পাকিস্তান বিচ্ছিন্ন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রাসিয়াব খটক
আফ্রাসিয়াব খটক

পাকিস্তানের বর্তমান বেসামরিক সরকার দেশটির অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় পরিসরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। ফলে দেশটির সাংবিধানিক ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। মনে হচ্ছে নতুন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি শুধু মৌলিক সাংবিধানিক কাজের

মধ্যে সীমাবদ্ধ নন, তিনি দ্রুততার সঙ্গে এই ব্যবস্থার অন্যান্য মাত্রারও হদিস পেতে চান। কিন্তু তিনি আবিষ্কার করেছেন যে তাঁর ক্ষমতার পরিসর সংকীর্ণ।

তাই যাঁরা অভিযোগ করতেন, নওয়াজ শরিফের ব্যক্তিগত ঢঙে শাসনব্যবস্থা পরিচালনার কারণে এই সংকট সৃষ্টি হয়েছে, তাঁরা দেখতে পাচ্ছেন, ক্ষমতায় যিনিই থাকুন না কেন, গভীর রাষ্ট্র সাংবিধানিক নিয়ন্ত্রণ অগ্রাহ্য করবেই।
২১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ার দ্বন্দ্বের ব্যাপারে যে নতুন নীতি ঘোষণা করলেন, সেখানে তিনি আফগান তালেবানদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানের সমালোচনাই করেননি, উপরন্তু পাকিস্তান যদি এই নীতি থেকে সরে না আসে, তাহলে তিনি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন।

এরপর ৩-৫ সেপ্টেম্বর চীনের ঝিয়ামেন শহরে নবম ব্রিকস সম্মেলন হলো। সম্মেলনের ঘোষণায় পাকিস্তানভিত্তিক বড় সন্ত্রাসী সংগঠনের নেটওয়ার্ক যেমন তালেবান, এলইটি ও জেইউএমের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়। ওই ঘোষণায় আফগান সরকারের প্রতি সংহতি জানানো হয়, যারা বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই করছে। এটা পরিষ্কার, চরমপন্থা ও সন্ত্রাসবাদের প্রসঙ্গে পাকিস্তান এখন পুরোপুরি বিচ্ছিন্ন।

কিন্তু পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ এই ব্যাপারে একদম ভিন্নমত প্রকাশ করেছে। সামরিক বাহিনীর কাছে ব্যাপারটা একদম সহজ-সরল, সেটা হলো এ ব্যাপারে পাকিস্তান যথেষ্ট করেছে। এখন বাকিদের অন্য কাজগুলো করতে হবে। বেসামরিক কর্তৃপক্ষের জন্য ব্যাপারটা এত সহজ-সরল নয়। তবে এখানে যদি শুধু যুক্তরাষ্ট্র থাকত, তাহলে তারা হয়তো সামরিক বাহিনীর পথেই হাঁটত।

কিন্তু রাশিয়া-চীনসহ সারা পৃথিবীকে যখন ব্যাপারটা জানাতে হবে, তখন এই ভাষ্য আরও পরিশীলিত ও বিশ্বাসযোগ্য হওয়া উচিত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের বিবৃতির মধ্য দিয়ে এটা শুরু হয়েছে। সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে পাকিস্তানের সংগ্রাম ও আত্মত্যাগের বিবৃতি দিয়ে তিনি শেষমেশ স্বীকার করেছেন, পাকিস্তানকে নিজের ‘ঘর পরিষ্কার’ করতে হবে।

এই বিবৃতির পর পিএমএল-এনের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান তাৎক্ষণিকভাবে এর বিরোধিতা করেছেন, যাঁর সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা মহলের ঘনিষ্ঠতা আছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও এমনকি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। এই প্রসঙ্গে সামরিক ও বেসামরিক বাহিনীর মধ্যে যে বিভাজন হয়েছে, তাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য ভালো হয়নি। কারণ, এতে তিনি বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেননি।

