কিন্তু সরকার যেভাবে চাইবে বিরোধী জোট সেভাবে নির্বাচনে অংশ নেবে না। তারা যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইতিমধ্যে বাতিল করে দিয়েছে, বিরোধী জোটের দাবি অনুযায়ী তা যদি ফিরিয়ে আনা সম্ভব না-ও হয়, একটা নির্দলীয় সরকার বিরোধী দল চায়, যার অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে বিরোধী দলের মনে হবে। বিএনপি এখন আর ‘তত্ত্বাবধায়ক’ সরকারের দাবি করছে না, ‘নির্দলীয়-নিরপেক্ষ’ শব্দযুগলই তাদের মুখে উচ্চারিত হচ্ছে বেশি। কিন্তু তাদের এই দাবিও সরকার ভ্রুক্ষেপ করবে না, যতক্ষণ পর্যন্ত না তারা সরকারকে বাধ্য করতে পারছে।
কিন্তু দেশের অধিকাংশ মানুষ নির্বাচনকালে এমন একটি সরকারব্যবস্থা চায়, যার অধীনে নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সুযোগের সমান ক্ষেত্র তৈরি হবে। সাধারণ মানুষ এখনো এটাকে তত্ত্বাবধায়ক সরকারই বলছে; এটাকেই তারা সমাধান হিসেবে দেখছে। কিন্তু ক্ষমতাসীন দলের এতে আপত্তির কারণ কী? এই প্রশ্ন জিজ্ঞাসা করে লাভ নেই। সরকার মুখ ফুটে বলবে না আগামী নির্বাচনে সে নিজের বিজয় নিশ্চিত করতে চায়। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তাদের উচ্চারিত আপত্তি: বিএনপি এই ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে, তত্ত্বাবধায়ক সরকারের কারণেই ২০০৭ সালে এক-এগারোর মতো ঘটনা ঘটেছিল। যে ব্যবস্থার কারণে দেশে অগণতান্ত্রিক শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল, প্রায়-সামরিক শাসন জারি হয়েছিল, দেশকে সেই ব্যবস্থায় ফিরিয়ে নিতে ক্ষমতাসীন দল রাজি নয়।
কিন্তু ক্ষমতাসীন দল, বিশেষত ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কি সত্যিই চান যে এই দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় আবার সামরিক হস্তক্ষেপ না ঘটুক? ২০০৭ সালের শুরুতে বিদেশি কূটনীতিকেরা তাঁকে সাবধান করে দিয়ে বলেছিলেন, দুই নেত্রী সমঝোতায় না পৌঁছালে দেশে সামরিক হস্তক্ষেপ ঘটবে। তাঁরা সাবধানবাণী শুনিয়েছিলেন অপর নেত্রী বেগম খালেদা জিয়াকেও। তাঁরা উভয় নেত্রীকে বলেছিলেন, তাঁদের নিজ নিজ দলের লোকজনই কূটনীতিকদের কাছে ধরনা দিয়ে বলেছিলেন, তাঁরা দুই নেত্রীর হাত থেকে মুক্তি চান, সামরিক হাত এসে সেই মুক্তি ঘটিয়ে দিক। সে সময় শেখ হাসিনা কূটনীতিকদের বলেছিলেন, ক্ষমতা বিএনপির হাতে যাওয়ার চেয়ে সামরিক বাহিনীর হাতে গেলেই তিনি খুশি হবেন। আর খালেদা জিয়া কূটনীতিকদের সাবধানবাণী নাকচ করে দিয়ে বলেছিলেন, তাঁর সেনাবাহিনী কোনোভাবেই তাঁর অবাধ্য হবে না। আজকে শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় প্রত্যাবর্তনের কথা ভাবছেন, সেদিন খালেদা জিয়াও সেই একইভাবে ক্ষমতায় ফেরার কথা ভেবেছিলেন। খালেদা জিয়া সত্যই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নষ্ট করেছেন: ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়ার কথাবার্তা ও ভাবভঙ্গি ছিল ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর মতোই।
