মেধাবী ছাত্র আবীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে প্রকৌশলবিদ্যা পড়ার সুযোগ পেয়েছিলেন। ভর্তি হয়েছিলেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, বিদ্যুৎ প্রকৌশল বিভাগে। কিন্তু খুলনায় তাঁর মন টেকেনি; বড় সাধ ঢাকায় পড়বেন। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সুযোগ পেয়ে গেলেন অ্যাপ্লায়েড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগে। প্রবল উৎসাহে ভর্তি হলেন। খুলনা ছেড়ে চলে এলেন রাজধানী ঢাকায়।
অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণির সমমানের গ্রেড পেয়ে পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসার পর আবীর দেখতে পেলেন, তাঁর সার্টিফিকেটের কোনো দাম নেই। নিয়োগ বিজ্ঞপ্তিগুলোয় চাওয়া হয় প্রকৌশলী, কিন্তু আবীরের সার্টিফিকেট প্রকৌশলীর নয়। অ্যাপ্লায়েড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকসে অনার্সসহ মাস্টার্স পাস করলে যে প্রকৌশলীর কাজও করা যায়, আবীর নিয়োগকর্তাদের তা বোঝাতে পারেননি।
তিন বছর ধরে চাকরির জন্য অনেক ঘোরাঘুরি করার পর আবীর মাস দুই আগে একটা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে প্রবেশিকা স্তরে চাকরি পেয়েছেন। পদার্থবিজ্ঞানের কথা তিনি আর ভাবেন না। ব্যাংকের চাকরিটা কীভাবে পাকাপোক্ত করা যায়, ভাবেন সেই কথা।
কিন্তু আবীরের সহপাঠী ও বন্ধু শামিমের ভাগ্যে এখনো কিছু জোটেনি। অনার্স ও মাস্টার্সে শামিমের ফল আবীরের চেয়েও ভালো, কিন্তু প্রকৌশলীর সনদ নেই বলে আবীরের মতো তাঁরও চাকরি মেলেনি। একটা প্রতিষ্ঠান তাঁকে বলেছিল, তিনি যদি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কাছ থেকে একটা সুপারিশপত্র আনতে পারেন, তাহলে তারা তাঁকে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। কিন্তু ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স শামিমকে সুপারিশপত্র দিতে অপারগতা জানিয়েছে। শামিম এখন ফ্রিল্যান্সিং করছেন আর ভাবছেন, উচ্চতর শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করবেন। তাঁর মধ্যে এই ভাবনাটা এসেছে তাঁর আরেক বন্ধুর কারণে।
সে বন্ধু ছিলেন তাঁর কলেজজীবনের সহপাঠী, শামিমের মতো ভালো ছাত্র তিনি ছিলেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিভাগে পড়েছিলেন। পাস করার পর তিনিও কোনো চাকরি পাচ্ছিলেন না। এ-ঘাটে ও-ঘাটে ধাক্কা খেতে খেতে হতাশ হয়ে পড়েছিলেন। তখন শামিমের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। কিন্তু একপর্যায়ে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। অনেক দিন পরে শামিম তাঁর বন্ধুটির খোঁজ পান, যিনি তাঁর সঙ্গে যোগাযোগ করেন জার্মানির এক শহর থেকে। জানান, তিনি সেখানে গেছেন উচ্চতর পর্যায়ে পড়াশোনা করতে।
>‘অনার্স-মাস্টার্স পাস করে যারা চাকরি পাচ্ছে না, যাদের দিকে সরকারের কোনো দৃষ্টি নাই, যাদের দুঃখ-কষ্ট-হতাশার খবর কেউ রাখে না, তাদের মনের অবস্থা একেকটা বোমার মতো হয়ে আছে।’
শামিমের সঙ্গে এই লেখকের সাক্ষাতে আলাপ হয় দুবার, দীর্ঘ সময় ধরে। ফোনে আলাপ হয় অনেকবার। তিনি তাঁর নিজের ও বন্ধুদের গল্প বলেন। এক দুপুরে তিনি সঙ্গে নিয়ে আসেন তাঁর বন্ধু-সহপাঠী আবীরকে। তাঁরা দুজন লেখককে তাঁদের জীবনসংগ্রামের গল্প বলেন। বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন। লেখককে তাঁরা অনুরোধ করেন তাঁদের গল্প যেন লেখা হয়, তাঁরা তাঁদের হতাশা, ক্ষোভ, অভিমানের সব গল্প দেশবাসীকে বলতে চান। কারণ, তাঁদের সংখ্যা অনেক। তাঁদের গল্পই আসলে উচ্চশিক্ষিত তরুণ সমাজের বড় অংশের গল্প।
উচ্চশিক্ষা শেষ করে তাঁরা যখন পরিপূর্ণ জীবনের প্রথম ধাপে পা রাখতে যান, তখন প্রতিটা পদক্ষেপে তাঁদের পায়ের তলার মাটি যেন একটু একটু করে সরে যায়।
প্রথম ধাক্কাটা বড়ই অযৌক্তিক বলে তাঁদের মনে হয়: যেখানেই তাঁরা চাকরির দরখাস্ত করেন, সেখানেই বলা হয়, ‘আমাদের দরকার কাজ জানা লোক। কিন্তু আপনার তো কোনো জব এক্সপেরিয়েনস নাই।’ তাঁরা ভেবে পান না, কাউকে যদি কাজ শুরু করার সুযোগটাই দেওয়া না হয়, তাহলে তাঁদের কাজের অভিজ্ঞতা কী করে হতে পারে। আর যেসব প্রতিষ্ঠান চাকরিতে নিতে রাজি হয়, তারা বেতন এতই কম দিতে চায় যে তা শুনে চাকরিপ্রার্থীর মানবিক মর্যাদাবোধ ভীষণ আহত হয়। শামিম লেখককে বলেন, ‘মাত্র ১৮ হাজার টাকা অফার করল আমাকে! ঢাকা শহরে রিকশা চালালেও তো এর চেয়ে বেশি আয় করা যায়। আমার তাহলে ভার্সিটিতে অ্যাপ্লায়েড ফিজিকস পড়ার কী দরকার ছিল?’
