পাকিস্তানে ইনসাফ বা ন্যায়বিচার বলে কিছু নেই। সে কারণে দেশটির জনগণ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে মরিয়া হয়ে আঁকড়ে ধরেছে। পাকিস্তানে দুর্নীতি সর্বব্যাপক রূপ নিয়েছে, লোভ সর্বগ্রাসী। এ জন্যই দেশটির নাগরিকেরা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টিকে গড়ে তোলায় মনোযোগ দিয়েছেন।
পাকিস্তানের সব রাজনৈতিক নেতা দুর্নীতিবাজ ও অযোগ্য, তাঁরা মানুষের প্রতি যত্নবান নন। পাকিস্তানের জনগণ যে ইমরান খানের ওপর আস্থাশীল হয়ে উঠছে, এটাই তার কারণ। ইমরান খান লাহোরের অ্যাটকিনসন কলেজ ও পরবর্তীকালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি ক্রিকেট তারকা। ১৯৯২ সালে তাঁর নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল। তাঁর প্রতিষ্ঠিত শওকত খানম হাসপাতাল দরিদ্র ও আশাহীনদের জীবনে আলো নিয়ে এসেছে। কিন্তু তা সত্ত্বেও ইমরান খানের তর্জন-গর্জনের মধ্যে দূরতম আভাসও পাওয়া যাচ্ছে না যে তাঁরা এই বাস্তব ব্যাপারগুলোতে আন্তরিক।
পিটিআই এক ব্যক্তিকেন্দ্রিক দল। দলের নেতা একজন উপস্থিত বুদ্ধিসম্পন্ন মানুষ। একই সঙ্গে তিনি একনায়কতান্ত্রিক ও পরিবর্তনশীল। বাস্তবতা সম্পর্কে তিনি পুরোপুরি ওয়াকিবহাল নন। আবার তাঁর বিচার-বিবেচনাও ভুল। এই দলের ভেতরে ন্যায়বিচার নেই। দলের মধ্যে অনেক দুর্নীতিবাজ মানুষ আছেন। দলটির নেতাদের আর্থিক অস্বচ্ছতার অভিযোগ আছে, বিশেষ করে শুভানুধ্যায়ী ও সমর্থকদের অনুদানের টাকা আত্মসাতের। এই অভিযোগ উপেক্ষা করা যায় না। আরও খারাপ ব্যাপার হচ্ছে, নৈতিকতা-বিষয়ক ইমরান খানের দ্বৈতনীতি, যেটা একেবারেই নির্লজ্জ।
না, পাকিস্তানে ন্যায়বিচার নেই। আইনজীবীদের আন্দোলনই যেন দেশটির মানুষের একমাত্র আশার ভেলা। পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইফতিখার মাহমুদ চৌধুরীর নেতৃত্বে তাঁরা আন্দোলন করে স্বাধীন ও যোগ্য বিচার বিভাগ প্রতিষ্ঠা করে শূন্যতা পূরণ করবেন—সবাই এমনটা আশা করে। এই আন্দোলনের বয়স এক দশক পেরিয়ে গেছে। ইফতিখার চৌধুরীও আট বছর সিজেপি থাকলেন। কিন্তু তা সত্ত্বেও এই আশা যেন পূর্ণ হওয়ার নয়। ইফতিখার চৌধুরীর জনপ্রিয় সুয়োমোটো ও সমন পত্রিকার শিরোনাম হয়েছে। কিন্তু তারপরই দ্রুত তা হারিয়ে গেছে। বিচার বিভাগে তিনি যাঁদের নিয়োগ দিয়েছেন, তাঁদের কারণে বিচার বিভাগ আরও বিতর্কিত ও অদক্ষ হয়েছে। শেষমেশ দেখা গেল, এই সাবেক বিচারপতি তাঁর হিতৈষী নওয়াজ শরিফের সঙ্গে অবসর-সুবিধাদি নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন।
ফলে ন্যায়বিচারের দাবি যে এখনো জোরেশোরে বাজছে, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। পরিহাসের বিষয় হচ্ছে, ইমরান খানের পিটিআই ইসিপি, এনএবি, এফবিআর, এফআইএ ইত্যাদি প্রতিষ্ঠানকে ‘অযোগ্য’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে বাতিল করার পর এখন সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ছে। ইমরান খানের পিটিআই সেই দল, যারা গত নির্বাচনের পর নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আহ্বান জানিয়েছিল। তারাই প্রথম এ দাবি তুলেছিল। আর তারা এখন সেই সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছে, নওয়াজ শরিফের দুর্নীতির তদন্ত করতে হবে।
পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট এমন জায়গায় নেই, যেখানে তাঁকে কেউ ঈর্ষা করতে পারে। অন্যদিকে তাঁরা এক বিপথগামী সাবেক প্রধান বিচারপতির কাজের ফলাফল দূর করার চেষ্টা করছেন। তিনি যাঁদের নিয়োগ দিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের জেরার মুখে আছেন। আবার তাঁদের অনেকের নিয়োগ এমনিতেই বাতিল করা হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট দুর্নীতি নজরদারি প্রতিষ্ঠান এনএবিকে সাফসুতরো করার চেষ্টা করছেন।
অভিযোগ আছে, সংস্থাটির চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করেছেন। ইমরান খান যে নওয়াজ শরিফের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছিলেন, তাতে প্রধান ভূমিকা পালন করার কথা ছিল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যারোর (এনএবি)। পরিহাস হচ্ছে, ছয় মাস আগে যে প্রধান বিচারপতি অপর্যাপ্ত আইনের পরিপ্রেক্ষিতে নওয়াজ শরিফের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, সেই বিচারপতিই এখন আবার একই কুশীলবের একই অনুরোধ গ্রাহ্য করেছেন। এখন সেটা কোন আইনে বা কোন টার্মস অব রেফারেন্সে হবে, তা নিয়ে আলোচনা নেই।
>ইমরান সম্প্রতি অভিযোগ করেছেন, শাহবাজ শরিফ এক ব্যবসার মাধ্যমে শত শত কোটি রুপি দুর্নীতি করেছেন। শাহবাজও কম যান না, তিনি ইমরানের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি চান, আদালত দ্রুত তাঁকে সাফসুতরো করে দিন। কিন্তু বাস্তবতা হচ্ছে, সর্বশেষ এ ধরনের মানহানি মামলার রায় হতে ১০ বছর লেগেছে
এই ন্যায়বিচারের কাহিনিতে সর্বশেষ মোচড়টা দিয়েছেন ইমরান খান। অনিবার্যভাবেই তাঁর তির শরিফ-পরিবারের দিকে। ইমরান সম্প্রতি অভিযোগ করেছেন, শাহবাজ শরিফ এক ব্যবসার মাধ্যমে শত শত কোটি রুপি দুর্নীতি করেছেন। শাহবাজও কম যান না, তিনি ইমরানের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি চান, আদালত দ্রুত তাঁকে সাফসুতরো করে দিন। কিন্তু বাস্তবতা হচ্ছে, সর্বশেষ এ ধরনের মানহানি মামলার রায় হতে ১০ বছর লেগেছে। সেখানে অভিযোগকারীকে ক্ষমা চাইতে হয়েছে। আবার এ নিয়েও অনেক সন্দেহ আছে, কেউ যদি ইমরান খানের কারণে ভুক্তভোগী হন, তাহলে পাকিস্তানের কোনো বিচারক ন্যায়বিচার করার সাহস দেখাবেন। ন্যায়বিচারের ঝান্ডাধারী ন্যায়বিচারের জন্য এ রকমই প্রভাববলয় তৈরি করেছেন।
আশার আলো দেখা যাচ্ছে না। সবকিছু দেখে মনে হচ্ছে না, কোনো রাজনৈতিক দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নেতা পাকিস্তানের সব ক্ষেত্রেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারবেন।
অনুবাদ: প্রতীক বর্ধন, ফ্রাইডে টাইমস থেকে নেওয়া।
নাজাম শেঠি: পাকিস্তানি সাংবাদিক।