পাকিস্তান না পারলে বিদেশি শক্তি আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেও পাকিস্তানে অনেক সন্ত্রাসী হামলা হয়েছে। কিন্তু গত সপ্তাহে যে ধারাবাহিক হামলা হলো, তা পাকিস্তানের ইতিহাসে সম্ভবত সবচেয়ে রক্তাক্ত ঘটনা। গত পাঁচ দিনে পাকিস্তানের চারটি প্রদেশে ১০টি হামলা হয়েছে।
এর মধ্যে গত বৃহস্পতিবার সিন্ধুর সেহওয়ানের লাল শাহবাজ কালান্দারে যে রক্তস্নান হলো, তার মধ্য দিয়ে আমরা এই ধারাবাহিক হামলার চূড়ান্ত পরিণতি দেখলাম। ওই সময় পুণ্যার্থী ভক্তরা মাজারে ধর্মীয় আচার পালন করছিলেন। গত রোববার করাচিতে সামা টিভির ভ্যানে আক্রমণের মধ্য দিয়ে এই হামলা শুরু হলো। এর পরদিন লাহোরে এক আত্মঘাতী হামলা হয়। একই দিন কোয়েটায় সন্ত্রাসীদের পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কমান্ডার ও এক পুলিশ কর্মকর্তা মারা যান। অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে দুই নিরাপত্তাকর্মীকে বহনকারী একটি গাড়ি স্থলমাইনের ওপর দিয়ে যাওয়ার সময় তাঁরা মারা যান। বুধবার চারজন আত্মঘাতী বোমা হামলাকারী পেশোয়ারে নিজেদের উড়িয়ে দেয়, যাদের লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগীয় কর্মকর্তারা। অন্যদিকে বেলুচিস্তানের আওরান শহরে তিন সৈনিক মারা গেছেন, এরপর ডেরা ইসমাইল খানে পুলিশের ওপর হামলা হয়। টিটিপি এর মধ্যে কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। ওদিকে তথাকথিত ইসলামিক স্টেট সেহওয়ানের আত্মঘাতী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের দায় স্বীকার করেছে। এই দফায় আমরা সন্ত্রাসী হামলাগুলো স্থান ও কালের দিকে খেয়াল করলে দেখব, এই সন্ত্রাসী প্রচারণার পেছনে সমন্বিত ও সূক্ষ্ম পরিকল্পনা রয়েছে।
এই ঘটনায় পাকিস্তানের হাঁটু কেঁপে গেছে। প্রতিক্রিয়া হিসেবে তারা বৃহস্পতিবার অনেক রাতে আফগান সীমান্ত বন্ধ করে দিয়েছে। তারা এটা খুব একটা ভেবে দেখেনি যে, এ রকম একতরফাভাবে সীমান্ত বন্ধ করে দেওয়া আফগান-পাকিস্তান ট্রানজিট ট্রেড অ্যাগ্রিমেন্টের লঙ্ঘন। এটা মনে রাখা দরকার, যে সীমান্তে মানুষ পারাপারের শত শত অব্যবহৃত জায়গা রয়েছে, সেখানে ছয় থেকে আটটি পয়েন্ট বন্ধ করে দিয়ে তেমন লাভ হবে না। এ ছাড়া একজন জ্যেষ্ঠ আফগান কূটনীতিককে সেনাসদরে ডেকে ৭৬ জন সন্ত্রাসীর তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে, যারা পাকিস্তানে নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। কিন্তু কথা হচ্ছে, সেনাসদর যেভাবে রাখঢাক না করেই পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করছে, তাতে সন্দেহাতীতভাবে তারা দেখিয়ে দিল, চালকের আসনে তারাই বসে আছে। কিন্তু এই আফগান সীমান্ত বন্ধ করে দেওয়া বা তাদের হাতে পলাতকদের তালিকা ধরিয়ে দেওয়ার মধ্যে নতুন কী আছে? অতীতে এটা হয়েছে, কিন্তু তাতে ফল আসেনি। আফগানরাও পাকিস্তানভিত্তিক তালেবানদের লম্বা তালিকা ধরিয়ে দিচ্ছে। বস্তুত সারতাজ আজিজ যখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যে আফগান তালেবান নেতৃত্বের একটি অংশ দীর্ঘদিন ধরে পাকিস্তানে রয়েছে, তখন ব্যাপারটা সত্যিই লজ্জার হয়ে যায়। এমনকি বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব আইজাজ চৌধুরীকে উদ্ধৃত করে সংবাদ ছাপা হলো, তালেবানরা পাকিস্তানে এই শর্তে প্রবেশ করেছে যে তারা জঙ্গিবাদ ত্যাগ করবে। তাহলে কারা তালেবানদের সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ হলো? আমি নিশ্চিত, পাকিস্তানের সংসদ এ ব্যাপারে তেমন কিছু জানে না।
