
যাক, শেষ পর্যন্ত নির্বাচনটা শেষ হলো। অবশ্য এই নির্বাচনের মধ্য দিয়ে যে তিক্ততা ও বিভক্তির সূচনা হলো, তার রেশ কত বছর থাকবে, তা কেউ বলতে পারছেন না। এই প্রতিযোগিতায় যাঁরা জিতলেন, তাঁদের চেয়ে বহু গুণ বেশি লোক হারলেন। এই নির্বাচনে যাঁরা প্রকৃত অর্থে জিতলেন, তাঁরা আগের চেয়ে বেশি দুর্গতিতে নিপতিত হবেন, গণতন্ত্রের প্রতি এখনো যাঁরা প্রতিশ্রুতিশীল, তাঁরা বরাবরের মতোই সম্পদহীনতা ও দারিদ্র্যের মধ্য দিয়ে যাবেন। এই নির্বাচন তাঁদের ভাগ্য ফেরাতে পারবে না জেনেও খারাপ আবহাওয়া উপেক্ষা করে, বহু দুর্গম পথ পাড়ি দিয়ে শুধু ব্যালট বাক্সের সম্মান রাখতে ভোট দিয়েছেন। শেষ পর্যন্ত তাঁরা রাজনৈতিক পণ্ডিতদের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করার চেষ্টা করার লড়াই চালিয়েছেন।
পাকিস্তানের নির্বাচন কমিশন নির্বাচনের আগে সবাইকে আশ্বাস দিয়েছিল, নির্বাচনে কোনো কারচুপি হবে না। মানুষের মধ্যে যাতে কোনো ভীতি ও সংশয় না ঢোকে, সে কারণে নির্বাচন কেন্দ্রে সেনা মোতায়েনও করা হবে না। পরে অবশ্য তারা তাদের সে কথা রাখতে পারেনি।
নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা হয়তো যথাযথ নির্বাচনী কাজ পরিচালনার প্রশিক্ষণ পাননি। হয়তো সে কারণেই তাঁরা বহু কেন্দ্রে নির্বাচন কমিশনের কার্ডধারী পর্যবেক্ষকদের ঢুকতে দেননি। কোয়েটায় আত্মঘাতী বোমায় ৩০ জনের প্রাণহানি এবং সোয়াবিতে একজন মানবাধিকারকর্মীর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। কোনো কোনো প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের মধ্যে ছোটখাটো সংঘাতের খবর পাওয়া গেছে। এগুলো বাদ দিলে মোটা দাগে বলা যায়, নির্বাচন মোটামুটি শান্তভাবেই শেষ হয়েছে।
ভোটের সময় বারবার খবর আসছিল খাইবার পাখতুনখাওয়ায় নারী ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। কয়েক দিন আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে খবর এসেছিল, সেখানকার চারটি জেলার বিভিন্ন দলের নেতারা এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা সেখানকার নারীদের ভোট দিতে দেবেন না। সেই মতো তাঁরা ব্যবস্থাও নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কাজ হয়নি। সেখানে নারীদের উপস্থিতি ছিল খুবই কম।
যাঁদের মানিব্যাগ ভরা এবং উত্তরাধিকারসূত্রে যাঁরা সুবিধাপ্রাপ্ত, এই নির্বাচন ছিল শুধু তাঁদের। এর মধ্য দিয়ে কিছু নেতা নিশ্চিত হার জেনেও গণতন্ত্রের ঝান্ডা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছেন।
শুরু থেকেই ইমরানের প্রতি সামরিক বাহিনীর চক্ষুলজ্জাহীন পক্ষপাতিত্ব ছিল। নওয়াজ শরিফ দেশে ফিরেই কারাবন্দী হন। রাজনীতিতে অনভিজ্ঞ বিলাওয়ালের পিপিপি থেকে আগেই সটকে পড়েছিলেন বেশ কিছু প্রভাবশালী নেতা। তাই পিপিপির অবস্থাও ভালো ছিল না। সবাই আগে থেকেই ধারণা করেছিলেন, ইমরানই প্রধানমন্ত্রী হয়ে আসছেন। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তিনি পাচ্ছেন না। অন্যান্য ছোট দলের সহায়তায় তাঁকে ক্ষমতার ট্রফি জিততে হচ্ছে।
