পাকিস্তানে নতুন সরকারের সামনে তিন চ্যালেঞ্জ

উপমহাদেশের জন্য ভালো খবর এটুকুই—পাকিস্তানে শেষ পর্যন্ত নির্বাচন হলো এবং নির্বাচনী পথেই ক্ষমতার হস্তান্তর ঘটছে। এ ছাড়া পাকিস্তানের ভেতরে-বাইরে, দেশটির নাগরিক বা বিদেশি শত্রু-বন্ধু কেউই মনে করে না সদ্যসমাপ্ত নির্বাচন সেখানে রাষ্ট্রনৈতিক কোনো স্বস্তি আনতে যাচ্ছে।
নির্বাচন উপলক্ষে ব্রিটেনের দৈনিক ইন্ডিপেনডেন্টে মঙ্গলবার দেশটির খ্যাতনামা গবেষক আয়েশা সিদ্দিকার মন্তব্য ছিল: ‘যেভাবেই নির্বাচন হোক, সামনে বাড়তি অস্থিতিশীলতাই দেখছি।’
রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবেই ক্ষমতার জন্য মরিয়া। কিন্তু দেশটির নতুন সরকার যেভাবেই গঠিত হোক, তার জন্য অপেক্ষা করছে বিপজ্জনক অনেক চ্যালেঞ্জ। আরও সরাসরি বললে, সর্বশেষ নির্বাচন দেশটির রাজনীতিতে এত বেশি বৈরিতার জন্ম দিয়ে ফেলেছে, যা পাকিস্তানে দীর্ঘ মেয়াদে বাড়তি অস্থিতিশীলতা সৃষ্টি করবে।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা—সর্বত্র রাষ্ট্রবিজ্ঞানীরা সুশাসনের লক্ষ্যে পুরোনো দ্বিদলীয় প্রথার পরিবর্তে বহুদলীয় রাজনৈতিক পরিবেশ চাইছিলেন। ইমরান খানের দলের আবির্ভাবের মধ্য দিয়ে পাকিস্তানে সেটার যে পরীক্ষা হলো, সে অভিজ্ঞতা রীতিমতো ভীতিকর। জাতীয় ক্ষেত্রে কোনো বিষয়ে সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপাতত সমঝোতার কোনো পরিবেশ নেই আর।
নির্বাচনী প্রচারে চারজন প্রার্থীসহ প্রায় দুই শ মানুষ মারা গেছে। সন্ত্রাসে বিপর্যস্ত দেশটিতে এসব নিহত মানুষ এখন স্রেফ সংখ্যামাত্র। নির্বাচনী প্রচারে কোনো দল এমন কোনো বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে পারেনি যে ভবিষ্যতে রক্তের খেলা বন্ধ হবে।
দুই.
২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত জেনারেল রাহিল শরিফ সেনবাহিনী প্রধান থাকা অবস্থায় ধর্মীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পুনঃপুন অভিযান চালানোয় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু তাঁর বিদায়ের পর থেকে দেশটির সশস্ত্র বাহিনী ও শক্তিশালী গোয়েন্দাকাঠামো রাজনীতি নিয়ে বেশি মনোযোগী থাকায় গোপন গোষ্ঠীগুলো আবারও ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে।
উগ্রবাদীদের হামলা থেকে ভোটকেন্দ্র রক্ষা করতে সর্বশেষ ভোট অনুষ্ঠানে আট লাখ সৈনিককে পাহারায় বসাতে হয়েছিল। এর মধ্যেও ভোটের দিন কোয়েটাতে বিপুল মানুষ মারা গেছে। হামলাকারী গোষ্ঠী সেনা গ্যারিসন থেকে বাচ্চাদের স্কুল—সর্বত্র যেকোনো সময় যে হামলা চালাতে সক্ষম, ইতিমধ্যে তা প্রমাণিত। ১৩ জুলাই এমন এক হামলাতেই ১৪৯ জন মারা গেছে বেলুচিস্তানে।
আসন্ন নতুন সরকার এমন মৃত্যুর মিছিল থামাতে পারবে—এমনটি কেউই বিশ্বাস করে না। ধর্মীয় সশস্ত্র উগ্রপন্থা নির্মূল করতে যে ধরনের জাতীয় ঐকমত্য প্রয়োজন, পাকিস্তানে সেটা নেই। রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডল এ প্রশ্নে বহু মত ও পথে বিভক্ত। উপরন্তু, নির্বাচন মূলধারার রাজনীতিতে প্রধান দলগুলোর মধ্যে যে তিক্ততার জন্ম দিয়েছে, উগ্রপন্থীরা তা থেকে ব্যাপক ফায়দা নেবে আসন্ন দিনগুলোতে।
এরূপ পরিস্থিতি কোনো দেশের অর্থনীতির জন্যই ভালো খবর নয়। পাকিস্তানের অর্থনীতি প্রায় হেলে পড়ছে। ব্যালেন্স অব পেমেন্টের বেলায় সংকটে রয়েছে তারা। বৈদেশিক মুদ্রার ভান্ডার সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। আগামী এক বছর তার বাড়তি অন্তত ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। পরিস্থিতি সামাল দিতে আইএমএফ ও চীনই একমাত্র ভরসা এখন। আইএমএফের ঋণের এমন কিছু শর্ত থাকবে—যার বাস্তবায়ন নতুন সরকারের জন্য কঠিন হবে। দুই বছর আগেও আইএমএফ থেকে দেশটি ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার নিয়েছে। পুনরায় ঋণ চাইতে গেলেই আইএমএফ অভ্যন্তরীণ আয়করের জাল ছড়াতে বলবে। আবার চীনের কাছেও পাকিস্তানের এরই মধ্যে বিপুল (প্রায় ৬০ বিলিয়ন ডলারের বেশি!) দেনাদার হয়ে আছে। নতুন করে সেদিকে দ্বারস্থ হওয়া মাত্রই চীনকে ব্যবসা-বাণিজ্যে অযৌক্তিক কিছু সুবিধা দিতে হবে।
