গত ১৬ বছরে যুক্তরাষ্ট্র যখনই আফগানিস্তান যুদ্ধে ব্যর্থতার মুখোমুখি হয়েছে, তখনই তারা পাকিস্তানকে দুষেছে। এই ভাষ্যে বলা হয়েছে, আফগানিস্তানের স্বাধীনতাসংগ্রাম পাকিস্তানের মতো দ্বিমুখী ‘মিত্রের’ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, এরা একদিকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেয়, অন্যদিকে তার শত্রুদের সহায়তাও করে। এই ভাষ্যের মধ্য দিয়ে অনবধানতাবশত মার্কিন প্রেসিডেন্ট, জেনারেল, কূটনীতিকসহ যাঁরা যুদ্ধের সঙ্গে জড়িত, তাঁরা সবাই সহজ-সরল বোকা মানুষের আখ্যা পেয়ে যান। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র ও আর্থিক ভিত থাকা সত্ত্বেও মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে কাদাজলে আটকা পড়েছে—এই সত্যে মার্কিন সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এতে এই ধারণাও জন্মায় যে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের ক্ষতি করার পরিষ্কার লক্ষ্য আছে পাকিস্তানের।
এই ধারণা ভুল। ব্যাপারটা হলো পাকিস্তান অনাগ্রহ সত্ত্বেও জর্জ ডব্লিউ বুশের সন্ত্রাসবিরোধী যুদ্ধে যোগ দেয় এবং আল-কায়েদাবিরোধী যুদ্ধে কার্যকর মিত্রের পরিচয় দেয়। এমনকি তারা এই সন্ত্রাসী সংগঠনটিকে দুর্বল করে দিতেও সক্ষম হয়। কিন্তু ওসামা বিন লাদেন যে অ্যাবোটাবাদে অবস্থান করছেন, সেটা পাকিস্তান চিহ্নিত করতে না পারায় তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
নাইন–ইলেভেনের হামলার পর যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে অংশীদারি গড়ে তোলে, যার স্থায়িত্ব ছিল দেড় দশক। এ সময় তারা পাকিস্তানকে বিপুল পরিমাণ অনুদান ও আধুনিক অস্ত্র দেওয়ার পাশাপাশি তাকে গুরুত্বপূর্ণ অন্যাটো সদস্যের মর্যাদা দেয়। ফলে পাকিস্তান সরকার একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামাদি নিতে থাকে, অন্যদিকে দেশটির মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতে শুরু করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার। ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেছে যে পাকিস্তানি-মার্কিন নাগরিকেরা যুক্তরাষ্ট্রের সপ্তম বৃহত্তম বিদেশি নাগরিক গোষ্ঠীতে পরিণত হয়েছেন।
এই সময়ে চীনের বৈশ্বিক মর্যাদা বাড়ছে। আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য তারা যে তোড়জোড় শুরু করেছে, তাতে যুক্তরাষ্ট্রের ওপর পাকিস্তানের নির্ভরতা অনেকাংশে কমেছে। কিন্তু পাকিস্তানের এখন আর যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই বলে যে গুজব ছড়ানো হচ্ছে তার বেশির ভাগই অতিরঞ্জিত। এসব সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও পাকিস্তান—কেউই এই সম্পর্ক থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। পাকিস্তান যুক্তরাষ্ট্রকে বোঝাতে পারেনি যে আফগানিস্তানে তার যে প্রাথমিক স্বার্থের ব্যাপার আছে। অর্থাৎ তারা দেশটিকে ভারতের প্রক্সি হতে দিতে চায় না। যদিও ভারত বলছে, তারা আফগানিস্তানকে কেবল অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে, তাতেও পাকিস্তানের ঘেরাও হওয়ার ভয় কাটছে না।
আফগান নেতারা সম্প্রতি কাবুলসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানি যুদ্ধবাজেরা এত দিন সন্দেহ করতেন, আফগানিস্তানের পাকিস্তানবিরোধী মানুষেরা ভারতীয় ক্ষমতাকাঠামোর সঙ্গে যোগসাজশ গড়ে তুলেছে। আর গত দুই বছরে এই সন্দেহ প্রত্যয়ে পরিণত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও পাকিস্তানকে বোঝাতে ব্যর্থ হয়েছে, আফগানিস্তানে তার কিছু প্রাথমিক স্বার্থ রয়েছে। সেটা হলো হাক্কানি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া, যারা গত এক দশকে আফগানিস্তানে সবচেয়ে মারাত্মক হামলা চালিয়েছে। পাকিস্তান দোনোমনা করেছে, তারা হাক্কানিদের নিচের স্তরের কর্মীদের ধরেছে, আবার কখনো কখনো তাদের জায়গাও দিয়েছে। হাক্কানি একসময় তালেবান দুনিয়ায় ছোট খেলোয়াড় থাকলেও এখন তারা প্রভাবশালী গোষ্ঠীতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে পাকিস্তানের সমর্থন ছাড়া হাক্কানিদের উত্থান সম্ভব হতো। আবার পাকিস্তান ও যুক্তরাষ্ট্র তালেবানদের সদ্বিশ্বাস নিয়ে শান্তিপূর্ণ আলোচনায় বসাতে পারেনি, যদিও এ বিষয়ে উভয় পক্ষ সহমত।