যা হোক, পররাষ্ট্রসচিবের এই বিবৃতি আমাদের সমস্যার মূলে নিয়ে যায়, তালেবান প্রকল্প। পাকিস্তানের আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তানি ও আফগান তালেবানদের মধ্যকার পার্থক্য নিয়ে দীর্ঘ ফিরিস্তি দেওয়া হয়েছে। কিন্তু মৌলিকভাবে তারা একই রকম, তাদের আদর্শ ও আন্দোলন একই। তারা একই নেতার প্রতি অনুগত থাকার শপথ গ্রহণ করে। তারা উভয়ই প্রণালিবদ্ধভাবে আল-কায়েদাসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সমন্বয় রেখে চলেছে। সে কারণেই তারা কাজ ভাগ করে নিয়ে একে অপরকে সহযোগিতা করছে। উদাহরণস্বরূপ বলা যায়, পাকিস্তানের ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়ায় টিটিপির যে দখল আছে, সেটা কাজে লাগিয়ে আফগান তালেবানরা ডুরান্ড লাইনজুড়ে তাদের কার্যক্রম চালিয়েছে। টিটিপির অনেক ক্যাডারই আফগানিস্তানে আফগান-তালেবানদের সঙ্গে লড়াই করছে। এটা সত্য যে কিছু বৈরী বিদেশি গোয়েন্দা সংস্থা আফগানিস্তানের ঘাঁটি কাজে লাগিয়ে টিটিপির কিছু ব্যক্তিকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করেছে। কিন্তু আফগান তালেবানরা কখনোই সংগঠন হিসেবে টিটিপির বিরুদ্ধে কাজ করেনি। কেউ বিস্মিত হতেই পারেন, পাকিস্তানি কর্তৃপক্ষ কেন টিটিপির পলাতকদের তালিকা আফগান তালেবানদের হাতে তুলে দিচ্ছে না। পাকিস্তানি গণমাধ্যম আফগানিস্তানের তালেবানদের ‘বিজয়’-এর ঘটনার বড় প্রচারণা দেয়। কিন্তু ডুরান্ড লাইনের উভয় পারের তালেবানদের মধ্যে যে যোগসাজশ রয়েছে, তা নিয়ে কখনোই প্রশ্ন তোলে না।
পাকিস্তানের অনেক রাজনৈতিক নেতা ও বিশ্লেষক সরকারের ভালো ও মন্দ তালেবান খোঁজার নীতি এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন না হওয়ার সমালোচনা করেছেন। কিন্তু দৃশ্যত, পাকিস্তানের নীতিতে পরিবর্তন আসেনি। সুপ্রিম কোর্টের কোয়েটা ইনকোয়ারি কমিশনের যে প্রতিবেদন ডিসেম্বরে প্রকাশিত হয়েছে, তাতে পাকিস্তান সরকারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্যর্থতার কঠোর সমালোচনা করা হয়েছে। অথচ সরকার সংশোধনমূলক পদক্ষেপ না নিয়ে প্রতিবেদনটিকে পুরোপুরি এড়িয়ে যাওয়া শ্রেয় মনে করে। নিষিদ্ধঘোষিত সংগঠনগুলো নতুন নতুন নামে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে চরমপন্থী জঙ্গিবাদ দ্রুত বিকশিত হচ্ছে, বিদেশি সহায়তা থাক না থাক।
গণমাধ্যম ও আনুষ্ঠানিক বিশ্লেষণে চলমান সন্ত্রাসবাদ প্রসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত থেকে যায়। প্রথমত, আইএস যখন মধ্যপ্রাচ্য থেকে উৎখাত হচ্ছে, তখন তারা পাকিস্তানের মাটিতে বিস্তৃত হচ্ছে। পূর্ব আফগানিস্তানে আইএসের উপস্থিতি রয়েছে, এ নিয়ে প্রায়ই গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়। তালেবানদের যুদ্ধের কারণে আফগান সরকার বিপুল পরিমাণ ভূমির নিয়ন্ত্রণ হারাচ্ছে। কিন্তু গণমাধ্যমে যে তথ্যটি আসে না তা হলো, যেসব মানুষ আইএসের পতাকাতলে যুদ্ধ করছে, তারা মূলত পাকিস্তানি। আর এভাবেই আফগানিস্তানের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণহীন ভূমিতে পাকিস্তান থেকে আদর্শ, সম্পদ ও জনবল রপ্তানি হচ্ছে। কথা হচ্ছে, আইএসের এই বিকাশের সঙ্গে ১৯৯০-এর দশকের আল-কায়েদার বিকাশের মিল আছে। এদের যদি স্থানীয়ভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে শিগগিরই তারা আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দু হবে। সন্ত্রাসবাদের এই ধারার দ্বিতীয় তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে, পাকিস্তান-আফগান সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব। সন্ত্রাসবাদ দুই দেশের রাজনৈতিক সম্পর্কে বাদ সাধবে।
শেষতক, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এই নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিয়ে সামষ্টিক প্রজ্ঞা ও শক্তির আধার হতে হবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, পাকিস্তানি দৈনিক দ্য নেশন থেকে নেওয়া।
আফ্রাসিয়াব খটক: আঞ্চলিক রাজনীতি বিশ্লেষক।