দিন যায়, মাস যায়, বছর চলে যায়। চারদিকের আলো আরও কমে আসতে থাকে। আশা ও স্বপ্নের বাতিগুলো যেন একটা একটা নিভে যেতে থাকে। আবীর লেখককে বলেন, তিনি বিসিএস পরীক্ষাও দিয়েছিলেন, কিন্তু ফল ভালো হয়নি। প্রস্তুতি ভালো ছিল না, স্বীকার করেন তিনি; অকপটে বলেন, কিছু ভালো লাগত না, মনে হতো জীবনে আর কোনো আশা নেই। তারপর তিনি বলেন, বিসিএস পরীক্ষার শেষ দিন পরীক্ষার হল থেকে বের হয়ে এক কোনায় দেখতে পেলেন কজন তরুণ হাউমাউ করে কাঁদছেন। আবীর খোঁজ নিয়ে জানতে পেলেন, ওই তরুণদের পরীক্ষা ভালো হয়নি। পরীক্ষা ভালো না হলে কেউ কেউ কাঁদেন বটে। কিন্তু তাঁদের কান্নার আরও একটা কারণ ছিল; আবীর লেখককে বলেন, ওটাই ছিল ওই তরুণদের জীবনের শেষ বিসিএস পরীক্ষা, পরেরবার তাঁদের পরীক্ষা দেওয়ার বয়স থাকবে না। কান্নার মূল কারণ এটাই।
উচ্চশিক্ষিত বেকার তরুণদের কান্নার বিষয় আরও একটা আছে। সে কান্না সরব নয়; অন্যরা তা দেখতে ও শুনতে পান না। সেই কান্নার
সঙ্গে রক্তক্ষরণ ঘটে—নির্জন গভীর রাতে, যখন তরুণ হৃদয় একাকী ভাঙা স্বপ্নের টুকরাগুলো নিয়ে খেলা করে, নিজেই নিজেকে পরিহাস
করে কখনো আপন মনে মৃদু মৃদু হাসে। কিংবা প্রখর দিবালোকে লাখো-কোটি মানুষের কোলাহলের ভেতরেও তঁার বুকের ভেতরে হঠাৎ হু হু করে ওঠে।
শামিম ও আবীর এসব কথা লেখককে বিশদভাবে বলতে লজ্জা পান। কিন্তু লেখক তাঁদের নানাভাবে প্ররোচিত করে গল্প বের করে আনার চেষ্টা করেন। উভয় তরুণ নিজেদের গল্প এড়িয়ে অন্যদের কথা বলেন। শামিম লেখককে বলেন, ‘আমাদের ডিপার্টমেন্টের এক বড় ভাই, তিন-চার বছরের সিনিয়র, পাস করার পরে কোথাও চাকরি পাচ্ছিল না। সরকারি চাকরির বয়স যখন প্রায় শেষ, তখন বিসিএস দিয়ে চান্স পেয়ে গেল। এখন জনপ্রশাসনে বেশ ভালো একটা পোস্টে আছে। সে এখন বলে, আমি আমার অতীত ভুলে যেতে চাই। একদম পুরোপুরি ভুলে যেতে চাই।’
কারণ, বেকারত্বের সময়টাতে তিনি হারিয়ে ফেলেছেন তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে। ভালো চাকরি, উজ্জ্বল ভবিষ্যৎ—সব এখন তাঁর কাছে অর্থহীন বলে মনে হয়। শামিম ও আবীর লেখককে বলেন, দীর্ঘ ও কষ্টকর ছাত্রজীবনের শেষে যখন তরুণেরা নতুন এক জীবন শুরু করার স্বপ্ন দেখেন, যখন তাঁরা বিদ্যা অর্জনের ফল পাওয়ার আশায় উন্মুখ, ঠিক তখনই তাঁদের অনেকের বিরাট ক্ষতি হয়ে যায়। দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যার হিসাব আছে, কিন্তু এই ক্ষতির কোনো হিসাব নেই।
শামিম লেখককে বলেন, ‘ভাইয়া, আমাদের মতো সবাই কিন্তু এ রকম খোলাখুলি এসব কথা আপনাকে বলবে না। অবস্থাটা কিন্তু ভয়াবহ; অনার্স-মাস্টার্স পাস করে যারা চাকরি পাচ্ছে না, যাদের দিকে সরকারের কোনো দৃষ্টি নাই, যাদের দুঃখ-কষ্ট-হতাশার খবর কেউ রাখে না, তাদের মনের অবস্থা একেকটা বোমার মতো হয়ে আছে। এই রাষ্ট্র, সমাজ, পরিবার, বন্ধুবান্ধব—সবার প্রতি তাদের প্রচণ্ড ক্ষোভ। এই দেশটা জঙ্গিবাদ বলেন, মাদকাসক্তি বলেন সবকিছুরই একটা উর্বর ক্ষেত্র। আপনারা ভালো করে লেখেন, দেশবাসীকে আমাদের মনের এই অবস্থার কথা জানান।’
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]