মার্কিন ড্রোন হামলায় আফগান তালেবানের আমির মোল্লা আখতার মনসুর বেলুচিস্তানের কাছে নুশকি নামের এক জায়গায় নিহত হয়েছেন। বছর তিনেক আগে মোল্লা ওমরের মৃত্যুর খবর আসার পর তাঁর আমির হওয়ার দৌড়ে পাকিস্তান সামরিক বাহিনী সহায়তা করেছে। ওদিকে তালেবানরা মোল্লা ওমরের আস্থাভাজন ও আফগানিস্তানের সাবেক প্রধান বিচারপতি হইবতউল্লাহ আখুনজাদাকে নামমাত্র আমির হিসেবে নিয়োগ দিয়েছে। কিন্তু মোল্লা ওমরের ছেলে সিরাজ হাক্কানি ও মোল্লা মোহাম্মদ ইয়াকুব ‘নায়েবে আমির’ হিসেবে থাকবেন। অর্থাৎ, পর্দার আড়াল থেকে তাঁরা দ্বৈত ক্ষমতা চালাবেন।
এই মোল্লা মনসুর তো পাকিস্তানের প্রিয়পাত্র ছিলেন, চার দেশের স্থগিত হয়ে যাওয়া আলোচনার জন্য তিনি ছিলেন পছন্দসই ‘সম্পদ’ বা তাসের ভালো কার্ড। কিন্তু কথা হচ্ছে, এত কিছু সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে হত্যা করল কেন, তাও আবার পাকিস্তানের অঙ্কিত ‘বিপদ রেখা’ অতিক্রম করে? মার্কিন-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রেই বা এর মাজেজা কী?
পাকিস্তান মোল্লা মনসুরকে আলোচনার টেবিলে আনতে না পারায় আফগান ও মার্কিন সরকার উভয়ই যারপরনাই বিরক্ত। ২০১৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আলোচনা শিগগিরই শুরু হবে। কিন্তু মোল্লা ওমরের মৃত্যুর খবর ঘোষিত হওয়ায় পুরো ব্যাপারটাই ভেস্তে যায়, আর ‘আমির’ হওয়ার জন্য মোল্লা মনসুরও রক্তাক্ত লড়াই শুরু করেন। তাঁকে আবার বিরোধী শিবিরের কট্টরপন্থীদেরও সামাল দিতে হয়েছে, এ কারণে তাঁকে আরও বেশি কট্টর হতে হয়েছে। এরপর নিজের বিশ্বাসযোগ্যতা আরও বাড়ানোর লক্ষ্যে তাঁকে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় আমেরিকান ও আফগানদের ওপর হামলা করতে হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি অত্যন্ত হতাশ হয়ে পাকিস্তানের দিকে অভিযোগের তির ছোড়েন, তারা তালেবানদের আলোচনায় বসানোর জন্য যথেষ্ট চাপ দেয়নি। ওদিকে যুক্তরাষ্ট্রও বেঁকে বসে। কংগ্রেস বলে বসে, তারা ওবামা সরকারকে পাকিস্তানের বিমান কেনায় অর্থায়ন করতে দেবে না, যেটা তারা আগে প্রতিশ্রুতি দিয়েছিল। মার্কিনরা আরও যুক্তি দেয়, মোল্লা মনসুরকে খতম করা গেলে সেটা অন্যদের শক্তিশালী বার্তা দেবে।
প্রথমত, তারা এই বার্তা দেয় যে কোনো তালেবান নেতা যুদ্ধ করতে চাইলে বা শান্তি আলোচনায় অংশ নিতে না চাইলে ড্রোন হামলায় মরতে হবে। এই ড্রোন হামলার সফলতা বিস্ময়কর। দ্বিতীয়ত, মোল্লা মনসুরের মৃত্যু আফগান সেনাবাহিনীর মনোবলও চাঙা করবে। কারণ, এরা একদিকে তালেবান হামলার তীব্রতায় হীনবল হয়ে পড়েছে, অন্যদিকে সেনাদের পক্ষত্যাগের কারণে দুর্বল হয়ে পড়েছে। তৃতীয়ত, এর মধ্য দিয়ে এই বার্তা দেওয়া হলো যে পাকিস্তান যদি নিজের কথা রাখতে না পারে, তাহলে আর কোনো আলোচনা হতে পারে না। চতুর্থত, যুক্তরাষ্ট্রের জনগণ যেহেতু ডোনাল্ড ট্রাম্পে বুঁদ হয়ে আছে, সেখানে ডেমোক্র্যাট ওবামা প্রশাসন দেখিয়ে দিল, সন্ত্রাসবাদের প্রশ্নে তারাও খড়্গহস্ত। দরকার হলে তারাও যুক্তরাষ্ট্রের ক্ষমতা দেখিয়ে দেবে, সে তাদের যতই কূটনৈতিক সংবেদনশীলতা থাকুক না কেন।
