আজকালকার ছেলেমেয়েরা আর পড়ে কি না জানি না, আমাদের সময়ে কারক আর বিভক্তি পড়তে হতো। সব কারকে এ বিভক্তির উদাহরণ ছিল হরলাল রায়ের বইয়ে—পা গুটা দীপতি।
পা—পাগলে কী না বলে।
গু—গুণীজনে করো নতি।
টা—টাকায় কী না হয়।
দী—দীনে দয়া করো।
প—পরাজয়ে ডরে না বীর।
তি—তিলে তৈল থাকে।
এই কথাগুলো আমাদের জাতীয় জীবনে সব সময়েই প্রাসঙ্গিক। পাগলে কী না বলে! আমাদের নেতা–নেত্রীরা, আমাদের কর্তাব্যক্তিরা, আমাদের কলাম লেখকেরা, আমাদের টক শো-আলোচকেরা সারাক্ষণই বকর বকর করেন। সেসব কথার অনেক কথাই বাজে কথা। সেসব শুনলে নিজেই নিজেকে সান্ত্বনা দিতে থাকি—পাগলে কী না বলে। এই সব বাজে কথা যেমন সরকারি নেতারা বলেন, তেমনি বলে থাকেন বিরোধী নেতারাও। উভয়েই পাগল—ক্ষমতার পাগল, কেউ পাগল হয়েছেন অভাবিতভাবে মন্ত্রী হয়ে, কেউ পাগল হয়েছেন ক্ষমতা না পেয়ে। কিংবা ক্ষমতা হারিয়ে। ক্ষমতায় গিয়ে যাঁরা পাগল হয়েছেন, তাঁদের কথাবার্তা বিটিভিতে প্রায়ই শুনতে হয়, কিন্তু ক্ষমতায় না যেতে পেরে মানুষ কতটা পাগল হলে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতে পারেন কোনো দায়িত্বশীল নেতা, তা বোঝার জন্য বিটিভি দেখা যথেষ্ট নয়!
গুণীজনে করো নতি—এই আপ্তবাক্য সব সমাজে সব সময়েই সত্য। বাংলাদেশেরও উচিত প্রকৃত গুণীজনকে শ্রদ্ধা জানানো, তাঁদের গুণগুলোকে দেশের কাজে লাগানোর পরিবেশ তৈরি।
টাকায় কী না হয়—এই বাক্য বাংলাদেশের বেলায় যত সত্য, অন্য দেশের বেলায় ততটা হয় কি না, জানি না। টাকা থাকলে নাকি এই দেশে বাঘের দুধ কিনতে পাওয়া যায়। আমার ধারণা, চিড়িয়াখানার কর্মচারীদের টাকা দিলে বাঘের দুধ পাওয়া খুব কঠিন হবে না। কিন্তু টাকা দিয়ে এই দেশে হল-মার্ক কেলেঙ্কারি করে পার পাওয়া যায়, শেয়ার মার্কেট কেলেঙ্কারি করে গৌরবে মাথা উঁচু করে চলা যায়।
দীনে দয়া করো—কথাটার ব্যাখ্যা আগে কী ছিল জানি না। এখন এটা দাঁড়িয়েছে, রাষ্ট্রীয় পুরস্কার দিন। আমাকে একটা পদক দিন, একটা প্লট দিন, কিছুই দেবেন না, তাহলে অন্তত একটা মন্ত্রিত্ব বা মন্ত্রিত্বের মর্যাদার পদ দিন। তাও না দিলে একটা দলীয় পদ দিন। তাও নাই, তাহলে আমাকে ভিসি বানিয়ে দিন, ডিজি বানিয়ে দিন, অন্তত একটা টেলিভিশন দিন। অন্তত একটা ব্যবসা দিন, লাইসেন্স দিন, বেচে দিই। কথা বাড়াব না।
পরাজয়ে ডরে না বীর—এই কথাটা বোধ হয় আর প্রযোজ্য নয়। পরাজিত হলে না ডরে কোনো উপায় নেই। উইনার্স টেক ইট অল। আর পরাজিতের জন্য থাকে লাঞ্ছনা, গঞ্জনা, নির্যাতন, গুম। কাজেই এই দেশে আর কোনো বীর নেই, বীর থাকার উপায় নেই। সে কারণেই সবাই জয় চায়, যেকোনো প্রকারে। যে বীর, সে জয়ী হয়। যে জিতেগা ওয়ি হ্যায় সিকান্দার।
তিলে তৈল থাকে—আহ্। এই তিল গালের তিল নয়, এই তিল নিমকিতে দেওয়া হয় যে তিল, সেই তিল। সেই তিল পিষলে তেল বেরোয়। মানে হলো, তিলে তৈল থাকে। আর সেই তৈল দিয়ে কী হয়! কী না হয়! তেলে চাকা ঘোরে, শরীর নাদুসনাদুস হয়, পদোন্নতি হয়, মন্ত্রিত্ব বজায় থাকে, ব্যবসা-পদ-লাইসেন্স-প্লট মেলে। তেলে পিদিম জ্বলে, মোগলাই রান্না হয়, তেলে গাড়ি চলে, তেলে দেশ চলে। বিস্ময়কর নয় যে বিদেশি বিজ্ঞানীরা বলেন, বাংলাদেশ তেলের ওপরে ভাসছে।
