পশ্চিমের বিরুদ্ধে রাশিয়ার হাইব্রিড যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাই ভারহোফস্টাড
গাই ভারহোফস্টাড

মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই ও সিআইএ উভয়ই উপসংহারে এসেছে যে নভেম্বরের মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার জন্য রাশিয়া যেমন হ্যাকিং করেছে, তেমনি ভুল তথ্য ছড়িয়েছে, যাতে হাওয়া ট্রাম্পের পক্ষে থাকে। আমরা হয়তো কখনোই জানব না, রাশিয়ার এই সাইবার অভিযান কতটা সফল হয়েছিল, কিন্তু আমরা এটা জানি যে ক্রেমলিন যা চেয়েছিল, সেটা তারা পেয়েছে। টাইম ম্যাগাজিন ভুলভাবে ট্রাম্পকে বছরের সেরা ব্যক্তি আখ্যা দিয়েছে, প্রকৃতপক্ষে বছরের সেরা ব্যক্তি হচ্ছেন পুতিন।
যুক্তরাষ্ট্রে যে সাইবার হামলা হলো, তা হয়তো ইউরোপের নির্বাচনে অধিকতর হস্তক্ষেপের সম্ভাবনা জানান দিচ্ছে। ২০১৭ সালে নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্সে নির্বাচন হবে, সেখানকার কর্মকর্তারা এখন দৌড়ঝাঁপ করছেন, কীভাবে সাইবার হামলা ঠেকানো যায়। ইউরোপে এর আগে যেসব সাইবার হামলা হয়েছে, সেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিকে হ্যাক করার ঘটনার মিল রয়েছে।
২০১৫ সালের শুরুর দিকে রুশ সরকারের সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী জার্মানির পার্লামেন্ট বুন্দেসতাগ হ্যাক করে, এরা সেখানকার গোপনীয় ফাইল চুরি করে উইকিলিকসের হাতে তুলে দেয়, যারা সেগুলো ফাঁস করে দেয়। জার্মানির ফেডারেল অফিস ফর দ্য প্রটেকশন অব দ্য কনস্টিটিউশন জার্মান সরকারের কম্পিউটার ব্যবস্থায় একই ধরনের হামলা চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল। অন্যদিকে নভেম্বরে ইউরোপীয় কমিশনের ওপরও বড় ধরনের সাইবার হামলা হয়। কারা এই হামলা চালিয়েছিল সেটা জানা যায়নি, কিন্তু কথা হচ্ছে, খুব কমসংখ্যক মানুষেরই এ ধরনের হামলা চালানোর সক্ষমতা আছে।
রাশিয়া পশ্চিমের বিরুদ্ধে যে বৃহৎ পরিসরে হাইব্রিড লড়াই চালাচ্ছে, সাইবার হামলা তার একটি ফ্রন্ট মাত্র। একই সঙ্গে রাশিয়া ইউরোপের অতি ডানপন্থী জাতীয়তাবাদী সংগঠন ও জনপ্রিয়তাবাদী আন্দোলনকে সহায়তা দিচ্ছে, যেমন তারা ফ্রান্সের মেরি লা পেনের ন্যাশনাল ফ্রন্টকে ঋণ দিয়েছে। একই সঙ্গে তারা ইউকে ইনডিপেনডেন্স পার্টির রাজনীতিকদের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক রাশিয়া টুডেতে গুরুত্বপূর্ণ সময়ে প্রচারণা দিচ্ছে।
ওদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শেষমেশ মার্কিন গণতন্ত্রের ওপর পুতিনের হামলার জবাব দিয়েছেন, কিন্তু তাঁর আগেই আরও বেশি কিছু করা উচিত ছিল। ইউরোপীয়রা যদি ভেবে থাকে আসন্ন ট্রাম্প প্রশাসনের কাছ থেকে তারা সহায়তা পাবে, তাহলে বলতে হয়, তারা বোকার রাজ্যে বাস করছে। ট্রাম্পের প্রধান কৌশল কর্মকর্তা স্টিফেন ব্যানন প্রকাশ্যেই প্রস্তাব দিয়েছেন, তাঁরা ফ্রান্সের পরবর্তী নির্বাচনে লা পেনকে জয়লাভে সহায়তা করতে চান।
রুশ সরকারের আনুষ্ঠানিক সূত্র স্বীকার করেছে, এ বছর তারা গণমাধ্যমে প্রচারণা বাবদ ১২৫ কোটি ডলার ব্যয় করেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো হাজার হাজার ভুয়া সংবাদ সাইটে ভরে গেছে, যাদের অনেকগুলোর মালিকানাই ঠিক নেই। ২০১৪ সালে হাঙ্গেরি, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় ভুয়া তথ্য প্রচারকারী ওয়েবসাইটের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বর্তমানে ৪২টি নতুন ওয়েবসাইট ইউরোপীয় ইউনিয়নের তথ্য বাতায়নকে দূষিত করছে। ওদিকে রাশিয়া খুব একটা গোপনীয়তা না করেই প্রচারণা যন্ত্রের—যেমন স্পুটনিক নিউজ ‘এজেন্সি’র জন্য কোটি কোটি ডলার ব্যয় করছে, যদিও তাদের অর্থনীতির গতি নিম্নমুখী।
