২৫ মার্চ, ১৯৭১। বাংলাদেশে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এর আগে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে নির্বাচনে জয়ী আওয়ামী লীগ নেতাদের আলোচনা চলছিল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে। কিন্তু তখন পাকিস্তানি জেনারেল ও পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাঙালিদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। আলোচনা ছিল বাহানা মাত্র।
ইয়াহিয়া খান ঢাকা ত্যাগের আগেই সামরিক অভিযানের নির্দেশ দিয়ে যান। ভুট্টো ছাড়াও পশ্চিম পাকিস্তানের অনেক নেতা তখন ঢাকায়। সর্বশেষ ২৪ মার্চ সকালে ওয়ালি খান-গাউস বক্স বেজেঞ্জো প্রমুখ প্রেসিডেন্ট ভবনে ইয়াহিয়ার সঙ্গে দেখা করলে তিনি বলেন, ‘তোমাদের বন্ধু শেখ মুজিব যদি কথা না শোনেন, আমি জানি কীভাবে তাঁকে কথা শোনাতে হয়।’
এরপর সেখান থেকে তাঁরা ফিরে এলেন ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে। শেখ মুজিব তাঁদের পরবর্তী ফ্লাইটেই ঢাকা ত্যাগের পরামর্শ দিয়ে বলেন, জেনারেল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সেনা অভিযান চালাবেন। আমাকে ক্ষমতা দেবেন না। তিনি দলের নেতাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিলেও নিজে বাড়িতেই থেকে যান। তাঁর যুক্তি ছিল পাকিস্তানিরা তাঁকে না পেলে গোটা শহর জ্বালিয়ে দেবে। কিন্তু তাঁকে গ্রেপ্তার করার পরও সেনারা শহর জ্বালিয়ে দিয়েছিল।
২৫ মার্চ রাত ১২টায় শুরু হয় অপারেশন সার্চলাইট। ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞ। বাংলাদেশের নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর হত্যাযজ্ঞ চালায় দেশ রক্ষায় শপথ নেওয়া পাকিস্তানি সেনাবাহিনী। তাদের আক্রমণের প্রথম লক্ষ্যবস্তু ছিল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, তৎকালীন ইপিআর সদর দপ্তর পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনস। পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনসে বাঙালি পুলিশ ও ইপিআর সদস্যরা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর সেই যুদ্ধ ছড়িয়ে পড়ে সমগ্র বাংলাদেশে। প্রতিটি জনপদই হয় যুদ্ধক্ষেত্র।
ইয়াহিয়া পাকিস্তানে ফিরে গিয়ে ‘জাতির’ উদ্দেশে দেওয়া ভাষণে শেখ মুজিবুর রহমানকে ট্রেইটর বা দেশদ্রোহী হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, ‘এই ব্যক্তি ও তাঁর দল তিন সপ্তাহ ধরে যা করেছেন, তা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ। একে ক্ষমা করা হবে না।’ তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু তখন বাংলাদেশের মানুষ তাঁর ফরমান শুনতে রাজি নন। তঁারা সারা দেশে প্রতিরোধ গড়ে তোলেন।
পরে বঙ্গবন্ধুকে ঢাকা থেকে পাকিস্তানে নিয়ে তাঁর বিচার করে পাকিস্তানের সামরিক চক্র। সেটি ছিল প্রহসনের বিচার। ইয়াহিয়ার সেনারা যখন ঢাকা শহর জ্বালিয়ে দিচ্ছিল, ভুট্টো তখনো ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কক্ষে বসে আগুনের লেলিহান শিখা দেখছিলেন। এরপর পাকিস্তানিরা নয় মাস ধরে বাংলাদেশে গণহত্যা চালায়। সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের যে লাখ লাখ মানুষ নয় মাস ধরে গণহত্যার শিকার হয়েছেন, তাঁদের আমরা শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করি। ভবিষ্যতেও করব। কিন্তু জাতীয় সংসদে গণহত্যা দিবস পালনের প্রস্তাবটি তার প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের সহায়ক হবে আশা করা যায়।