কিন্তু দুই নেত্রীর অনড় বৈরিতার পরিণতি তাঁদের জন্য কী মর্মান্তিক হয়েছিল, এ দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার পক্ষে তা কতটা ক্ষতিকর হয়েছে, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন বাংলাদেশ আবারও অনেকটা সেই পরিস্থিতির মুখোমুখি। যদিও সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার গুঞ্জন তেমন নেই, তবু তত্ত্বাবধায়ক সরকারের কথা উঠলেই ক্ষমতাসীন দল সে কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সামরিক হস্তক্ষেপ ঠেকাতেই তারা নাকি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে এবং এই ব্যবস্থায় তারা আর কক্ষনো ফিরবে না।
কিন্তু রাজনীতিকদের জিঘাংসা, পরস্পরকে সমূলে ধ্বংস করার উদগ্র প্রয়াস ও আত্মঘাতী অবিমৃশ্যকারিতার ফলে দেশে যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যখন সামরিক হস্তক্ষেপ অনিবার্য হয়ে উঠবে, তাহলে তা ঘটতে তত্ত্বাবধায়ক কেন, কোনো ব্যবস্থারই প্রয়োজন হবে না। আমাদের রাজনীতিকেরা যদি সেটা না চান, বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সত্যিই সামরিক হস্তক্ষেপের পথ চিরতরে বন্ধ করতে চান, তাহলে পাকিস্তানের দিকে একবার তাকাতে বলি। সামরিক শাসনে জর্জরিত পাকিস্তান কোনো অনুসরণীয় রাষ্ট্র নয়। দেশটির ৬৬ বছরের ইতিহাসের সিংহভাগই সামরিক বাহিনীর দখলে। তবু পাকিস্তানের দিকে তাকানো দরকার, কারণ দেশটিতে এমন কিছু ঘটছে, যা থেকে আমাদের রাজনীতিকেরা শিক্ষা নিতে পারেন।
পাকিস্তানের সাড়ে ছয় দশকের ইতিহাসে এই প্রথম একটি নির্বাচিত সরকার পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছে। বিরোধী দলগুলো সে সরকারকে মেয়াদ শেষ হওয়ার আগেই উৎখাত করতে কোমর বেঁধে নামেনি বলে এটা সম্ভব হয়েছে। তারপর, মেয়াদ শেষে পিপিপি সরকার নিজেই ক্ষমতায় থেকে নির্বাচন অনুষ্ঠান করে আবার ক্ষমতায় ফেরার জন্য গোঁ ধরেনি। বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে তারা কেন্দ্রে ও চার প্রদেশে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে। আমাদের ইয়াজউদ্দিন-মার্কা একপেশে তত্ত্বাবধায়ক সরকার নয়, সত্যিকারের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যার প্রতি সব দল আস্থা প্রকাশ করেছে। নির্বাচনী খেলার রেফারি হিসেবে সব দল মেনে নিয়েছে নির্বাচন কমিশনকে—কোনো দল বলেনি যে নির্বাচন কমিশনকে তারা পক্ষপাতদুষ্ট মনে করে। এভাবে, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসনিক সহযোগিতায় নির্বাচন কমিশন ১১ মে যে নির্বাচন অনুষ্ঠান করে, সেই নির্বাচনে সদ্য বিদায়ী শাসক দল পাকিস্তান পিপলস পার্টির ভরাডুবি ঘটে। কিন্তু আমাদের আওয়ামী লীগ-বিএনপির মতো নির্বাচনের ফল ঘোষণামাত্র তারা বলেনি যে এই ফল তারা মানে না। নির্বাচনে অনিয়ম হয়েছে, এ রকম অভিযোগ করেও পিপিপি ফল মেনে নিয়েছে এবং বলেছে যে তারা গণতন্ত্রের স্বার্থে নিজেদের পরাজয় মেনে নিচ্ছে। অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোও নির্বাচনের ফল মেনে নিয়েছে।