রাশিয়ার ভুল তথ্য ছড়ানোর প্রচারণাটা জটিল ও বহুমুখী। কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে, পশ্চিমা গণতান্ত্রিক কর্তৃপক্ষকে খাটো করা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো যার একটি পদ্ধতি। রাশিয়ার কৌশলে সামাজিক মাধ্যম একটি গুরুত্বপূর্ণ চালক, যারা ঐতিহাসিক সংশোধনবাদ ও ষড়যন্ত্র-তত্ত্বের ওপর নির্ভর করছে, যেটা ইউরোপীয় ও মার্কিন জাতীয়তাবাদী আন্দোলনে ছড়িয়ে পড়েছে। এই তত্ত্ব ইউক্রেনে যুদ্ধ উসকে দেওয়ার জন্য পশ্চিমকে দায়ী করে, যারা বাস্তবতাকে অস্বীকার করে, যেমন ইউক্রেন ও ক্রিমিয়ায় রুশ সেনাদের উপস্থিতি।
এই হামলা থেকে বাঁচতে পশ্চিমের উচিত হবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, জবাবদিহিকে পুরস্কৃত করা এবং প্রণালিবদ্ধভাবে ভুল তথ্য ছড়ানোর পথগুলো বন্ধ করে দেওয়া। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ২০১৭ সালের বাজেট সংশোধন করে ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের স্ট্র্যাটকম দলকে শক্তিশালী করেছে, উদ্যোগ হিসেবে যেটা ভালোই। তাদের কাজ হচ্ছে, ভুল তথ্য প্রচারের তরিকা উন্মোচন করা। অথচ এত গুরুত্বপূর্ণ কাজ করা সত্ত্বেও তারা ব্যাপক বাজেট ঘাটতিতে ভুগছিল। কথা হচ্ছে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের উচিত হবে, মার্কিন নির্বাচন থেকে শিক্ষা নেওয়া। এ লক্ষ্যে তাদের কাজ হবে, ইউরোপের সম্মিলিত সাইবার নিরাপত্তা বৃদ্ধি করা এবং সদস্যদেশগুলোকে চাপ দেওয়া, যাতে তারা নিজেদের সাইবার সক্ষমতা বাড়ায়। রাজনৈতিক ফ্রন্টে পুতিনকে এটা বলা উচিত যে বিভিন্ন দেশের জাতীয় নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ রুশ অর্থনীতির জন্য মারাত্মক ফল বয়ে আনবে।
সরকারি উদ্যোগের বাইরে বেসরকারি খাত ও নাগরিক সমাজেরও দায়িত্ব হচ্ছে, অনলাইনের সংবাদ প্রতিবেদনগুলোর সত্যতা যাচাই করা, সেগুলো ভারসাম্যপূর্ণ ও বিশ্বাসযোগ্য কি না, তা নিরূপণ করা। উদাহরণস্বরূপ বলা যায়, সুইডিশ গণমাধ্যমগুলো স্পুটনিকের সুইডিশ ভাষার সংস্করণ থেকে সংবাদ না কেনায় রাশিয়া সেটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল।
ফেসবুক বলেছে, তারা বিষয়বস্তু পরীক্ষা-নিরীক্ষা করার পদ্ধতি উন্নত করবে, কিন্তু এ ধরনের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ যথেষ্ট না-ও হতে পারে। বেশ কজন জার্মান আইনপ্রণেতা পরামর্শ দিয়েছেন, সামাজিক গণমাধ্যমকে জঞ্জালমুক্ত করার প্রক্রিয়া আইন দিয়ে সম্ভব না-ও হতে পারে। এখন পর্যন্ত ইউরোপের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা হচ্ছে মুক্ত গণমাধ্যম, যারা বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করে মিথ্যাকে উন্মোচন করার চেষ্টা করছে। তবে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ইউরোপের আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই। ব্রেইটবার্ট নিউজ ইতিমধ্যে ব্রিটেনে চলে এসেছে, তারা সারা ইউরোপে বিস্তৃত হতে চাইছে।
পশ্চিমা গণতন্ত্র এক পরিবর্তনের সম্মুখীন হয়েছে। ওদিকে রাশিয়াও নিয়ম মেনে খেলছে না, এমনকি স্নায়ুযুদ্ধের সবচেয়ে অন্ধকার সময়ে যেসব নিয়ম তারা মেনে চলত, এখন তারা সেটাও মানছে না। পুতিন খুব সক্রিয়ভাবে পশ্চিমের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করবেন, যেটা আমরা কেবল বুঝতে শুরু করেছি, মোকাবিলা করা তো দূরের কথা। সময় এসেছে, আমাদের মূল্যবোধগুলো সংরক্ষণ করার। ২০১৬ সালে আমরা বুঝতে পেরেছি, তিনি কোন কৌশলে এগোচ্ছেন। আর ২০১৭ সালে আমাদের সেটা পরাজিত করতে হবে, যে লড়াই হবে সামনাসামনি।
অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
গাই ভারহোফস্টাড: ইউরোপীয় পার্লামেন্টের উদারনীতিকদের নেতা।