পাকিস্তানের অর্থনীতিতে চীনের আগ্রাসী উপস্থিতিতে ইতিমধ্যে জনমনে বিপুল উদ্বেগ আছে। চীন সহযোগে নির্মিত প্রকল্পগুলোর ঋণ কীভাবে শোধ হবে, সেটা নিয়ে উত্তর মিলছে না। তবে নিজের সংশ্লিষ্টতার স্বার্থেই চীন নতুন করে ঋণ নিয়ে পাশে দাঁড়াতে ইচ্ছুক বলেই মনে হয়। ইতিমধ্যে সেন্ট্রাল ব্যাংক গত সাত মাসে তিনবার রুপির মূল্যমান হ্রাস করেছে। এটা রপ্তানিতে উৎসাহ জোগালেও আমদানি করা পণ্যের দাম বাড়িয়ে চলেছে। যার আঘাত পড়ছে ভোক্তাদের ওপর।
পাঁচ বছর আগে নওয়াজ শরিফ যখন ক্ষমতায় এসেছিলেন, তখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল এখনকার চেয়ে অর্ধেক। নতুন সরকারকে শিগগিরই জ্বালানি মূল্য পুনর্নির্ধারণ করতে হবে। স্বাভাবিকভাবে জনপ্রিয়তা ধরে রাখাও কঠিন হয়ে পড়বে। কিন্তু অপ্রিয় সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য বেশি সময় পাওয়া যাবে না। প্রতিশোধ গ্রহণে ইচ্ছুক রাজনৈতিক প্রতিপক্ষ দ্রুতই রাজপথে নামতে চাইবে।
গত পাঁচ বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, নওয়াজের প্রধান প্রতিপক্ষ ইমরান খান বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতা হয়েও ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৬৮টি কর্মদিবসে উপস্থিত ছিলেন মাত্র ১৮ দিন। আগামী বিরোধীদলীয় নেতাও হয়তো তা-ই করতে চাইবেন।
তিন.
কিন্তু পাকিস্তানের জন্য এখন প্রকৃতই প্রয়োজন জাতীয় রাজনৈতিক ঐক্য। কেবল সন্ত্রাস বা অর্থনৈতিক মরণাপন্ন অবস্থা সামাল দিতেই নয়। পানিসংকট মোকাবিলার জন্যও। বহির্বিশ্ব পাকিস্তানের মৌলবাদ ও সন্ত্রাসজনিত সমস্যার কথাই জানে, কিন্তু দেশটি প্রধান যে সংকটে পড়তে যাচ্ছে, তা হলো পানি। অবস্থা না পাল্টালে আগামী এক দশক শেষে পাকিস্তান তার নাগরিকদের প্রয়োজনীয় পানি সরবরাহ করতে পারবে না। পাকিস্তানের পানিসম্পদবিষয়ক গবেষণা কাউন্সিল (পিসিআরডব্লিউআর) জানিয়ে দিয়েছে, ২০২৫ থেকে দেশটি ‘পানি দুষ্প্রাপ্যতার যুগে’ প্রবেশ করতে যাচ্ছে। পানি হতে যাচ্ছে বিশ্বের পঞ্চম জনবহুল দেশটির প্রকৃত নিরাপত্তা ইস্যু। এতে উদ্বাস্তু সংকট এবং অস্থিরতা বাড়বে। ইতিমধ্যে সিন্ধু ও বেলুচিস্তান বলছে, প্রাপ্ত পানি পাঞ্জাব অযৌক্তিকভাবে বেশি টেনে নিচ্ছে। এভাবে দেশটির প্রদেশে প্রদেশে ভ্রাতৃঘাতী সংঘাতের বিষবৃক্ষও বড় হচ্ছে পানির কারণে।
প্রাকৃতিকভাবে প্রতিবছর বিপুল পানি পেলেও সেগুলো ধরে রাখার মতো প্রয়োজনীয় কাঠামো নির্মাণ বিরাট এক প্রশাসনিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে আছে দেশটিতে। আবার এটা শুধু অভ্যন্তরীণ সমস্যা আকারে নেই। পাকিস্তানের পানিসংকটের একটি বড় কারণ সিন্ধু অববাহিকার নদীগুলোর উজানে জম্মু ও কাশ্মীরে ভারত কর্তৃক একতরফা ড্যাম নির্মাণ। এ ক্ষেত্রে ভারতকে নিরস্ত করতে হলে যেমন কূটনীতিক পদক্ষেপ প্রয়োজন, তা সেনাবাহিনীকে সন্তুষ্ট করে স্বাধীনভাবে পরিচালনা করা নতুন সরকারের জন্য কঠিন হবে। ভারত প্রশ্নে নীতিনির্ধারণে নওয়াজ শরিফও দেশটির প্রভাবশালী সামরিক এস্টাবলিশমেন্টকে শেষ পর্যন্ত সন্তুষ্ট রাখতে পারেননি। যার ফল ভোগ করছেন এখন তিনি কন্যাসহ কারাগারে বসে। নতুন প্রধানমন্ত্রীর জন্যও নওয়াজের জেলজীবন এক স্থায়ী প্রবল বার্তা হয়ে থাকবে।
আলতাফ পারভেজ: দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ে গবেষক