আমরা আবার একাত্তরে ফিরে যাই। সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর পাকিস্তানের প্রেসিডেন্ট বিজয়ী নেতা হিসেবে শেখ মুজিবকে অভিনন্দনই জানালেন, তিনি জানুয়ারিতে ঢাকায় এসে তাঁকে ‘পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করলেন, তাঁর নেতৃত্বের প্রশংসা করলেন। কিন্তু দেড় মাসের ব্যবধানেই শেখ মুজিব তাঁর এবং পাকিস্তানিদের চোখে দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক বনে গেলেন! বাংলাদেশের গণমানুষের মুক্তি ও স্বাধীনতার প্রশ্নে যিনি ছিলেন আপসহীন, তিনি পাকিস্তানিদের চোখে দেশদ্রোহী হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যে পাকিস্তান রক্ষার জন্য ইয়াহিয়া খান ও তাঁর শাগরেদরা একাত্তরে বাংলাদেশে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, সেই পাকিস্তানিদের চোখেও ইয়াহিয়া নিন্দিত ও ধিক্কৃত মানুষ।
একাত্তরে পাকিস্তানি সামরিক জান্তা দেশব্যাপী গণহত্যা চালিয়েও বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করতে পারেনি। কেননা, সেটি ছিল গণযুদ্ধ। আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার আগেই যুদ্ধ শুরু হয়ে যায় দেশের বিভিন্ন স্থানে। ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৫ মার্চ সমগ্র বাংলাদেশ চলেছে বঙ্গবন্ধুর নির্দেশে। সামরিক জান্তার নির্দেশ কোথাও পালিত হয়নি। বরং পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের রসদ বন্ধ করে দিলে আওয়ামী লীগ নেতার কাছে আবেদন-নিবেদন করে তা পুনরায় চালুর ব্যবস্থা করতে হয়েছিল। সেই উত্তাল মার্চে ভুট্টো ছাড়াও পশ্চিম পাকিস্তানের অনেক নেতা ঢাকায় এসেছিলেন। ১ মার্চ ঢাকায়ই জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিল। ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা ওয়ালি খান বলেছেন, ‘বাংলাদেশের অসহযোগ আন্দোলন দেখলে মহাত্মা গান্ধীও লজ্জা পেতেন।’ এ অসহযোগ ছিল সর্বব্যাপী। স্কুল-কলেজ থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা সবকিছু অচল ছিল। বেলুচিস্তানের গাউস বক্স বেজেঞ্জো ও সিন্ধুর জিএম সৈয়দও অনুরূপ মনোভাব ব্যক্ত করেছেন।
ইয়াহিয়া খান ২৬ মার্চের ভাষণে শেখ মুজিবকে দেশদ্রোহী আখ্যা দিয়ে সামরিক আইনে তাঁর বিচার করার ঘোষণা দিলেন। আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয় ১৯৭১ সালের আগস্টে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিচারই পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছিল। কেননা, পাকিস্তান বিচারের এই নিষ্ঠুর প্রহসন না দেখালে বহির্বিশ্বে তাদের মুখ দেখানোর একটা জায়গা থাকত। যিনি জনগণের রায়ে সমগ্র পাকিস্তানের নেতা হলেন, তাঁকেই পাঠানো হলো কারাগারে। তাঁর বিরুদ্ধে আনা হলো দেশদ্রোহের অভিযোগ। আর যারা নিরীহ, নিরপরাধ মানুষের ওপর গণহত্যা চালাল, তারা হলো বিচারক।
এই বিচার নিয়ে পাকিস্তানের একাধিক লেখক লিখেছেন। পাঞ্জাবি ভাষার কবি ও বাংলাদেশের সুহৃদ আহমেদ সেলিম লিখেছেন, জেলখানায় আটক মুজিবের বিরুদ্ধে কয়েদি ও স্থানীয়দের খেপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অসীম সাহসের অধিকারী মুজিবকে এসব টলাতে পারেনি।
শেখ মুজিবের বিচার নিয়ে পাকিস্তানের সাবেক আমলা হাসান জহির লিখেছেন, পাকিস্তান সেনা আইনে সামরিক আদালতেই ১৯ আগস্ট মুজিবের বিচার শুরু হয়। পাঁচ সদস্যের এই আদালতের প্রধান বিচারক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা, অপর তিন সদস্য হলেন নৌবাহিনীর একজন কর্মকর্তা, বিমানবাহিনীর কর্মকর্তা এবং পাঞ্জাবের একজন জেলা ও দায়রা জজ। আদালতে শেখ মুজিবের বিরুদ্ধে ১২টি অভিযোগ আনা হয়, যার মধ্যে ছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, পাকিস্তান ফৌজদারি আইনের লঙ্ঘন ইত্যাদি। আইন অনুযায়ী এর যেকোনো একটি প্রমাণিত হলে আসামির শাস্তি মৃত্যুদণ্ড। এই বিচারে মুজিব একাই ছিলেন অভিযুক্ত।
প্রথমে মুজিবের অনুরোধে প্রখ্যাত আইনজীবী এ কে ব্রোহিকে তাঁর আইনজীবী নিয়োগ করা হয়েছিল। কিন্তু আদালতকক্ষে বঙ্গবন্ধুকে ২৬ মার্চ দেওয়া ইয়াহিয়ার ভাষণ পড়িয়ে শোনানো হলে তিনি তাঁর পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করতে অস্বীকৃতি জানান এবং ব্রোহিকে ‘অব্যাহতি’ দেন। মুজিব বলেন, তিনি জানেন তাঁর ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। কিন্তু আদালতের অনুরোধে ব্রোহি তাঁর কাজ চালিয়ে যান।
