পাকিস্তানের সঙ্গে সম্পর্ক না রাখলে কী হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

বাঙালির বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনেই প্রথম আলোর প্রথম পৃষ্ঠার শিরোনাম দেখে মনটা বিগড়ে গেল: ’৭১-এ গণহত্যার দায় অস্বীকার পাকিস্তানের’। ১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যার হোতা রাষ্ট্রটির এই ঔদ্ধত্যের জবাব দেওয়া এখন আমাদের আত্মসম্মানের ও জাতিগত মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে মনে করি। তাহলে শুধু যে পাকিস্তানের গালে সজোরে চপেটাঘাত হবে তা-ই নয়, তাদের এদেশীয় দোসরদের গালেও ওই চপেটাঘাতটা পড়বে। এই দোসরদের একাংশই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের ঘাতক সেনাবাহিনীকে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে-গঞ্জে পথ দেখিয়ে নিয়ে গিয়ে গণহত্যা, নারী ধর্ষণ, আগুনসন্ত্রাস, ঘরবাড়ি ধ্বংস ও বেধড়ক লুটতরাজের মতো মানবতাবিরোধী অপরাধের সক্রিয় অংশীদারের ভূমিকা পালন করেছিল। আবার এরাই তালিকা বানিয়ে মুক্তিযোদ্ধা ও হানাদারকবলিত দেশের সেরা মানুষগুলোকে নিজের হাতে খুন করেছিল আলবদর, আলশামস, রাজাকার, মুজাহিদ বাহিনী এবং ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সের (ইপক্যাফ) বন্দুকধারী কিলিং স্কোয়াডের নরঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়ে।
দেশপ্রেমবিবর্জিত এই পাকিস্তানি প্রেতাত্মাদের পুনর্জাগরিত করেছিল বিশ্বাসঘাতক খন্দকার মোশতাক ও সামরিক শাসক জিয়াউর রহমানের সুপরিকল্পিত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ড। ১৯৭২-৭৫ পর্বে দেশে-বিদেশে নানান কিসিমের ছত্রচ্ছায়ায় আড়ালে ঘাপটি মেরে থাকা এই দেশদ্রোহীরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর স্বরূপে আবার রাজনীতিতে আবির্ভূত হওয়ার সুযোগ পেয়েছিল। ওই পাকিস্তানি দোসররা ঝাড়ে-বংশে বেড়ে এখন দেশটাকে আবারও পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছে। এই পাকিস্তানপ্রেমীদের রক্তবীজ চিরতরে এ দেশের মাটি থেকে উৎখাত করতে ও পাকিস্তানের ষড়যন্ত্রের সম্প্রসারিত হাতটিকে মুচড়ে ভেঙে দেওয়ার প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাই। নিদেনপক্ষে, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে দেশে ফিরিয়ে এনে পাকিস্তানের ঔদ্ধত্যের উপযুক্ত কূটনৈতিক জবাব দেওয়া এখন সময়ের দাবি বলা চলে।
১৯৭৩ সালে বঙ্গবন্ধু কর্তৃক পাকিস্তানি দালালদের জন্য ক্ষমা ঘোষণা করার পদক্ষেপ ভুল ছিল বলে অনেকে মনে করে থাকেন, কিন্তু তাঁর ওই ক্ষমা ঘোষণার আওতায় গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ ও ধর্মান্তরিতকরণের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযুক্তরা যে অন্তর্ভুক্ত ছিল না, এটা মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া শুরু হওয়ায় এত দিনে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাঁর এই পদক্ষেপ ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠনের মতো কার্যক্রমের মাধ্যমে এগিয়ে নেওয়া গেলে এর অন্তর্নিহিত ক্ষমাসুন্দর ও মহানুভব দৃষ্টিভঙ্গির যথাযোগ্য মূল্যায়ন সম্ভব হতো। সে ক্ষেত্রে পাকিস্তানি নরঘাতক সেনাবাহিনীর এদেশীয় দোসর জামায়াতে ইসলামী-ইসলামী ছাত্র সংঘ-মুসলিম লীগ-নেজামে ইসলামের নেতা-কর্মীরা জাতির কাছে ভুল স্বীকার ও ক্ষমাপ্রার্থনা করে তাদের রাজনৈতিক ভুলের মার্জনা পেতে পারত।