কারণ পাকিস্তানের রাজনীতিকেরা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষাকে তাঁদের এক নম্বর অগ্রাধিকার হিসেবে স্থির করেছেন। এই নির্বাচনকে তাঁরা বলছেন তাঁদের রাজনৈতিক ইতিহাসের এক বিরাট মাইলফলক। তাঁরা এর মধ্য দিয়ে সূচনা ঘটাতে চান এমন এক রাজনৈতিক পর্বের, যেখানে সামরিক হস্তক্ষেপের কোনো সুযোগই আর থাকবে না। রাজনৈতিক আদর্শ ও দৃষ্টিভঙ্গির পার্থক্য-বিরোধ যতই তীব্র হোক, সব রাজনৈতিক দল যদি উপলব্ধি করে যে রাজনৈতিক প্রক্রিয়া সচল রাখা জরুরি, তাহলে রাজনীতির বাইরের শক্তির রাজনীতিতে হস্তক্ষেপ করার দরজা বন্ধ হয়ে যায়।
নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের জন্য তাদের অন্য কোনো দলের সঙ্গে জোট বাঁধতে হবে। সে প্রক্রিয়া যখন চলছে, তখন প্রধান বিরোধী দল হিসেবে পিপিপি নতুন জাতীয় পরিষদে তাদের নেতা হিসেবে মনোনীত করেছে সৈয়দ খুরশিদ আহমেদ শাহকে। তাঁর মনোনয়নের খবরটি পাকিস্তানের সংবাদমাধ্যমে যত গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে, তার চেয়ে বেশি প্রচার পেয়েছে প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে তাঁর দেওয়া প্রথম বক্তব্য। করাচির ইংরেজি দৈনিক ডন ২৬ মে লিখেছে, সৈয়দ খুরশিদ বলেছেন তাঁর দল চায় নওয়াজ শরিফের নতুন পিএমএল সরকার যেন তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারে। তিনি বিশ্বাস করেন, এর মধ্য দিয়ে পাকিস্তানে সামরিক স্বৈরতন্ত্রের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, পিএমএল-এন সরকার যদি মেয়াদ পূর্ণ করতে পারে, তাহলে কোনো শক্তিই আর গণতন্ত্রকে লাইনচ্যুত করার কথা ভাবতেও পারবে না।
জাতীয় পরিষদের নতুন প্রধান বিরোধীদলীয় নেতা সৈয়দ খুরশিদ আরও বলেন, বিরোধী দল নতুন সরকারের সব গণমুখী নীতিকে সমর্থন জোগাবে, সরকারের জন্য কোনো ঝামেলা সৃষ্টি করবে না, যতক্ষণ পর্যন্ত না সরকার জনস্বার্থবিরোধী কিছু করছে। এমনকি পিএমএল-এন সরকার যদি জাতীয় স্বার্থে সংবিধানও সংশোধন করতে চায়, বিরোধী দল পিপিপি তাতে সমর্থন জোগাবে। আগামী পাঁচ বছর পাকিস্তানকে অনেক গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে—এ কথা উল্লেখ করে সৈয়দ খুরশিদ আরও বলেন, বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায় যেন দেশের সামনে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকার সক্ষম হয়।
পাকিস্তানের নতুন প্রধান বিরোধী দল নতুন সরকারের সঙ্গে সত্যিই কতটা সহযোগিতামূলক আচরণ করে তা সামনে আমরা দেখতে পাব। এখন এটুকু অন্তত বোঝা যায় যে বিরোধীদলীয় নেতার এসব বক্তব্যের দূরবর্তী শ্রোতা দেশটির সামরিক বাহিনী, যারা ঐতিহ্যগতভাবে পাকিস্তানি রাজনীতির অন্যতম খেলোয়াড়। খেলার মাঠ থেকে তাদের চিরতরে বের করে দেওয়া নিশ্চয়ই সুকঠিন হবে। তবু সেই কঠিন কাজটায় হাত লাগাতে রাজনীতিকদের মধ্যে এবার একটা অঘোষিত মতৈক্য হয়েছে বলে মনে হচ্ছে।
বাংলাদেশের অবস্থা যদিও সে রকম নয়, তবু এখানে সামরিক বাহিনীর জুজু দেখিয়ে রাজনীতিবিদেরা নিজেদের স্বার্থে যা করেন, তাতে শেষ পর্যন্ত কোনো কূলই রক্ষা পায় না।
মশিউল আলম: সাংবাদিক।