আদালতে সরকারপক্ষ সাক্ষী হিসেবে ১০৫ জনের একটি তালিকা পেশ করেছিল। কিন্তু প্রকৃতপক্ষে তারা অর্ধেক সাক্ষীকে হাজির করতে পেরেছিল। এই মামলার প্রমাণ হিসেবে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের প্রতি অনুগত বাঙালি সেনা কর্মকর্তাদের বিবৃতি হাজির করে, যাতে তাঁরা আওয়ামী লীগ নেতৃত্বে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বলে জানানো হয়েছে। সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয় পুলিশ ও সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায়। অর্থাৎ তাঁরা তখন মুক্ত মানুষ ছিলেন না।
হাসান জহিরের মতে, ব্রোহি সরকারপক্ষের সাক্ষী হিসেবে প্রেসিডেন্টের সহযোগী কর্নেল এন এম আহমদ, পীরজাদা, গুল হাসান প্রমুখকে ডাকতে চেয়েছিলেন। কিন্তু আদালত অনুমতি দেননি। ১ ডিসেম্বর শুনানি শেষ হয় এবং চার বিচারকের মধ্যে তিন বিচারকের উপস্থিতিতে আদালত শেখ মুজিবের বিরুদ্ধে আনীত সব অপরাধ প্রমাণিত বলে ঘোষণা দেন এবং মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে তা কার্যকর হবে আয়োজক কর্তৃপক্ষ অর্থাৎ প্রধান সামরিক আইন প্রশাসকের অনুমোদন সাপেক্ষে।
এই রায় নিয়ে নানা বিভ্রান্তি আছে। ইয়াহিয়া খান বলেছেন, তিনি মুজিবের মৃত্যুদণ্ডের রায়ে সই দেননি। ভুট্টো বলেছেন, ইয়াহিয়া মুজিবকে ফাঁসি দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা হতে দেননি। মুজিবেরও ধারণা, ভুট্টো তাঁর জীবন রক্ষা করেছেন। ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার বাহাত্তরের শুরুতে দুই নেতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ভুট্টোর দাবি, মুজিব পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রাখার কথা বলেছেন। এ বিষয়ে কুলদীপ নায়ার বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ভুট্টো মিথ্যাবাদী। ভুট্টো আমার জীবন বাঁচিয়েছেন, এর অর্থ এই নয় যে তিনি যা খুশি বলে যাবেন।
হাসান জহির লিখেছেন, আদালত মুজিবের বিরুদ্ধে রায় দিলেও তাঁর পক্ষে কোনো যুক্তি বা ব্যাখ্যা দেননি। সে সময়ে পাকিস্তান সেনাবাহিনীর প্রভাবশালী কর্মকর্তা রোয়েদাদ খান তঁার স্মৃতিচারণায় বলেন, সেনাবাহিনীর সদর দপ্তরে নিয়মিত বৈঠক হতো। এপ্রিলে সে রকম একটি বৈঠকে ইয়াহিয়া খান ঘুরে ঘুরে সবার কাছে যান এবং জানতে চান, ‘শেখ মুজিবকে শেষ করে দেওয়া হবে বিচার করে বা বিচার না করেই?’ দুজন বেসামরিক কর্মকর্তাসহ কয়েকজন বলেছিলেন, ‘বিচার করে।’
অন্যদের সাফ কথা ছিল, ‘বিচার ছাড়াই’।
২৫ মার্চ পাকিস্তানিদের গণহত্যা ও সামরিক অভিযান সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায় ভেবেছিল সমস্যার একটি রাজনৈতিক সুরাহা হবে। দেরিতে হলেও পাকিস্তানের সামরিক জান্তার সুমতি হবে। তারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু মুজিবের বিচারের উদ্যোগ সেই সম্ভাবনা নিঃশেষ করে দেয়। আগস্টের শুরুতে ইয়াহিয়া শেখ মুজিবের বিচারের ঘোষণা দিলে বিশ্বের বিভিন্ন স্থানে ব্যাপক প্রতিবাদ হয়। জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থা বিচার বন্ধ করার দাবি জানায়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে বলেন। অনেক রাষ্ট্র ও সরকারপ্রধান তাঁর আহ্বানে সাড়াও দেন।
এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও তড়িঘড়ি করে মুজিবের বিচার না করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায়। এই প্রহসনের বিচারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কলকাতায় বাংলাদেশ সরকারের একাংশের সঙ্গে পাকিস্তান সরকারের অপসরফারও প্রয়াস চলছিল। দ্বিতীয় কিস্তিতে তার বিবরণ থাকছে।
আগামীকাল: আপস করতেও রাজি ছিলেন ইয়াহিয়া
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]