কিন্তু এ ধরনের পদক্ষেপ যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, শুধু রাজনৈতিক ভুল হলে এবং ওই
ভুল স্বীকার করলে তাদের ক্ষমাপ্রার্থনার সুযোগ দেওয়া হয়। কিন্তু জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘ জাতির কাছে ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা দূরে থাক, গোলাম আযম ও আলী আহসান মুজাহিদদের মতো মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিরা দম্ভভরে বারবার দাবি করেছেন যে ১৯৭১ সালে তাঁরা কোনো ভুল করেননি। এ দেশে নাকি কোনো যুদ্ধাপরাধী নেই, কখনো ছিল না। অথচ বঙ্গবন্ধুর শাসনামলেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার-প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বেশ কয়েকটি রায় প্রদান ও রায় বাস্তবায়ন সম্পন্ন হয়েছিল। বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত প্রায় ১১ হাজার আসামি ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের সময় দেশের বিভিন্ন জেলহাজতে বিচারাধীন অবস্থায় বন্দী ছিল, যাদের জিয়াউর রহমান মুক্তি দিয়েছিলেন।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘের ঘাতকেরা বেশির ভাগই ওই সময়টায় দেশে-বিদেশে পলাতক থাকলেও সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৭৪ সালে বাংলাদেশে ফেরত আসার সাহস করেছিল। ১৯৭২ সালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা রুজু হওয়া সত্ত্বেও কেন সে সময়ে তাকে গ্রেপ্তার করা হয়নি কিংবা ওই মামলার বিচার-প্রক্রিয়া কেন শুরু করা হয়নি, তাও রহস্যজনক। চট্টগ্রামের অধিবাসী যারা সালাউদ্দিন কাদেরের ১৯৭১ সালের ভূমিকা সম্পর্কে অবহিত, তাদের কাছে বিষয়টি মোটেই গ্রহণযোগ্য ছিল না। বিশেষত, গুডস হিলের হত্যা ও নির্যাতনকেন্দ্রের নৃশংস ঘাতক সাকা চৌধুরীর শিষ্য খোকাকে ১৬ ডিসেম্বরের বিজয় অর্জনের পর যেভাবে জনতার রোষে পড়ে প্রাণ দিতে হয়েছিল, তাতে এ কথা বলা অযৌক্তিক হবে না যে ওই সময় সালাউদ্দিন কাদের দেশে থাকলে এবং জনতার হাতে ধরা পড়লে জনগণের হাতে তারও মৃত্যু অবধারিত ছিল। যাক! আল্লাহকে শুকরিয়া যে স্বাধীনতার ৪৪ বছর পর হলেও বিচার সম্পন্ন করে এই মানবতাবিরোধী অপরাধীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা গেছে।
পাকিস্তান যে এখনো ১৯৭১ সালের পরাজয়ের গ্লানিতে ভুগছে, সেটা বোঝা যায় বাংলাদেশে যখনই কোনো মানবতাবিরোধী অপরাধের আসামির বিরুদ্ধে আদালতের রায় প্রদত্ত হয়েছে অথবা তাদের ফাঁসির রায় কার্যকর হয়েছে, তখনই পাকিস্তানের সরকারি দল-বিরোধী দলনির্বিশেষে শাসকগোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে বেলাগাম প্রচার-প্রোপাগান্ডায় মেতে ওঠার ব্যাপারটায়। বিশেষত, সাম্প্রতিক আলী আহসান মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকর হওয়ার পর যেভাবে পাকিস্তান কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধংদেহী প্রোপাগান্ডায় মেতে উঠেছে, তা থেকে এটাই প্রমাণিত হয়ে চলেছে যে পাকিস্তান এখনো ১৯৭১ সালের জন্য অনুশোচনা করবে না, বাংলাদেশের শত্রুতা থেকে একচুলও নড়বে না, ১৯৭১ সালে যেন তারা কোনোই
ভুল করেনি!