পাকিস্তানের অবস্থা আসলে দিনকে দিন সমস্যাপূর্ণ হয়ে উঠছে। একদিকে এ দেশের পররাষ্ট্রমন্ত্রী সারতাজ আজিজ স্বীকার করেছেন, তালেবানদের নেতারা পাকিস্তানে অবস্থান করছেন। এর মাধ্যমে তিনি ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, এদের ওপর পাকিস্তানের একরকম নিয়ন্ত্রণ আছে। মোল্লা মনসুরের তো পাকিস্তানি পাসপোর্ট ছিল, আবার তিনি যেভাবে পাকিস্তানে আসতেন এবং সেখান থেকে যেতেন, তাতে ইঙ্গিত পাওয়া যায়, তালেবানদের ব্যাপারে পাকিস্তানের ‘হাত’ আছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তালেবান নেতাদের আলোচনার টেবিলে আনতে পারেননি। এতে বোঝা যায়, তারা আসলে আফগানিস্তানে বড় কোনো খেলা থেকে বড় হিস্যা পাওয়ার ধান্দায় সেটা করছে না। এতে এই সন্দেহই দানা বেঁধে ওঠে যে পাকিস্তান দ্বৈত ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থনৈতিক ও সামরিক সাহায্য পেতে চায়, যে খেলায় তারা তালেবানদের মার্কিনদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে।
পাকিস্তান তালেবানদের মার্কিন বলয়ে আনার চেষ্টা করছে না। জেনারেল পারভেজ মোশাররফের জমানায় তার নজির দেখা গেছে, সে সময় যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের জন্য’ পাকিস্তানকে প্রায় ২০ বিলিয়ন ডলার দিয়েছিল। সিরাজ হাক্কানি তালেবানের নায়েবে আমির হওয়ার পর পাকিস্তানের ওপর আরও চাপ পড়বে, কারণ ধারণা করা হয়, এই ভীতিকর হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তানের মাটি থেকে পরিচালিত হয়, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল নামের জায়গা থেকে। অ্যাডমিরাল মাইক মুলেনের আমল থেকে পেন্টাগন মনে করে, এই হাক্কানি নেটওয়ার্ক ‘আইএসআইয়ের একদম নিজের অঙ্গসংগঠন’। মোল্লা ইয়াকুবও পাকিস্তানের প্রভাবের ব্যাপারে চোখ বন্ধ করে থাকতে পারেন না, কারণ মৃত্যুর আগে মোল্লা ওমর বহুদিন পাকিস্তানের ‘অতিথি’ ছিলেন।
জেনারেল রাহিল শরিফ নিঃসন্দেহে পাকিস্তানি তালেবানের মাজা ভেঙে দিয়েছেন। কিন্তু আফগানিস্তানের বেলায় তিনি ব্যর্থ হয়েছেন। ওদিকে আফগান সরকার, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাও যে অকর্মণ্য ও দুর্নীতিগ্রস্ত, তারা যে তালেবানদের নেটওয়ার্ক ভাঙতে পারেনি বা চাপ দিয়ে আলোচনার টেবিলে আনতে পারেনি, তাতে সন্দেহ নেই। পাকিস্তান সেনাবাহিনী আরও বেশি কিছু করবে, লোকের তেমনটাই প্রত্যাশা ছিল। কারণ, সে তো আফগানিস্তানের চেয়ে শক্তিশালী রাষ্ট্র, যে আবার ১৯৯০-এর দশকের শেষের দিক থেকে তালেবানদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী এই অঞ্চলে ‘চিরশত্রু’ ভারতের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে শঙ্কিত হয়ে ওঠায় তার পক্ষে আর এটা করা সম্ভব হয়নি। পাকিস্তানের এই ভয় আরও জোরদার হয়েছে এ কারণে যে ভারত-ইরান-আফগানিস্তান ইরানের চাবাহার বন্দরকে আফগানিস্তানের সঙ্গে যুক্ত করার একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে, আফগানিস্তান ও মধ্য এশিয়ায় ঢোকার জন্য চীন-পাকিস্তানের সম্ভাব্য সিপিইসি করিডর নির্মাণের সম্ভাবনা নস্যাৎ করা।
কথা হচ্ছে, ভবিষ্যতে পাকিস্তান ও আফগানিস্তানে মার্কিন নীতি আরও কঠোর হবে। ফলে পাকিস্তান যদি সঠিক তাসটি বাঁটতে না পারে, তাহলে সে এই অঞ্চলে বিচ্ছিন্ন ও দুর্বল হয়ে পড়বে।
পাকিস্তানি ইংরেজি সাপ্তাহিক দ্য ফ্রাইডে টাইমস থেকে নেওয়া; অনুবাদ: প্রতীক বর্ধন।
নাজাম শেঠি: দ্য ফ্রাইডে টাইমসের সম্পাদক।