এই জটিল যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক বেশ কবার নাটকীয়ভাবে নিম্নগামী হয়েছিল। শুধু যুক্তরাষ্ট্রের দুঃখ-দুর্দশা আমলে নেওয়া হয়েছে, আর পাকিস্তানের ভাগ্যে ঘটেছে শুধু অপমান। ২০১১ সালে ওসামা বিন লাদেনের মৃত্যু ও পরবর্তী সময়ে পাকিস্তানের লজ্জা আমরা সবাই দেখেছি। তবে সে বছরের শেষের দিকে সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ২৪ পাকিস্তানি সেনার মৃত্যু আমরা খুব কম মানুষই মনে রেখেছি।
মার্কিন সেনানায়কেরা পাকিস্তানকে প্রকাশ্যে উপহাস করেছেন। মার্কিন গোয়েন্দারা পাকিস্তানের সড়কে সাধারণ মানুষকে গুলি করে মেরেছে, যদিও তারা এদের ভুল পরিচয় দিয়েছে। যে মার্কিন কর্মকর্তারা পাকিস্তান দেশটিকে আরও ঘনিষ্ঠভাবে বোঝার আহ্বান জানিয়েছিলেন, তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে এবং এমনকি ফেডারেল গোয়েন্দারা তাঁদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছেন।
ব্যর্থতার জন্য পাকিস্তানকে নির্দোষ ভাবারও অবকাশ নেই। যে সন্ত্রাসীদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, তারা স্বাধীনভাবে সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশে হামলা চালিয়েছে। এমনকি তাদের কেউ কেউ টেলিভিশনে হাজির হয়ে এমন সম্মান-মর্যাদা পেয়েছে, যা রাজনৈতিক নেতারা পর্যন্ত ঈর্ষা করবেন। পাকিস্তান কখনো কখনো এমন আচরণ করে যে সেটা দেখে তার সবচেয়ে কাছের বন্ধুও অবিশ্বাসে মাথা নাড়ে।
ট্রাম্পের হুমকি ও খামখেয়ালি আচরণের কারণে পাকিস্তানে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে, অর্থাৎ কী হবে না হবে তা নিয়ে অনিশ্চয়তা। মার্কিন ড্রোন ইতিমধ্যে বিপুল বোমা ফেলেছে। মার্কিন নৌবাহিনীর জল-স্থল-আকাশ সেনাদের নামিয়ে সন্ত্রাসীদের কতল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক সহযোগিতা একেবারেই কমে এসেছে। দুই দেশের সমরনেতাদের মধ্যকার আস্থার সম্পর্কটাও ইতিহাসের সবচেয়ে নিম্নপর্যায়ে চলে গেছে। ট্রাম্পের ভাষণের মধ্য দিয়ে পাকিস্তানের উদ্বেগ আরও বেড়ে গেছে। তিনি যে ভারতকে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন, তাতে পাকিস্তানের জাতীয় হৃদয়ের সবচেয়ে গহিন কোণে ধিকিধিকি করে জ্বলা আগুনে যেন ঘি ঢেলে দেওয়া হয়েছে। পাকিস্তান যুক্তরাষ্ট্রের রাগের ধার ধারবে না, যদি সেটার বাস্তব ভিত্তি না থাকে।
পাকিস্তান যে যুক্তরাষ্ট্রের আনুকূল্য হারাতে চায় তাতে এটা পরিষ্কার যে তার আফগানিস্তানবিষয়ক স্বার্থ উচ্চাকাঙ্ক্ষা ও মহিমার ব্যাপার নয়; বরং সেটা তার অস্তিত্ব নিয়ে গভীর ভীতির ব্যাপার। অর্থাৎ লাগামহীন ভারত কী করে ফেলতে পারে। যুক্তরাষ্ট্র যত দিন আফগানিস্তানে ভারতের প্রক্সি যুদ্ধ বা কাশ্মীরের নির্মম দখলদারি নিয়ে খোলামেলা আলোচনা না করছে, তত দিন পাকিস্তানকে হুমকি দিয়ে লাভ হবে না। একটি দেশকে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত করতে পারেন, কিন্তু আত্মরক্ষা থেকে তাকে বঞ্চিত করতে পারেন না। পাকিস্তান আফগানিস্তানের জন্য সমস্যাই বটে, কিন্তু সেটা তৈরি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
মোশাররফ জাইদি: পাকিস্তানি কলামিস্ট ও বিশ্লেষক।