>কাউকে গুম করলে টাকা, গুম না করলে টাকা, কখনো কখনো খবর প্রকাশ করলে টাকা, না করলেও টাকা। কাউকে বদলি করলে টাকা, বদলি না করলেও টাকা
কিন্তু আজকে, এই মুহূর্তে পৃথিবীজুড়ে ‘পা গুটা দীপতি’ নয়, যে সূত্রটা কাজ করছে তা হলো, পা নামা দীপতি। পানামা পেপারস দুনিয়ার পা নামিয়ে দিয়েছে। পানামার মতো কতগুলো দেশ আছে, যেসব দেশে কাগুজে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে সেখানে টাকা রাখা যায়, সেই দেশে তা বৈধ। এখন দেখা যাচ্ছে, পৃথিবীর বহু গণ্যমান্য ব্যক্তিরা নিজের দেশের আয়কর ফাঁকি দিতে সেসব দেশে টাকা পাচার করেছেন।
শুনে বাংলাদেশের বড় মানুষেরা হাসছেন। মেসির মতো খেলোয়াড়ের আয়ের উৎস বৈধ। মেসি ফুটবল খেলে টাকা আয় করেছেন, বহুত কষ্ট তাঁকে করতে হয়েছে। গোলের দিকে যখন বল নিয়ে তিনি ছুটে যান, বুটের পর বুট ধেয়ে আসে তাঁর দুই পায়ের দিকে। দুটো পা বাঁচিয়ে তাঁকে খেলে যেতে হয়, আর গোল পেতে হয়। সে জন্য তিনি টাকা পান। সেই টাকার মোটা অংশ আয়কর হিসেবে দিয়ে দিতে হবে। তাই তিনি পথ খুঁজতেই পারেন পানামায় কিংবা অন্য কোথাও রাখার। কিন্তু বাংলাদেশের বহু বড়লোকের টাকা মেসির মতো ফুটবল খেলে আয় করা না। কুমিল্লার একজন পুরোনো বাসনকোসন বিক্রেতার ছেলে ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন, আর ফেরত দেননি। এখন ওই ভদ্রলোক ওই টাকা রাখবেন কোথায়? আর যিনি হাজার কোটি টাকা ব্যাংক থেকে তুলবেন, তিনি যে শতকোটি আশপাশে ছিটাতে কার্পণ্য করবেন না, তাও তো আমরা জানি। এই দেশে টাকা আয় করতে ফুটবল খেলতে হয় না, কৌন বনেগা ক্রোড়পতি করতে হয় না, শুধু ব্যাংকের টাকা, শেয়ার মার্কেটের টাকা, প্রকল্পের টাকা, ঠিকাদারির টাকা, গম কেনার টাকা পকেটে পুরলেই হলো। কাউকে গুম করলে টাকা, গুম না করলে টাকা, কখনো কখনো খবর প্রকাশ করলে টাকা, না করলেও টাকা। কাউকে বদলি করলে টাকা, বদলি না করলেও টাকা। কাউকে চাকরি দিলে টাকা, চাকরির আশ্বাস দিলেও টাকা। সেই সব টাকার পরিমাণ কত? অর্থমন্ত্রী বলেছেন, দুই হাজার কোটি টাকা কোনো টাকাই না। আমরা আদার ব্যাপারী, আমরা প্রথম প্রথম হাঁ হয়ে যেতাম, এখন এত হাজার কোটি টাকার গল্প শুনি আর টক শো শুনি যে নিজেরও মনে হয়, আট শ কোটি টাকা এমন কী!
পানামা পেপারস মেসির কিংবা পুতিনের বা অমিতাভের পা স্বর্গ থেকে মাটিতে নামাতে পারে। আমার ধারণা, আমাদের বড়লোকেরা বরং আফসোস করছেন, আরে আমার নাম কেন ওই তালিকায় নেই। থাকলে তো প্রেস্টিজের বিশ্বায়ন হতো। অনির্ভরযোগ্য সাইট দেখাচ্ছে, বাংলাদেশের দুটো কোম্পানি আছে ওই পানামার দলে। মে মাস নাগাদ জানা যাবে হয়তো, বাংলার গৌরব বৃদ্ধিতে অবদান কারা রাখতে পারলেন।
আমি গোপন ঈর্ষায় দীর্ঘশ্বাস ফেলি, ইশ্, যদি আমার নামটা ওই তালিকায় ভুল করেও থাকত। ভুল করে একজন গরিবের অ্যাকাউন্টে মিলিয়ন টাকা চলে গিয়েছিল এই বাংলায়, ভুল করে আমার নামটা পানামা পেপারসে উঠতে পারে না! কম্পিউটারও তো ভুল করে।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।