আসল সত্যিটা যা-ই হোক, পাকিস্তানের জনগণের ধারণা, ইমরানকে ক্ষমতায় বসাতেই সেনাবাহিনী ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করেছে। কিছুদিন আগে নওয়াজ শরিফ বলেছিলেন, পাকিস্তান রাষ্ট্রের অভ্যন্তরে আছে আরেক রাষ্ট্র, তারও ভেতরে আরেক রাষ্ট্র। এটিকে সবাই ‘ডিপ স্টেট’ বলে জানে। আদতে এই ডিপ স্টেটই পাকিস্তানের চালিকাশক্তি। এই ডিপ স্টেট বরাবরই চেয়েছে পাকিস্তানের সরকারগুলোকে নিয়ন্ত্রণ করতে। এ জন্য তারা সর্বোচ্চ অনুগত নেতা চায়। আপাতত ইমরানের চেয়ে অনুগত কেউ পাকিস্তানে আর নেই।
‘আমার দুঃখ হয়, কেন আমি ইসলামাবাদের ভোটার হলাম না। সেখানকার ভোটার হতে পারলে আমি ইসমত শাহজাহান অথবা অমর রশীদের মতো মানবাধিকার আন্দোলনকর্মীকে ভোট দিতে পারতাম। দুজনের কেউই নির্বাচনে জিততে পারেননি। কিন্তু তাঁদের মতো কিছু নেতা এখনো আছেন, যাঁরা সত্যিকার অর্থে জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি চান।’
‘আমার আক্ষেপ হয়, কেন আমি করাচির ভোটার হলাম না? যদি হতাম তাহলে জিবরান নাসিরের মতো উদারপন্থী প্রগতিশীল নেতার সঙ্গে থেকে নির্বাচনী প্রচারপত্র বিলি করতে পারতাম।’
ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে গদিতে বসলেও তঁার ওপর সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তাদের ইচ্ছামাফিক চলবে সরকার। এটি যদিও পাকিস্তানের জন্য নতুন কোনো বিষয় নয়। তবে এবারের বিষয় ভিন্ন। ইমরান যে ছোট ছোট দলগুলোর সঙ্গে জোট বাঁধতে যাচ্ছেন, তারা কট্টর ডানপন্থী। ইমরান নিজে পশ্চিমা জীবনযাপনে অভ্যস্ত হলেও সেনাবাহিনীর চাপে পড়ে এই শরিকদের কথা তাঁকে মানতে হবে। এটি পাকিস্তানের মানবাধিকারকর্মীদের দারুণভাবে আহত করছে।
এখন পাকিস্তানিদের সামনে বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সরকার পরিবর্তনে তাদের ভূমিকা কতটুকু? তারা কি সরকার পরিবর্তনের নিয়ামক নাকি সেনাবাহিনী? যদি সেনাবাহিনীর নেতৃত্বাধীন ডিপ স্টেট সবকিছুর নিয়ন্তা হয়ে থাকে, তাহলে এই গণতন্ত্র এবং এই ভোটের কী মূল্য আছে? এই অবস্থার পরিবর্তন কবে হবে?
পাকিস্তানের মানুষের কাছে এই প্রশ্নগুলোর জবাব পরিষ্কার নয়। কিন্তু জবাবগুলো পরিষ্কার হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই নির্বাচনে যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা এর মাধ্যমে এই নির্বাচন পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছেন। এর বাইরে তাঁদের করারও কিছু ছিল না।
পাকিস্তানের অধিকাংশ মানুষ বুঝতে পারছে, সরকারের নেতৃত্বে যাঁরা আসছেন, তাঁরা কোটি কোটি পাকিস্তানির সমর্থন নিয়ে নয়, বরং অল্প কিছুসংখ্যক ক্ষমতাশালীর আশীর্বাদপুষ্ট হয়ে আসছেন। অর্থাৎ ভোটের ফল যা-ই হোক, জনগণ মনে করে, ক্ষমতার চেয়ার বৃহত্তর জনগোষ্ঠীর হাতে নয়, মুষ্টিমেয় লোকের হাতে রয়ে গেছে।
পাকিস্তানের মানুষ এই অবস্থার অবসান চায়। কিন্তু ডিপ স্টেটের কবল থেকে পাকিস্তান কবে মুক্তি পাবে, তা তারা জানে না।
ডন পত্রিকা থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত
এ আই রেহমান পাকিস্তানের লেখক ও সাংবাদিক