তা অনুমোদের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি নাম পরিবর্তনসংক্রান্ত বিলে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে। তবে কংগ্রেস ও বিজেপি সবুজসংকেত দিলে আর কোনো বাধাই থাকবে না নাম বদলের প্রস্তাব পাস করানোর। বিজেপি কি সেই পথে হাঁটবে—প্রশ্নটিই এখন বড় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে।

অমর সাহা, প্রথম আলোর কলকাতা প্রতিনিধি।