ওদিকে বিচার বিভাগের আক্রমণেও বেসামরিক সরকার আরও একঘরে হয়ে পড়েছে। ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর আদালত শরিফ পরিবারের ওপর হামলে পড়ছে। এমনকি প্রধানমন্ত্রীও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন। কিন্তু অন্যদিকে বেনজির ভুট্টো হত্যা মামলায় কট্টর চরমপন্থীদের খালাস, নওয়াজ ছাড়া অন্যদের প্রতিষ্ঠিত অফশোর কোম্পানির বিরুদ্ধে তদন্তে ধীরগতি এবং আদালত প্রাঙ্গণ থেকে পারভেজ মোশাররফের পালিয়ে যাওয়ার ব্যাপারে উচ্চ আদালতের নির্লিপ্ততায় বিচার বিভাগের পাগলামির নজির পাওয়া যায়। ক্ষমতাসীন দল আগামী মার্চে অনুষ্ঠিতব্য সিনেট নির্বাচনে জিতে সাধারণ নির্বাচনের আয়োজন করতে চায়। তবে গভীর রাষ্ট্র ও তার সাঙাতেরা সরকারকে এটা করতে দেবে না।

এদিকে লাহোর থেকে সম্প্রতি পিএমএল-এনের অনুগত কয়েকজন ব্যক্তির গুম হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বোঝা যায়, গভীর রাষ্ট্র নওয়াজকে শুধু ক্ষমতা থেকে নয়, রাজনীতি থেকে দূরে রাখতে যেকোনো কিছু করতে পারে। কিন্তু লাহোরের উপনির্বাচনের ফলাফল দেখে বোঝা যায়, নওয়াজ শরিফ পাঞ্জাবের মূল কেন্দ্রেও ভোট পান। নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে গভীর রাষ্ট্র প্রতিহত করার চেষ্টা করেনি, তিনি এখন দলের মৃতপ্রায়দের চ্যালেঞ্জ করছেন। কিন্তু উল্লিখিত উপনির্বাচনের সবচেয়ে গুরুতর দিক হচ্ছে এর মধ্য দিয়ে ‘পরিচিত
জঙ্গি ও নিষিদ্ধ সংগঠনগুলো মূলধারায় চলে এসেছে। চরমপন্থীদের সহিংসতা তো রোধ করা যায়নি, উল্টো রাজনীতিতে সেটা গুরুত্ব পেয়েছে। এর আগে ১৯৭০-এর দশকে এই গভীর রাষ্ট্র জুলফিকার আলী ভুট্টোর পিপলস পার্টিকে দুর্বল করার জন্য গোষ্ঠী ও জাতিগত বিভাজন সৃষ্টি করেছিল।

নওয়াজকে দুর্বল করতে সেই একই কৌশলের ওপর ভিত্তি করে এবং জাতীয় ও আন্তর্জাতিক উদ্বেগ অগ্রাহ্য করে বিপজ্জনক ‘চরমপন্থা’কে মূলধারায় পরিণত করার চেষ্টা চলছে। এতে পাকিস্তানি সমাজ আরও বিভক্ত হয়ে পড়বে। এই ফ্রন্ট ইতিমধ্যে অনেকটা মলিন হয়ে গেছে। গভীর রাষ্ট্রের এই রাজনৈতিক কারসাজির জন্য পাকিস্তানে শক্তিশালী রাজনৈতিক দলের উত্থান হয় না, যেটা জাতি ও রাষ্ট্র গঠনের জন্য দরকার।

রাষ্ট্রের চাপে জাতীয় রাজনৈতিক দলগুলো প্রাদেশিক দলে পরিণত হয়। শিকড় গাড়তে থাকা ধর্মীয় চরমপন্থা ও গোষ্ঠীতন্ত্র ভালো ব্যাপার নয়। ক্রমবর্ধমান সামরিক-বেসামরিক বিবাদের মধ্য দিয়ে শুধু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নির্ধারিত হচ্ছে না, এর মধ্য দিয়ে তার আন্তর্জাতিক অবস্থানও নির্ধারিত হবে। এই কুখ্যাত চরমপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি না হলে পাকিস্তান আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এ ক্ষেত্রে সে উত্তর কোরিয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে, অর্থাৎ কে কত বেশি বিচ্ছিন্ন হবে। আর ভবিষ্যতে পাকিস্তানকে এর চরম পরিণতি ভোগ করতে হবে।

দ্য নেশন ডট কম থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।

আফ্রাসিয়াব খটক: পাকিস্তানের আঞ্চলিক রাজনীতি বিশ্লেষক।