
ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা রোহিঙ্গাদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য মিয়ানমারের সাতজন নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে ২৫ জুন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এই সংবাদের শিরোনাম দেখে যে কেউ প্রথমেই মনে করবে শেষ পর্যন্ত পশ্চিমারা (ইইউ ও কানাডা) তাহলে জবাবদিহি ও কর্তব্যের প্রশ্নে এক জায়গায় শামিল হতে সচেষ্ট হয়েছে। সিএনএনের খবরের শিরোনাম ছিল ‘ইইউর অবরোধের পর রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালানোর দায়িত্ব পালনকারী জেনারেলকে অপসারণ করেছে মিয়ানমার সরকার’। ইসরায়েলের সব কাজে সমর্থন দিতে যাতে কোনো ধরনের বাধার মুখে পড়া না লাগে, সে জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে বেরিয়ে যাওয়া ট্রাম্প প্রশাসন যে এসব আন্তর্জাতিক জবাবদিহির ধার ধারে না, তা বলাই বাহুল্য।
ইইউ এবং কানাডা যেদিন মিয়ানমারের সাত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়, ঠিক সেই দিনই মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে তিনি রাখাইন কমান্ডের আঞ্চলিক কমান্ডার মেজর জেনারেল মং মং সোয়েকে অপসারণ এবং রাখাইন অভিযানের একটি বিশেষ ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক লেফটেন্যান্ট জেনারেল অং কিয়াও জাওকে ‘অবসরে’ পাঠানোর ঘোষণা দেন। বিবৃতিতে তাঁদের স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়। ইইউ ও কানাডার এই পদক্ষেপ এবং তাতে মিয়ানমারের প্রতিক্রিয়াকে গণহত্যা থেকে বেঁচে ফেরা একজন রোহিঙ্গার চোখে ফাঁকিবাজি ও শূন্যতা ছাড়া কিছুই নয়। তাঁর সেই দৃষ্টিভঙ্গি অমূলকও নয়।
খেয়াল করুন, যে দুজন সামরিক অধিনায়কের বিরুদ্ধে মিয়ানমার ‘ব্যবস্থা’ নিয়েছে, তাঁদের কারও কাঁধেই কোনো অপরাধের দায় চাপানো হয়নি। উত্তর রাখাইন রাজ্যে তথাকথিত সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) বিরুদ্ধে সরকার যে ‘নিরাপত্তা অভিযান’ চালিয়েছে, তাতে এই দুজন যে নেতৃত্ব দিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। সীমান্তসংলগ্ন প্রায় এক শ কিলোমিটার এলাকাজুড়ে রোহিঙ্গাদের ওপর যে হত্যা ও নারকীয় নির্যাতন হয়েছে, তা যেকোনো সংজ্ঞায় সর্বোচ্চ অপরাধের পর্যায়ে পড়ে। সাত লাখ রোহিঙ্গাকে দেশছাড়া করার জন্য মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির অফিস বিশ্ব আদালতে আবেদনও করেছে। চার দশকের বেশি সময় ধরে মিয়ানমার সরকার রাখাইনের রোহিঙ্গা মুসলমান, কাচিনের খ্রিষ্টান এবং কারেন, শান, মন এবং চিনসহ জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। এই এতটা সময় ধরে জাতিসংঘে ভেটো দেওয়ার এবং মিয়ানমারের ওপর অর্থনৈতিক প্রভাব বিস্তারের ক্ষমতা রাখা দেশগুলো (এদের মধ্যে জাপান এবং ভারতও আছে) চেখে ঠুলি পরে আছে।
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর দেখভাল করা জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়াররা সেই ১৯৯১ সাল থেকে রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিরুদ্ধে চালানো নির্যাতনের কথা বলে আসছে। তাদের সে কথা কেউ আমলেই নেয়নি। মিয়ানমারবিষয়ক মামলা আইসিসিতে উঠবে কি না, এটি নিয়ে নিরাপত্তা পরিষদের ওপর চাপ বাড়া সত্ত্বেও মিয়ানমারের সেনাবাহিনী কমবেশি আগের মতোই তাদের দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। তারা কোনো কিছুকেই পাত্তা দিচ্ছে না। এখন পর্যন্ত রোহিঙ্গা নির্যাতন বন্ধে সেখানে একটিও অর্থবহ পদক্ষেপ নেওয়া হয়নি। নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যদেশের অন্যতম ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ মিয়ানমারকে একদিকে গণহত্যা বন্ধ করতে বলছেন, অন্যদিকে তাঁর দেশ মিয়ানমারের সঙ্গে তেল আর গ্যাসের ব্যবসা চালিয়ে যাচ্ছে। পশ্চিম মিয়ানমারে গণহত্যা চলছেই। আর পূর্বাঞ্চলের কাচিনে খ্রিষ্টানদের ওপরও
নির্যাতন চরম আকার ধারণ করেছে। লক্ষণীয় বিষয় হচ্ছে মিয়ানমারের সঙ্গে করপোরেট ও বাণিজ্য সম্পর্ক যে ফ্রান্স একাই চালিয়ে যাচ্ছে তা নয়। এই দলে আগের মতোই আছে সবাই।
মিয়ানমার টাইমস-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারে এত মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার খবরের মধ্যেও ইইউর অন্তত তিন শ বিনিয়োগকারী দেশটিতে প্রায় ৬৭০ কোটি ডলার বিনিয়োগ করেছেন। মিয়ানমারে নতুন করে গণহত্যার শিকার হওয়া থেকে লোকজনকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায় যে স্পষ্টতই ব্যর্থ হচ্ছে তা বহু বিশিষ্ট লোকের কথাতেই প্রকাশ পাচ্ছে। বার্লিনের জুইশ মিউজিয়ামে সম্প্রতি মিয়ানমারের গণহত্যা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। সেখানে কানাডার সাবেক আইন ও বিচারমন্ত্রী আরউইন কোটলার বলেছেন, বৈশ্বিক নেতারা এ বিষয়ে লাগাতার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তাঁর ভাষায়, ‘আমরা জানি, কিন্তু কিছুই করছি না।’
তবে ইইউ এবং কানাডা যৌথভাবে যে ঘোষণা দিয়েছে তা কৌশলগতভাবে বেশ অর্থবহ। বিশেষ করে তারা তাদের নিষেধাজ্ঞার আওতায় এমন দুজন কর্মকর্তাকে এনেছে, যাঁরা রোহিঙ্গাদের ওপর দানবীয় নির্যাতন চাপিয়ে দিয়েছেন। এই অর্থবহ উদ্যোগকে আন্তর্জাতিক মহল চাইলে আরও এগিয়ে নিতে পারে।
ইংরেজি থেকে অনূদিত
মং জার্নি : মিয়ানমারের নির্বাসিত মানবাধিকারকর্মী