এটা তো অস্বীকার করা যাবে না যে ১৯৭৪ সালে দিল্লিতে স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশকে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারের ইস্যুতে ছাড় দিতে হয়েছিল প্রায় চার লাখ বাংলাদেশের মানুষ পাকিস্তানে জিম্মিদশায় থাকাতে এবং তাদেরও বিচার করা হবে বলে ভুট্টোর পাল্টা চালের কারণে। অনেকেরই হয়তো জানা নেই যে ২৫২ জন বাংলাদেশিকে এ জন্য গ্রেপ্তারও করা হয়েছিল। উপরন্তু, ভারতও ওই ১৯৫ জনের বিচারে আগ্রহী ছিল না। ধূর্ত-চূড়ামণি ভুট্টো আগ বাড়িয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে ওই ১৯৫ জন অভিযুক্তের বিরুদ্ধে খোদ পাকিস্তান সরকারই তদন্ত কমিশন গঠন করবে এবং কাউকে দোষী পাওয়া গেলে পাকিস্তানই বিচার করবে। পরবর্তী সময়ে পাকিস্তান সরকার হামুদুর রহমান কমিশন গঠন করেছে। ওই কমিশনের রিপোর্টে ১৯৭১ সালে বাংলাদেশে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্বীকারও করে নেওয়া হয়েছে, যদিও নিহত মানুষের যে সংখ্যা দিয়েছে তা মনগড়া ছাড়া কিছু নয়। কমিশন কীভাবে ওই সংখ্যা নিরূপণ করল তা বোঝা মুশকিল বৈকি! কিন্তু বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ড যে হয়েছে সেটা হামুদুর রহমান কমিশন স্বীকার করে নেওয়ার প্রায় চার দশক পরে এসে যদি পাকিস্তান সরকারিভাবে গণহত্যার দায় অস্বীকার করার ঔদ্ধত্য দেখায়, তাহলে তো বোঝাই যাচ্ছে পাকিস্তান এখনো তাদের ১৯৭১ সালের ভূমিকার জন্য মোটেও অনুতপ্ত নয় এবং বাংলাদেশের প্রতি তাদের অভব্য ও আগ্রাসী আচরণ পরিত্যাগ করতেও রাজি নয়।
এটাও বিবেচনায় নিতে হবে যে ৪৪ বছর ধরে তারা বাংলাদেশের ন্যায্য দাবিগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে। তারা বাংলাদেশের প্রাপ্য পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পদের ন্যায্য হিস্যা দেওয়ার ব্যাপারে কোনো আলোচনা করতেই রাজি হয়নি। বাংলাদেশে যেসব অবাঙালি নিজেদের পাকিস্তানি নাগরিক ঘোষণা দিয়ে পাকিস্তানে যাওয়ার আগ্রহ দেখিয়েছে, তাদের ফেরত নিতে রাজি হয়েও মাত্র কয়েক হাজারকে নিয়ে যাওয়ার পর পুরো প্রক্রিয়াটাই থামিয়ে দিয়েছে। উপরন্তু, ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের পাকিস্তানপ্রেমী সরকারগুলোর সম্মতিতে ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোর সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোকে অস্ত্র ও ট্রেনিং দেওয়ার জন্য পাকিস্তান যে তাদের গোয়েন্দা সংস্থা আইএসআইকে লেলিয়ে দিয়েছে এবং ওই গ্রুপগুলোর অস্ত্রশস্ত্র পরিবহনের জন্য বাংলাদেশের সমুদ্র উপকূলকে ব্যবহার করেছে, সেটা ১০ ট্রাক অস্ত্র মামলার রায় থেকে প্রমাণিত হয়েছে। ওই রায় থেকে এটাও প্রমাণিত যে পাকিস্তান-ভারতের এই চলমান ‘প্রক্সি যুদ্ধে’ বাংলাদেশের ২০০১-২০০৬ সালের বিএনপি–জামায়াত সরকার এসব অপতৎপরতাকে মদদ দিয়েছে। ওই সরকারের মন্ত্রী মতিউর রহমান নিজামী এবং প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওই মামলায় ফাঁসির দণ্ডে দণ্ডিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এহেন আত্মঘাতী ভূমিকা থেকে সরিয়ে আনাতেই তাঁর ওপর পাকিস্তান এত ক্ষিপ্ত। সর্বোপরি দেরিতে হলেও একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার হচ্ছে। ফলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এখন প্রকাশ্য বৈরিতায় পর্যবসিত হয়েছে।
অতএব, বাংলাদেশ আর কখনো পাকিস্তান-ভারত প্রক্সি যুদ্ধের মদদদাতা হবে না, এটা সরাসরি পাকিস্তানকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হোক এবং দেশের রাজনীতি থেকে পাকিস্তানি প্রেতাত্মাগুলোকে উৎখাত করার শপথ নেওয়া হোক।
ড. মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।