পাঁচআনি বাজার। মিষ্টিপট্টি নামেই বেশি পরিচিত। যখন মিষ্টিপট্টিতে এলাম, তখন মাগরিবের আজান হচ্ছে, আর পাঁচআনি বাজার বা মিষ্টিপট্টি তখন ধূপের গন্ধে ভরে উঠেছে। এখানে বেশির ভাগ দোকানই হিন্দুধর্মাবলম্বীদের। দোকানঘরগুলো মূলত মিষ্টির। প্রায় ৪০-৫০টি মিষ্টির দোকান আছে। সঙ্গে হার্ডওয়্যার-সামগ্রীর দোকান থাকলেও মিষ্টির বাজার হিসেবে টাঙ্গাইলের পাঁচআনি বাজারের খুব সুনাম। সারা দেশে এখান থেকে মিষ্টি সরবরাহ করা হয়। আমরা পাঁচআনি বাজারে এসেছি মিষ্টি খাওয়ার জন্য। আমার সঙ্গে রয়েছেন ঢাকা হেরিটেজ সংগঠনের বন্ধুরা আর প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর। তিনিই আমাদের পাঁচআনি বাজারে নিয়ে এসেছেন। জয়কালী আর গোপাল ভান্ডারের মিষ্টির খুব নামডাক। আমরা জয়কালী মিষ্টান্ন ভান্ডারে প্রবেশ করি। দুইপাঁচআনি বাজারের গল্প অনেক দিনের। টাঙ্গাইল বেড়ানোর কথা খুব বলতেন আমার কিছু বন্ধু। আর সেই বেড়ানো বা দাওয়াত মানেই টাঙ্গাইলের ঐতিহ্যের অন্যতম পাঁচআনি বাজারের মিষ্টি। বন্ধুরা মিষ্টির কথা বলে জিহ্বা জলে ভিজিয়ে দিতেন। এভাবে লোভ দেখানোর পরও টাঙ্গাইল যাওয়া হয়নি কোনো দিন। হঠাৎ একদিন দল বেঁধে চলে গেলাম টাঙ্গাইল, ফেরার পথে পাঁচআনি বাজার। বাজারের নাম পাঁচআনি কেন হলো, সে প্রশ্ন শেখরদাকে করেছিলাম। ‘পাঁচআনি নামকরণের গল্প এমন; টাঙ্গাইলে দুটো জায়গা একটি পাঁচআনি, অন্যটি ছয়আনি। টাঙ্গাইলের জমিদার তাঁর দুই ছেলের মধ্যে পাঁচআনি আর ছয়আনি করে তাঁর সম্পদ ভাগ করে দিলে এলাকার নাম হয় পাঁচআনি আর ছয়আনি। আমরা এখন জমিদারের ছোট ছেলের সেই পাঁচআনি অংশে।’ কথাগুলো বলছিলেন কামনাশীষ শেখর! তিনছেলেবেলায় প্রতিযোগিতা করে মিষ্ট খেতাম। খুব মনে আছে, বাংলা বছরের প্রথম দিন নানির বাড়ি চলে যেতাম। আর ছোট মামা সেদিন কয়েক জের ভরে মিষ্টি নিয়ে আসতেন। সেসব ছিল লালমোহন আর ক্ষীরমোহন। আমরা হাত ডুবিয়ে মামাতো-ফুফাতো ভাইবোনেরা সেই মিষ্টি প্রতিযোগিতা করে খেতাম। খাওয়া শেষে হিসাব হতো, যথারীতি পুরস্কার। আর পুরস্কার হিসেবে বিজয়ী পেত আরও ১০টা মিষ্টি। টাঙ্গাইল মিষ্টিপট্টিতে এসে আমার ছেলেবেলার সেই ঘটনা মনে পড়ে গেল। মিষ্টির দোকান জয়কালীতে বসতেই শেখরদা ঘোষণা দিলেন, দেখব কে বেশি মিষ্টি খেতে পারে। কিন্তু সে কথায় কোনো সাড়াশব্দ হলো না। সবাই মনে হয় একটু বেশি শরীরসচেতন। কেউ একজন এভাবে সবাইকে হাত গুটিয়ে মিষ্টি খেতে দেখে চিৎকার করে বলল, কিছুই চিরস্থায়ী নয়, সুতরাং খেয়ে নাও, আফসোস করে মরো না। কথাটা যেন টনিকের কাজ করল। এবার দেখা গেল মিষ্টির প্লেটে হাত পড়ছে, কে কার আগে নেবে। চমচম আর সন্দেশের দিকেই সবার ঝোঁক। এখানে চমচম আর সন্দেশ ছাড়াও পাওয়া যায় রসগোল্লা, কালোজাম, পানতোয়া, ছানার জিলাপি, জিলাপি, আমৃত্তি, ক্ষীরমোহন, লালমোহন আর বালুসাই! চারসবাই যখন মিষ্টি নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে আমি মিষ্টির দোকান ঘুরে দেখতে বের হই। একপর্যায়ে গোপাল ভান্ডারের কারখানায় ঢুকে পড়ি। সেখানে ঢুকতেই দেখা যায়, মহাযজ্ঞ চলছে। দুধ জ্বাল দেওয়া হচ্ছে। ছানা ভেজানো আর চিপড়ানো হচ্ছে। মিষ্টির জন্য ছানার বিভিন্ন সাইজ করা হচ্ছে, পরে এসব রসে ঢেলে দেওয়া হবে। সে জন্য চিনির রস বা শিরা তৈরি হচ্ছে। গোপাল ভান্ডার থেকে বের হয়ে অন্যান্য মিষ্টির দোকানও ঘুরে দেখি। বিভিন্ন রকমের মিষ্টির কেজিপ্রতি দামের ভিন্নতা রয়েছে, সাধারণত মিষ্টির দাম ১৪০ থেকে ১৫০ টাকার মধ্যে। কিন্তু জয়কালী ভান্ডার আর গোপাল ভান্ডারের মিষ্টির দাম বেশি, ১৮০ থেকে ২০০ টাকা। এখানকার গৌরী ঘোষের দধির খুব সুনাম। দুই কেজির স্পেশাল দধির বাক্স ২৫০ টাকা। একটা কথা, টাঙ্গাইল এলাকাবাসীর কাছে চমচম বা অন্য মিষ্টির চেয়ে কালোজাম বেশি পছন্দ। এলাকায় এর সুনাম যেমন, তেমনি দামও বেশি। টাঙ্গাইল পুরান বাসস্ট্যান্ড থেকে পাঁচআনি বাজার অল্প পথ। ১০ মিনিটে ১০ টাকা রিকশা ভাড়ায় পাঁচআনি বাজার চলে আসা যায়।ফারুখ আহমেদ[email protected]